‘মব সৃষ্টি’ কি সরকারের গোপন পরিকল্পনা?—তারেক রহমানের প্রশ্ন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২২:০৪:১৬
‘মব সৃষ্টি’ কি সরকারের গোপন পরিকল্পনা?—তারেক রহমানের প্রশ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, অন্যায়কারীদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দলবদ্ধ সহিংসতা ও মব সৃষ্টি হওয়ার পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা রয়েছে কি না। পুরান ঢাকার জনসমক্ষে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ভিডিও ফুটেজে যাঁকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি প্রশ্ন করেন, ‘কেন এই অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হচ্ছে?’

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদল নেতা-কর্মীদের পরিবারের প্রতি সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল।

তারেক রহমান আরও বলেন, ‘আমরা কি ধরে নেব, যারা মব তৈরি করে অস্থিরতা ছড়াতে চায়, তাদের পেছনে সরকারের বা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন রয়েছে?’ তিনি সরকারের প্রতি সরাসরি দাবি করেন, অন্যায়কারী যাই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের প্রধান দায়িত্ব জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বলেন, ‘যে অন্যায় করবে, তার বিরুদ্ধে অবশ্যই দেশের আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয় দিয়ে রক্ষা করা কিংবা সমর্থন দেওয়া গ্রহণযোগ্য নয়।’

তারেক রহমান আরও উল্লেখ করেন, ‘স্বৈরাচার পতনের পর জনগণের বিজয় সত্ত্বেও এখনও ষড়যন্ত্রের শিকার দেশ। ‘অদৃশ্য শত্রু’ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যারা পরিবেশ অস্থির করতে চায়, তাদের আমরা পর্যবেক্ষণ করছি।’

শহীদ পরিবারের প্রতি তারেক রহমান বলেন, ‘আপনাদের স্বজনেরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদের ন্যায়বিচার কেন আটকে আছে, সেটি জোর গলায় তুলে ধরুন। যারা হত্যাকাণ্ড ঘটিয়ে বিচার বিলম্বিত করছে, তাদের খুঁজে বের করতে হবে।’

অনুষ্ঠানে খুলনায় যুবদলের এক কর্মীর নির্মম হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘তার রগ কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনার বিচার নিয়ে কোনো সুরাহা হচ্ছে না। উল্টো অভিযোগ আসছে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এসব প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ এর সঙ্গে দেশের অস্তিত্ব জড়িত।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।


বিএনপি জোট শরিকদের সাথে প্রতারণা করেছে: সারজিস আলম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:৩৭:৪৭
বিএনপি জোট শরিকদের সাথে প্রতারণা করেছে: সারজিস আলম
ছবি : সংগৃহীত

বিএনপি তাদের জোট শরিকদের সঙ্গে চরম 'প্রতারণা' করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২০ এপ্রিল ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতি রক্ষা না করার কঠোর সমালোচনা করেন।

সারজিস আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, অভ্যুত্থানের আগে এবং নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার 'জাতীয় সরকার' গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি ন্যূনতম উদারতা দেখাতে ব্যর্থ হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৫ জন মন্ত্রীর মধ্যে জোট শরিকদের একজনকেও পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা দেওয়া হয়নি। এমনকি সংরক্ষিত ৩৬টি নারী আসনের সবকটিই বিএনপি নিজেদের দখলে রেখেছে, যেখানে শরিকদের জন্য অন্তত কয়েকটি আসন বরাদ্দ রাখার প্রত্যাশা ছিল।

বিপরীতে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করে সারজিস আলম বলেন, "জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে মোট ৩টি আসন ছেড়ে দিয়ে রাজনৈতিক উদারতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।" বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রধানের প্রতিশ্রুতি যখন এত ঠুনকো হয়, তা দেশবাসীকে আশাহত করে বলেও তিনি মন্তব্য করেন।

/আশিক


আওয়ামী লীগ নেত্রীর মেয়ে এখন বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২১:২৯:৫৭
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে এখন বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত
মা সৈয়দা নাখলু আক্তার ও সংরক্ষিত আসনে মনোনীত নাদিয়া পাঠান পাপন (ডানে)। ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়ে নাদিয়া পাঠান পাপন বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিএনপির ঘোষিত ৩৬ জনের তালিকায় ৩২ নম্বরে পাপনের নাম আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

নাদিয়া পাঠান পাপন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। তবে তাঁর মা সৈয়দা নাখলু আক্তার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং দলটির মনোনয়নে জেলা পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক মতাদর্শে মা ও মেয়ের এই ভিন্নতা নিয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি রাজনীতিতে ‘শেষ কথা বলতে কিছু নেই’ বলে মন্তব্য করেছেন।

বিএনপি দলীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাদিয়া পাঠান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। বিশেষ করে গত জুলাই অভ্যুত্থানে তিনি রাজপথে অত্যন্ত সক্রিয় ছিলেন। মেয়ের মনোনয়ন পাওয়া নিয়ে মা সৈয়দা নাখলু আক্তার জানান, তিনি এখন আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নেই এবং মেয়ের সাফল্যে তিনি আনন্দিত।

অন্যদিকে পাপন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বিগত ১৭ বছর মামলা-হামলা সহ্য করার সময় কেউ তাঁর মায়ের পরিচয় তোলেনি। এখন তাঁর মূল লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ৩১ দফা বাস্তবায়ন করা।

/আশিক


পরিবারের কোটায় সংরক্ষিত আসন? বিএনপির মনোনয়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১৭:৪৭:২৮
পরিবারের কোটায় সংরক্ষিত আসন? বিএনপির মনোনয়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বহুল প্রতীক্ষিত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত এই তালিকায় রাজনীতির মাঠে পরিচিত মুখের পাশাপাশি প্রভাবশালী নেতাদের স্ত্রী ও কন্যাদের প্রাধান্য লক্ষ করা গেছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন। এছাড়া তালিকায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহানা আক্তার রানু এবং সুলতানা আহমেদসহ আরও অনেকে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। তবে নেতাদের স্বজনদের বড় একটি অংশ মনোনীত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে। দলের একটি অংশ মনে করছে, ত্যাগের মূল্যায়নের পাশাপাশি পারিবারিক পরিচিতিও এখানে বড় ভূমিকা রেখেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, এবার ৩৬টি আসনের বিপরীতে রেকর্ড সংখ্যক ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জামানত হিসেবে নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। গত ১৭ ও ১৮ এপ্রিল দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ শেষে এই তালিকা চূড়ান্ত করেন।

/আশিক


সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি চমক! ফেসবুক পোস্টে যা লিখলেন অভিনেত্রী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১৭:৪১:২৪
সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি চমক! ফেসবুক পোস্টে যা লিখলেন অভিনেত্রী
ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেলেও রাজনীতিতে নিজের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে এই আসনে মনোনয়ন পাননি তিনি, তবে মনোনয়ন প্রাপ্ত ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পোস্টে চমক জানান, রাজনীতিতে তিনি একেবারেই নতুন এবং এই সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু হলো। মনোনয়ন না পেলেও দল থেকে যে সমর্থন ও সহযোগিতা তিনি পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চমক স্পষ্ট করেছেন যে, তাঁর মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা এবং তিনি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করে যেতে চান। সেই সঙ্গে বাঙালি সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি।

ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ ক্যাপশন দিয়ে লাইভে আসেন চমক। সেখানে তিনি তাঁর অনুসারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাজনীতির এই নতুন অধ্যায়ে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। মনোনয়ন না পাওয়াকে হার হিসেবে না দেখে বরং এক নতুন যাত্রার শুরু হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।

/আশিক


আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি বসেছে: বিস্ফোরক নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২১:০১:২৯
আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি বসেছে: বিস্ফোরক নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

সারাদেশে বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপক বিস্তার ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত জনরায় ও গণভোটকে সরাসরি অস্বীকার করা হয়েছে।

এই সংকটময় মুহূর্তে দেশের সামগ্রিক ক্ষমতা কাঠামো আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সব প্রতিষ্ঠানকে আগের মতোই দলীয়করণ করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের যে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা পরিকল্পিতভাবে নষ্ট করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল সরকার বা ব্যক্তির পরিবর্তন চাই না; আমরা সামগ্রিক পচা ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। আমরা এমন একটি সার্বভৌম বাংলাদেশ চাই, যা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এক বড় চমক দিয়ে জানান যে, বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রভাবশালী নেতা ব্যারিস্টার সানি ছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্ব আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন।

নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা একই আকাঙ্ক্ষার জায়গা থেকে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করছি। জুলাই গণ-অভ্যুত্থানে যারা রাজপথে রক্ত দিয়েছিলেন, আমরা তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছি। দেশটাকে আবার আগের কোনো অগণতান্ত্রিক বন্দোবস্তের দিকে ঠেলে দেওয়া যাবে না, তাই একটি বৃহত্তর কোয়ালিশন বা জোট গঠনই এখন আমাদের প্রধান লক্ষ্য।’

এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক রাজনৈতিক পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়ে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, ‘ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রলীগ—কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়।

আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শের সংগঠক হিসেবেই পরিচিত হবে। তবে একটি বিষয়ে আমাদের অবস্থান ইস্পাতকঠিন—ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তির স্থান এনসিপিতে হবে না।’

সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক আরও যোগ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্ম, বর্ণ, মত ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তোলাই তাদের চূড়ান্ত লক্ষ্য।

/আশিক


আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব! রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১৯:৩০:১৮
আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব! রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক পুনর্বাসন এবং নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দিতে এক বিতর্কিত ও সাহসী প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। রোববার (১৯ এপ্রিল ২০২৬) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রস্তাব তুলে ধরেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সদ্য সমাপ্ত ২০২৬ সালের নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়া এই নেতা তার পোস্টে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সাম্প্রতিক সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এনসিপিতে যোগ দিয়ে রাজনীতি করতে পারেন, তবে অতীতে আওয়ামী লীগ করা ব্যক্তিরা কেন ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে রাজনীতি করার সুযোগ পাবেন না? রাশেদ খান যুক্তি দেন যে, আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল এবং তাদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে বা রাজনীতির বাইরে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।

তার প্রস্তাব অনুযায়ী, আওয়ামী লীগের সদস্যরা কেউ এনসিপিতে, কেউ জামায়াতে, আবার কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে নতুন করে সক্রিয় হতে পারেন। মজার ব্যাপার হলো, রাশেদ খান তার এই প্রস্তাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন যে, হাসনাত আব্দুল্লাহ সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করবেন এবং কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই নেতা গত বছরের ২৭ ডিসেম্বর নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন।

/আশিক


ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে! বড় ঘোষণা নাহিদ ইসলামের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১৭:৪৮:২৭
ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে! বড় ঘোষণা নাহিদ ইসলামের
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মো. নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদী কর্মকাণ্ড বা অপরাধে জড়িত না থাকলে অতীতে ছাত্রলীগ করলেও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে কোনো বাধা নেই—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির মতো অপরাধে অভিযুক্তদের জন্য এই দলের দরজা চিরতরে বন্ধ।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে কে কোন সংগঠন (ছাত্রদল, ছাত্রলীগ বা শিবির) করেছে, সেটা এনসিপির কাছে বড় বিষয় নয়। বরং কেউ যখন এই দলে যোগ দেবেন, তখন থেকেই তাকে দলের আদর্শ ধারণ করে কাজ করতে হবে। যারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এনসিপি।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সারাদেশের মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/আশিক


ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:৫২:৪৮
ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং ‘ব্যাংক ডাকাতদের’ পুনরায় সক্রিয় করার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুতর অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে দেশের ব্যাংক খাতের চিহ্নিত লুটেরাদের আবারও সুযোগ করে দেওয়ার একটি গভীর তৎপরতা চলছে। তিনি দাবি করেন, দেশে অর্থপাচার ও লুটপাটের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা এখনো বন্ধ হয়নি এবং অতীতের দুর্নীতির কারণগুলো এখনো আর্থিক খাতে বিদ্যমান রয়েছে। ব্যাংক খাতের সংস্কারের প্রক্রিয়াটি একটি বিশেষ চক্রকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জ্বালানি সংকটের তীব্রতা নিয়ে কড়া সমালোচনা করে জামায়াত আমির বর্তমান পরিস্থিতিকে ‘সর্বগ্রাসী ধস’ হিসেবে অভিহিত করেন। রসিকতা ও ক্ষোভের সুরে তিনি মন্তব্য করেন, “সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে।” সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, প্রশাসন সঠিক তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছে। তিনি অবিলম্বে জনগণের কাছে দেশের প্রকৃত ও বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার জোর দাবি জানান।

/আশিক


কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:১১:২৮
কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী
এনসিপি নেত্রী ফারহা এমদাদ। ছবি : মোঃ মাসুদ রানা

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে নেতা ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটির ঘোষণার দিন বিকালে শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।

এছাড়াও তিনি সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ফারহা এমদাদ তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি পদত্যাগপত্র শেয়ার করে ক্যাপসনে লেখেন, ‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।

জানা গেছে, আজ দুপুরে ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় ফারাহা এমদাদকে। তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি ও নারীশক্তির কেন্দ্রীয় আহবায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগ পত্রে ফারাহা এমদাদ উল্লেখ করেছেন, আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আমি আজ ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে আমাকে মনোনীত করা হয়েছে বলে অবগত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই পদ বা কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমার কোনো সম্মতি বা অবগত করা হয়নি। আমার পূর্ব অনুমতি ও সম্মতি ব্যতিরেকে আমাকে এমন একটি দায়িত্বে অন্তর্ভুক্ত করা অন্যায়।

আমি গত কয়েক মাস যাবত জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব সততার সাথে পালন করেছি। যা আমার কাছে পবিত্রতম দায়িত্ব মনে করে আমি পালন করেছি। বর্তমানে আমার মনে হচ্ছে আমি এই দায়িত্ব হতে অব্যাহতি নেওয়া অত্যান্ত প্রয়োজন। আমি এই মুহূর্তে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের পদ হতে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে ফরাহা এমদাদ বলেন, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি ছাড়াই তাকে নতুন এই কমিটিতে যুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আমি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠকের পদসহ মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার বলেন, মূলত জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠকের পদ দেওয়ায় ফারাহা এমদাদ অভিমান করে দুটি পদ থেকেই অব্যহতি চেয়েছেন। আমরা তাকে অনুরোধ জানিয়েছিলাম সে যেন এ সিদ্ধান্তের বিষয়ে পুন:বিচেনা করে, বাকিটা তার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, আজ শনিবার দুুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগ: কুমিল্লা

পাঠকের মতামত: