মৃত্যুপুরী তেহরান: মহামারির চেয়েও ভয়ংকর নীরবতা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৬ ১০:৫৭:২৭
মৃত্যুপুরী তেহরান: মহামারির চেয়েও ভয়ংকর নীরবতা
ছবি : সংগৃহীত

তেহরান এখন মৃত শহর। মহামারির দিনের মতোই ফাঁকা। ভিপিএনের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করা এক নাগরিক এ তথ্য বিবিসিকে জানিয়েছেন। তিনি বলেন, ব্যস্ততম এলাকা ইরানশাহর স্ট্রিটে বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে।

ওই বাসিন্দা বলেন, ‘এটা একটা অদ্ভুত অনুভূতি– কিছু দিক দিয়ে মহামারির দিনের মতোই। সবাই ভয় ও অনিশ্চয়তার মধ্যে বাস করছে। তারা জানে না, পরবর্তী সময় কী হতে পারে। কিন্তু গভীরভাবে আমরা জানি, আজ হোক কাল হোক, এটা শেষ হবে। জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

তিনি বলেন, ‘ছবি ও ভিডিও তোলা ঝুঁকিপূর্ণ। তবে ইরানশাহর রাস্তার একটি স্ন্যাপশট তিনি শেয়ার করেছেন। এটি সেই একই জায়গা, যেখানে কয়েক মাস আগে একটি রক ব্যান্ড গান গেয়ে ভাইরাল হয়েছিল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকার শিল্পীদের সংগীত পরিবেশন নিষিদ্ধ করে।’

আরেকজন স্থানীয় ব্যক্তি বিবিসিকে জানান, তিনি পাঁচ দিন পর তাঁর বাড়ি ছেড়ে তেহরানের নাফত স্ট্রিট দিয়ে হেঁটেছেন। এটি একটি আবাসিক এলাকা। গত সোমবার রাতে এক্সপিডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সড়কে নিরাপত্তা বাহিনী কাছাকাছি চেক পয়েন্ট স্থাপন করেছে। সৌভাগ্যবশত তারা তাঁকে থামায়নি। কাছের ইরানশাহর স্ট্রিট ছিল সম্পূর্ণরূপে মৃত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে ব্যাপক সংখ্যক বিস্ফোরণ ঘটেছে। যুদ্ধের ষষ্ঠ দিন বৃহস্পতিবার ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। গত শনিবার থেকে এ পর্যন্ত ইরানে এক হাজার ৪৫ জনসহ বিভিন্ন দেশে এক হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রোধের প্রস্তাব মার্কিন সিনেটে ৫৩-৪৭ ভোটে ব্যর্থ হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দেখবে। তেহরানে শুধু মৃত্যু ও ধ্বংস দৃশ্যমান হবে। ইরান তার নাগরিকদের পানি ও জ্বালানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। ইরানের প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা বাড়িয়েছে ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে।

রয়টার্সের তথ্যমতে, যুদ্ধে এ পর্যন্ত এক হাজার ৩৪৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানে ১৭৫ স্কুলছাত্রীসহ এক হাজার ২৩০ জন। ইসরায়েলে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭-এ। এ ছাড়া বাহরাইনে একজন, কুয়েতে দুই কুয়েতি সেনাসহ তিনজন, ওমানে একজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন, মার্কিন সামরিক বাহিনীর ছয় সদস্য, সিরিয়ায় চারজন এবং ইরাকে ১১ মিলিশিয়াসহ ১৩ জন। ইরানে হামলায় সমর্থন দেওয়ায় ন্যাটোর প্রধান মার্ক রুটেকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি ওয়াশিংটনে এক বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরি বিপর্যস্ত। ট্রাম্পের ভাষায়, ‘আমরা এখন অনেক শক্তিশালী অবস্থানে আছি এবং ইরানের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যারা সেখানে নেতা হতে চাচ্ছেন, দেখা যাচ্ছে তাদের সবারই মৃত্যু হচ্ছে।’

ইরানের রাজধানী তেহরানে গতকাল বৃহস্পতিবার সকালেও ব্যাপক হামলা হয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কেবল রাজধানী নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদরদপ্তর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এবং ছয় হাজারের বেশি মানুষ আহত।

বৃহস্পতিবার আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ইরান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। উত্তর উপসাগরে একটি ট্যাঙ্কারে হামলা করার দাবি করেছে ইরান। ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের বলে উল্লেখ করেছে তেহরান। তুরস্কের আকাশসীমায় ঠেকিয়ে দেওয়া ব্যালিস্টিক মিসাইলের ঘটনার ব্যাপারেও ইরান অস্বীকৃতি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাক সীমান্তে ‘কুর্দি সন্ত্রাসী’দের উপস্থিতির ব্যাপারে বাগদাদকে সতর্ক করেছেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন, আন্তর্জাতিক জলসীমার বাইরে ইরানি নৌবাহিনীর ফ্রিগেট ডুবিয়ে যুক্তরাষ্ট্র নৃশংসতা ঘটিয়েছে। এ জন্য তাদের অনুশোচনা করতে হবে। তবে ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি বলেছেন, জীবন ও নিরাপত্তার ক্ষতি করে সামরিক উত্তেজনার অংশ হওয়া আমাদের উচিত নয়।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানে দুই হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে দেশটির শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান। লেভিট বলেন, এই অভিযানের ফলে ইরানের আকাশসীমার সর্বত্র এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। লেভিট জানান, অভিযানে ইরানের ২০টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শ্রীলঙ্কা উপকূলে ডুবিয়ে দেওয়া একটি সাবমেরিনও রয়েছে।

ইরানের পাল্টা হামলা অব্যাহত এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮তম দফার হামলা চালানো হয়েছে। তাদের দাবি, তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে। এ ছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান গতকাল বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হন। তবে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। জেরুজালেমেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।আইআরজিসি হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর নৌরুট এড়িয়ে চলছে পণ্যবাহী জাহাজ। ইসরায়েলে ইরানি হামলার খবর দিয়েছে বিবিসি। তেল আবিব ও জেরুজালেমে হামলার সতর্কতা হিসেবে সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশ হামলা প্রতিহত করার সময় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

আলজাজিরা জানায়, কাতার, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ৭৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ১২৩টি ড্রোন ধ্বংস করেছে। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এএফপি। এখানকার মার্কিন দূতাবাসের কাছের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার।

আইআরজিসির নৌবাহিনী গতকাল সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক এবং বাণিজ্যিক জাহাজগুলোকে এ অঞ্চলে ছাড় দেওয়া হবে না। তাদের অবশ্যই আঘাত করা হবে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, আমরা আগেই বলেছিলাম, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যুদ্ধের সময় হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে ইরানের অধিকার রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। সব ক্রু নিরাপদে আছেন।

মার্কিন-ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ইরানের ১০৫টি বেসামরিক স্থানে আক্রমণ করেছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার থেকে তারা ইরানে এক হাজার ৩৩২টি আক্রমণ রেকর্ড করেছে। এগুলোর মধ্যে কমপক্ষে ১০৫টি বেসামরিক স্থানে হামলা হয়েছে। এর মধ্যে ১৪টি চিকিৎসাকেন্দ্র ও সাতটি রেড ক্রিসেন্ট ভবন অন্তর্ভুক্ত। ইরানের ১৭৪টি শহরে হামলা হয়েছে। দক্ষিণ লেবাননের গ্রামে ইসরায়েলি হামলায় এক পরিবারের চার সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। ইরানের কোমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইসরায়েলের হামলায় নিহত হন আটজন। দেশটিতে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। ৩২০টির বেশি স্থানে হামলা হয়েছে। যুদ্ধের সময় ৩০০টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১১ হাসপাতাল ক্ষতিগ্রস্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরানের জনগণকে ইচ্ছা করে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরান জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় তিন হাজার ৬০০টির বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত।

মধ্যপ্রাচ্যের আকাশে এখন ওড়াউড়ি করছে দুপক্ষের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাগ্‌যুদ্ধও চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল এক্স পোস্টে বলেছেন, ইরানের কার্যকর হামলায় যুক্তরাষ্ট্র বেদনাদায়ক ক্ষতি ভোগ করেছে। ওয়াশিংটনের ‘কোনো প্রস্থান পরিকল্পনা নেই’ বলেও উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, ইরান আগ্রাসন পরিচালনাকারীদের শেষ শাস্তি না দেখা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি পিট হেগসেথ ইরানের নেতাদের ‘অহংকারী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এ লড়াই চালিয়ে যাব।’ অন্যদিকে ইরানি জেনারেল কিওমারস হায়দারি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান তার লক্ষ্য অর্জন না করা এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ পরিত্যাগ করবে না।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাখচিভান এক্সক্লেভের একটি বিমানবন্দরে দুই ড্রোন আঘাত হেনেছে। বিবৃতিতে এ হামলার জন্য ইরানকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, আজারবাইজান তেহরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। মন্ত্রণালয় জানায়, একটি ড্রোন ইরান সীমান্তের প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে পড়ে। আরেকটি পড়ে নিকটবর্তী গ্রামের একটি স্কুল ভবনের কাছে। তবে ইরানের পক্ষ থেকে এই ড্রোন হামলার কথা অস্বীকার করা হয়েছে। ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধের সময় রাশিয়া ইরানের কাছ থেকে অস্ত্র পাঠানোর জন্য কোনো অনুরোধ পায়নি। মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। অবশ্য ইরান ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর ইউরোপীয় দেশগুলো সেখানে যুদ্ধসরঞ্জাম পাঠাচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সংসদকে জানিয়েছেন, আগামী দিনে দ্বীপটিকে রক্ষা করার জন্য ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদ্রিদ একটি ফ্রিগেট পাঠাবে। ফ্রান্সও এতে যুক্ত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ট্রাম্পের সঙ্গে দেখা করে বলেছেন, ইরান যুদ্ধ অর্থনীতির ক্ষতি করছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা উচিত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘোষণা দিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাজ্য আরও চারটি টাইফুন জেট পাঠাচ্ছে কাতারে। গতকাল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এ হামলার ফলাফল তাদের ভোগ করতে হবে। তিনি উল্লেখ করেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা প্রসঙ্গে বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাঘচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে খারাপ নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে। বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ‘আইআরআইএস দিনা’ নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে ৩২ জনকে। জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

হরমুজ প্রণালিতে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি বলেন, ইরানের হুমকির কারণে সেখানে বিপুল সংখ্যক নাবিক আটকা পড়েছেন। ফলে ওই অঞ্চলে নৌ-বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি এ অঞ্চলে বিভিন্ন প্রমোদতরীর আরও প্রায় ১৫ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তাদের উদ্ধারে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দেবেন ট্রাম্প।

উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) কর্মকর্তা খলিল নাদিরি জানান, তাদের বাহিনী সুলাইমানিয়া প্রদেশে ইরান সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে। তারা প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি বাহিনীর সামরিক অভিযান শুরুর বিষয়কে সমর্থন করেছেন। রয়টার্সকে তিনি বলেন, ‘কুর্দিরা উদ্যোগ নিতে চায়; আমি এর পক্ষে।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে অন্তত ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সংখ্যার মধ্যে গত কয়েক দিনে তেহরান থেকে পালিয়ে যাওয়া আনুমানিক ১ লাখ মানুষ, লেবাননে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া ৮৪ হাজারেরও বেশি এবং আফগানিস্তান ও পাকিস্তানে প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পক্ষ থেকে আসা যে কোনো হামলা থেকে জোটের সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য ন্যাটো সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রাসেলসে অনুষ্ঠিত ৩২টি সদস্য রাষ্ট্রের বৈঠকের পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এ কথা জানান।

/আশিক


২০৩৬ সালের মধ্যে অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে: ইলন মাস্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৭ ১৯:৫১:৫৬
২০৩৬ সালের মধ্যে অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে: ইলন মাস্ক
ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনকুবের এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক দাবি করেছেন যে, আগামী ২০৩৬ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রচলিত অর্থের গুরুত্ব অনেকটাই হারিয়ে যাবে। ব্রিটিশ সংবাদ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হিউম্যানয়েড রোবট এমন বিপুল পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করবে, যা মানবজাতির চাহিদার সীমানাকেও ছাড়িয়ে যাবে। এর ফলে বিশ্বে দেখা দেবে এক অবিশ্বাস্য বস্তুগত প্রাচুর্য।

মার্কিন অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের বরাতে জানা যায়, মাস্ক মনে করেন মানুষ মূলত খাদ্য, বাসস্থান, বিনোদন কিংবা যাতায়াতের মতো পণ্য ও সেবা পাওয়ার জন্যই অর্থ উপার্জন ও সঞ্চয় করে। কিন্তু এআই এবং রোবোটিক্স যদি এই সমস্ত সেবা ও পণ্য এতটাই সহজলভ্য করে ফেলে যে তা মানুষের ব্যবহারের চেয়েও উদ্বৃত্ত থাকে, তবে মুদ্রা বা অর্থের প্রাসঙ্গিকতাই হারিয়ে যাবে। আর এ রূপান্তরকে তিনি ভবিষ্যতের সবচেয়ে ইতিবাচক সম্ভাবনা বলে দেখছেন।

তবে এই উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি এক বড় আশঙ্কার কথাও শুনিয়েছেন এই ধনকুবের। তিনি সতর্ক করে বলেন, ২০৩৬ সালের মধ্যে সুপার-ইন্টেলিজেন্ট প্রযুক্তির কারণে মানবজাতি হয়তো রোবট ও এআইয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারে। এআইয়ের সাথে মানুষের বুদ্ধিমত্তার পার্থক্যের তুলনা টেনে তিনি বলেন, মানুষের বুদ্ধিমত্তার সাথে শিম্পাঞ্জির যে তফাত, এআইয়ের শক্তি তার চেয়েও অনেক দূর এগিয়ে যাবে। ফলে শিম্পাঞ্জি যেমন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষও এআইকে নিজের অধীনে রাখতে ব্যর্থ হতে পারে।

মাস্কের পূর্বাভাস অনুযায়ী, আগামী মাত্র পাঁচ বছরের মধ্যেই এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। মানুষ হওয়া ব্যতীত প্রায় প্রতিটি সামাজিক ও অর্থনৈতিক কাজই এআই মানুষের চেয়ে নিখুঁতভাবে করতে সক্ষম হবে। তবে প্রচলিত অর্থের গুরুত্ব কমলে তার জায়গায় কী ধরণের অর্থনৈতিক ব্যবস্থা আসবে, সেটির কোনো সুস্পষ্ট রূপরেখা তিনি দেননি।

এআইয়ের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামানোর কোনো বাস্তবমুখী উপায় নেই মন্তব্য করে তিনি বলেন, গতি থামানোর কোনো বোতাম থাকলেও তা হয়তো অলস বসে চেপে দেওয়া উচিত হবে না।

এদিকে মাস্কের বক্তব্যের সাথে সুর মিলিয়ে ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও সম্প্রতি সতর্ক করেছেন যে, বিশ্ব ইতোমধ্যে 'সিঙ্গুলারিটি' যুগে প্রবেশ করেছে—যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত মানব সক্ষমতাকে অতিক্রম করে বহুদূর এগিয়ে যাচ্ছে।

/আশিক


লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৭ ১৮:২৬:৫৯
লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি
ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলের হামলা ও সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি চুক্তি হবে না বলে পরিষ্কার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক আলোচনা বা সমঝোতার প্রধান ও প্রথম পূর্বশর্ত হলো লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও হামলার সম্পূর্ণ এবং শর্তহীন অবসান ঘটানো।

লেবাননের সার্বভৌমত্ব, দেশটির সীমানার অখণ্ডতা রক্ষা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সব ধরনের সামরিক ও কৌশলগত সমর্থন দেওয়াকে তেহরানের অন্যতম নীতিগত দায়িত্ব উল্লেখ করে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ কিংবা সংকট নিরসনে যেকোনো চুক্তির টেবিলে লেবানন ইস্যুকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।

উল্লেখ্য, গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই আঞ্চলিক সংকট প্রশমনে প্রাথমিক সমঝোতা হলেও পরবর্তীতে কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে চরম বিরোধের কারণে সেই আলোচনা ভেস্তে যায়। অন্যদিকে, লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সম্প্রতি প্রণীত কাঠামোগত চুক্তিটিকে সম্পূর্ণ একপেশে ও ইসরায়েলঘেঁষা আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

লেবানন সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী নির্ধারিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত না করে ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় নির্বিচারে সামরিক অভিযান ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক পর্যবেক্ষকদের মতে, চলমান এই রক্তক্ষয়ী সংঘাত ও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে এ পর্যন্ত ৪ হাজার ৩২৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: আল-জাজিরা


যুক্তরাষ্ট্রের অভিযান স্থগিতকে নিজেদের কৌশলগত জয় দাবি করল ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৬ ১৯:৪৩:০৮
যুক্তরাষ্ট্রের অভিযান স্থগিতকে নিজেদের কৌশলগত জয় দাবি করল ইরান
ছবি : সংগৃহীত

টানা প্রায় দুই সপ্তাহের বিধ্বংসী বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থবির হওয়াকে নিজেদের বড় কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরছে তেহরান। দেশটির সামরিক নেতৃত্বের দাবি, তীব্র হামলা চালিয়েও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চরম ব্যর্থ হয়েছে ওয়াশিংটন এবং তারা এখন সিদ্ধান্তহীনতা ও মানসিক ক্লান্তিতে ভুগছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিশেষ বক্তব্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, “আমরা এখনো ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট বা সুনির্দিষ্ট যুদ্ধকৌশল দেখতে পাচ্ছি না। বাস্তবতা হলো, তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তীব্র মানসিক ক্লান্তি ও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।”

আমির আকরামিনিয়া আরও দাবি করেন, আন্তর্জাতিক চাপ ও হামলা চালিয়েও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে পারেনি কিংবা ইরানের মূল প্রতিরক্ষা শক্তিকে দুর্বল বা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের ভৌগোলিক পরিসর এখন লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যেখানে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবমুখী বাণিজ্যিক জাহাজের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি সরাসরি অভিযোগ এনে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে আটকে রাখতে ইসরায়েল অনবরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দিচ্ছে এবং তাকে ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

আইআরজিসি মুখপাত্রের দাবি, গত দুই সপ্তাহের পাল্টাপাল্টি অভিযানে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় তারা অপূরণীয় ক্ষতিসাধন করেছেন। যদিও ওয়াশিংটন সার্বিক ক্ষয়ক্ষতির মাত্রা গোপন করার চেষ্টা করছে, তবে জর্ডানসহ কয়েকটি নির্দিষ্ট ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে। বিশেষ করে জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, গত শুক্রবার হোয়াইট হাউসের এক উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি ও মার্কিন অস্ত্রাগারের সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওই পর্যালোচনার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র নিশ্চিত করে যে, টানা দুই সপ্তাহের জোরালো অভিযানের পর আপাতত ইরানে বিমান হামলা স্থগিত রাখা হয়েছে।

/আশিক


হরমুজ প্রণালীতে জাহাজে গুলির ঘটনা, নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৫ ২০:০২:২৫
হরমুজ প্রণালীতে জাহাজে গুলির ঘটনা, নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী গত ২৪ ঘণ্টার মধ্যে সতর্কতামূলক গুলিবর্ষণ করে অন্তত চারটি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত রুট পরিবর্তন করতে বাধ্য করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির একটি আনুষ্ঠানিক বিবৃতির তথ্য তুলে ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, জাহাজগুলো হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে যাওয়ার সময় আইআরজিসি নৌবাহিনী সেগুলোর গতিপথ রোধ করতে সতর্কতামূলক গুলি চালায়। এই পরিস্থিতিতে কোনো উপায় না দেখে জাহাজগুলো তাদের আগের দিক পরিবর্তন করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

আইআরজিসির তরফ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো দক্ষিণ করিডোরের যে রুটটি ব্যবহারের চেষ্টা করছিল, তা তেহরানের দৃষ্টিতে সম্পূর্ণ ‘অনিরাপদ ও অবৈধ’।

পাশাপাশি আইআরজিসি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, নির্ধারিত নির্দেশিকা বা অনুমোদিত রুট না মেনে যদি অন্য কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ব বাজারের জ্বালানি ও খনিজ তেল সরবরাহের একটি বড় অংশ এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে এই সামুদ্রিক রুটে বাণিজ্যিক নৌযানের যাতায়াত নিয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি বহুগুণ বাড়িয়েছে ইরান। বিশেষ করে ওমান উপকূল সংলগ্ন রুট ব্যবহারকারী তেলবাহী ট্যাংকারগুলোকে নিজেদের ভৌগোলিক সীমান্তে আনার কৌশল দেখা যাচ্ছে আইআরজিসির ব্যবহারে। নতুন করে সংঘটিত এই গুলিবর্ষণের ঘটনায় বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে।

/আশিক


ইরানের জব্দ অর্থ এবার জাহাজের ক্ষতিপূরণে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৪ ১১:২৮:৪৮
ইরানের জব্দ অর্থ এবার জাহাজের ক্ষতিপূরণে!
ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের নতুন হামলা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মধ্যে ইরানের জব্দ অর্থ নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংঘাতের কারণে জাহাজ, কার্গো কিংবা সংশ্লিষ্ট সম্পদের যেকোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি অর্থ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া কী হবে, তা এখনো স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ ও কার্গোর ক্ষয়ক্ষতি মেটাতে যুক্তরাষ্ট্রের দখল ও নিয়ন্ত্রণে থাকা ইরানি অর্থ ব্যবহারের নীতি অনুসরণ করা হবে। ক্ষতির অঙ্ক অনেক বড় হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ক্ষতিগ্রস্ত জাহাজমালিক বা শিপিং কোম্পানিকে মার্কিন সরকার সরাসরি অর্থ দেবে, নাকি কোনো বিশেষ ক্ষতিপূরণ কাঠামো তৈরি করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ট্রাম্পের ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পাশাপাশি ইয়েমেনের হুতিদের তৎপরতায় লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি আবারও গুরুতর হয়ে উঠেছে। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুটি সৌদি তেলবাহী ট্যাংকার আক্রান্ত হওয়ার পর ইরান ও হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।

লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়ে জ্বালানি তেলসহ বিপুল পরিমাণ পণ্য ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের মেরিটাইম প্রশাসনও চলতি বছর বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে উচ্চ ঝুঁকির মধ্যে রাখা হয়েছে।

একই সময়ে পারস্য উপসাগরের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে এসেছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা ৭ মে-র পর সর্বনিম্ন দৈনিক চলাচল। ফলে লোহিত সাগর ও হরমুজ, দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথেই অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানের জব্দ সম্পদ নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। বিভিন্ন দেশে ইরানের মোট কত অর্থ আটকে আছে, তার সুনির্দিষ্ট অঙ্ক নিয়ে ভিন্ন হিসাব রয়েছে। আল জাজিরার এপ্রিলের বিশ্লেষণ অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ২০০ কোটি ডলারের ইরানি সম্পদ সরাসরি জব্দ রয়েছে। পাশাপাশি চীন, ইরাক, কাতার, ভারত, জাপান ও ইউরোপের বিভিন্ন জায়গায় ইরানের আরও কয়েক হাজার কোটি ডলার আটকে থাকার তথ্য রয়েছে। সামগ্রিকভাবে বিদেশে আটকে থাকা ইরানি সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি বা তারও বেশি বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় এই জব্দ অর্থের একটি অংশ তেহরানের নাগালে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। জুনে হওয়া প্রাথমিক সমঝোতায় ইরানের জব্দ বা সীমাবদ্ধ অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার একটি বিধান ছিল। সে সময় তেহরান প্রায় ২৪ বিলিয়ন ডলারের আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়টি আলোচনায় তুলেছিল। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তখন স্পষ্ট করেছিলেন, চুক্তির ফলে ইরান সরাসরি বিপুল অঙ্কের অর্থ পেয়ে যাবে, এমন ব্যাখ্যা সঠিক নয়।

একই সমঝোতায় ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য বিনিয়োগ তহবিল নিয়েও আলোচনা হয়েছিল। তবে ওই বিনিয়োগ তহবিল এবং ইরানের নিজস্ব জব্দ সম্পদ ছাড় করার বিষয় দুটি আলাদা আর্থিক ব্যবস্থা ছিল। অর্থের উৎস, বাস্তবায়ন কাঠামো এবং কারা অর্থায়ন করবে, তা নিয়েও তখন গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত ছিল।

এখন নতুন করে সংঘাত তীব্র হওয়ায় সেই আর্থিক সমঝোতার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে ট্রাম্প যদি সত্যিই ইরানের জব্দ অর্থ তৃতীয় পক্ষের জাহাজ ও কার্গোর ক্ষতিপূরণে ব্যবহারের উদ্যোগ নেন, তাহলে সম্পদের মালিকানা, মার্কিন নিষেধাজ্ঞা আইন এবং ক্ষতিপূরণ দাবির বৈধতা নিয়ে নতুন আইনি বিতর্ক দেখা দিতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন বর্তমানে হুতিদের কর্মকাণ্ডের জন্যও তেহরানকে দায়ী করছে এবং গোষ্ঠীটিকে ইরানের প্রক্সি হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে হুতিদের পক্ষ থেকে সাম্প্রতিক সামরিক সহায়তা পাওয়ার কিছু অভিযোগ অস্বীকার করা হয়েছে। ফলে হামলার দায় এবং সেই ক্ষতির জন্য ইরানের জব্দ অর্থ ব্যবহারের যৌক্তিকতা আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক তৈরি করতে পারে।

-রফিক


তেল রপ্তানি বন্ধ হলে কাউকেই ছাড় দেবে না ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৩ ১০:৪৪:৪২
তেল রপ্তানি বন্ধ হলে কাউকেই ছাড় দেবে না ইরান
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অবস্থানের জবাবে ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, ইরান যদি আন্তর্জাতিক বাজারে নিজের অপরিশোধিত তেল রপ্তানির সুযোগ না পায়, তাহলে পারস্য উপসাগরীয় অন্য কোনো দেশকেও নির্বিঘ্নে তেল রপ্তানি করতে দেবে না। এই বক্তব্যের পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চলমান সংকটকে "সব নয়তো কিছুই না" ধরনের পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ও চাপ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালীর নিরাপত্তা আর আগের অবস্থায় থাকবে না এবং আঞ্চলিক স্থিতিশীলতাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কঠোর সতর্কবার্তা দেন। তাঁর ভাষ্য ছিল, হরমুজ প্রণালিতে কোনো জাহাজের ওপর ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ হিসেবে তেহরানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। অঞ্চলজুড়ে সামরিক তৎপরতা বৃদ্ধি, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিমান অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে ইরানও প্রতিবেশী অঞ্চলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে প্রতিক্রিয়ামূলক হামলা জোরদার করেছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব সামরিক ঘটনার প্রকৃত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির কারণে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জাহাজ চলাচলে বিঘ্ন বা সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা কমিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। অন্যথায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

-রফিক


গ্রেফতারের পর মোদিকে কড়া বার্তা রাহুল গান্ধীর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৩ ১০:৩০:৪৩
গ্রেফতারের পর মোদিকে কড়া বার্তা রাহুল গান্ধীর
ছবি : সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বিক্ষোভকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে জবাবদিহির দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর তথ্য অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও দমন-পীড়নের একটি ভিডিও প্রদর্শন করেন। তিনি দাবি করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি দাবিই যৌক্তিক এবং বিরোধী জোটের রাজনৈতিক দলগুলো এসব দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে।

রাহুল গান্ধীর মতে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অপসারণ করা। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মোকাবিলায় মন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং দেশের শিক্ষাব্যবস্থা পরিচালনায় প্রয়োজনীয় সক্ষমতার প্রমাণ দিতে পারেননি। তিনি বলেন, এ কারণেই শিক্ষার্থীদের পদত্যাগের দাবি অযৌক্তিক নয়।

দ্বিতীয় দাবির প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেসব পুলিশ সদস্য বলপ্রয়োগ করেছেন, সেই নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের প্রত্যেককে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুরো ঘটনার রাজনৈতিক দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী ভারতের নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, গত এক দশকে ভারতে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যার প্রভাব পড়েছে প্রায় ৭ কোটি ৫০ লাখ শিক্ষার্থীর ওপর। তবে এত বড় অনিয়মের পরও এখন পর্যন্ত কাউকে কার্যকরভাবে শাস্তির মুখোমুখি হতে হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, একসময় ভারতের শিক্ষা ব্যবস্থা দেশের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হলেও বর্তমানে তা দুর্নীতি, অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে গভীর আস্থাহীনতার মধ্যে পড়েছে। তাঁর ভাষায়, প্রতি মাসেই লাখ লাখ শিক্ষার্থীকে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে বাধ্য হতে হচ্ছে, অথচ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

রাহুল গান্ধী দাবি করেন, ভারতে পরিবারগুলো প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি রুপি ব্যয় করে, যা দেশের শিক্ষা বাজেটের প্রায় সমপরিমাণ। এত বড় বিনিয়োগের পরও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা অব্যাহত থাকাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

শিক্ষার্থী আন্দোলনের পেছনে আরও গভীর অর্থনৈতিক বাস্তবতা রয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা। তাঁর মতে, উচ্চশিক্ষা শেষ করে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী কিংবা অন্যান্য পেশায় যোগ্যতা অর্জনের পরও তরুণদের সামনে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে সরকারি চাকরিই বহু তরুণের একমাত্র ভরসায় পরিণত হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশেষ করে চীনা পণ্যের আধিপত্যে উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার করপোরেট চাকরির বাজারেও নতুন অনিশ্চয়তা তৈরি করছে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারিকরণের প্রবণতা বাড়ায় সরকারি চাকরির সুযোগও সীমিত হয়ে পড়ছে, যা তরুণদের হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থী, তরুণ কিংবা কৃষক— যে কোনো শ্রেণির মানুষের ন্যায্য দাবি সংসদে তুলে ধরা বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব। মানুষের দুর্ভোগের বিষয়গুলো সামনে আনতে গিয়ে ব্যক্তিগতভাবে হামলা বা হয়রানির শিকার হলেও তিনি পিছু হটবেন না বলেও জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে। এসব আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় সরকার, বিরোধী দল এবং শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

-রফিক


মার্কিন-ইরান যুদ্ধ থামাতে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মধ্যস্থতাকারীদের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২২ ২০:১২:৫০
মার্কিন-ইরান যুদ্ধ থামাতে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মধ্যস্থতাকারীদের
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসন এবং মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ভয়াবহতা এড়াতে জোর তৎপরতা শুরু করেছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। সোমবার (২০ জুলাই ২০২৬) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, সার্বিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে তেহরানের কাছে বেশ কয়েকটি লিখিত প্রস্তাব এসেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে কাতার, মিশর ও পাকিস্তানসহ আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো ওয়াশিংটন ও তেহরানের কাছে ১০ দিনের একটি জরুরি অস্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা পাঠিয়েছে। প্রস্তাবিত এই যুদ্ধবিরতির প্রাথমিক লক্ষ্য হলো—সামরিক হামলা সাময়িকভাবে থামিয়ে বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালি পুনরায় নিরাপদ ও উন্মুক্ত করা এবং গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি (MOU) নতুন করে সক্রিয় করা।

তবে পর্দার পেছনের এই নিবিড় কূটনৈতিক উদ্যোগের বিপরীত চিত্রে দেখা যাচ্ছে দুই দেশের সামরিক আগ্রাসনের রূপ। প্রতিপক্ষকে দমাতে দুই পরাশক্তিই সামরিক ঘাটির পাশাপাশি বিভিন্ন বেসামরিক অবকাঠামোকেও নতুন করে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। মার্কিন বাহিনীর প্রাণহানির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকির পর মার্কিন আগ্রাসন তীব্র রূপ নিয়েছে।

জবাবে ইরান ও তাদের মিত্র অক্ষ কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ অব্যাহত রেখেছে। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মানদেব প্রণালি ও সৌদি সমুদ্রবন্দরে নতুন অবরোধের হুমকি দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ও লজিস্টিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক বাণিজ্যের ধমনি 'হরমুজ প্রণালি'-র ওপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখাকেই আন্তর্জাতিক টেবিলে ইরান তাদের মূল দর-কষাকষির শক্তি মনে করছে। অন্যদিকে, দেশের রাজনৈতিক চাপ ও বৈশ্বিক অবস্থানের কারণে মার্কিন প্রশাসনও একচুল সামরিক পিছু হটতে নারাজ। এর ফলে প্রতিটি পাল্টা হামলার পর রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের এই দৌড়ঝাঁপ সত্ত্বেও উভয় পক্ষ নমনীয় না হলে চরম বিপর্যয় এড়ানো কঠিন হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা।


ইরানি ৪টি বিধ্বংসী ড্রোন আকাশে উড়িয়ে দিল জর্ডানের যুদ্ধবিমান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২২ ১৮:৫১:৫৪
ইরানি ৪টি বিধ্বংসী ড্রোন আকাশে উড়িয়ে দিল জর্ডানের যুদ্ধবিমান
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরান থেকে জর্ডানের আকাশসীমার দিকে ধেয়ে আসা চারটি বিধ্বংসী একমুখী (কামিকাজে) হামলাকারী ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে জর্ডানের রয়্যাল এয়ার ফোর্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

জর্ডান সামরিক বাহিনীর উচ্চপদস্থ সূত্রটি জানিয়েছে, নিজস্ব এয়ারস্পেস ও আকাশসীমা সুরক্ষা দিতে যুদ্ধবিমান টহল জোরদার রাখা হয়েছিল। ইরানের দিক থেকে সীমান্ত অতিক্রম করে আসা ড্রোন চারটিকে চিহ্নিত করার পরপরই ক্ষিপ্র গতির যুদ্ধবিমান দিয়ে আকাশেই সেগুলো ইন্টারসেপ্ট ও ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রকার হতাহত কিংবা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ জর্ডানের যেসকল নির্জন এলাকায় পড়েছে, সেগুলোতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ও ইঞ্জিনিয়ারিং কোরের বিশেষ দল পাঠিয় এলাকাগুলো সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানিয়ে সামরিক সূত্রটি স্পষ্টভাবে উল্লেখ করেছে, “জর্ডানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র আকাশসীমার ওপর নিবিড় ও ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা বা দেশের নাগরিকদের সামান্যতম ঝুঁকিতে ফেলার মতো যেকোনো বাহ্যিক হুমকি মোকাবিলায় আমাদের সামরিক শক্তি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

/আশিক

পাঠকের মতামত: