হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জে হারলেন মঞ্জুরুল মুন্সী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ১৭:০৫:৫২
হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জে হারলেন মঞ্জুরুল মুন্সী
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৪ আসনে এক বড় ধরণের রাজনৈতিক রদবদল ঘটেছে। নির্বাচন কমিশন (ইসি) আজ শনিবার বিকেলে এক গুরুত্বপূর্ণ শুনানি শেষে এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী ও বিএনপির মনোনীত প্রতিনিধি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। আজ ১৭ জানুয়ারি বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২-এর অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানেই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

কুমিল্লা-৪ আসনের এই আইনি ও রাজনৈতিক লড়াইটি মূলত শুরু হয়েছিল দুই হেভিওয়েট প্রার্থীর পাল্টা-পাল্টি আপিলের মধ্য দিয়ে। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর আগে হাসনাত আব্দুল্লাহ বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তাঁর মনোনয়ন কেন বাতিল করা হবে না, সেই মর্মে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আপিল দাখিল করেছিলেন। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীও দমে যাননি; তিনিও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে পাল্টা আপিল করেছিলেন। উভয় প্রার্থীর শুনানি আজ কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ শুনানি এবং নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেয় যে, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে আনা ঋণখেলাপির অভিযোগটি তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত। এর ফলে আইন অনুযায়ী তাঁর প্রার্থিতা অযোগ্য বলে গণ্য করা হয় এবং তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। কমিশনের এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপির এক প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও এই আইনি জটিলতায় পড়ে ছিটকে যাওয়ায় ওই এলাকায় বিএনপি সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিপরীতে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য এই রায় একটি বড় ধরণের কৌশলগত জয় হিসেবে দেখা হচ্ছে। এনসিপির এই প্রার্থীর মনোনয়ন শেষ পর্যন্ত বৈধ থাকায় এবং প্রধান প্রতিপক্ষের প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের মাঠে তাঁর অবস্থান আরও সুসংহত হলো। নির্বাচন কমিশন ভবনের আজকের এই শুনানি প্রক্রিয়াটি ছিল অত্যন্ত টানটান উত্তেজনাকর এবং রায়ের পর তাৎক্ষণিকভাবে হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী হাওয়া এখন নতুন মোড় নিল।


ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:৫২:৪৮
ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং ‘ব্যাংক ডাকাতদের’ পুনরায় সক্রিয় করার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুতর অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে দেশের ব্যাংক খাতের চিহ্নিত লুটেরাদের আবারও সুযোগ করে দেওয়ার একটি গভীর তৎপরতা চলছে। তিনি দাবি করেন, দেশে অর্থপাচার ও লুটপাটের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা এখনো বন্ধ হয়নি এবং অতীতের দুর্নীতির কারণগুলো এখনো আর্থিক খাতে বিদ্যমান রয়েছে। ব্যাংক খাতের সংস্কারের প্রক্রিয়াটি একটি বিশেষ চক্রকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জ্বালানি সংকটের তীব্রতা নিয়ে কড়া সমালোচনা করে জামায়াত আমির বর্তমান পরিস্থিতিকে ‘সর্বগ্রাসী ধস’ হিসেবে অভিহিত করেন। রসিকতা ও ক্ষোভের সুরে তিনি মন্তব্য করেন, “সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে।” সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, প্রশাসন সঠিক তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছে। তিনি অবিলম্বে জনগণের কাছে দেশের প্রকৃত ও বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার জোর দাবি জানান।

/আশিক


কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:১১:২৮
কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী
এনসিপি নেত্রী ফারহা এমদাদ। ছবি : মোঃ মাসুদ রানা

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে নেতা ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটির ঘোষণার দিন বিকালে শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।

এছাড়াও তিনি সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ফারহা এমদাদ তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি পদত্যাগপত্র শেয়ার করে ক্যাপসনে লেখেন, ‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।

জানা গেছে, আজ দুপুরে ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় ফারাহা এমদাদকে। তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি ও নারীশক্তির কেন্দ্রীয় আহবায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগ পত্রে ফারাহা এমদাদ উল্লেখ করেছেন, আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আমি আজ ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে আমাকে মনোনীত করা হয়েছে বলে অবগত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই পদ বা কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমার কোনো সম্মতি বা অবগত করা হয়নি। আমার পূর্ব অনুমতি ও সম্মতি ব্যতিরেকে আমাকে এমন একটি দায়িত্বে অন্তর্ভুক্ত করা অন্যায়।

আমি গত কয়েক মাস যাবত জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব সততার সাথে পালন করেছি। যা আমার কাছে পবিত্রতম দায়িত্ব মনে করে আমি পালন করেছি। বর্তমানে আমার মনে হচ্ছে আমি এই দায়িত্ব হতে অব্যাহতি নেওয়া অত্যান্ত প্রয়োজন। আমি এই মুহূর্তে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের পদ হতে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে ফরাহা এমদাদ বলেন, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি ছাড়াই তাকে নতুন এই কমিটিতে যুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আমি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠকের পদসহ মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার বলেন, মূলত জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠকের পদ দেওয়ায় ফারাহা এমদাদ অভিমান করে দুটি পদ থেকেই অব্যহতি চেয়েছেন। আমরা তাকে অনুরোধ জানিয়েছিলাম সে যেন এ সিদ্ধান্তের বিষয়ে পুন:বিচেনা করে, বাকিটা তার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, আজ শনিবার দুুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগ: কুমিল্লা

এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ১২:৪৩:৫৫
এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব
ছবি : সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার জোরালো গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টক শোতে অংশ নিয়ে তিনি এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, এনসিপিতে যোগ দেওয়ার খবরের সাথে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেক রাজনৈতিক দল তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছে, যার মধ্যে এনসিপিও ছিল।

দলটির পক্ষ থেকে তাঁকে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হলেও তিনি তা হেসে উড়িয়ে দিয়েছেন। রুমিন বলেন, “ওরা বারবারই বলেছে আপা আমাদের সাথে চলে আসেন, একসাথে কাজ করি। কিন্তু আমি তাদের এই প্রস্তাবে স্রেফ হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি।”

সংসদে কথা বলার বাড়তি সুযোগের জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র সুযোগ পাওয়ার জন্য তিনি নিজের রাজনৈতিক আদর্শ বা চিন্তাভাবনা বিসর্জন দেবেন না।

তিনি মনে করেন, কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে এবং কেবল সংসদে কয়েক মিনিট বেশি বলার জন্য কোনো জোটে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে এনসিপিতে যোগ দেওয়ার জল্পনা আপাতত সমাপ্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/আশিক


জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৩ ১৯:৫৪:০৭
জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বর্তমান সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেন।

তিনি স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলনের অস্তিত্বের কারণেই আজ দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফলেই আজ সরকার ও বিরোধীদল টিকে আছে। জুলাই না থাকলে কারোরই অস্তিত্ব থাকত না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে গিয়ে কেউ পার পাবে না।

দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন এবং গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। প্রয়োজনে আবারো রাজপথে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি।

আন্দোলন কেবল ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই লড়াই শহীদদের রক্ত ও জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর লড়াই। তিনি ঘোষণা করেন, জাতির অধিকার আদায়ের লক্ষে যতদিন প্রয়োজন হবে, ততদিন তারা সংসদে থাকবেন।

একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো ধরনের পারিবারিক শাসন বা রাজতন্ত্রের ঠাঁই হবে না।

/আশিক


বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ২১:৩১:০৯
বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করছে।

শফিকুর রহমান বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং দুদকের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো—যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত—বিএনপি তা গায়ের জোরে প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এই অধ্যাদেশগুলো কি ফ্যাসিবাদ ঠেকাতে জরুরি ছিল না? জামায়াত আমির স্পষ্ট করে বলেন, বিএনপি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় ‘ক্যু’ শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস নিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে ১৯৭১ এবং ২০২৪ সবই তাদের, অথচ মুক্তিযুদ্ধের সময় দল হিসেবে তাদের জন্মই হয়নি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের রেশ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জিয়াউর রহমানকে অপদস্থ করা হয়েছিল, কিন্তু জামায়াত সেই প্রতিহিংসার রাজনীতি আর চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের বিরোধিতা করে।

গত শুক্রবার সংসদ থেকে ওয়াক আউট প্রসঙ্গে শফিকুর রহমান জানান, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগ থাকবে, ততদিন তারা সেখানে থাকবেন। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আলোচনার দিন সংসদে ‘মব’ সৃষ্টি এবং জুলাই যোদ্ধাদের নামে পাতানো দর্শক সাজানোর জন্য তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/আশিক


সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৯:৩৬:৫০
সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ফারজানা সিথী। তিনি নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য এই ফরমটি সংগ্রহ করেছেন।

ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা সিথী বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।”

উল্লেখ্য, ফারজানা সিথীর বাড়ি যশোরে হলেও তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়ে প্রথম আলোচনায় আসেন ফারজানা সিথী। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তাঁর প্রশ্ন তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হাসিনা সরকারের পতনের পর অন্য একটি ঘটনায় তর্কে জড়িয়েও তিনি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বর্তমানে তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন। শুক্রবার বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

/আশিক


তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৭:৩১:২৩
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও সংসদীয় কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই।

সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে।’ তিনি অভিযোগ করেন যে, বর্তমানে গোটা সমাজ চলছে ‘গোঁজামিল’ আর ‘টপ-ড্রেসিংয়ের’ মাধ্যমে, যেখানে ব্যাংকিং খাতে টাকা না থাকলেও খাতায় লাভ দেখানো হচ্ছে।

সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত সংসদ থেকে জাতির জন্য ভালো কিছু ‘ডেলিভারি’ দেওয়া সম্ভব হয়নি। তিনি জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করার আহ্বান জানান এবং মেধাভিত্তিক সমাজ (মেরিটোক্রেসি) গড়ে তোলার ওপর জোর দেন।

এ সময় তিনি কৃষিবিদ ইনস্টিটিউটের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব দখলের চেষ্টার কঠোর সমালোচনা করে এই ‘ব্যাড কালচার’-এর অবসান দাবি করেন। তিনি সতর্ক করেন যে, কৃষির বিপর্যয় ঘটলে কোনো বিদেশি ঋণ জাতিকে রক্ষা করতে পারবে না।

জ্বালানি সংকটকে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করে জামায়াত আমির বলেন, একদিকে সরকার জ্বালানি মজুতের কথা বলছে, অন্যদিকে বাস্তবে পাম্পগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলছে। তিনি সংকট মোকাবিলায় সরকারকে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি বাফার স্টক গড়ে তোলা এবং সিন্ডিকেট ভেঙে সোলার এনার্জির মতো বিকল্প বিদ্যুৎ উৎপাদনে নজর দেওয়ার পরামর্শ দেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ডিকেট আর ফ্যাসিজমের পথে হাঁটা হলে তারা রাজপথে শক্ত বাধা হয়ে দাঁড়াবেন। সেমিনারে মূল প্রবন্ধে জানানো হয়, দেশের জ্বালানির ১৮ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয় এবং বর্তমান সংকটে বোরো চাষে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

/আশিক


চলতি অধিবেশনে চতুর্থবার ওয়াকআউট: বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব তুঙ্গে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ২০:২৫:৫৯
চলতি অধিবেশনে চতুর্থবার ওয়াকআউট: বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব তুঙ্গে
ছবি : সংগৃহীত

সংসদে আজ আবারও নাটকীয় মোড় নিল রাজনৈতিক পরিস্থিতি। প্রবল আপত্তি আর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে স্পষ্ট ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, বিলটি পাসের সময় তার ব্যত্যয় ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ওয়াকআউটের আগে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধেও নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

উল্লেখ্য, চলতি অধিবেশনে এ নিয়ে চতুর্থবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটলো। গতকালও একটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেছিল বিরোধী দল। আজকের এই ঘটনার পর সরকারি ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/আশিক


গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৯ ১৮:৫৪:০০
গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হওয়া একাধিক বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বিরোধী দল হঠাৎ করে ওয়াকআউট করেছে, যা সংসদ অধিবেশনে নতুন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। দিনের শেষ ভাগে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাজনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল প্রায় ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন এবং তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলের আপত্তি ও যুক্তিসঙ্গত প্রতিবন্ধকতা উপেক্ষা করেই কয়েকটি বিল পাস করা হয়েছে। এসব বিলকে জনগণের স্বার্থবিরোধী উল্লেখ করে তিনি জানান, এই সিদ্ধান্তের দায় তারা নিতে চান না, তাই সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দল কক্ষ ত্যাগের সময় তিনি জানতে চান, তারা সাময়িকভাবে বের হচ্ছেন নাকি পুরো অধিবেশন বর্জন করছেন। তবে লাইভ সম্প্রচারে দেখা যায়, বিরোধী সদস্যরা আর ফিরে আসেননি এবং ওয়াকআউট কার্যকর রাখেন।

এদিকে সরকারের পক্ষ থেকে ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই সংসদের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং বিভিন্ন ধাপে সহযোগিতা করেছে। এমন অবস্থায় শেষ মুহূর্তে অধিবেশন বর্জনের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক মনে করেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, বিরোধী দল মাগরিবের পর পুনরায় অধিবেশনে যোগ দিতে পারে। তবে বাস্তবে তারা আর ফিরে না আসায় রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে।

-রফিক

পাঠকের মতামত:

১৯ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

১৯ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

ঢাকার শেয়ারবাজারে সপ্তাহের নতুন কার্যদিবসে সূচকের ওঠানামার মাঝেও কিছু কোম্পানি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য রিটার্ন এনে দিয়েছে। ১৯ এপ্রিল ২০২৬, দুপুর... বিস্তারিত