এমপিও শিক্ষকদের অবসরে যুগান্তকারী আইন সংশোধন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৩:৫৮:৪৭
এমপিও শিক্ষকদের অবসরে যুগান্তকারী আইন সংশোধন
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনে গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। অবসর সুবিধা প্রাপ্তির দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষাপটে এই নতুন অধ্যাদেশকে শিক্ষা খাতে একটি কাঠামোগত সংস্কার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গতকাল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাদেশটি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন অধ্যাদেশে ২০০২ সালের মূল আইনের সংজ্ঞা ও আওতা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। সংশোধিত আইনের ২ ধারায় ‘প্রতিষ্ঠান’ শব্দের সঙ্গে স্পষ্টভাবে ‘এমপিওভুক্ত’ শব্দটি যুক্ত করা হয়েছে, যার ফলে আইনটির প্রযোজ্যতা নিয়ে যে দ্ব্যর্থতা ছিল, তা দূর হয়েছে। এর পাশাপাশি কলেজ, দাখিল ও তদূর্ধ্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকেও প্রথমবারের মতো এই অবসর সুবিধা কাঠামোর আওতায় আনা হয়েছে। ফলে দীর্ঘদিন বঞ্চিত একটি বড় অংশের শিক্ষক-কর্মচারী আইনি সুরক্ষা পেলেন।

অবসর সুবিধা বোর্ডের পরিচালনা কাঠামোতেও আনা হয়েছে মৌলিক পরিবর্তন। সংশোধিত আইনে বোর্ডের পরিচালনা পরিষদ পুনর্গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ–এর সচিবকে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এর মহাপরিচালককে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে প্রশাসনিক সমন্বয় জোরদার করার চেষ্টা করা হয়েছে।

পরিচালনা পরিষদে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে আইনের ৬(১)(ড) ধারায়। এতে একজন পরিচালক রাখার বিধান যুক্ত করা হয়েছে, যিনি পদাধিকারবলে বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষক ও কর্মচারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার মনোনীত ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীকেও বোর্ডের সদস্য করা হয়েছে, যাদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।

শিক্ষকদের স্বার্থ সুরক্ষায় অধ্যাদেশে যুক্ত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বিধান। এতে বলা হয়েছে, কোনো প্রশাসনিক বা আইনি কারণে যদি অবসর সুবিধা বোর্ড গঠন করা সম্ভব না হয়, তবে সরকারের অনুমোদন সাপেক্ষে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় শিক্ষক ও কর্মচারীদের পাওনা অবসর সুবিধা প্রদান করা যাবে। সংশ্লিষ্টদের মতে, এটি অবসর সুবিধা নিয়ে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা কমাতে একটি যুগান্তকারী সংযোজন।

আইনগত ভাষায় আরেকটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশে অবসর সুবিধা ‘প্রদান’ শব্দের পরিবর্তে ‘অনুমোদন’ শব্দের ওপর জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ ছাড়ের মধ্যে একটি সুস্পষ্ট প্রশাসনিক দায়বদ্ধতা কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন আইন বিশ্লেষকেরা।

তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অধ্যাদেশে কঠোর বিধান যুক্ত করা হয়েছে। বোর্ডের স্থায়ী তহবিল সরকারের পূর্বানুমোদন ছাড়া অন্য কোথাও বিনিয়োগ করা যাবে না। এই অর্থ কেবল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সরকারি বন্ড অথবা ট্রেজারি বিলে বিনিয়োগ করা যাবে এবং বোর্ডের অন্য কোনো কার্যক্রমে এই তহবিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তহবিল পরিচালনার বিস্তারিত পদ্ধতি পৃথক প্রবিধানের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সংশোধিত আইনের ১২(২) ধারায় বোর্ডের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রে একজন পরিচালকের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। সরকার কর্তৃক প্রেষণে নিযুক্ত এই পরিচালক বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন, দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ও তহবিল ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সরকার অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিধানও রাখা হয়েছে।

-রাফসান


ধুঁকতে থাকা কারখানা বাঁচাতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১১ ২১:১৫:৩১
ধুঁকতে থাকা কারখানা বাঁচাতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা
ছবি : সংগৃহীত

তৈরি পোশাক শিল্পের চলমান সংকট কাটিয়ে উঠতে এবং ধুঁকতে থাকা কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে একটি বিশেষ প্রণোদনা তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১১ মে) বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দেন।

বৈঠক শেষে বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান ও বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানান, যে সব কারখানা এখনও বন্ধ হয়নি কিন্তু আর্থিক সংকটে ধুঁকছে, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ তহবিল গঠন করছে। এই তহবিল থেকে ঋণ বা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কারখানাগুলোকে সচল রাখার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন যে, সংকটে থাকা উদ্যোক্তারা এখান থেকে প্রয়োজনীয় সুবিধা পাবেন।

ব্যবসায়ী নেতারা বৈঠকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান কিছু নীতির সমালোচনা করেন এবং বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন ধরনের নীতি সহায়তার দাবি জানান। প্রধানমন্ত্রী এই সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব চেয়েছেন। মাহমুদ হাসান খান বলেন, "কোন কোন ক্ষেত্রে পরিবর্তন বা সহায়তা প্রয়োজন, তা আমরা লিখিতভাবে জমা দিলে সরকার পদক্ষেপ নেবে।" এছাড়া আগামী ঈদুল আযহার পরে বিজিএমইএ পর্ষদের সঙ্গে প্রধানমন্ত্রী আবারও বৈঠকে বসবেন বলে ঠিক হয়েছে।

রপ্তানি বহুমুখীকরণের (Export Diversification) ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রাজশাহীতে থাকা সরকারের রেশম শিল্প-কারখানাগুলো বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এতে দেশীয় রেশম শিল্পের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারে এর অবস্থান শক্ত হবে বলে আশা করা হচ্ছে।

/আশিক


কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: শুভেন্দুকে কড়া জবাব ঢাকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১১ ১৯:৫৭:২৩
কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: শুভেন্দুকে কড়া জবাব ঢাকার
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্ত ঘিরে নেওয়া কড়া সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর দিন শেষ হয়ে গেছে।

শুভেন্দু অধিকারীর '৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর' ও বেড়া দেওয়ার ঘোষণাকে গুরুত্ব দিলেও হুমায়ুন কবির বলেন, "বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। কাঁটাতার দিয়ে আমাদের ভয় দেখানো সম্ভব নয়।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষ এসবের পরোয়া করে না এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের গতিবিধি ঢাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে আগের সরকারের আমলের মতো সীমান্ত পরিস্থিতি এবার হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সীমান্ত উত্তেজনার মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন। তিনি জানান, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পে (TRCMRP) চীন অর্থায়ন করতে সম্মত হয়েছে। চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থ দেবে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন, যদিও সফরের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি।

/আশিক


নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু: সেতু মন্ত্রী 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১১ ১৯:৫১:৩৯
নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু: সেতু মন্ত্রী 
ছবি : সংগৃহীত

সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, "হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি প্রস্তাব রয়েছে, যার মধ্যে এক নম্বর প্রস্তাবটি ওই রুটেই। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।" তিনি আরও জানান যে, এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে অর্থায়নের উৎস নিয়ে আলোচনা ও অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।

গতবারের ঈদযাত্রার বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক হওয়ার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, "গতবার যে ব্যত্যয়গুলো হয়েছিল, এবার আরও অধিক মনোযোগী হয়ে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেগুলো নিরসনের লক্ষ্যেই আজকের সভা করা হয়েছে।" দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে অবস্থিত বর্তমান পদ্মা সেতুটি ২০২২ সালে উদ্বোধন করা হয়। ৩০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং ভায়াডাক্টসহ মোট দৈর্ঘ্য ৯.৮৩ কিলোমিটার। এবার একই আদলে দ্বিতীয় বৃহৎ প্রকল্পের পথে হাঁটল সরকার।

/আশিক


গুণগত মান বজায় রেখে দেশে নতুন বিশ্ববিদ্যালয় চালু করার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১১ ১২:৫৮:৩৯
গুণগত মান বজায় রেখে দেশে নতুন বিশ্ববিদ্যালয় চালু করার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত

দেশে উচ্চশিক্ষার প্রসার ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের নতুন দ্বার উন্মোচনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, দেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় থাকলেও শীঘ্রই আরও নতুন কিছু বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করতে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, দেশে বিদ্যমান ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৭টি বেশ ভালো করছে। তবে শিক্ষার মান বাড়াতে এবং আন্তর্জাতিক পরিসরে জ্ঞান বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় অত্যন্ত মানসম্মত। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের সেখানে উচ্চশিক্ষায় অংশ নিতে উৎসাহিত করছি। যোগ্যরা পরীক্ষার মাধ্যমে সেখানে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন।” বিশেষ করে ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ দুই দেশের শিক্ষাখাতে নতুন গতির সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, এই শিক্ষা মেলা কেবল ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না। আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও এই এক্সপো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ের এক বিশাল সুযোগ তৈরি হবে। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে পাকিস্তানের সাথে গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বলেন, এ ধরনের মেলা ও স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরি করবে।

/আশিক


অপরাধ দমনে জাতিসংঘের মানদণ্ড অনুসরণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১১ ১২:৫৫:০৭
অপরাধ দমনে জাতিসংঘের মানদণ্ড অনুসরণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনীতে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো সদস্যের ব্যক্তিগত অনিয়ম বা চেইন অব কমান্ড ভঙ্গের দায় বাহিনী নেবে না।

পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী। তিনি জানান, পুলিশের অপারেশনাল কার্যক্রম ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ প্রতিটি মুহূর্ত রেকর্ড করতে পর্যায়ক্রমে সকল সদস্যকে বডিওর্ন ক্যামেরার আওতায় আনা হবে। এর মাধ্যমে তদন্ত ও অপারেশনাল কার্যক্রমের প্রতিটি পদক্ষেপ নথিবদ্ধ থাকবে, যা বাহিনীর ভেতরে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, অপরাধ দমন ও তদন্তের ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এখন সময়ের দাবি। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবাধিকার সমুন্নত রেখেই কৌশলী তদন্ত পরিচালনার নির্দেশ দেন তিনি।

ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা নিয়ে মন্ত্রী কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জিত হয়নি। দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং পর্যটক সংখ্যা বাড়াতে ট্যুরিস্ট পুলিশকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনরুল্লেখ করে বলেন, পুলিশিং এখন আর শুধু অপরাধ দমনে সীমাবদ্ধ নয়; জনগণের সাথে আস্থা ও বিশ্বাসের মজবুত সম্পর্ক গড়ে তোলাই এখন মূল চ্যালেঞ্জ।

/আশিক


পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ২১:৫৬:১৭
পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী
ছবি : সংগৃহীত

পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার (১০ মে) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

‘বাংলাদেশে ক্ষয়-প্রতিরোধী উপকূলীয় অবকাঠামো’ শীর্ষক এই সেমিনারে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। নদী ভাঙন রোধে ইতোমধ্যেই কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে, তাই তাদের জীবন ও সম্পদ রক্ষায় স্থায়ী সমাধান প্রয়োজন।

কারিগরি বিষয় ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের দেওয়া সুচিন্তিত পরামর্শকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও আশ্বস্ত করেন পানিসম্পদমন্ত্রী। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপকূলীয় অঞ্চলে ক্ষয় রোধে টেকসই ও আধুনিক ডিজাইন তৈরির ওপর গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

/আশিক


হামে আরও ১১ শিশুর মৃ'ত্যু: ভয়াবহ রূপ নিচ্ছে প্রাদুর্ভাব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ২১:১৩:১৮
হামে আরও ১১ শিশুর মৃ'ত্যু: ভয়াবহ রূপ নিচ্ছে প্রাদুর্ভাব
ছবি : সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় (রোববার, ১০ মে সকাল ৮টা পর্যন্ত) এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৬৫টি শিশুর প্রাণহানি ঘটল।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৭৮টি শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে শিশু রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা দেশে ১ হাজার ৫০৩টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে বড় একটি অংশই ঢাকা বিভাগের। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৯ হাজার ১৫৯টি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৮১৯ জনের শরীরে। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ হাজার ৮৬২ জন শিশু।

/আশিক


যেখানে পাবে সোজা গুলি করবে: শেখ হাসিনার নির্দেশনার প্রমাণ পেল ট্রাইব্যুনাল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ১৮:২৬:২১
যেখানে পাবে সোজা গুলি করবে: শেখ হাসিনার নির্দেশনার প্রমাণ পেল ট্রাইব্যুনাল
ছবি : গ্রাফিক্স ইত্তেফাক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, "তদন্তে শেখ হাসিনা ও ডিএসসিসির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের একটি কথোপকথন পাওয়া গেছে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়— 'আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে'।"

চিফ প্রসিকিউটর মন্তব্য করেন যে, একজন সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনার এমন নির্দেশনা ছিল অত্যন্ত অমানবিক। এর ফলে সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায়, যার ফলস্বরূপ হাজারো মানুষের মৃত্যু ঘটে। তিনি আরও উল্লেখ করেন, ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছিল। বিশেষ করে কিশোর ফাইয়াজের নির্মম হত্যাকাণ্ড পুরো বাংলাদেশকে ব্যথিত ও আবেগাপ্লুত করেছিল।

মোহাম্মদপুরের এই মামলায় 'সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি' এবং 'টার্গেটেড কিলিং'-এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৮ জুন থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

/আশিক


পুলিশিং কার্যক্রম গতিশীল করতে একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ১৭:৪৩:০৪
পুলিশিং কার্যক্রম গতিশীল করতে একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার ঘোষণা
ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের দীর্ঘদিনের অভাব-অভিযোগ নিরসনে একগুচ্ছ নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। রোববার (১০ মে) রাজারবাগে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ অতিরিক্ত কর্মঘণ্টার জন্য পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা প্রদান এবং অবসরের সময় ‘অনারারি’ পদোন্নতি দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পর্যন্ত যেসব সদস্য অতিরিক্ত সময় ডিউটি করবেন, তাদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতার ব্যবস্থা করার কথা ভাবছে সরকার। এটি কার্যকর হলে পুলিশের মনোবল ও সেবার মান কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের আবাসন ও স্বাস্থ্য সমস্যা নিরসনেও বড় প্রতিশ্রুতির কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করার পাশাপাশি পুলিশের জন্য সম্পূর্ণ নতুন ও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। একই সাথে আবাসন সংকট দূর করতে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে পদোন্নতিবঞ্চিত সদস্যদের জন্য বড় সুখবর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরকালীন সময়ে কিছু সংখ্যক সদস্যকে ‘অনারারি’ পদোন্নতি দেওয়া হবে। এর ফলে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি পরিদর্শক হওয়ার সুযোগ তৈরি হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে শুরু হওয়া চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে শেষ হবে।

/আশিক

পাঠকের মতামত: