রমজানে স্বস্তি: কালিগঞ্জে টিসিবির স্মার্ট কার্ডে পণ্য সরবরাহ,সাশ্রয়ী মূল্যে চাল-ডাল-তেল

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৩১:১১
রমজানে স্বস্তি: কালিগঞ্জে টিসিবির স্মার্ট কার্ডে পণ্য সরবরাহ,সাশ্রয়ী মূল্যে চাল-ডাল-তেল
সাতক্ষীরা টিসিবি বিতরণ/ছবি : শিমুল হোসেন

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৬৩০ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার মোঃ আবুবকর সিদ্দীকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টিসিবির নির্ধারিত প্যাকেজে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে সরবরাহ করা হয়। প্রতিটি প্যাকেজের মোট মূল্য নির্ধারণ করা হয় ৬০০ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা নির্ধারিত দামে পণ্য পেতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে,স্মার্ট কার্ড ও নির্ধারিত তালিকার ভিত্তিতে সুশৃঙ্খল পরিবেশে পণ্য বিতরণ সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় ছাড়াই উপকারভোগীরা তাদের বরাদ্দকৃত পণ্য সংগ্রহ করেন।উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে টিসিবির এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

বিশেষ করে রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ভার কিছুটা লাঘব করছে।তারা আরও বলেন,সরকারের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত ও বিস্তৃত আকারে অব্যাহত থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও স্মার্ট টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫৮:৫৫
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
প্রবাসীর স্ত্রী ও দুই শিশু /ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), ছেলে হোসাইন (৪), পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)। এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল আলম।পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোক এসে দেখে তিনটি লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।


রমজানের আগে কুমিল্লার বাজার ঊর্ধ্বমুখী: বেগুন, কাঁচামরিচ ও লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫৪:০১
রমজানের আগে কুমিল্লার বাজার ঊর্ধ্বমুখী: বেগুন, কাঁচামরিচ ও লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে
ছবি : মোঃ মাসুদ রানা

পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগমুহূর্তে কুমিল্লার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে বেগুন, কাঁচামরিচ ও লেবুর দাম দ্বিগুণে পৌঁছানোয় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে চরম উদ্বেগ ও অস্বস্তি বিরাজ করছে। বাজার ঘুরে দেখা গেছে, রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে বলে এমন অভিযোগ তুলছেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার কুমিল্লা নগরীর নিউমার্কেট, রাজগঞ্জ ও রাণীর বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এই মসলা জাতীয় সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। একইভাবে প্রতিহালি লেবুর দাম এখন ১০০ টাকা, অর্থাৎ প্রতিটি লেবু ২৫ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুনের দামও বেড়েছে চোখে পড়ার মতো।প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। যেখানে সপ্তাহখানেক আগে ৫৫ থেকে ৬০ টাকায় মিলছিল।হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে বাজারে কেনাকাটা করতে এসে হতাশ হচ্ছেন ক্রেতারা। রাজগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসা রিকশাচালক আবদুল কাদের বলেন,রমজান মানেই ইফতারে বেগুন, মরিচ লাগে। কিন্তু এখন যা দাম, তাতে কিনব কীভাবে? সংসার চালাতে গিয়ে এমনিতেই হিমশিম খাই, তার ওপর বাজারে এলেই মাথায় হাত পড়ে।

নিউমার্কেটে বাজার করতে আসা গৃহিণী শিউলি আক্তারের দৈনিক বাংলাবাজার পত্রিকা কে কণ্ঠেও কথা তিনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ হয়ে গেছে। এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। রমজানের আগে সুযোগ বুঝে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আমরা মধ্যবিত্ত মানুষ। প্রতিদিনের বাজার হিসাব করে চলতে হয়। এভাবে চললে ইফতার কীভাবে করব?আরেক নিম্নমধ্যবিত্ত চাকরিজীবী কামাল হোসেন অভিযোগ করে বলেন, সরবরাহ কমেছে এমন কোনো তথ্য নেই। তবু দাম বাড়ছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, খুচরা ও পাইকারি পর্যায়ে যোগসাজশ আছে। প্রশাসন যদি নজরদারি না বাড়ায়, রমজানে দাম আরও বাড়বে।

ক্রেতাদের অভিযোগ, কাঁচামরিচ, লেবু ও বেগুনসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং, পাইকারি পর্যায়ে অভিযান এবং সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থা না নিলে রমজানজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, লেবু, বেগুন এবং কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। পাইকাররা বলছে সরবরাহ কম। যার কারণে এসব সবজি আমাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। ফলে সীমিত লাভে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে।


আজ কেনাকাটায় যাওয়ার আগে জেনে নিন রাজধানীর বন্ধ মার্কেটের তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০৯:৩১:৫৪
আজ কেনাকাটায় যাওয়ার আগে জেনে নিন রাজধানীর বন্ধ মার্কেটের তালিকা
ছবি : সংগৃহীত

ব্যস্ততম এই নগরীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি রাজধানীর কোন এলাকা বা মার্কেটগুলো আজ বন্ধ রয়েছে। দীর্ঘ যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তবে সময় ও শ্রম দুটোই বিফলে যায়। তাই মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার যেসব এলাকার দোকানপাট ও শপিং মলগুলো সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো।

রাজধানীর এলাকাভিত্তিক ছুটির সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং আবাসিক অঞ্চলের দোকানপাট বন্ধ রাখা হবে। এই তালিকার মধ্যে রয়েছে—কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরি পাড়া, তেজকুনীপাড়া ও ফার্মগেট এলাকা। এছাড়া কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন ও এলিফ্যান্ট রোডের দোকানপাটও আজ খুলবে না। পাশাপাশি শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার বিপণিবিতানগুলো আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে।

এলাকাভিত্তিক এই ছুটির পাশাপাশি বেশ কিছু নামী শপিং মল ও মার্কেটও আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে। ক্রেতাদের ভিড় থাকা বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা এবং সেজান পয়েন্ট আজ বন্ধ থাকবে। নীলক্ষেত ও এলিফ্যান্ট রোড সংলগ্ন নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স এবং বদরুদ্দোজা মার্কেটও আজ খুলবে না। এছাড়া প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট ও ধানমণ্ডি প্লাজার মতো মার্কেটগুলোও ছুটির তালিকার অন্তর্ভুক্ত।

মিরপুর রোড ও ধানমণ্ডি এলাকার মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা এবং অর্কিড প্লাজায় আজ সাপ্তাহিক ছুটি পালন করা হবে। সেই সঙ্গে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটের দোকানগুলোও আজ বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে অবশ্যই এই তালিকাটি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, যাতে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো যায়।

/আশিক


আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০৮:৩৬:২০
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং জরুরি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণমূলক কাজ পরিচালনার লক্ষ্যে সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে। যেসব এলাকায় এ সাটডাউন কার্যকর হবে, সেগুলোর মধ্যে রয়েছে তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ পার্শ্ববর্তী অঞ্চল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ লাইনকে কার্যত সচল হিসেবে বিবেচনা করা হবে। ফলে কাজ চলাকালেও গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই যদি মেরামতকাজ সম্পন্ন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণ এবং লাইনের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্নের মাধ্যমে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও বড় ধরনের বিভ্রাট এড়ানোই এই সাটডাউনের মূল উদ্দেশ্য।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব হয়।

-রফিক


ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অংশবিশেষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০৮:১৪:৪৬
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অংশবিশেষ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণভিত্তিক ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার শহর থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে, সমুদ্রাঞ্চলে।

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক বিশ্লেষণে এটিকে অগভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। ভূকম্পবিদদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত বেশি অনুভূত হতে পারে; তবে কেন্দ্রস্থল সমুদ্রের গভীরে হওয়ায় স্থলভাগে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত স্থানীয়ভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কম্পন অনুভূতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। উপকূলীয় জেলাগুলোতেও আতঙ্ক বা সুনির্দিষ্ট ক্ষতির খবর মেলেনি।

ভূতাত্ত্বিক বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে থাকে। ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের গতিশীলতার কারণে এ অঞ্চলে ভূকম্পন অস্বাভাবিক নয়।

-রাফসান


শপথ ঘিরে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০৭:৫১:৫১
শপথ ঘিরে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ এবং দক্ষিণ প্লাজা এলাকায় পৃথকভাবে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্ভাব্য বিপুল জনসমাগম ও রাষ্ট্রীয় প্রোটোকল বিবেচনায় সংসদ ভবন সংলগ্ন এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

পুলিশের নির্দেশনা অনুযায়ী, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর সংলগ্ন গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যানবাহন চলাচল সীমিত রাখা হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হলেও সাধারণ চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মিরপুর রোড, ধানমন্ডি, আসাদগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আগত যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করে ফার্মগেট ও ধানমন্ডি অভিমুখে চলাচল করতে হবে। বিশেষ করে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি বা হাতিরঝিল সংলগ্ন র‌্যাম্প ব্যবহার করার সুপারিশ করা হয়েছে, যাতে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত যানচাপ সৃষ্টি না হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন মানিক মিয়া এভিনিউ ও লেক রোড পরিহার করে ট্রাফিক বিভাগের নির্দেশিত ডাইভারশন অনুসরণ করেন। রাজধানীবাসীর সহযোগিতা ছাড়া এমন বৃহৎ রাষ্ট্রীয় আয়োজন নির্বিঘ্ন রাখা সম্ভব নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রীয় সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উচ্চ নিরাপত্তা বলয়ে সম্পন্ন হয়। এ কারণে সংসদ ভবন এলাকা এবং আশপাশের সড়কে আগাম ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যানজট এড়াতে এবং ভোগান্তি কমাতে নগরবাসীকে পরিকল্পিতভাবে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

-রফিক


মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:৫৯:১৬
মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। মূলত বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত, সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় এই সাময়িক বিড়ম্বনা দেখা দেবে সেগুলোর মধ্যে রয়েছে—তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর এবং এর আশপাশের এলাকা। ৯ ঘণ্টার এই দীর্ঘ সময়জুড়ে কারিগরি মেরামতের কাজ চলায় গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শাট-ডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগে যদি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তৎপর থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। সিস্টেমের আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

/আশিক


দেশে আবার ভূমিকম্প অনুভূত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:৪০:৪৬
দেশে আবার ভূমিকম্প অনুভূত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের তলদেশে মাঝারিমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই ভূকম্পন আঘাত হানে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা 'ভলকানো ডিসকভারি'-এর তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সংস্থাটি তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার জেলা শহর থেকে আনুমানিক ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের তলদেশে। মাটির গভীরতা অনুযায়ী এটি একটি অগভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। সমুদ্রের গভীরে উৎপত্তিস্থল হওয়ায় উপকূলে এর প্রভাব ঠিক কতটা ছিল, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হওয়ায় এবং উৎপত্তিস্থল সমুদ্রের অনেক গভীরে থাকায় সাধারণ মানুষের মাঝে এটি অনুভূত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত নথিভুক্ত হয়নি। ভলকানো ডিসকভারি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, তাৎক্ষণিকভাবে কোনো নাগরিক এই কম্পন অনুভব করার বিষয়ে তথ্য প্রদান করেননি। বিশেষজ্ঞ মহলের মতে, বঙ্গোপসাগরের এই এলাকাটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় মাঝেমধ্যেই এমন মৃদু বা মাঝারিমাত্রার কম্পন সৃষ্টি হয়ে থাকে।

/আশিক


বিভেদ ভুলে রাজপথে সক্রিয় হওয়ার শপথ নিলেন কালিগঞ্জের বিএনপি নেতারা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৬ ২১:১১:২০
বিভেদ ভুলে রাজপথে সক্রিয় হওয়ার শপথ নিলেন কালিগঞ্জের বিএনপি নেতারা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর উদ্যোগে নির্বাচনী-পরবর্তী দলীয় কার্যক্রম মূল্যায়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

সভায় বক্তারা সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত প্রদান করেন।বক্তারা বলেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর আদর্শ ও নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা নির্বাচনে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই—এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, আগামী দিনে গণমানুষের আস্থা অর্জন করতে হলে সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান (বাপ্পী),উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম,উপজেলা তাঁতী দলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান ,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মোড়ল ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন এবং উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর ,সমাবেশে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, সদস্য শেখ ইসমাইল হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, জেলা তরুন দলের যুগ্ম সম্পাদক আবদুল আলিম, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ সভাপতি শেখ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজর আলী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকপ্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয়, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মতামত: