ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৫ ১০:৫২:৩৯
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় মো. আফসার (৩২) নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাসপদুয়া সীমান্তের ১৫৫৭ নম্বর পিলারের কাছে গুলির শব্দ শোনা যায়। এরপর স্থানীয় বাসিন্দা মজনু ও অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখেন এবং তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন মিল্লাতকে মৃত ঘোষণা করেন। আহত আফসারকে অবস্থার অবনতি হওয়ায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত মিল্লাত হোসেন ফেনীর পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে এবং গুরুতর আহত আফসার একই এলাকার এরামত আলীর ছেলে।

মিল্লাতের মা পারভিন আক্তার জানান, তার ছেলে কোনো অপরাধে জড়িত ছিলেন না। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। কিন্তু ভারতীয় বিএসএফ সদস্যরা কোনো পূর্বসতর্কতা ছাড়াই তার ছেলেকে গুলি করে হত্যা করে।

স্থানীয় সূত্র বলছে, মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের কাছাকাছি এলাকায় গেলে মিল্লাত ও আফসার লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। তবে ঠিক কোথায় তাদের অবস্থান ছিল, তা এখনও স্পষ্ট নয়। যদিও বিএসএফ দাবি করেছে, তারা বাংলাদেশি দুই যুবককে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকতে দেখে গুলি চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন। তিনি বলেন, “ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে।”

এদিকে, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুই ব্যক্তি সীমান্তে অবস্থানকালে গুলিবিদ্ধ হন। একজন ঘটনাস্থলে মারা যান, অপরজন গুরুতর আহত। তদন্ত চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের মৃত্যু বন্ধের আহ্বান জানিয়ে আসছে। বাংলাদেশের পক্ষ থেকেও দ্বিপাক্ষিক বৈঠকে বারবার সীমান্তে প্রাণহানি রোধে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি তেমন চোখে পড়ছে না।

বিশ্লেষকরা বলছেন, নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির লঙ্ঘন। এ বিষয়ে আরও কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক


দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদ-নদীর পানি নিয়ে নতুন উদ্বেগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৪ ২০:৪১:৫৬
দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদ-নদীর পানি নিয়ে নতুন উদ্বেগ
ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি বিভাগে অনবরত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সীমান্তবর্তী ভারতীয় উজানে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে সুরমা-কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার, কংস ও সোমেশ্বরীসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম বা সতর্কসীমায় পৌঁছানোর প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে সিলেট পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় সোমেশ্বরী ও কংস নদী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার নদীসংলগ্ন নিম্নাঞ্চলকে সাময়িকভাবে প্লাবিত করতে পারে এবং শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকা সতর্কসীমায় পৌঁছাতে পারে।

অন্যদিকে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া ধরলা নদীর পানি সতর্কসীমায় পৌঁছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত করতে পারে।

একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় এই অববাহিকার নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীসংলগ্ন লোকালয় ও নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

/আশিক


৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নজরদারি, মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা দল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৪ ২০:০০:০৫
৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নজরদারি, মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা দল
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। এই বিশেষ দিনটিকে ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সাম্প্রতিক নানা ইস্যু ও বোমা উদ্ধারের মতো ঘটনার প্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের একাধিক বিশেষায়িত সংস্থা।

এদিকে, ৫ আগস্ট উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তৎপরতা লক্ষ করা যাচ্ছে এবং দিনজুড়ে পালিত হতে যাচ্ছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। তবে দিবসটির আবহ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে অপ্রত্যাশিত হামলা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে। সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, দিবসটি উদ্‌যাপনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা কিংবা জননিরাপত্তার বিঘ্ন ঘটার ঝুঁকি এড়াতে সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তবে কোনো ধরনের বড় সংকটের আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৫ আগস্ট ঘিরে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই। তবুও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে একাধিক গোয়েন্দা দল মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তৎপরতার পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

/আশিক


আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৪ ১০:০০:৪২
আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন
ছবি : সংগৃহীত

রাজধানীতে সপ্তাহের প্রতিটি দিনে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে বিভিন্ন এলাকার মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকে। তাই কেনাকাটা, ব্যবসায়িক কাজ বা প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য বাসা থেকে বের হওয়ার আগে কোন কোন মার্কেট খোলা এবং কোনগুলো বন্ধ থাকবে, তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে অপ্রয়োজনীয় সময়, ভোগান্তি এবং যাতায়াতের খরচ এড়ানো সম্ভব হবে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর অন্যতম জনপ্রিয় কয়েকটি শপিংমল ও পাইকারি মার্কেটে সাপ্তাহিক ছুটি পালন করা হচ্ছে। ফলে এসব স্থানে নিয়মিত বেচাকেনা বন্ধ থাকবে। বিশেষ করে পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিকস, জুতা, গৃহস্থালি পণ্য এবং বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী কিনতে যাওয়া ক্রেতাদের বিকল্প মার্কেট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার (বর্তমান সীমান্ত স্কয়ার), অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্চিড প্লাজা।

শুধু মার্কেট নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অধিকাংশ দোকানপাটও মঙ্গলবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার উল্লেখযোগ্য সংখ্যক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিশেষ করে নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ও ধানমন্ডি এলাকার মার্কেটগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হয়। সাপ্তাহিক বন্ধের কারণে এসব এলাকায় যানজট তুলনামূলক কম থাকলেও কেনাকাটার জন্য গেলে অনেকেই বন্ধ দোকান ও মার্কেটের কারণে বিড়ম্বনায় পড়তে পারেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি কার্যকর থাকায় ক্রেতাদের আগে থেকেই সংশ্লিষ্ট মার্কেটের ছুটির দিন সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। বিশেষ করে উৎসব, পারিবারিক অনুষ্ঠান বা জরুরি কেনাকাটার ক্ষেত্রে পরিকল্পনা করে বের হলে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় করা সম্ভব।

নগরজীবনের ব্যস্ততার মধ্যে সাপ্তাহিক ছুটির এই সূচি শুধু ব্যবসা পরিচালনার সুবিধার জন্য নয়, কর্মীদের বিশ্রাম ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাজধানীর বিভিন্ন মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন জেনে নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ।

-রাফসান


মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৩ ২১:৩৫:১৯
মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি নির্দিষ্ট এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)।

ওজোপাডিকো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এই ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কারকাজের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন ১১ কেভি ভার্সিটি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজের সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে, আবার কাজ শেষ হতে বিলম্ব হলে সময়ে কিছুটা পরিবর্তনও আসতে পারে। এই সাময়িক সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক


শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ। 

রেজাউল মোস্তফা
রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৩ ২১:৩০:১১
শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ। 
ছবি : রেজাউল মোস্তফা

৭ই মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্পে সেবা নেওয়া রোগীদের মধ্যে বাছাইকৃত রোগীদের গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এবং Serve for Smile এর উদ্যোগে বিনামূল্যে ১৩০জনের মাঝে চশমা বিতরণ করা হয়।

সোমবার ৩ আগস্ট নগরীর গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিনামূল্যে চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Serve for Smile সভাপতি সাইফুল্লাহ মনসুর সাধারণ সম্পাদক ডা: মেসবাহ উদ্দিন তুহিন এবং কোষাধক্ষ মোহাম্মদ সাইফুল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সুস্থ দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।Serve for Smile ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে দৃষ্টিসমস্যায় ভোগা শতাধিক মানুষ প্রয়োজনীয় চশমা পেয়ে উপকৃত হন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন জানায়, মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানই তাদের অন্যতম অঙ্গীকার, এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগ: সারাদেশ

সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০২ ২০:৪৪:৪৩
সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী *বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা* দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগের সরকারের আমলেও প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে দ্রুত একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, মাদ্রাসাটির শ্রেণিকক্ষগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই টিনের ছাদ চুইয়ে পানি পড়ে, তখন পাঠদান বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। আবার প্রচণ্ড গরমে টিনের চালের অতিরিক্ত তাপে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণ করা কষ্টকর হয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলেও বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

এ অবস্থায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জন্য দ্রুত একটি আধুনিক পাকা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

ডাকঘর: বল্লভপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। EIIN: 105643


টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২২:১৩:৫৪
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় রবিবার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকাগুলোতে লাইনের নিরাপত্তা ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যে এই সাময়িক বিদ্যুৎ বিরতি নেওয়া হচ্ছে। উক্ত দিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা এই ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে অন্যতম হলো—বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড এলাকা।

গ্রাহকদের আগাম সচেতন করতে এবং সাময়িক অসুবিধা এড়াতে ইতোমধ্যে এসব এলাকায় ওজোপাডিকোর পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে। লাইনের কাজ শেষ হওয়া মাত্রই পুনঃরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক


আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২২:০০:৩৭
আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা
ছবি : সংগৃহীত

চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগস্টজুড়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)।

শনিবার (১ আগস্ট) আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থান এবং ঢাকা ও সিলেটের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে বেশি বৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কম হতে পারে। এই মাসে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই বললেই চলে।

উজানে ও দেশের ভেতরে টানা বর্ষণের দরুন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে অতি বন্যাপ্রবণ নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের উপকূলে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।

চার সপ্তাহের এলাকাভিত্তিক চিত্র

১–৮ আগস্ট: রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ উত্তর চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

৯–১৬ আগস্ট: সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বর্ষণ বাড়তে পারে।

১৭–২৪ আগস্ট: শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি বহাল থাকবে।

২৫–৩১ আগস্ট: নতুন মৌসুমি সিস্টেমের প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, বর্ষণের বিরতিতে ভ্যাপসা গরম অনুভূত হলেও বড় কোনো খরা হবে না। এছাড়া এ মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও তার কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

/আশিক


সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২১:৩১:২৮
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা
ছবি : শ‌হিদুল ইসলাম

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (AGM) এবং একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবনির্বাচিত (আংশিক) কমিটি সভাপতি: সোহেল ইসলাম।

সি‌নিয়র সহ-সভাপতি গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা।

সাধারণ সম্পাদক: মো. মাসুদুর রহমান।

সহ-সাধারণ সম্পাদক: হেলেন ইসলাম।

কোষাধ্যক্ষ: মো. শফিকুল ইসলাম (জুয়েল)।

সাংগঠনিক সম্পাদক: মো. ইব্রাহিম জাহান।

প্রচার সম্পাদক: নূরুন্নবী আলী।

সহ-প্রচার সম্পাদক: নাজ নাছিমা।

মহিলা সম্পাদক: মীরা বড়ুয়া।

সহকারী মহিলা সম্পাদক: ফারজানা সামাদ জাদে।

সাংস্কৃতিক সম্পাদক: গোলাম মোস্তফা চৌধুরী।

সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আছমা আলম।

কার্যনির্বাহী কমিটির সদস্য: বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ:নূরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।

যুক্তরা‌জ্যের কা‌র্ডিফ থে‌কে সংগঠ‌নের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ ম‌কিস মনসুর এবং বাংলা‌দেশ থে‌কে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপ‌তি ‌মো. শ‌হিদুল ইসলাম টে‌লি কনফারেন্স যুক্ত হ‌য়ে নবগ‌ঠিত ক‌মি‌টির সকল নেতৃবৃন্দ‌দের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা সংগঠনের সফলতা কামনায় সকল প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

ট্যাগ: , সারাদেশ

পাঠকের মতামত: