খাবার পানি লবণমুক্ত হবে না, ২৫৯৮ কোটি টাকার প্রকল্পে ক্ষুব্ধ খুলনাবাসী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:০৪:৪৩
খাবার পানি লবণমুক্ত হবে না, ২৫৯৮ কোটি টাকার প্রকল্পে ক্ষুব্ধ খুলনাবাসী
ছবি: সংগৃহীত

খুলনার পানি সংকট দূর করতে মধুমতী নদী থেকে পানি আনার জন্য নতুন একটি প্রকল্প নিয়েছে খুলনা ওয়াসা, যার নাম ‘পানি সরবরাহ প্রকল্প ফেজ-২’। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ৫৯৮ কোটি টাকা। তবে শুরুতেই এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, মধুমতী নদীর পানি লবণাক্ত হওয়ায় এই বিপুল অঙ্কের অর্থ অপচয় হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ওয়াসা এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ১৩ কোটি লিটার পানি সরবরাহ করবে। শুষ্ক মৌসুমের জন্য ১১৫ কোটি লিটার পানি রিজার্ভারে মজুত রাখার কথা থাকলেও, বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ পানি মাত্র ৯ দিনের চাহিদা মেটাবে।

বিশেষজ্ঞদের উদ্বেগ

পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা ওয়াসা’র এই পরিকল্পনাকে আত্মঘাতী বলে মনে করছেন। তাদের মতে, মধুমতী নদীর পানি বছরে দেড় থেকে দুই মাস অতিমাত্রায় লবণাক্ত থাকে। বৃষ্টি কম হলে এই লবণাক্ততা চার মাস পর্যন্ত থাকতে পারে। সাত বছর আগে ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রথম ধাপের প্রকল্পটিও শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করতে পারেনি। তখন মানুষকে টাকা খরচ করে লবণ পানি কিনতে বাধ্য হতে হয়েছিল।

খুলনার ভূগর্ভের পানির স্তরও সংকটের মধ্যে রয়েছে। নগরবাসী প্রতিদিন ভূগর্ভ থেকে ১৫-১৬ কোটি লিটার পানি উত্তোলন করছে। এমন পরিস্থিতিতে ওয়াসাও যদি প্রতিদিন আরও ৫-১০ কোটি লিটার পানি উত্তোলন শুরু করে, তা দীর্ঘ মেয়াদে সংকট আরও ঘনীভূত করবে।

পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “ভবিষ্যতে মধুমতীর লবণাক্ততা আরও বাড়বে। তাই ওয়াসাকে বিকল্প চিন্তা করতে হবে। তা না হলে এই প্রকল্প ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে।”

ওয়াসার ব্যাখ্যা

ওয়াসা কর্তৃপক্ষ বলছে, মধুমতী নদীতে লবণাক্ততা অন্য নদীর তুলনায় কম। লবণ পরিশোধন কেন্দ্র ব্যয়সাপেক্ষ হওয়ায় তারা প্রাকৃতিক পদ্ধতিতে পরিশোধন করবে এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভের পানির সঙ্গে নদীর পানি মিশিয়ে সরবরাহ করা হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু ছায়েদ মোহাম্মদ মনজুরুল আলম বলেন, “লবণ পরিশোধন কেন্দ্র স্থাপন করতে গেলে কয়েক হাজার কোটি টাকা বেশি খরচ হবে। এটি নিয়মিত পরিচালনা করাও ব্যয়সাপেক্ষ।” তিনি আরও বলেন, “এ জন্যই পাম্প বসানো হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হবে না।”


সরকার নির্ধারিত দামের চেয়ে তিন গুণ বেশি: তেলের বাজার নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৮ ২১:১৬:০৪
সরকার নির্ধারিত দামের চেয়ে তিন গুণ বেশি: তেলের বাজার নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
ছবি : সংগৃহীত

নীলফামারী জেলায় গত তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার অধিকাংশ পেট্রল পাম্পে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুলছে, যার ফলে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। হাতেগোনা দুই-একটি পাম্পে তেল পাওয়া গেলেও সেখানে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। অভিযোগ উঠেছে, সরকার রেশনিং পদ্ধতি তুলে নিলেও পাম্প মালিকরা নিজেদের ইচ্ছামতো ১০০ বা ২০০ টাকার বেশি তেল দিচ্ছেন না।

সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে তেল না মিললেও স্থানীয় হাট-বাজারের খুচরা দোকানগুলোতে চড়া দামে পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে। যেখানে সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা, সেখানে কালোবাজারে পেট্রল ৩০০ টাকা এবং অকটেন ৩২০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালক হাবিব জানান, গত তিন দিনে ৬টি পাম্প ঘুরেও তিনি তেল পাননি। এদিকে সেচ মৌসুমে ডিজেল ও তেলের সংকটে জমিতে পানি সেচ দিতে পারছেন না কৃষকরা, যা জেলার ফসল উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

পাম্প মালিকরা দাবি করছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মেসার্স হক ফিলিং স্টেশনের মালিক শামসুল হক জানান, সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এবং ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়লা সাঈদ তন্বী জানিয়েছেন, অবৈধ মজুত বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে দ্রুত অভিযান চালানো হবে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলমও জানান, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি বেআইনি এবং এ বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে।

/আশিক


অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৮ ১৭:৩৭:০৫
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই
আমেনা আহমেদ

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য (৯০) আর নেই।

তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় ঢাকা এ্যাভার গ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।

প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৯ এবং ২০১৪ ইং সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন আজ শনিবার (বাদ মাগরিব) নিজ স্বামীর বাড়ি কুমিল্লর দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে প্রয়াত স্বামী ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হবে।


কেন্দুয়ায় রামপুর বাজারে বড় অভিযান: গোপন গুদাম থেকে বিপুল পেট্রোল জব্দ!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৮ ১০:২০:৫৪
কেন্দুয়ায় রামপুর বাজারে বড় অভিযান: গোপন গুদাম থেকে বিপুল পেট্রোল জব্দ!
ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে পেট্রোল মজুত করার অপরাধে এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এক ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গোপন গুদাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন।

দণ্ডপ্রাপ্ত এনায়েতুর রহমান (ওরফে এনায়েতউল্লাহ) রামপুর বাজারে দীর্ঘদিন ধরে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি তাঁর হার্ডওয়্যার দোকানের পেছনে একটি গোপন কক্ষে ৬টি বড় ড্রামে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করে রেখেছিলেন। মূলত সারা দেশে জ্বালানি তেলের সাময়িক সংকটের সুযোগ নিয়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই তিনি এই অবৈধ মজুত গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন গোপন কক্ষে পেট্রোলের ড্রামগুলোর সন্ধান মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাঁকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ৮০০ লিটার পেট্রোল বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: কালবেলা


আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৮ ০৯:৩৬:১৮
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের চলাফেরায় নানা ধরনের বিড়ম্বনা এড়াতে সকালের শুরুতেই জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো। আজ রোববার (২৯ মার্চ ২০২৬), মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কর্মসূচির কারণে রাজধানীর কয়েকটি পয়েন্টে জনসমাগম হতে পারে।

বেলা ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘Medical Ethics’ শীর্ষক একটি সিএমই (CME) প্রোগ্রামের আয়োজন করেছে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শাহবাগ এলাকায় এ সময় ভিড় বাড়তে পারে।

সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত থাকবেন। গুলিস্তান ও নগর ভবন এলাকায় যানচলাচল ধীর হতে পারে।

সকাল ১০টায় মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজে মশক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ‘Clean School, No Mosquito’ অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই কর্মসূচির উদ্বোধন করবেন। মোহাম্মদপুর ও আসাদগেট এলাকায় ট্রাফিক কিছুটা ধীর হতে পারে।

/আশিক


কালিগঞ্জে চুরির ঘটনায় সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত ১ জন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৮ ০০:০৭:৪১
কালিগঞ্জে চুরির ঘটনায় সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত ১ জন
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই এলাকার বাসিন্দা মোঃ হারুন গাজী, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পূর্বের বিরোধের জেরে একদল ব্যক্তি লোহার রড, বাঁশের লাঠি এবং কাঠের চলা নিয়ে হারুন গাজীর বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকেই তারা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নেয়।

ভুক্তভোগী প্রতিবাদ জানালে হামলাকারীরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলার শুরুতেই একজন অভিযুক্ত তার বাম চোখে ঘুষি মেরে গুরুতর আঘাত করে। এরপর অন্যরা তাকে লাথি ও বিভিন্ন বস্তু দিয়ে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে গলায় পা দিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন বাবু, জাহিদ, মোঃ মুন্না, আনিস এবং মোঃ জনি। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের সংশ্লিষ্টতার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় হামলাকারীদের একজন হারুন গাজীর শার্টের পকেট থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে, যা এই হামলাকে শুধুমাত্র সহিংসতা নয়, বরং আর্থিক ক্ষতির ঘটনাতেও পরিণত করেছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়, যা তাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে।

ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান এখনো অজানা রয়ে গেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গ্রামীণ এলাকায় চুরি বা জমিজমা সংক্রান্ত বিরোধ প্রায়ই ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সহিংসতায় রূপ নেয়। এই ধরনের ঘটনা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।


কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, গুরুতর আহত ১ জন

শিমুল হোসেন
শিমুল হোসেন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৭ ২০:১১:৫২
কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, গুরুতর আহত ১ জন
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সহিংসতার এক গুরুতর ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সুবর্ণগাছি গ্রামের বাসিন্দা মোঃ ফজলু সরদার।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের কদমতলা বাজার এলাকায় পৌঁছানোর পর একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এরপর সংঘবদ্ধভাবে হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ এবং কাঠের বাটাম ব্যবহার করে তার ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়।

হামলার তীব্রতায় ফজলু সরদার গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুল্লাহ, মহিবুল্লাহ, রেজাউল সরদার, জাকির হোসেন, আব্দুল কাদের, জালাল, আয়ুব হোসেন, জামির সরদার, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত খোকন, আলামিন, আমের আলী সরদার, আবু তালেব, আলামিন হোসেন এবং লাভলু মোড়লসহ আরও কয়েকজন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক আঘাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং হামলার সময় ফজলু সরদারের কাছে থাকা নগদ ২ হাজার ৩৬ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় হামলা, প্রাণনাশ এবং জমি দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, জমিজমা সংক্রান্ত এই বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে এবার তা সরাসরি সহিংসতায় রূপ নেয়, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশের মিছিল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৬ ২১:৩৮:২৮
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশের মিছিল
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৪ জন। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার বর্তমানে পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের দ্রুতগতির বাসটি বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে সজোরে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা কারে থাকা ৫ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ মোট ৪ জন নিহত হয়েছেন। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘাতক বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/আশিক


সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৬ ১০:০০:৫৬
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে (পাওয়ার কার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল পৌনে ৬টার দিকে বিএমএ গেট সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎ ট্রেনের পাওয়ার কার ও এর সঙ্গে লাগোয়া একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতা বেশি থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের এসি বগিতে তা ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রামের সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

/আশিক


পদ্মার অতলে বাস ট্র্যাজেডি: ২৩ প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলো উদ্ধার অভিযান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৬ ০৯:১০:১৩
পদ্মার অতলে বাস ট্র্যাজেডি: ২৩ প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলো উদ্ধার অভিযান
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলের ওই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দীর্ঘ চেষ্টার পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৌহার্দ্য পরিবহনের বাসটি পানির নিচ থেকে টেনে তুলতে সক্ষম হয়।

বাসটি ওপরে নিয়ে আসার পর সেটির ভেতর থেকে ১৭ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। এছাড়া বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে নদী থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বাসটি তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা ২ জনের মরদেহ উদ্ধার করেছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, নিহতদের সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে ২১ জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের হস্তান্তরের কাজ চলছে। বর্তমানে উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষা করছিল। এমন সময় একটি ফেরি এসে পন্টুনে প্রচণ্ড জোরে ধাক্কা দিলে পুরো পন্টুনটি কেঁপে ওঠে, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মুহূর্তেই গভীর পদ্মায় তলিয়ে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় বাসে থাকা ৪৫ থেকে ৫০ জন যাত্রীর মধ্যে অর্ধেকেরও বেশি প্রাণ হারিয়েছেন। বর্তমানে নিখোঁজ থাকা অন্য যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে সহায়তায় পুলিশ, সেনাবাহিনী, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে। ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। নিখোঁজ স্বজনদের আহাজারিতে পুরো ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: