নির্বাচন কমিশনে একগুচ্ছ নালিশ নিয়ে মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৮ ১৯:০১:৫০
নির্বাচন কমিশনে একগুচ্ছ নালিশ নিয়ে মির্জা ফখরুল
ইসিতে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকাগুলোতে পরিকল্পিতভাবে ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফল নিজেদের পক্ষে নেওয়ার একটি বিশেষ রাজনৈতিক কৌশলের অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির কাছে উত্থাপিত অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জয়ী করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের এলাকা পরিবর্তন করে ব্যাপক হারে ঢাকা মহানগরীর ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে। একে একটি অনৈতিক কূটকৌশল হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে কত সংখ্যক ভোটার, কোন এলাকা থেকে ঢাকার কোন কোন সংসদীয় আসনে কী উদ্দেশ্যে স্থানান্তরিত হয়েছেন, তার বিস্তারিত বিবরণ তারা জরুরি ভিত্তিতে সরবরাহ করার অনুরোধ জানিয়েছেন। নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় এই ভোটারদের বিস্তারিত তথ্য পাওয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ভোটার স্থানান্তরের পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছে বিএনপি। মির্জা ফখরুল জানান যে জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করছে। একে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ফৌজদারি অপরাধ হিসেবে অভিহিত করে বিএনপি এই বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন যে বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী বলেই তাদের চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ অন্যান্য রাজনৈতিক দলের প্রধানসহ প্রভাবশালী ব্যক্তিরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই বৈষম্য দূর করতে ইসিকে কঠোর হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিএনপি কিছু সুনির্দিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে।

দলটির অভিযোগ অনুযায়ী, বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে সরাসরি কাজ করছেন। তদন্তপূর্বক এসব কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সবশেষে পোস্টাল ব্যালট বিতরণের ক্ষেত্রেও সর্তকতা অবলম্বনের দাবি জানায় বিএনপি। দলটি অনুরোধ করেছে যে পোস্টাল ব্যালটে বিএনপির দলীয় প্রতীক বা মার্কা যাতে সঠিকভাবে ছাপা হয় এবং মুদ্রণ পরবর্তী যাচাই শেষে দ্রুততম সময়ে তা বিতরণের ব্যবস্থা করা হয়।


ব্যাংক ব্যালেন্স ফাঁস! দুর্নীতির জবাবে সপরিবারে ওপেন চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৪ ২১:৫৮:৪৯
ব্যাংক ব্যালেন্স ফাঁস! দুর্নীতির জবাবে সপরিবারে ওপেন চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
ছবি : সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী পেশ করে এসেছি। এরপরও যেহেতু এসব নিয়ে জল্পনা করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করছি, আমার এবং আমার পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা প্রয়োজন। যেন এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি করতে না পারে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার (৩ মার্চ) আমি শুধু আমার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার কথা জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমারসহ পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার সিদ্ধান্ত নিই, যেন এই বিষয়গুলোতে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে।’

পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই পাঁচটি ব্যাংকে মোট ক্রেডিট আছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, উনি শিক্ষক হিসেবে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন। যেটা প্রতি মাসে উনার সেলারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোনের এখনো পেমেন্ট বাকি আছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। সুতরাং, যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিই তাহলে এখনো ৮২ হাজার ৩৫ টাকার মতো দেনায় আছেন তিনি।’

তিনি বলেন, ‘আমার মায়ের একটিই ব্যাংক অ্যাকাউন্ট আছে। যেখানে ২১ হাজার ১৫৪ টাকা আছে। এ ছাড়া আমার স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে ৬১৩ টাকা আছে। আর আমার নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এরমধ্যে সোনালী ব্যাংকে আমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে। এটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা আছে। আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট হলো আমার সেলারি অ্যাকাউন্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় যাতায়াতসহ সরকারের অন্যান্য ভাতার লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো।’

তিনি আরও বলেন, ‘আমি ১৬ মাস দায়িত্বে ছিলাম। সেলারি গড়ে ১ লাখ ৬৫ হাজার করে ধরে ভাতাসহ অন্যান্য সব লেনদেন এই অ্যাকাউন্টেই হয়েছে। বর্তমানে এই অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৮ হাজার6২৬ টাকা আছে। সব মিলিয়ে এই অ্যাকাউন্টে বেতনসহ মোট ক্রেডিট হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। আর ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। সবমিলিয়ে আমার দুটি অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা রয়েছে।’


প্রশাসনিক গতি বাড়াতে দুই প্রভাবশালী উপদেষ্টার কাঁধে নতুন দপ্তরের ভার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৪ ১৬:২৪:৪৩
প্রশাসনিক গতি বাড়াতে দুই প্রভাবশালী উপদেষ্টার কাঁধে নতুন দপ্তরের ভার
ছবি : সংগৃহীত

সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে অধিকতর গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী তাঁর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতর পুনরবণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই রাজনীতিবিদের ওপর দেশের কৃষি খাতের তদারকির ভার অর্পণ করায় মন্ত্রণালয়টির কাজে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তাঁর বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের শিল্প খাতের উন্নয়ন এবং নীতিনির্ধারণী বিষয়ে তিনি এখন থেকে সরাসরি ভূমিকা রাখবেন। সরকারের উচ্চপর্যায়ের এই দুই উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় তাঁদের দফতর সুনির্দিষ্ট করে দিয়ে এই নতুন আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

/আশিক


এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৪ ১০:২৫:৩১
এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
এনসিপির লোগো ও যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এনসিপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় পল কাপুরের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির পাঠানো বার্তায় বৈঠকের সময় নিশ্চিত করা হলেও নিরাপত্তার খাতিরে এর স্থানটি এখনও প্রকাশ করা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে পল কাপুর ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।

মার্কিন এই প্রভাবশালী কর্মকর্তার ঢাকা সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ বুধবারের সূচি বেশ ব্যস্ততায় কাটবে। আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। দিন শেষে সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরে তাঁর সম্মানার্থে আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। এছাড়া ওই দিন তিনি জামায়াতে ইসলামী এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও রাজনৈতিক মতবিনিময় করবেন বলে জানা গেছে। পল কাপুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তাঁর সফর শেষ করবেন। মার্কিন দূতাবাসের মতে, এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষায় কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করা।

/আশিক


আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন সাবেক উপদেষ্টা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৪ ০৯:২২:৩১
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন সাবেক উপদেষ্টা
ছবি : সংগৃহীত

মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আসিফ মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর পাল্টা জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বচ্ছতার খাতিরে আগামীকাল তিনি নিজেই তাঁর ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেবেন। এছাড়া পদত্যাগের আগেই তিনি তাঁর আয় ও সম্পদের যাবতীয় হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন বলেও দাবি করেন।

এর আগে গত সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) একদল ব্যক্তির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ায় একটি পক্ষ ‘মব’ সৃষ্টি করে তাঁর বিরুদ্ধে দুদকে এই ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, দুদকে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তিনি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী এই উপদেষ্টার বিরুদ্ধে এমন তদন্তের খবর রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

/আশিক


গণভোটের রায় নিয়ে আদালতে খেলা চলবে না: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৩ ২১:৫৪:৫৩
গণভোটের রায় নিয়ে আদালতে খেলা চলবে না: নাহিদ ইসলাম
ছবি : কালবেলা

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে কঠোর মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়কে নিয়ে আদালতে ছিনিমিনি খেললে রাজপথেই তার ফয়সালা হবে। নাহিদ ইসলাম বলেন, "আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণরায়ের জয় নিশ্চিত করেছি, কিন্তু এখন সেই রায়কে প্রশ্নবিদ্ধ করতে আদালতে নেওয়া হচ্ছে। আমাদের বাধ্য করবেন না আবারও ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিয়ে মাঠে নামতে।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি রাজপথে নামতে দ্বিধা করবে না।

ইফতার মাহফিলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও কড়া বার্তা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতে অবস্থানরত পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্কই স্বাভাবিক হবে না। তাঁর মতে, জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনাসহ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনা না পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো ইতিবাচক চিন্তা করার সুযোগ নেই। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই সুরে কথা বলেন। তিনি জানান, গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এখন তা নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। সরকার শান্তিতে দেশ চালাতে চাইলে জুলাই সনদ ও সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে এনসিপির অন্যান্য শীর্ষ নেতারাও বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন যে, সংবাদপত্রের স্বাধীনতার নামে কিছু মিডিয়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন যে, বিএনপির কিছু নেতাকর্মী ও আইনজীবী দেশকে পুরোনো পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং মাঠপর্যায়ে এনসিপি নেতাদের হুমকি দিচ্ছেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, এই বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবেন না। ইফতার মাহফিলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/আশিক


জামায়াতকে ডেপুটি স্পিকার হওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০২ ১৬:১০:২০
জামায়াতকে ডেপুটি স্পিকার হওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে পরিচিত 'জুলাই জাতীয় সনদ'-এর প্রতি সম্মান প্রদর্শন এবং ঐকমত্যের রাজনীতি প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা দলগতভাবে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি এই প্রস্তাব দিয়েছি। আমরা চাইছি তারা যেন তাদের মধ্য থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেন, যাতে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটিও সম্পন্ন করা যায়।"

উচ্চকক্ষ গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের অন্যতম প্রধান শর্ত ছিল ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। সরকার এখন থেকেই সেই সমঝোতা বাস্তবায়ন করতে চায় এবং একটি ‘গুড উইল’ বা সদিচ্ছার নিদর্শন হিসেবে জামায়াতে ইসলামীকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার নতুন পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

/আশিক


খামেনি হত্যা ও শিশু নিধনের প্রতিবাদ: রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০১ ১৬:১৪:২৮
খামেনি হত্যা ও শিশু নিধনের প্রতিবাদ: রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ
ইরানে যুক্ত রাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ | ছবি : কালবেলা

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে আজ রোববার (১ মার্চ ২০২৬) রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর বায়তুল মোকাররম এলাকা। বাদ জোহর জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে বলেন, পবিত্র রমজান মাসে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এমন বর্বরতা শান্তিকামী বিশ্ব কখনোই মেনে নেবে না।

ড. আহমদ আবদুল কাদের তাঁর বক্তব্যে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, এই যৌথ হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের চরম বহিঃপ্রকাশ। তিনি আরও দাবি করেন, খামেনিকে হত্যার মাধ্যমে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব রীতিনীতিও লঙ্ঘন করেছে। ইরানের এই দুঃসময়ে তিনি বিশ্ববাসীকে তেহরানের পাশে দাঁড়ানোর এবং আরব দেশগুলোকে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।

সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি এক বিশেষ দাবি উত্থাপন করা হয়। খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে শক্ত প্রতিবাদ জানাতে হবে। মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে, যেখানে হাজার হাজার মানুষ ‘মার্কিন-ইসরায়েল’ বিরোধী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে।

/আশিক


রমজানে হামলা হৃদয়বিদারক: খামেনি হত্যায় গভীর ক্ষোভ জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০১ ১২:১৩:৫৬
রমজানে হামলা হৃদয়বিদারক: খামেনি হত্যায় গভীর ক্ষোভ জামায়াত আমিরের
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ মার্চ ২০২৬) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, “মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

খামেনির প্রয়াণ ও বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি সতর্ক করে দেন যে, এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা কেবল একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরণের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করছে, যা বিশ্বশান্তিকে আরও বিপন্ন করে তুলবে বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় নেতা তাঁর বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার জোরালো আহ্বান জানান। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার অনুরোধ করেন। ডা. শফিকুর রহমান আরও যোগ করেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি কাজ। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ও শক্তিশালী ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।

/আশিক


সংসদে নতুন বিরোধী দল দেখবে দেশ: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৯:৪৫:৫৫
সংসদে নতুন বিরোধী দল দেখবে দেশ: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে দলটির আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই নতুন রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি জানান, দেশের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের প্রতীক্ষায় ছিল। সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েই জামায়াত তাদের সংসদীয় নীতিতে এই পরিবর্তন এনেছে।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের সার্বিক উন্নয়নে সরকার যদি কোনো ইতিবাচক ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করে, তবে জামায়াত তাতে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। তিনি বিশ্বাস করেন, কেবল বিরোধিতার রাজনীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে এটিও জানিয়েছেন যে, সরকারের কোনো সিদ্ধান্ত যদি জনস্বার্থের পরিপন্থী হয় বা দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করে, তবে বিরোধী দল হিসেবে তারা রাজপথে ও সংসদে কঠোরভাবে তার প্রতিবাদ জানাবে। মূলত অন্ধ বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি আধুনিক ও কল্যাণকামী রাজনৈতিক ধারা তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য।

ইফতার মাহফিলে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডা. শফিকুর রহমানের এই বক্তব্য দেশের সংসদীয় গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক সংকেত। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সব রাজনৈতিক দলের মধ্যে এমন দায়িত্বশীল আচরণ সাধারণ মানুষের মনে আস্থার সঞ্চার করবে। তিনি আরও বলেন, “আমরা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে এসেছি, তাই আমাদের প্রতিটি পদক্ষেপ হবে জনগণের কল্যাণে।” জামায়াতের এই নতুন কৌশল আগামী দিনে সরকারের ওপর গঠনমূলক চাপ সৃষ্টি এবং সংসদকে কার্যকর করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত: