সংস্কার ছাড়া নির্বাচন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৩২:৪৭
সংস্কার ছাড়া নির্বাচন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বর্তমান ব্যবস্থায় নির্বাচন হলে তা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে এবং এর ফলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে। বুধবার (১৩ আগস্ট) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করেছে। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ইসলামী আদর্শের দলকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদেশি শক্তির প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল-জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। এই ‘আগস্ট বিপ্লব’কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের প্রতিটি পর্যায়ে এখনো পতিতা স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে, তাই সবাইকে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে এবং ভোট বিপ্লব ঘটানোর জন্য এখন থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেন।

সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায় এবং জনগণের এই আকাঙ্ক্ষা অচিরেই বাস্তবায়িত হবে। তিনি দুটি নতুন স্লোগানের কথা উল্লেখ করেন যা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে: ‘নতুন বাংলাদেশ’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা’।

/আশিক


কালিগঞ্জে উন্নয়নের নামে লুটপাট প্রশাসনিক অবহেলায় প্রশ্নবিদ্ধ সড়ক নির্মাণ

শিমুল হোসেন
শিমুল হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৯:৪১:০৯
কালিগঞ্জে উন্নয়নের নামে লুটপাট প্রশাসনিক অবহেলায় প্রশ্নবিদ্ধ সড়ক নির্মাণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উন্নয়নের নামে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। প্রশাসনের প্রত্যক্ষ তদারকির আওতায় থাকা প্রকল্পেই চলছে সরকারি অর্থের অপচয় ও মানহীন কাজের অভিযোগ। ধলবাড়িয়া ইউনিয়নের হরিখালি থেকে মৌখালি অভিমুখে নির্মাণাধীন একটি গ্রামীণ সড়ক প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পে কার্যত কোনো কারিগরি মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না। উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে প্রকল্পটি জনস্বার্থের পরিবর্তে অনিয়ম ও অব্যবস্থাপনার উদাহরণে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, সড়ক নির্মাণের জন্য খালের পাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। সেই মাটি সড়কে ফেলার পর তা আবার খালে ধসে পড়ছে। ফলে একদিকে রাস্তার স্থায়িত্ব নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, অন্যদিকে খাল ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশ ও কৃষি ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম আড়াল করতেই তড়িঘড়ি করে খালে পানি তুলে পরিস্থিতি ঢাকার চেষ্টা করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার গোড়ার মাটি খাড়াভাবে কেটে নেওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমে এই রাস্তা এলাকাবাসীর জন্য বড় ধরনের ঝুঁকিতে পরিণত হতে পারে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন"নামে উন্নয়ন, কাজে সর্বনাশ। যেভাবে মাটি দেওয়া হচ্ছে, এই রাস্তা কয়দিন টিকবে তা নিয়েই আমাদের শঙ্কা।আরেক বাসিন্দা মনিরুল ইসলাম বলেন,“খাল কেটে রাস্তা করলে দুটোই ধ্বংস হবে-খালও যাবে, রাস্তাও যাবে।সড়ক নির্মাণকাজে ব্যবহৃত এস্কেভেটরের চালক নাইম জানান,“ঠিকাদার মোঃ হান্নান হোসেন যেভাবে বলেছেন, সেভাবেই কাজ করছি।এর বাইরে কিছু করার সুযোগ নেই।তার বক্তব্যে কাজের নির্দেশনা ও প্রশাসনিক তদারকির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঠিকাদার আব্দুল হান্নানের কাছে অনিয়মের অভিযোগ জানতে চাইলে তিনি বলেন,“পিআইও ও ইউএনওর নির্দেশেই কাজ করছি। কোনো অনিয়ম থাকলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি আরও দাবি করেন,পূর্ববর্তী সরকার আমলেও একই ধরনের প্রকল্পে কাজ করেছেন এবং তখন কোনো আপত্তি ওঠেনি।কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের উন্নয়ন প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দাবি, প্রতিটি প্রকল্প থেকে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অর্থ কমিশন হিসেবে আদায় করা হয়। ‘অফিস খরচ’ ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে এই অর্থ নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে, যার ফলে প্রকল্পের বরাদ্দের বড় অংশই কাজে ব্যয় হয় না।

অভিযোগের পাহাড় থাকলেও প্রকল্প এলাকায় কোনো তথ্যসংবলিত সাইনবোর্ড নেই। জানা গেছে, আলোচ্য সড়ক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা ও ৬ টন বরাদ্দ থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি। এমনকি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনও বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধেও প্রকল্পের টাকা ভাগাভাগি ও জমি জবরদখলের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পিআইও মফিজুর রহমান বলেন,“প্রকল্প শেষ হলে তখন বলা যাবে। এখন কোনো মন্তব্য করব না।তার এই বক্তব্য প্রশাসনিক দায়বদ্ধতা ও স্বচ্ছতার অভাবকেই স্পষ্ট করেছে বলে মনে করছেন সচেতন মহল।অনুসন্ধানে আরও জানা গেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ধলবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুর গ্রামে সম্ভখালি খালের ওপর প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্তমান প্রকল্পে অনিয়মের অভিযোগের সুরাহা না হলে ওই প্রকল্পেও একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটতে পারে।

সচেতন মহলের মতে, এখনই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব প্রয়োজন-প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত কারিগরি নির্দেশনা মানা হচ্ছে কি না, কাজের মান নিয়মিত যাচাই করা হচ্ছে কি না, প্রকল্প ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য কেন জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না এবং আগের অভিযোগের নিষ্পত্তি ছাড়াই নতুন প্রকল্প বাস্তবায়ন কতটা যুক্তিসংগত।উন্নয়নের কথা বলে যদি প্রশাসনিক অবহেলা, দায়হীনতা ও অনিয়মের সংস্কৃতি চলতেই থাকে, তবে সেই উন্নয়ন যে সাধারণ মানুষের আস্থা ও কল্যাণ বয়ে আনবে না-তা বলাই বাহুল্য। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ভোটের দ্বারপ্রান্তে কুমিল্লা, জমজমাট ১১ আসন

মাসুদ রানা
মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৯:২৮:৪১
ভোটের দ্বারপ্রান্তে কুমিল্লা, জমজমাট ১১ আসন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার একেবারে শেষ প্রান্তে এসে কুমিল্লা জেলার রাজনৈতিক অঙ্গন পরিণত হয়েছে এক ব্যস্ত ও উৎসবমুখর নির্বাচনি ময়দানে। জেলার ১১টি সংসদীয় আসনজুড়েই সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের নিরবচ্ছিন্ন দৌড়ঝাঁপ চোখে পড়ছে। পথসভা, নির্বাচনি জনসভা, উঠান বৈঠক কিংবা ঘরে ঘরে গণসংযোগ সব মাধ্যম ব্যবহার করে ভোটারদের মন জয় করার শেষ প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, হাট-বাজার কিংবা পাড়া-মহল্লা কোথাওই নির্বাচনের আলোচনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কুমিল্লার সবকটি আসনেই প্রায় একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা।

এই নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক জোটের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা শেষ মুহূর্তে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রদর্শনে মাঠে নেমেছেন সর্বশক্তি দিয়ে। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনি কৌতূহল ও উত্তাপ দুটোই বহুগুণ বেড়েছে।

অনেক এলাকায় ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেলেও কোথাও কোথাও শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ, সম্ভাব্য জোট ও ভোট বিভাজন নিয়ে চলছে গভীর আলোচনা। বিশেষ করে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তরুণ ভোটাররাই অনেক আসনে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন।

আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার ১৪৯১টি ভোটকেন্দ্রে প্রায় অর্ধকোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিপুল সংখ্যক ভোটারের রায়ে নির্ধারিত হবে জেলার ১১টি আসনের ভবিষ্যৎ জনপ্রতিনিধি। নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্নের পথে।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি **বাংলাদেশ সেনাবাহিনী**ও নির্বাচনি দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি জেলার সব ১৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ব্যালট পরিবহন ও সংরক্ষণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে ভোটের দিন কোনো ধরনের জটিলতা না হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় অর্ধকোটি। এর মধ্যে প্রায় ১ লাখ ১১ হাজার ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। প্রতিটি আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হচ্ছে এবং ১২ ফেব্রুয়ারি ৮৬ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে ভোটের লড়াইয়ে অংশ নেবেন।

এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, কোনো আসনকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, গত ২২ জানুয়ারি থেকেই জেলার সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত সার্বিক পরিবেশ স্বস্তিদায়ক।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান জানান, ভোটগ্রহণের প্রতিটি ধাপে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। ব্যালট পেপার পরিবহন থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত পাহারায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব পক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সব মিলিয়ে, প্রচারের শেষ মুহূর্তে কুমিল্লার ১১টি আসন পরিণত হয়েছে এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক মঞ্চে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটেই স্পষ্ট হয়ে যাবে, ভোটারদের আস্থা কার দিকে ঝুঁকেছে এবং কারা পাচ্ছেন কুমিল্লার মানুষের প্রতিনিধিত্বের দায়িত্ব।


সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প: উৎপত্তিস্থল নিয়ে আবহাওয়া অফিসের তথ্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৯:০৯:৩৭
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প: উৎপত্তিস্থল নিয়ে আবহাওয়া অফিসের তথ্য
ছবি : সংগৃহীত

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বিকালের এই মৃদু কম্পনে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ধরণের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভৌগোলিকভাবে সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরণের মৃদু কম্পন প্রায়ই অনুভূত হয়।


আজ মঙ্গলবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ০৯:০৯:৩৫
আজ মঙ্গলবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ 
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আজ আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না। ঢাকা শহরের এলাকাভেদে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নিয়ম রয়েছে। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার বড় বড় শপিং মল ও মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার (সীমান্ত সম্ভার), অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

উল্লেখ্য যে, নির্দিষ্ট এই এলাকাগুলোর প্রধান সড়ক সংলগ্ন বড় দোকানপাট ও শপিং সেন্টারগুলো বন্ধ থাকলেও পাড়া-মহল্লার ছোট দোকানগুলো সাধারণত খোলা থাকে। তবে ভোগান্তি এড়াতে বড় মার্কেটগুলোতে যাওয়ার আগে সূচি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ০৯:০৬:১১
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ দিনভর ব্যস্ত থাকবেন উপদেষ্টাগণ।

খাদ্য ও ভূমি উপদেষ্টার কর্মসূচি আজ সকাল ১১টায় সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত থাকবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি সকাল ১১টা ৩০ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সেখানে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি একই সময়ে অর্থাৎ সকাল ১১টা ৩০ মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উপদেষ্টা ফরিদা আখতার অন্তর্বর্তী সরকারের সময়কালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং উল্লেখযোগ্য অর্জনগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি দুপুর ১২টা ৩০ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গত দেড় বছরের কর্মকাণ্ড তুলে ধরবেন।

জ্বালানি উপদেষ্টার কর্মসূচি বিকেল ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সরকারের এই মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন সাফল্য নিয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করবেন।


সোমবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন বের হওয়ার আগেই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০৯:৩২:১২
সোমবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন বের হওয়ার আগেই
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থা ও যানজটের কথা মাথায় রেখে কেনাকাটার পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ। অযথা সময় নষ্ট এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

সোমবার যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ

মিরপুর ও পার্শ্ববর্তী: আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা।

ক্যান্টনমেন্ট ও ডিওএইচএস: কচুক্ষেত, ইব্রাহীমপুর, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী ও ক্যান্টনমেন্ট এলাকা।

গুলশান ও বনানী: গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া এবং তেজগাঁও শিল্প এলাকা।

পূর্ব ঢাকা: রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর ও সায়েদাবাদ।

দক্ষিণ-পূর্ব ঢাকা: মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী ও ইব্রাহীমপুর বাজার।

ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২) এবং গুলশান পিংক সিটি।

মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট ও রামপুরা সুপার মার্কেট।

মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেট।

গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০৯:২৩:৩১
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাজনৈতিক ও সরকারি দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারণায় আজ সরগরম থাকবে রাজপথ।

তারেক রহমানের ৮টি নির্বাচনী জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৮টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সকাল ১১টা: ঢাকা-১৭ আসন, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ।

দুপুর ১২টা: ঢাকা-১০ আসন, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ।

দুপুর ১টা: ঢাকা-৮ আসন, পীরজঙ্গী মাজার রোড।

দুপুর ২টা: ঢাকা-৯ আসন, মান্ডা তরুণ সংঘ মাঠ।

বিকেল ৩টা: ঢাকা-৫ আসন, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড।

বিকেল ৪টা: ঢাকা-৪ আসন, জুরাইন-দয়াগঞ্জ রোড।

বিকেল ৫টা: ঢাকা-৬ আসন, ধূপখোলা মাঠ।

সন্ধ্যা ৬টা: ঢাকা-৭ আসন, লালবাগ বালুর মাঠ।

মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সময়: সকাল ১০টা।

স্থান: মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।

অতিথি: সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্রিফিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সময়: সকাল ১১টা ৪৫ মিনিট।

স্থান: ডিএমপি মিডিয়া সেন্টার।

বক্তা: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফ করবেন।


উত্তপ্ত চট্টগ্রাম বন্দর এলাকা: গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে শ্রমিক নেতারা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২১:৫১:০৬
উত্তপ্ত চট্টগ্রাম বন্দর এলাকা: গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে শ্রমিক নেতারা
ছবি : কালবেলা

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের (DP World) কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বন্দর নগরীতে চরম উত্তেজনা ও স্থবিরতা বিরাজ করছে। একদিকে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর, অন্যদিকে আন্দোলন দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতারা।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে মাত্র ২ কার্যদিবস সময় বাকি থাকায় এই মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে কোনো চুক্তি হচ্ছে না। সরকারের এই ঘোষণার পর আন্দোলন নিয়ে নতুন করে ভাবছেন শ্রমিক নেতারা। তবে এর মধ্যেই বন্দর এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে।

শ্রমিকদের ওপর কঠোর খড়্গ

আন্দোলন দমনে বন্দর কর্তৃপক্ষ ১৫ জন শ্রমিক-কর্মচারীকে শাস্তিমূলক বদলি করে মোংলা ও পায়রা বন্দরে সংযুক্ত করেছে। একই সঙ্গে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি এবং অবৈধ সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের অনুরোধ জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ইব্রাহিম খোকনসহ অন্তত ছয়জন শ্রমিক নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী তা স্বীকার করেনি। গ্রেপ্তার আতঙ্কে বর্তমানে আন্দোলনের সমন্বয়ক হুমায়ুন কবিরসহ অন্য শীর্ষ নেতারা আত্মগোপনে থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বন্দরে ভয়াবহ স্থবিরতা

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া পূর্ণদিবস কর্মবিরতির ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১২টি জাহাজ জেটিতে এবং ৮০টির বেশি মাদার ভ্যাসেল বহির্নোঙরে আটকা পড়ে আছে। বন্দরে অন্তত ৪০ হাজার আমদানিযোগ্য কনটেইনার এবং ডিপোলোতে ১২ হাজার ৪৮৩ টিইউএস রপ্তানিযোগ্য কনটেইনার আটকা পড়েছে। এর ফলে চাল, ডাল, গম ও চিনির মতো রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাস বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

রাজনৈতিক উদ্বেগ

চট্টগ্রাম মহানগর বিএনপি এই ইজারা চুক্তির তড়িঘড়ি প্রচেষ্টাকে ‘অযৌক্তিক ও জাতীয় স্বার্থ পরিপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছে। দলটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের মাত্র চার দিন আগে এমন স্পর্শকাতর চুক্তি দেশের অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাঁরা এই সংকট নিরসনে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।


কালিগঞ্জে ধানের শীষের জনসমুদ্র: সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের হুঙ্কার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২০:৩৮:৩৫
কালিগঞ্জে ধানের শীষের জনসমুদ্র: সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের হুঙ্কার
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভা:বিজয়ের প্রত্যয় কাজী আলাউদ্দীনের/ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জোয়ার আরও বেগবান করতে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, যুক্তরাজ্য প্রবাসী যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ নাসির উদ্দিন,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম ও জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন,আসন্ন ১২ তারিখের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের রায়ে বিএনপি ও তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, "বিভ্রান্ত হবেন না। সকাল সকাল উঠে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করুন। যত দিন যাচ্ছে ধানের শীষের জোয়ার ততই বাড়ছে।তিনি আরও বলেন, বিগত দিনে আশাশুনি ও কালিগঞ্জের উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আরও গতিশীল করবেন। একই সঙ্গে চাঁদাবাজি,দখলবাজি ও লুটতরাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান পরিবর্তন করা হবে। তিনি বলেন,“ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড পৌঁছে দেওয়া হবে। নাগরিক সেবা পেতে আর কারও দ্বারে দ্বারে ঘুরতে হবে না।জনসভায় নেতাকর্মীদের স্লোগান ও বিপুল জনসমাগমে পুরো সোহরাওয়ার্দী পার্ক জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনে আসন্ন নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

পাঠকের মতামত: