মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:৫৯:১৬
মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। মূলত বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত, সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় এই সাময়িক বিড়ম্বনা দেখা দেবে সেগুলোর মধ্যে রয়েছে—তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর এবং এর আশপাশের এলাকা। ৯ ঘণ্টার এই দীর্ঘ সময়জুড়ে কারিগরি মেরামতের কাজ চলায় গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শাট-ডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগে যদি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তৎপর থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। সিস্টেমের আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

/আশিক


দেশে আবার ভূমিকম্প অনুভূত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:৪০:৪৬
দেশে আবার ভূমিকম্প অনুভূত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের তলদেশে মাঝারিমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই ভূকম্পন আঘাত হানে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা 'ভলকানো ডিসকভারি'-এর তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সংস্থাটি তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার জেলা শহর থেকে আনুমানিক ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের তলদেশে। মাটির গভীরতা অনুযায়ী এটি একটি অগভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। সমুদ্রের গভীরে উৎপত্তিস্থল হওয়ায় উপকূলে এর প্রভাব ঠিক কতটা ছিল, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হওয়ায় এবং উৎপত্তিস্থল সমুদ্রের অনেক গভীরে থাকায় সাধারণ মানুষের মাঝে এটি অনুভূত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত নথিভুক্ত হয়নি। ভলকানো ডিসকভারি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, তাৎক্ষণিকভাবে কোনো নাগরিক এই কম্পন অনুভব করার বিষয়ে তথ্য প্রদান করেননি। বিশেষজ্ঞ মহলের মতে, বঙ্গোপসাগরের এই এলাকাটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় মাঝেমধ্যেই এমন মৃদু বা মাঝারিমাত্রার কম্পন সৃষ্টি হয়ে থাকে।

/আশিক


বিভেদ ভুলে রাজপথে সক্রিয় হওয়ার শপথ নিলেন কালিগঞ্জের বিএনপি নেতারা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:১১:২০
বিভেদ ভুলে রাজপথে সক্রিয় হওয়ার শপথ নিলেন কালিগঞ্জের বিএনপি নেতারা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর উদ্যোগে নির্বাচনী-পরবর্তী দলীয় কার্যক্রম মূল্যায়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

সভায় বক্তারা সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত প্রদান করেন।বক্তারা বলেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর আদর্শ ও নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা নির্বাচনে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই—এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, আগামী দিনে গণমানুষের আস্থা অর্জন করতে হলে সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান (বাপ্পী),উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম,উপজেলা তাঁতী দলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান ,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মোড়ল ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন এবং উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর ,সমাবেশে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, সদস্য শেখ ইসমাইল হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, জেলা তরুন দলের যুগ্ম সম্পাদক আবদুল আলিম, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ সভাপতি শেখ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজর আলী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকপ্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয়, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


কুমিল্লা  চান্দিনার নজর কাড়ছে তিন গম্বুজ মসজিদ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:১৩:৪২
কুমিল্লা  চান্দিনার নজর কাড়ছে তিন গম্বুজ মসজিদ
তিন গম্বুজ মসজিদ/ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে ১০১ বছর ধরে দাঁড়িয়ে আছে ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন হাজি নজর মামুদ বাড়ি জামে মসজিদ। চুন, সুরকি আর চিনামাটি দিয়ে নির্মিত এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয়ই নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত দলিল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মসজিদটির কারুকার্য এলাকার মুসল্লিদের হৃদয়ে বইয়ে দেয় এক অপার্থিব শান্তির পরশ।

শত বছর পূর্বে ১৯২৫ সালে মেহার গ্রামের ধর্মপ্রাণ দানবীর হাজি নজর মামুদ এই মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে নজর মামুদ পায়ে হেঁটে পবিত্র মক্কা শরিফে গিয়ে হজ পালন করেন। হজে থাকাকালীন তার মনে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছে জাগে। তবে তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা চালু থাকায় জমিদার ভৈরব চন্দ্র সিংহের অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ করা ছিল দুরূহ। জনশ্রুতি আছে, জমিদার শ্রী ভৈরব চন্দ্র সিংহ কেবল মসজিদ নির্মাণের অনুমতিই দেননি বরং নিজে উপস্থিত থেকে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন। জমিদার ভৈরব চন্দ্র সিংহ এবং নজর মামুদের ঐকান্তিক প্রচেষ্টায় ১০ শতাংশ জমির ওপর নির্মিত হয় এই নান্দনিক এই মসজিদ। যা আজও স্থানীয় জনগণের মাঝে জমিদার ও হাজি সাহেবের সৌহার্দ্যের স্মৃতি স্বাক্ষর হিসেবে দাঁড়িয়ে আছে।

তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নজরকাড়া কারুকার্যের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যা মসজিদটির কদর কয়েকগুণ বৃদ্ধি করেছে। তিন ফুট পুরো মসজিদের দেয়ালগুলো তৈরি হয়েছে চুন-সুরকির ঢালাই দিয়ে। দেওয়ালে পুরুত্বের কারণে বাইরের যেকোনো আবহাওয়ায় ভেতরে তেমন কোন প্রভাব পড়ে না। গরমের দিনে ভেতরে ঠান্ডা আর শীতের দিনে ভেতরে অনুভূত হয় গরম। দেওয়ালে খোদাই করে বসানো হয়েছে চিনামাটির বিভিন্ন রঙের ভাঙা টুকরো। যার ওপরে আলো পড়লে তা ঝিলমিল করে ওঠে। ভেতরে মিম্বরেও কারিগরের সুনিপুণ হাতের নজরকাড়া কাজ মুসল্লিদের দৃষ্টি কাড়ে।

শুধু মসজিদটি নির্মাণ করেই নজর মামুদ থেমে থাকেন নি। মসজিদের মুসল্লিদের অজু করার সুবিধার্থে তিনি ১২০ শতক জায়গা নিয়ে একটি পুকুর খনন করেন। যার পাকা ঘাট এখনো তাঁর স্মৃতি বহন করে আসছে। মসজিদের বিভিন্ন ব্যয়, ইমাম-মুয়াজ্জিনের বেতন, পবিত্র শবে মেরাজ, শবে বরাত ও শবে কদরের রাতে মুসল্লিদের আপ্যায়নের খরচ বহন করার জন্য তিনি মোট ২৬৪ শতক জমি মসজিদের নামে ওয়াক্ফ করে গেছেন।

মেহার গ্রামের শাহ আলম জানান, মসজিদটিতে আগে ১০০-১২০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। ১০-১২ বছর আগে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদটির সামনের দিকে সম্প্রসারণ করা হয়। বর্তমানে মসজিদে ২০০-২৫০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে।সরকারি নথিপত্রে মসজিদটির নাম নিয়ে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। কোথাও এটির নাম মেহার মধ্যপাড়া হাজি বাড়ি জামে মসজিদ, কোথাও মেহার রমিজ হাজি বাড়ির জামে মসজিদ নামে পরিচিত।

তবে ইতিহাসের শেকড় ও স্থানীয় প্রবীণদের নিকট মসজিদটির নাম ‘হাজি নজর মামুদ জামে মসজিদ’ হিসেবেই সমাদৃত। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় অনেক দালানকোঠা নির্মাণ হলেও চুন-সুরকি ও চিনামাটির তৈরি এই স্থাপত্যটি ইতিহাস ঐতিহ্যের এক মহান সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপনা তৎকালীন হিন্দু-মুসলিমের এক মেলবন্ধনের সাক্ষী। নজর মামুদের নির্মিত এই মসজিদটি কেবল মেহার গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের নিকটই নয় বরং এটি পুরো চান্দিনার মানুষের কাছেই সমাদৃত।

ট্যাগ: কুমিল্লা

সোমবার কেনাকাটায় সতর্কতা জরুরি, বহু মার্কেট বন্ধ আজ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ০৯:১৯:৫৪
সোমবার কেনাকাটায় সতর্কতা জরুরি, বহু মার্কেট বন্ধ আজ

কেনাকাটা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক দূর পথ পাড়ি দিয়ে কোনো মার্কেটে গিয়ে জানতে পারলেন সেটি আজ সাপ্তাহিক বন্ধ। এমন বিড়ম্বনা এড়াতে বাইরে বের হওয়ার আগে অবশ্যই দেখে নিন আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমলগুলো অর্ধদিবস বন্ধ থাকবে।

আজকের ছুটির তালিকায় রয়েছে মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মহাখালী, গুলশান-১ ও ২, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাট ও মার্কেটগুলো আজ অর্ধদিবস বন্ধ থাকবে।

একইভাবে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, যাত্রাবাড়ী, শনির আখড়া এবং রায়েরবাগ এলাকার একাংশেও সোমবার সাপ্তাহিক ছুটি পালন করা হয়।

শপিংমলের তালিকায় রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), বনানী সুপার মার্কেট, গুলশান পিংক সিটি, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, এবং মালিবাগ সুপার মার্কেট।

এছাড়া তালতলা সিটি করপোরেশন মার্কেট ও মিরপুর বেনারসি পল্লিতেও আজ কেনাকাটা করা যাবে না। আপনার গন্তব্য যদি এসব এলাকার কোনো মার্কেট হয়, তবে অবশ্যই সময় এবং দিনক্ষণ যাচাই করে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে।

-রফিক


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের বিশেষ সতর্কতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৯:৪৬:২৯
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের বিশেষ সতর্কতা
ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলসহ নিজেদের অধিভুক্ত এলাকাগুলোর গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই সংকটের কথা নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এই পরিস্থিতির প্রভাবে আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত সকল এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে। সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানানো হয়েছে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে সোমবার রাতের আগে পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গৃহস্থালি ও শিল্প কারখানার গ্রাহকরা এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়তে পারেন।

/আশিক


কালিগঞ্জে শতবর্ষী মাদ্রাসার জমি জোরপূর্বক বিক্রয়ের অভিযোগ, দখলের পায়তারা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১১:২৪:৫৯
কালিগঞ্জে শতবর্ষী মাদ্রাসার জমি জোরপূর্বক বিক্রয়ের অভিযোগ, দখলের পায়তারা
শতবর্ষী মাদ্রাসার জমি দখলচেষ্টা/ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর শেখপাড়া গ্রামে অবস্থিত শতবর্ষী এবতেদায়ী মাদ্রাসার জমি জোরপূর্বক বিক্রি ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

১৮৫৭ সালে প্রতিষ্ঠিত রহিমপুর শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে গ্রাম ও আশপাশের এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার নির্ধারিত জমি ২ শতাংশ (দাগ নং-৪১৮, খতিয়ান নং-০২, মৌজা রহিমপুর, জে.এল নং-১৯১, উপজেলা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা)।

স্থানীয়দের দাবি, জমিদারি প্রথা বিলুপ্তির পর মসজিদ- মাদ্রাসা সংলগ্ন প্রায় ৪২ শতাংশ জমি অলিখিতভাবে ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়, যা ঈদের নামাজ, কুরবানির স্থান ও শিশুদের খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।অভিযোগ রয়েছে, কালের পরিক্রমায় ওই ৪২ শতাংশ জমির মধ্যে মাত্র ২ শতাংশ মাদ্রাসার নামে রেখে বাকি জমি অবৈধভাবে রেকর্ড করে নেয় একটি পক্ষ।

সম্প্রতি মাদ্রাসার নির্ধারিত ২ শতাংশ জমির মধ্য থেকে ১ শতাংশ জোরপূর্বক বিক্রির অভিযোগ ওঠে। অভিযুক্ত আশরাফ আলী গং (ছেলে রাইসুল, খাইরুল ও মনিরুল) ওই জমি গ্রামের শেখ আলতাফ ও শেখ আমজাদ আলীর কাছে বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মাদ্রাসা কমিটির এক সদস্য সাইনবোর্ড স্থাপন করতে গেলে বাধার সম্মুখীন হন। অভিযুক্তদের দাবি, তারা জমি ক্রয় করেছেন এবং সেখানে অন্য কোনো কাজ করতে দেবেন না। পরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা সাইনবোর্ড টানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

মসজিদ-মাদ্রাসা কমিটির সভাপতি অভিযোগ করে বলেন, “মাদ্রাসার জমি অবৈধভাবে বিক্রি করা হয়েছে। কীভাবে ৯৭ নং খতিয়ানের মাধ্যমে ০২ নং খতিয়ানের জমি দখল ও বিক্রি করা হয়—তা আমাদের বোধগম্য নয়। পূর্বেও ঈদগাহ ও কবরস্থানের যাতায়াতের রাস্তা টিন দিয়ে ঘিরে নেওয়া হয়েছিল, যা প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়। এখন আবারও মাদ্রাসার জমি বিক্রির পায়তারা চলছে।”অভিযুক্ত পক্ষের পরিবারের এক সদস্য প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে জমির ক্রেতারা সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, সংশ্লিষ্ট জমির উত্তর, পূর্ব ও দক্ষিণ পাশে ৮ ফুট সরকারি ইটের রাস্তা রয়েছে, যা দীর্ঘদিন ধরে গ্রামবাসীর চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়রা অবৈধ দখলচেষ্টা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হাসান বলেন, “বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। গ্রামবাসীর দাবি, শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।


রবিবার কেনাকাটায় সতর্কতা জরুরি, বহু মার্কেট বন্ধ আজ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০৮:৩২:১৩
রবিবার কেনাকাটায় সতর্কতা জরুরি, বহু মার্কেট বন্ধ আজ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন এলাকা ও মার্কেট সাপ্তাহিক বন্ধ পালন করে। রবিবারও তার ব্যতিক্রম নয়। নগরজীবনের ব্যস্ততায় অনেকেই পরিকল্পনা ছাড়াই কেনাকাটায় বের হন, ফলে বন্ধ মার্কেটের কারণে বিড়ম্বনায় পড়তে হয়। তাই কেনাকাটার আগে জেনে নেওয়া জরুরি—আজ কোন কোন এলাকা ও শপিং সেন্টার বন্ধ রয়েছে।

আজ আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী ও মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের দোকানপাট বন্ধ থাকবে। একই সঙ্গে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট এবং গুলশান-১ ও ২, বনানী ও মহাখালী বাণিজ্যিক এলাকাতেও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে।

নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের কিছু অংশ, যাত্রাবাড়ীর নির্দিষ্ট এলাকা, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগেও সাপ্তাহিক ছুটি পালন করা হবে।

বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট ও শপিং কমপ্লেক্স। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট ও ইউএই মৈত্রী কমপ্লেক্স।

এ ছাড়া বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ডিসিসি মার্কেট গুলশান-২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে।

ব্যবসায়ী নেতারা জানান, রাজধানীর মার্কেটগুলোতে সাপ্তাহিক বন্ধের দিন ভিন্ন ভিন্ন হওয়ায় ক্রেতাদের সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে প্রযুক্তিপণ্য, বেনারসী শাড়ি বা পাইকারি কেনাকাটার পরিকল্পনা থাকলে আগেই খোঁজ নিয়ে বের হওয়া উত্তম।

-রফিক


ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০৮:২৭:৪৮
ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়। আজ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, দিনটির শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নির্ধারিত রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

তারেক রহমানের বৈঠকসূচি

তারেক রহমান সকালে পৃথকভাবে সাক্ষাৎ করবেন ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম–এর সঙ্গে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক আলাপের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ সমন্বয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১১ দলীয় ঐক্য জোটের কর্মসূচি

সকাল ১১টায় ১১ দলীয় ঐক্য জোটের নেতারা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন–এর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, ফলাফল সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন অভিযোগ-আপত্তি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদ সম্মেলন

দুপুর ১২টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনকালীন মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলে জানা গেছে।

একই ভেন্যুতে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ নৃত্য শিল্পী সমাজ। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমসাময়িক ইস্যু নিয়ে তারা বক্তব্য রাখবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

-রফিক


আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৪ ০৯:৩৬:২৯
আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ 

কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু দীর্ঘ যানজট আর ভোগান্তি পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখেন কাঙ্ক্ষিত মার্কেট বা দোকানটি বন্ধ, তবে সময় এবং শ্রম দুটোরই অপচয় হয়। বিশেষ করে আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের এই দিনে রাজধানীর অনেক এলাকায় যাওয়ার আগে আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পুরান ঢাকা এবং তার আশপাশের বিশাল একটি অংশের ব্যবসায়িক কার্যক্রম আজ নির্দিষ্ট নিয়মে বন্ধ থাকবে। আপনার গন্তব্য যদি হয় ইসলামপুর বা সদরঘাটের মতো ব্যস্ত এলাকা, তবে আজকের তালিকাটি দেখে নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক।

রাজধানীর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশের একটি বড় অঞ্চলে আজ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দিন। বিশেষ করে শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল থেকে শুরু করে ধোলাইখাল ও গেণ্ডারিয়া এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে তা বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া জুরাইন, পোস্তগোলা, স্বামীবাগ এবং সদরঘাটের মতো জনবহুল এলাকায় আজ সাধারণ ছুটি বা সাপ্তাহিক বন্ধের প্রভাব থাকবে। নবাবপুর ও লক্ষ্মীবাজারের মতো গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোও আজ ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে না।

মার্কেটগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। ইসলামপুরের বিখ্যাত কাপড়ের দোকান থেকে শুরু করে চকবাজারের পাইকারি মার্কেট—সবই আজ বন্ধের তালিকায়। রাজধানী সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট কিংবা আজিমপুর সুপার মার্কেটে যাওয়ার আগে জেনে রাখা ভালো যে, সেখানে আজ কোনো বেচাকেনা হবে না। দর্শনীয় স্থানের মধ্যে আহসান মঞ্জিল এবং লালবাগের মতো জনপ্রিয় ঐতিহাসিক স্থানগুলো নিয়েও রয়েছে বিশেষ আপডেট। ফলে উৎসবের এই দিনে ঘুরতে বের হওয়ার আগে এলাকার সাপ্তাহিক বন্ধের এই তালিকাটি মিলিয়ে নেওয়া জরুরি, যাতে আপনার পহেলা ফাল্গুনের আনন্দ মাটি না হয়।

পাঠকের মতামত: