রামেকে করোনা রোগীর মৃত্যু, টয়লেটের দরজা ভেঙে উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ১৯:১৭:৩৪
রামেকে করোনা রোগীর মৃত্যু, টয়লেটের দরজা ভেঙে উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর রহমান (৬৫) নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালবেলা হাসপাতালের করোনা ইউনিটে সংযুক্ত টয়লেটে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনসুর রহমান শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গ নিয়ে গত ৯ জুন রামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নমুনা পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ শনাক্ত হয়। পরে ১৬ জুন তাকে করোনা ইউনিটে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণের আওতায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার অবস্থার জটিলতা বিবেচনায় রেখে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন গণমাধ্যমকে জানান, সকালে রোগীর স্বজনেরা তাকে টয়লেটে নিয়ে যান। করোনা ইউনিটে রোগীদের একা টয়লেটে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হয় এবং দরজা পুরোপুরি না বন্ধ করার নির্দেশনা থাকে। তবে মনসুর রহমান টয়লেটের দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর হঠাৎ শব্দ শুনে এবং দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে স্বজনেরা ডাকাডাকি শুরু করেন। এরপর দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে, তারা টয়লেটের দরজা ভেঙে মনসুর রহমানকে অচেতন অবস্থায় উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার প্রাণ চলে গেছে।

চিকিৎসকদের ধারণা, এই মৃত্যুর পেছনে প্রধান কারণ হতে পারে আকস্মিক হৃদরোগ। করোনা ভাইরাসের সংক্রমণ হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যারা বয়স্ক এবং পূর্বে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত। তদুপরি, টয়লেটের মতো একটি সুনির্জন জায়গায় পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যুর কারণ নির্ধারণে আরও তদন্ত প্রয়োজন হতে পারে। যদিও ময়নাতদন্ত ছাড়াই এই মৃত্যু ‘হার্ট অ্যাটাক’-জনিত বলেই আপাত সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এই ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে করোনা চিকিৎসা প্রক্রিয়ার কিছু বাস্তব সমস্যা। করোনা ইউনিটে ভর্তি রোগীদের শারীরিক এবং মানসিক দুর্বলতা বিবেচনায় নিয়ে আরও নিবিড় পর্যবেক্ষণ এবং সহায়ক সেবার প্রয়োজনীয়তা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের নিরাপত্তা ও সহায়তার বিষয়ে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

মনসুর রহমানের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং করোনা পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকটের একটি প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষত যখন করোনা রোগীর যত্নের ক্ষেত্রে সীমিত জনবল, পর্যাপ্ত প্রশিক্ষণহীনতা এবং তত্ত্বাবধানের অভাব একত্রে কাজ করে, তখন এমন দুঃখজনক ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক


রমজানে অর্ধশত পরিবারের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:৩১:১৪
রমজানে অর্ধশত পরিবারের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন–এর ইতালি শাখার উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক এবং সমাজসেবক ইতালি প্রবাসী আতিকুর রহমান তার প্রয়াত পিতা মরহুম ফারুক মিয়ার স্মরণে এই কর্মসূচির আয়োজন করেন।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় পরিবারকে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত প্যাকেজে ছিল খেজুর, চাল, ডাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া—যা রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেলের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার ও শামসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ সময়ে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ। ইতালি প্রবাসী আতিকুর রহমানের উদ্যোগে এই খাদ্য বিতরণ কার্যক্রম স্থানীয় দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যান্য বক্তারাও এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রবাসীদের মানবিক সহায়তা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফাউন্ডেশনটি শান্তিগঞ্জসহ আশপাশের এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আয়োজকরা জানান, রমজানের শুরুতেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল যাতে অসহায় পরিবারগুলো সিয়াম সাধনার মাসে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।


মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

মাসুদ রানা
মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:২৩:৪৩
মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম রুবেল ইসলাম। এ ঘটনায় সহকর্মী আক্কাশ আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের বাসিন্দা এবং সাইফুল ইসলামের একমাত্র সন্তান। অভিযুক্ত আক্কাশ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাতের ছেলে। কাজের সুবাদে তারা দুজনসহ আরও কয়েকজন শ্রমিক মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাওনা টাকা নিয়ে রুবেল ও আকাশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আকাশ লোহার তৈরি একটি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সহকর্মী কামাল মিয়া জানান, তিনি বাইরে থেকে ঘরে ঢোকার সময় অভিযুক্তকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখেন। ঘরে প্রবেশ করে রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বুধবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান। দুই মাস আগে সংসারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ছেলেকে কাজের জন্য মুরাদনগরে পাঠিয়েছিলেন। এখন একমাত্র সন্তানকে হারিয়ে তিনি শোকাহত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় বুধবার রাতেই গুঞ্জুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকার বিরোধের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।


বের হওয়ার আগে জেনে নিন আজ যেসব মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ০৯:৪৩:৩৬
বের হওয়ার আগে জেনে নিন আজ যেসব মার্কেট বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের মতো আজও নানা প্রয়োজন নিয়ে অসংখ্য মানুষ বাজার ও শপিং সেন্টারে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে শুক্রবার হওয়ায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও পাইকারি ব্যবসাকেন্দ্র সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে তীব্র যানজট পেরিয়ে গিয়েও ক্রেতাদের ফিরে আসতে হতে পারে।

আজ বন্ধ রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি দোকানপাট। একই সঙ্গে সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট ও দয়াগঞ্জ বাজারেও কেনাবেচা বন্ধ থাকবে। এছাড়া ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার ও কাপ্তান বাজারেও শুক্রবার সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে।

পুরান ঢাকার গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলোর মধ্যেও আজ লেনদেন বন্ধ। রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও আজ বন্ধ রয়েছে।

এদিকে রাজধানীর কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানও শুক্রবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। একইভাবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে; শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে এবং প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। অন্যদিকে বাংলাদেশ শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে আজ খোলা নেই; রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকার সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন দিনে নির্ধারিত থাকায় বের হওয়ার আগে সময়সূচি যাচাই করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে এবং সময়ও সাশ্রয় হবে।

-রফিক


দুপুরের নির্জনতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল সিলেট: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩২:১৯
দুপুরের নির্জনতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল সিলেট: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?
ছবি : সংগৃহীত

দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১০ ছিল জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/আশিক


স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:০৭:৫৩
স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের 
ছবি : সংগৃহীত

স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রী পেলেন কুমিল্লার বরুড়াবাসী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এতে ওই উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে বাংলাদেশ সৃষ্টির পর এ আসন থেকে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী হতে পারেনি। এতে সুমনকে নিয়ে গর্ববোধ করছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়। উপজেলা সদরের ব্যবসায়ী এমদাদুল হক বলেন, স্বাধীনের পর এই প্রথম আমরা মন্ত্রী পেলাম। দল-মত নির্বিশেষে আমরা বিষয়টি নিয়ে গর্ববোধ করছি। সুমন সাহেব একজন নম্র-ভদ্র এবং নির্লোভ মানুষ। আমরা জানি, উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। বাজারের অপর ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, জাকারিয়া তাহের সুমন একজন সৎ মানুষ। উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। উনি বিএনপি সরকারের ভাবমূর্তির পাশাপাশি বরুড়া উপজেলাবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের এ আসন থেকে তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর ৭২ বছর বয়সে সংসদ সদস্য থাকা অবস্থায় মারা যান একেএম আবু তাহের। বাবার মৃত্যুর ৩ মাস পর উপ-নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন সুমন।

অপরদিকে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বরুড়া উপজেলা। উপজেলা গঠনের ৭৮ বছর পর জাকারিয়া তাহের সুমন প্রথম কোনো মন্ত্রী হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তার মন্ত্রিত্বের খবরে বরুড়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণও করেন উচ্ছ্বসিত উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।


আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:২৯:২৬
আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোনো এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে। ঢাকার একেক এলাকায় ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সময় না জেনে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আজকের দিনের এলাকাভিত্তিক বন্ধের তালিকাটি নিচে দেওয়া হলো।

বৃহস্পতিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর এবং আসাদগেট এলাকায় আজ সাধারণ ছুটি। এছাড়া ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর ও শান্তিনগর এলাকার বিপণিবিতানগুলো আজ বন্ধ থাকবে। পাশাপাশি শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা এবং হাইকোর্ট ভবন এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

কেনাকাটার জন্য আজ মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং (মোহাম্মদপুর) এবং শ্যামলী হল মার্কেটে না যাওয়াই ভালো। মিরপুর ও মাজার রোডের মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট এবং মিরপুর স্টেডিয়াম মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার এবং ইস্টার্ন প্লাস মার্কেটেও আজ ছুটি। গুলিস্তান ও পল্টন এলাকার বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, পীর ইয়ামেনি মার্কেট এবং খদ্দর মার্কেটের কার্যক্রম আজ বন্ধ থাকবে।

পরিকল্পনা করে বের হওয়ার আগে এই তালিকাটি মিলিয়ে নিলে আপনার মূল্যবান সময় ও শ্রম—উভয়ই সাশ্রয় হবে।

/আশিক


রাজধানীতে আজকের কর্মসূচি: সুলভ মূল্যে মাংস বিক্রি থেকে গণ ইফতার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:২০:২৬
রাজধানীতে আজকের কর্মসূচি: সুলভ মূল্যে মাংস বিক্রি থেকে গণ ইফতার
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। মাহে রমজানের প্রথম দিন হওয়ায় ইফতার মাহফিল ও সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রির মতো জনগুরুত্বপূর্ণ ইভেন্টগুলোই আজ তালিকায় শীর্ষে রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সময়সূচি।

আজ সকাল ৯টায় মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) একটি বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে দেশের যোগাযোগ ও পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এদিকে বিকেলে বিরোধী রাজনৈতিক শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে ইফতার মাহফিল। বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর-১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া রমজানের প্রথম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'গণ ইফতার'-এর আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি। টিএসসির সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার আয়োজন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

/আশিক


সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:১৯:৫৫
সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ভেজাল গো-খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাড়ে সাতরশি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানে ‘মেসার্স সদরপুর পোল্ট্রি ফিড’ এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তার দোকান থেকে ১২৩ কেজি ভেজাল গো-খাদ্য জব্দ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে এসব অস্বাস্থ্যকর খাবারের সন্ধান পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “ভেজাল গো-খাদ্য পরোক্ষভাবে মানুষের শরীরে প্রবেশ করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এ ধরনের অভিযানের মাধ্যমে প্রশাসন ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি বন্ধে সচেষ্ট রয়েছে, যাতে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।


সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৮:০৬
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : সংগৃহীত

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এবং পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে মানবিক সংগঠন শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, চেয়ার, টেবিল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

১৬ ফেব্রুয়ারি, সোমবার, দুপুর বারোটায় মাদরাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আলমের সভাপতিত্বে ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ এনাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের সহযোগিতায় মাদরাসার শিক্ষার্থীর পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে চেয়ার ও টেবিল প্রদান করে একটি মানবিক দায়িত্বশীল কাজ করেছে। তিনি আরো বলেন, মাদরাসাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ার পরও জীর্ণশীর্ণ ও অবহেলিত অবস্থায় পড়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফতেপুর ইউনিয়নসহ হাটহাজারী উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতায় শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজ থেকে তিনটি সংগঠন হাটহাজারীর শিক্ষাবিস্তার, সামাজিক উন্নয়ন ও সবুজায়নে একীভূত হয়ে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালয়েন্সের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাদরাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং প্রতিষ্ঠান প্রধানের হাতে ২০ জোড়া চেয়ার-টেবিল তুলে দেন

পাঠকের মতামত: