সম্ভাব্য ঘূর্ণিঝড় 'শক্তি' আসছে

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১০:১৩:২৪
সম্ভাব্য ঘূর্ণিঝড় 'শক্তি' আসছে

টানা বৃষ্টিপাতের মধ্যেই দেশের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আগামী ২৭ কিংবা ২৮ মে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এটি যদি ঘণ্টায় ৬৩ কিমি গতিতে বাতাস উৎপন্ন করে, তাহলে তা ‘ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত হবে।

গবেষক মোস্তফা কামালের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯, ৩০ ও ৩১ মে (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটারেরও বেশি হতে পারে। ভারতের আসাম ও মেঘালয় রাজ্যেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, লঘুচাপটি ঠিক কোন স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং কত ধীরে তা অতিক্রম করবে, সেটির ওপর নির্ভর করছে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। যদি এটি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। আর যদি এটি বরিশাল বা চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং লঘুচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে। আগামী ২৭ মে নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘শক্তি’, যা শ্রীলঙ্কা কর্তৃক নামকরণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। এই সময় সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি উপকূলীয় জনগণকে আবহাওয়া অধিদপ্তরের আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


পহেলা বৈশাখে বজ্রবৃষ্টির দুঃসংবাদ! ৩ অঞ্চলে ঝোড়োহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৪ ১০:৪৬:১৭
পহেলা বৈশাখে বজ্রবৃষ্টির দুঃসংবাদ! ৩ অঞ্চলে ঝোড়োহাওয়ার পূর্বাভাস
ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখের উৎসবের মাঝেই দেশের তিন অঞ্চলে ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে, কালবৈশাখীর আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ফলে এসব এলাকার ছোট ছোট নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈশাখি উৎসবের আমেজে যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন, তাদের আবহাওয়া মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

/আশিক


১৬ জেলায় বইছে তাপপ্রবাহ: আবহাওয়া অফিসের নতুন বার্তায় দুঃসংবাদ!

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৩ ১১:১৮:৪৮
১৬ জেলায় বইছে তাপপ্রবাহ: আবহাওয়া অফিসের নতুন বার্তায় দুঃসংবাদ!
ছবি : সংগৃহীত

চৈত্রের শেষ সময়ে এসে প্রকৃতি যেন আগুনের রূপ ধারণ করেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং ১৬টি জেলায় ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। তবে এই তীব্র দহনের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া তথ্যমতে, বর্তমানে ঢাকা, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের ১০টি জেলাসহ মোট ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ আরও নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থাৎ পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির এই ধারা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও ছড়িয়ে পড়তে পারে। যদিও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। রোববার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর সিলেটে হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত। তীব্র গরম আর বৃষ্টির এই লুকোচুরি খেলা আরও পাঁচ দিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক


ঢাকাসহ ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরগুলোতে সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১৮:৩৭:২৫
ঢাকাসহ ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরগুলোতে সতর্কতা
ছবি : সংগৃহীত

বিকেলের শেষ ভাগে ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ রাত ১টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তা অনুযায়ী, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়ের সাথে এই এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঝড়ের মেঘ কাটলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

/আশিক


দুপুরের মধ্যে ৪ জেলায় কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১০:৪২:২২
দুপুরের মধ্যে ৪ জেলায় কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ১ নম্বর সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডব বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) সকালে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শুধু উত্তরাঞ্চল নয়, আজ দেশের ৮ বিভাগেরই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

তবে সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, যদিও রাতের তাপমাত্রা সামান্য কমতে থাকার আভাস রয়েছে। বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে এই বৈশাখী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও আজ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে।

/আশিক


রাতভর ৮ বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৮ ২১:২২:৪০
রাতভর ৮ বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
ছবি : সংগৃহীত

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৮ এপ্রিল) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের সবকটি অঞ্চলে এই ঝড় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ প্রচণ্ড গতিবেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই কালবৈশাখী ঝড়ের সাথে দেশের কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। হঠাৎ আবহাওয়ার এই চরম অবস্থায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


হঠাৎ বদলে গেল আবহাওয়া: ৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের দাপট

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৮ ১১:২৭:২৮
হঠাৎ বদলে গেল আবহাওয়া: ৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের দাপট
ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বিজলী চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর দেশের পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের তাণ্ডব: ৬০ কিমি বেগে বাতাস ও বজ্রবৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১৯:৩৭:৫০
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের তাণ্ডব: ৬০ কিমি বেগে বাতাস ও বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ২০টি জেলায় আজ রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সংশোধিত সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বিকেলে দেওয়া বার্তায় মাত্র ৮টি জেলায় ঝড়ের শঙ্কার কথা বলা হলেও, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় নতুন বার্তায় ২০টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জেলাগুলো হলো— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানমালের নিরাপত্তা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঋতু পরিবর্তনের এই সময়ে আকস্মিক আবহাওয়া পরিবর্তনের হাত থেকে বাঁচতে উপকূলীয় ও নদীবন্দর সংশ্লিষ্ট মানুষদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের সতর্কবার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ০৮:০৬:৩৪
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো আবহাওয়া ও বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকতে পারে।

সোমবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী ঝুঁকির আওতায় থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় দমকা হাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এ ধরনের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে দিনের তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্য বজ্রঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।

এছাড়া পৃথক এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে, যা কৃষি ও সাধারণ মানুষের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সব নদীবন্দরকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

-রফিক


দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়! ৫ জেলায় বিশেষ সতর্কবার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১০:২৪:৩৩
দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়! ৫ জেলায় বিশেষ সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকা এই সতর্কবার্তায় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কালবৈশাখীর এই সময়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকায় নদীপথে যাতায়াতকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

/আশিক

পাঠকের মতামত:

১৪ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

১৪ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

দেশের শেয়ারবাজারে আজকের লেনদেনে নির্বাচিত কিছু কোম্পানি উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি অর্জন করেছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ নতুন করে বাড়িয়েছে। দিন শেষে প্রকাশিত... বিস্তারিত