ঢাবির বাঁধন ছিঁড়ে স্বতন্ত্র হচ্ছে সাত কলেজ, নতুন নাম কী?

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৮ ১৮:৩৭:২১
ঢাবির বাঁধন ছিঁড়ে স্বতন্ত্র হচ্ছে সাত কলেজ, নতুন নাম কী?
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার মান উন্নয়ন, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, দ্রুত ফলাফল প্রকাশ এবং প্রশাসনিক কাজে গতি আনার লক্ষ্যেই এই বড় উদ্যোগটি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই কলেজগুলোর বর্তমান অধিভুক্তি বা সম্পর্ক বাতিল করা হবে। পরিবর্তে, এই সাতটি কলেজকে নিয়েই গঠিত হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। দীর্ঘদিন ধরে এই কলেজগুলোর শিক্ষার্থীরা সেশনজট নিরসন ও মানসম্মত শিক্ষার দাবিতে যে আন্দোলন করে আসছিল, সেই যৌক্তিক চাহিদাকে গুরুত্ব দিয়েই সরকার এই পথে হেঁটেছে।

এই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতিমধ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর একটি খসড়া তৈরি করেছে। এই খসড়াটি গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়েছে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। এখন সেই সব মতামত এবং আইনি দিকগুলো যাচাই-বাছাই করে খসড়াটি সংশোধনের কাজ চলছে।

মন্ত্রণালয় জানিয়েছে, একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন বা অধ্যাদেশ চূড়ান্ত করতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে এই অন্তর্বর্তী সময়ে যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত সাত কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এরই মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে আগামী ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই প্রক্রিয়ায় বেশ কিছু জটিলতা রয়েছে। যেমন—সাত কলেজের বর্তমান শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বা পদ ঠিক রাখা, প্রতিটি কলেজের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখা, সম্পদ ব্যবস্থাপনা এবং কলেজগুলোতে চলমান উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরের পড়াশোনা কীভাবে চলবে—সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তাই তাড়াহুড়ো না করে ধাপে ধাপে একটি সঠিক ও সবার কাছে গ্রহণযোগ্য সমাধানের মাধ্যমে অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগকে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তারা জানিয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবকদের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। একইসঙ্গে, কোনো ধরনের ব্যক্তিগত ধারণা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার প্রথম এই সাতটি কলেজকে আলাদা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছিল। এই কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।


এইচএসসি ২০২৬: ফরম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি ও নীতিমালা প্রকাশ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ০৯:৩২:৪৬
এইচএসসি ২০২৬: ফরম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি ও নীতিমালা প্রকাশ
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার সময়সূচি ও ফি কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১ মার্চ থেকে পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ৯ মার্চ পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা আগেভাগে নিজেদের তথ্য যাচাই করতে পারেন।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার শেষ দিন ১০ মার্চ। তবে কেউ নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ১০০ টাকা বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন সম্পন্ন করার সুযোগ পাবেন। বিলম্ব ফিসহ অর্থ জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমাও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

ফি কাঠামো অনুযায়ী, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা প্রদান করতে হবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৪৩৫ টাকা। তবে এসব বিভাগের কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের বকেয়া টিউশন ফি আদায় করতে পারবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত বা অননুমোদিত ফি আদায় না করার বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। বোর্ড জানিয়েছে, পরীক্ষার শুরুর তারিখ পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

-রাফসান


রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৪:৫২:৫০
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হচ্ছে।

এর আগে মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ছুটি কার্যকর হয় গতকাল থেকেই। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ও একই সময়সূচির আওতায় বন্ধ থাকবে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানায়। সংশোধিত তালিকা অনুযায়ী, ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে শিক্ষক-কর্মচারীরা অতিরিক্ত দুদিন বিশ্রামের সুযোগ পাবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসাগুলো গত ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটিতে রয়েছে। এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে। একই তারিখে স্কুল ও কলেজেও ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রমজানে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা বিবেচনায় এবং শিক্ষাপঞ্জির সামঞ্জস্য বজায় রাখতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ বিরতির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় পাঠদান শুরুর আগে একাডেমিক পরিকল্পনা পুনর্গঠন প্রয়োজন হবে, যাতে শিক্ষার্থীদের পাঠক্রমে কোনো ঘাটতি না থাকে।

সরকারি মহল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়সূচি মেনে চলার এবং নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

-রাফসান


রমজানের প্রথম দিনেই তালা: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১০:২৯:০০
রমজানের প্রথম দিনেই তালা: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু
ছবি : সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষ্যে টানা ৩৬ দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগের শিক্ষাপঞ্জি সংশোধন করে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখা নিয়ে আইনি লড়াই চলে। হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছিলেন। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে মন্ত্রণালয় নিজেরাই ছুটির তালিকায় পরিবর্তন এনে প্রথম রমজান থেকেই ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

এই দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপনের সুযোগ পাবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কারণ রোজা রেখে প্রচণ্ড গরমে ক্লাস করা নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ছিল।

/আশিক


স্কুল-কলেজে আর চলবে না মনগড়া ফি: নতুন নীতিমালায় কড়া হুঁশিয়ারি

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৫:৪৮
স্কুল-কলেজে আর চলবে না মনগড়া ফি: নতুন নীতিমালায় কড়া হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের আর্থিক অনিয়ম দূর করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ শিরোনামে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এই নীতিমালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কোনো প্রতিষ্ঠানে ইতিমধ্যে ভর্তি থাকা শিক্ষার্থীর কাছ থেকে নতুন কোনো শ্রেণিতে ওঠার সময় ‘পুনঃভর্তি ফি’ আদায় করা যাবে না। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কমাতে এবং ভর্তির ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণের বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্কুল, কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো প্রতিষ্ঠান চাইলে নতুন কোনো খাত তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের তহবিল পরিচালনার ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং সব হিসাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানকে।

আর্থিক অনিয়ম রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই নতুন নীতিমালায়। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অনিয়ম ঘটে, তবে তার জন্য কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের আয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকারি মালিকানাধীন ব্যাংকে হিসাব খোলার ওপর অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সব ধরণের ফি, অনুদান কিংবা প্রতিষ্ঠানের সম্পদ থেকে অর্জিত আয় ব্যাংক হিসাব অথবা ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ (SPG)-এর মাধ্যমে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজন কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নগদ অর্থ গ্রহণের সুযোগ রাখা হলেও, সেই অর্থ পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, আয়-ব্যয়ের নির্ধারিত খাতে কোনো ধরণের পরিবর্তন বা সংযোজন করতে হলে অবশ্যই মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি যথাযথভাবে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এই নীতিমালার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

/আশিক


প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০৮:০৭:০১
প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশের সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই নির্দেশনার পরও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আদালতের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর মাধ্যমিক স্তরের ছুটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আদালতের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত কোনো স্পষ্ট উল্লেখ না থাকায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে শিক্ষক–অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা ইতোমধ্যে বাৎসরিক ছুটির একটি প্রস্তাবিত তালিকা প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ পাঠিয়েছে। ওই প্রস্তাবে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। যদিও তালিকাটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ছুটির সময়সীমা ধরা হয়েছে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে রোজার দিনগুলো, ঈদের ছুটি এবং নিয়মিত শুক্র ও শনিবার একত্রে গণনা করে ১৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আদালতের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত অতিরিক্ত কোনো বিশেষ নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গ উল্লেখ নেই। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক স্তরের ছুটি ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বহাল থাকবে কি না, নাকি নতুন সিদ্ধান্ত আসবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা প্রশাসনের পর্যবেক্ষকদের মতে, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে প্রতিবছরই আলোচনার সৃষ্টি হয়। ধর্মীয় অনুশীলন, শিক্ষার্থীদের পাঠঘণ্টা এবং বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য বজায় রাখা এই তিনটি বিষয়কে বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এবারও আদালতের নির্দেশনা ও প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতে সমন্বিত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

-রাফসান


রমজানজুড়ে ছুটি নিয়ে আইনি টানাপোড়েন, উচ্চ আদালতে বড় পরিবর্তন

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:৩৯:৪১
রমজানজুড়ে ছুটি নিয়ে আইনি টানাপোড়েন, উচ্চ আদালতে বড় পরিবর্তন
ছবি : সংগৃহীত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ফলে আপাতত রমজানজুড়ে স্কুল বন্ধের হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন। ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিট দায়ের করেন। এর আগে গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশও দেন তিনি।

এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।


২৭ মার্চ থেকে শুরু হচ্ছে গুচ্ছের ভর্তিযুদ্ধ: প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১১:৩০:২৪
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে গুচ্ছের ভর্তিযুদ্ধ: প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে
ছবি : সংগৃহীত

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে। এই সময়ের পর আর কোনো শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। পরবর্তীতে ৩ এপ্রিল 'বি' ইউনিট এবং ১০ এপ্রিল 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীরা এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এবারের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং) এবং গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষার সুযোগ থাকছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নতুন ও পুরোনো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। দীর্ঘ প্রতীক্ষার পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।

/আশিক


স্কুলে রমজানের ছুটি নিয়ে সুখবর! মন্ত্রণালয়কে মাউশির চিঠি 

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৮:৪৫:২৯
স্কুলে রমজানের ছুটি নিয়ে সুখবর! মন্ত্রণালয়কে মাউশির চিঠি 
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে মাদরাসাগুলোতে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হতে চললেও স্কুলগুলো ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলগুলোতে রমজানের ছুটি সমন্বয় করার দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন জানিয়েছেন শিক্ষকদের একটি অংশ। মাউশি সূত্র জানিয়েছে যে শিক্ষকদের এই আবেদনের প্রেক্ষিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত বা সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

গতকাল রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান যে রমজানের ছুটি সমন্বয় বা স্কুল বন্ধ রাখার ব্যাপারে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মাউশি মূলত শিক্ষকদের কাছ থেকে পাওয়া আবেদনটি ডি-নথির মাধ্যমে মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করে দিয়েছে।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে যেহেতু মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রোজা রাখে এবং নামাজ পড়ে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে রোজা রেখে ক্লাস নেওয়া এবং দীর্ঘ সময় পর তারাবির নামাজ আদায় করা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই বেশ কষ্টকর। মাউশি আশা প্রকাশ করছে যে এই আবেদনটি কার্যকর হতে পারে, কারণ অতীতে সাধারণত রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজই ছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি এখন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।

জানা গেছে যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই আবেদনটি করা হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আবেদনের নেতৃত্ব দেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বার্ষিক ছুটির তালিকায় ৫ মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় ১৫ রমজান পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনে শিক্ষকরা দাবি করেছেন যে তীব্র গরমের মধ্যে রোজা রেখে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই দুঃসাধ্য। বিশেষ করে সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ আদায় করা শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর হয়ে পড়ে। এছাড়াও আবেদনে মার্চ, মে ও ডিসেম্বর মাসের মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যা শিক্ষকদের মাঝে অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে।


শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: টানা ৫ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ!

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ২১:১৫:২৪
শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: টানা ৫ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ!
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারি মাসেই টানা ৫ দিনের বড় ছুটি আসছে। মূলত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১৫ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত টানা পাঁচ দিন দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার),সাপ্তাহিক ছুটি।

১৫ ফেব্রুয়ারি (রোববার),হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।

উল্লেখ্য, এবারের নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। তবে ভোটারদের যাতায়াত এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতাভুক্ত করা হয়েছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এটি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দীর্ঘ মেয়াদী ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

পাঠকের মতামত: