হাতে-পায়ে জ্বালাপোড়া কেন হয় জানুন কারণ

হাতে-পায়ে অস্বস্তিকর জ্বালাপোড়া অনুভূত হওয়া অনেকের কাছেই পরিচিত সমস্যা। চিকিৎসাবিজ্ঞানে একে প্রায়ই “বার্নিং ফিট সিন্ড্রোম” বা স্নায়ুবিষয়ক জটিলতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই উপসর্গের পেছনে একাধিক শারীরিক কারণ কাজ করতে পারে এবং অনেক ক্ষেত্রে এটি কোনো গুরুতর রোগের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।
সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে স্নায়ুর ক্ষতি বা নিউরোপ্যাথি। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে রক্তে অতিরিক্ত শর্করার প্রভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পায়ের পাতায় জ্বালাপোড়া, ঝিনঝিনি ভাব, অসাড়তা কিংবা তীব্র ব্যথা দেখা দিতে পারে। এ অবস্থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, যা চিকিৎসা না করলে ক্রমে জটিল আকার ধারণ করতে পারে।
পুষ্টিহীনতাও এই সমস্যার একটি গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে ভিটামিন বি১২, বি৬ এবং অন্যান্য বি-কমপ্লেক্স ভিটামিনের ঘাটতি স্নায়ুর কার্যকারিতা দুর্বল করে দেয়। দীর্ঘদিন এ ঘাটতি থাকলে হাতে-পায়ে জ্বালাপোড়া বা ঝিনঝিনি অনুভূতি বাড়তে পারে।
কিডনি ও লিভারের দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রেও শরীরে টক্সিন জমে স্নায়ুকে প্রভাবিত করতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ বা লিভারের কার্যকারিতা কমে গেলে রক্তে ক্ষতিকর উপাদান জমে থেকে এমন উপসর্গ সৃষ্টি করতে পারে।
হরমোনের ভারসাম্যহীনতাও দায়ী হতে পারে। থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা কমে গেলে বা মেনোপজ-পরবর্তী সময়ে নারীদের হরমোনগত পরিবর্তনের কারণে স্নায়বিক অস্বস্তি ও জ্বালাপোড়া দেখা দেয়।
রক্ত সঞ্চালনের সমস্যা থাকলেও পায়ে জ্বালাপোড়া হতে পারে। রক্তস্বল্পতা বা পেরিফেরাল আর্টারি ডিজিজের মতো অবস্থায় অঙ্গপ্রত্যঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এতে ক্লান্তি, ব্যথা ও জ্বালাভাব তৈরি হয়।
এ ছাড়া দীর্ঘ সময় পা ভেজা রাখা, ফাংগাল সংক্রমণ, ত্বকের অ্যালার্জি কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এই সমস্যার পেছনে ভূমিকা রাখতে পারে। ক্যানসার বা যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ স্নায়ুর ওপর প্রভাব ফেলে জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণও স্নায়ুর উত্তেজনা বৃদ্ধি করে উপসর্গ তীব্র করতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি হঠাৎ করে জ্বালাপোড়া তীব্র আকার ধারণ করে, পায়ে ক্ষত বা ঘা দেখা দেয়, অথবা সমস্যা ধীরে ধীরে পায়ের পাতা থেকে ওপরের দিকে ছড়িয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ অবহেলা করলে জটিলতা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে নিজে থেকে ওষুধ সেবন না করে রক্ত পরীক্ষা, ভিটামিনের মাত্রা যাচাই এবং প্রয়োজন হলে স্নায়ুবিষয়ক পরীক্ষা করানো জরুরি। সময়মতো কারণ শনাক্ত করা গেলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যার কার্যকর চিকিৎসা সম্ভব।
টাক সমস্যার সমাধানে প্রচলিত ওষুধের চেয়েও এগিয়ে নতুন উদ্ভাবন
চুল পড়া কিংবা টাকের সমস্যায় ভোগা মানুষের জন্য নতুন আশার আলো দেখাচ্ছেন গবেষকরা। চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে তাঁরা বিশেষ ধরনের একটি বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবন করেছেন। প্রাথমিক গবেষণায় ইঁদুরের ওপর এটি প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। গবেষকদের ধারণা, ভবিষ্যতে চুল পড়ার চিকিৎসায় এই প্রযুক্তি বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই চিরুনিটি তৈরি করেছেন। ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘ট্যাংলড’-এর নামানুসারে এর নাম রাখা হয়েছে ‘ডিট্যাংল’। দেখতে সাধারণ চিরুনির মতো হলেও এর ভেতরে বিশেষভাবে নকশা করা দাঁত এবং ইলেকট্রোড যুক্ত রয়েছে। এটি মাথার ত্বকে মৃদু বৈদ্যুতিক উদ্দীপনা তৈরির পাশাপাশি চুলের গোড়ায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে সাহায্য করে।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে এই প্রযুক্তির কার্যকারিতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। গবেষকরা জানান, ইঁদুরের পিঠের লোম কামিয়ে প্রতি তিন দিন পরপর টানা ২৮ দিন এই চিরুনি ব্যবহার করা হয়, যার ফলে ইঁদুরের শরীরে শতভাগ লোম ফিরে আসে। একই সময়ে প্রচলিত ওষুধ মিনোক্সিডিল প্রয়োগে লোম গজানোর হার ছিল ৭০ শতাংশ। এ ছাড়া চুল পড়া প্রতিরোধে ব্যবহৃত আরেকটি পরিচিত ওষুধ ফিনাস্টেরাইডও এই পরীক্ষায় চিরুনিটির তুলনায় পিছিয়ে ছিল।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ডিট্যাংল মূলত দুটি ধাপে কাজ করে। প্রথমত, এর বিশেষ দাঁতগুলো মাথার ত্বককে সামান্য উঁচু করে ধরে, যাতে ইলেকট্রোড থেকে বের হওয়া ক্ষুদ্র বৈদ্যুতিক স্পন্দন সহজেই ত্বকের গভীরে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, চিরুনির নির্দিষ্ট অংশে সংরক্ষিত চিকিৎসাসংক্রান্ত উপাদান সরাসরি চুলের গোড়ায় প্রবেশ করে নতুন চুল গজাতে উদ্দীপনা জোগায়। পরীক্ষায় দেখা গেছে, এই প্রক্রিয়ায় চুলের ফলিকলের চারপাশে নতুন রক্তনালি তৈরি হয়, যা ওই অংশে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
গবেষকরা মনে করছেন, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত কারণে চুল পড়ার চিকিৎসায় এই চিরুনি অত্যন্ত কার্যকর হতে পারে। তবে এখন পর্যন্ত মানুষের শরীরে এর কোনো পরীক্ষা চালানো হয়নি। তাই মানবদেহে এটি কতটা নিরাপদ ও কার্যকর, তা নিশ্চিত হতে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন সাপেক্ষে চুল পড়ার চিকিৎসায় মিনোক্সিডিল ও ফিনাস্টেরাইড ব্যবহৃত হয়। এর পাশাপাশি মিনোক্সিডিলের দীর্ঘমেয়াদি প্রভাবসম্পন্ন মুখে খাওয়ার ওষুধ ‘ভিডিপিএইচএল০১’ নিয়েও গবেষণা চলছে, যা ছয় মাসের পরীক্ষায় পুরুষদের চুল গজানোর ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দিয়েছে। এ ছাড়া ফিনাস্টেরাইড, মিনোক্সিডিল ও ল্যাটানোপ্রস্টের সমন্বয়ে তৈরি ‘টিএইচ০৭’ নামক একটি থ্রি-ইন-ওয়ান ওষুধ নিয়েও আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে।
/আশিক
সুস্থ ও সবল থাকতে শরীরে কী পরিমাণ প্রোটিনের প্রয়োজন?
শরীর সুস্থ রাখা এবং দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রোটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। পেশি গঠন, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা এবং শরীরের সামগ্রিক বিকাশে প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে। তবে বয়স ও শারীরিক অবস্থার ভিন্নতার কারণে সবার জন্য প্রোটিনের চাহিদা এক রকম হয় না।
অনেকেই প্রতিদিন ঠিক কতটুকু প্রোটিন গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন না, যার ফলে সঠিক পুষ্টির চাহিদা অপূর্ণ থেকে যায়। একজন মানুষের প্রতিদিনের প্রোটিনের প্রয়োজনীয়তা মূলত নির্ভর করে তার বয়স, শরীরের ওজন, শারীরিক পরিশ্রমের মাত্রা এবং সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর। শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য যেমন পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন হয়, তেমনি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পেশি গঠন এবং টিস্যু মেরামতে এটি সমানভাবে জরুরি। অন্যদিকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির স্বাভাবিক ক্ষয় রোধ করতে বয়স্কদের খাদ্যতালিকায় প্রোটিনের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত মানুষের শরীরের ওজনের ওপর ভিত্তি করেই দৈনিক প্রোটিনের চাহিদা নির্ধারণ করা হয়ে থাকে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি কেজি শরীরের ওজনের বিপরীতে প্রতিদিন প্রায় শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়। তবে বয়স এবং শারীরিক অবস্থার তারতম্যে এই পরিমাণেরও পরিবর্তন ঘটে। আন্তর্জাতিক জার্নাল ‘নিউট্রিয়েন্টস’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, জীবনকালের বিভিন্ন ধাপে প্রোটিন গ্রহণের এই নির্দেশিকা ভিন্ন হয়ে থাকে।
জন্ম থেকে ছয় মাস বয়সি শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য প্রায় দেড় গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়, যা মূলত মায়ের দুধ বা ইনফ্যান্ট ফর্মুলার মাধ্যমে পূরণ হয়ে থাকে। সাত থেকে বারো মাস বয়সি শিশুদের প্রতি কেজি ওজনের জন্য প্রায় এক দশমিক দুই গ্রাম প্রোটিন প্রয়োজন হয়, যখন দুধের পাশাপাশি অন্যান্য পরিপূরক খাবার যুক্ত করা শুরু হয়। এক থেকে তিন বছর বয়সি শিশুদের জন্য প্রতি কেজি ওজনে প্রায় এক দশমিক শূন্য পাঁচ গ্রাম এবং চার থেকে আট বছর বয়সি শিশুদের জন্য প্রায় শূন্য দশমিক ৯৫ গ্রাম প্রোটিনের প্রয়োজন নির্ধারিত হয়েছে। এছাড়া নয় থেকে তেরো বছর বয়সিদের ক্ষেত্রেও প্রতি কেজি ওজনে প্রায় শূন্য দশমিক ৯৫ গ্রাম প্রোটিন দরকার হয়।
চৌদ্দ থেকে আঠারো বছর বয়সি কিশোর-কিশোরীদের দ্রুত শারীরিক বৃদ্ধির কারণে প্রতি কেজি ওজনের জন্য প্রায় শূন্য দশমিক ৮৫ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে। উনিশ থেকে চৌষট্টি বছর বয়সিদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনে শূন্য দশমিক আট গ্রাম এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে শারীরিক সক্রিয়তা ও অবস্থার ওপর ভিত্তি করে প্রতি কেজি ওজনের জন্য এক থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিন গ্রহণ উপকারী হতে পারে। তবে এই পরিসংখ্যানগুলো কেবল সাধারণ নির্দেশিকা মাত্র এবং নিয়মিত শরীরচর্চা করা ব্যক্তি, ভারোত্তোলনকারী কিংবা অসুস্থতা থেকে সেরে ওঠা মানুষের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা আরও বেশি হতে পারে।
মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে প্রোটিনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শিশু ও কিশোর বয়সে শরীরের হাড়, পেশি এবং অন্যান্য টিস্যুর দ্রুত বিকাশের জন্য প্রোটিন বিশেষভাবে দরকারি। এই বয়সে শরীর দ্রুত বৃদ্ধি পায় বলে পর্যাপ্ত পুষ্টির জোগান নিশ্চিত করা আবশ্যক। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের পেশির শক্তি বজায় রাখা, কোষ ও টিস্যুর ক্ষয় পূরণ করা এবং প্রয়োজনীয় বিভিন্ন হরমোন ও এনজাইম তৈরি করতে প্রোটিন বড় ধরনের ভূমিকা রাখে। এছাড়া দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতেও এই উপাদানের জুড়ি নেই।
তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের শরীরে প্রাকৃতিকভাবেই পেশির ভর ও শক্তি হ্রাস পেতে শুরু করে, যা চিকিৎসাবিজ্ঞানে সারকোপেনিয়া নামে পরিচিত। এই সমস্যার গতি মন্থর করতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা রেজিস্ট্যান্স ট্রেনিং করার পরামর্শ দেওয়া হয়, যা বয়স্কদের চলাফেরার সক্ষমতা এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সাহায্য করে।
প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সব সময় কৃত্রিম সাপ্লিমেন্টের ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই। নিয়মিত সুষম খাদ্যতালিকায় বিভিন্ন পুষ্টিকর খাবার রাখলেই শরীরের এই চাহিদা সহজে পূরণ করা সম্ভব। প্রোটিনের সহজলভ্য ও প্রচলিত উৎসগুলোর মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই এবং পনির, যা প্রতিদিনের খাদ্যতালিকায় সহজেই যুক্ত করা যায়। উদ্ভিজ্জ প্রোটিনের চমৎকার উৎস হিসেবে মসুর ডাল, ছোলা এবং রাজমার মতো ডাল ও শিমজাতীয় খাবার বেশ জনপ্রিয় এবং সাশ্রয়ী। যারা প্রাণিজ খাবার খান না, তাদের জন্য সয়াবিন ও টোফু অত্যন্ত কার্যকর বিকল্প হতে পারে, যা বিভিন্ন তরকারি ও সালাদের সঙ্গে খাওয়া যায়।
এছাড়া উচ্চমানের প্রোটিনের অন্যতম সহজ উৎস হলো ডিম, যা সকালের নাশতায় রেখে সহজেই পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। কাঠবাদাম, চিনাবাদাম, চিয়া বীজ, কুমড়ার বীজ এবং সূর্যমুখীর বীজের মতো বিভিন্ন বাদাম ও বীজ প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে, তবে এগুলোতে ক্যালরির পরিমাণ বেশি থাকায় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। পাশাপাশি মাছ এবং মুরগির মাংস প্রাণিজ প্রোটিনের বড় উৎস হিসেবে নিয়মিত খাবারের তালিকায় রাখা যেতে পারে।
প্রোটিন গ্রহণের ক্ষেত্রে একটি বড় বিষয় হলো দিনের নির্দিষ্ট সময়ে তা কীভাবে খাওয়া হচ্ছে। প্রতিদিনের প্রয়োজনীয় প্রোটিন একবারে না খেয়ে সকালের নাশতা, দুপুর এবং রাতের খাবারের পাশাপাশি হালকা নাশতায় ভাগ করে খাওয়া বেশি উপকারী। এতে সারা দিন শরীরজুড়ে প্রোটিনের সুষম সরবরাহ বজায় থাকে। তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই যে পেশি দ্রুত গঠিত হবে বা স্বাস্থ্য ভালো হয়ে যাবে, এমন ধারণা সম্পূর্ণ ভুল। বরং অতিরিক্ত প্রোটিনের কারণে অন্যান্য পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট হতে পারে এবং কৃত্রিম সাপ্লিমেন্ট অতিরিক্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
যাদের দীর্ঘমেয়াদি কিডনি রোগ বা অন্য কোনো জটিল শারীরিক সমস্যা রয়েছে, তাদের খাদ্যতালিকায় প্রোটিন যুক্ত করার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। পরিশেষে, বয়স, ওজন এবং দৈনন্দিন শারীরিক পরিশ্রমের মাত্রা বিবেচনা করেই প্রোটিনের সঠিক পরিমাণ নির্ধারণ করা দরকার। সঠিক খাদ্যতালিকা এবং সুষম জীবনচর্চার মাধ্যমেই কেবল দীর্ঘমেয়াদে সুস্থ ও সবল জীবন নিশ্চিত করা সম্ভব।
/আশিক
পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে গেলে যেসব স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়
টেস্টোস্টেরন পুরুষের প্রধান যৌন হরমোন, যা মূলত পুরুষ জননতন্ত্রের সঠিক বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পুরুষের দেহে এই হরমোনের ঘাটতি নিয়ে নানা আলোচনা ও গবেষণা হলেও, এর মাত্রা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেড়ে গেলেও শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্য অনুযায়ী, পুরুষের দেহে টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃদ্ধি পেলে শরীরে মোট ১০ ধরনের নেতিবাচক পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।
প্রথমত, এটি পুরুষের প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে; ফলে শুক্রাণুর সংখ্যা হ্রাস পায়, শুক্রাশয় সংকুচিত বা শুকিয়ে যেতে পারে এবং যৌন অক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, হৃদযন্ত্রের পেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি প্রোস্টেট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে প্রস্রাবের নানা জটিলতা তৈরি করতে পারে এবং যকৃতের কার্যক্ষমতায় নানা সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া, দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে গেলে পায়ে পানি জমে পা ফুলে যাওয়া এবং শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। একই সঙ্গে উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অনিদ্রা ও দীর্ঘস্থায়ী মাথাব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে। কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এই হরমোনের উচ্চ মাত্রা তাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত করে খাটো হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। আর মানসিক ও আচরণগত দিক থেকে হঠাৎ অস্বাভাবিক রেগে যাওয়া কিংবা সব সময় নিশ্চুপ হয়ে থাকার মতো বিভিন্ন মানসিক ও মেজাজগত ত্রুটি পরিলক্ষিত হয়।
/আশিক
শীতে কি সত্যিই ফ্রিজের তাপমাত্রা কমানো উচিত?
শীতের আমেজে অনেকেই ঘরের ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহারে নানা কৌশল খাটান, যার মধ্যে রেফ্রিজারেটর বা ফ্রিজ অন্যতম। আবহাওয়া বদলালেও ফ্রিজের তাপমাত্রা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। শীত হোক কিংবা গরম—খাবারের গুণগত মান ও নিরাপত্তা ঠিক রাখতে ফ্রিজের মূল তাপমাত্রা নির্দিষ্ট সীমায় রাখা উচিত।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের মূল অংশের আদর্শ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে এবং ডিপ ফ্রিজের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হওয়া দরকার। শীতকালে বাইরের পারদ নামলেও ভেতরের এই নির্ধারিত তাপমাত্রা পরিবর্তন করা অনুচিত। কারণ আবহাওয়া ছাড়াও ফ্রিজের ভেতরে থাকা খাবারের পরিমাণ এবং কতবার দরজা খোলা হচ্ছে, তার ওপর কুলিং নির্ভর করে। ফ্রিজের ডায়ালের নম্বর দেখে বিভ্রান্ত না হয়ে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করে সঠিক তাপমাত্রা নিশ্চিত করা যেতে পারে।
পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। এর মধ্যে রয়েছে ফ্রিজ অতিরিক্ত ভর্তি না করা, বারবার অপ্রয়োজনে দরজা না খোলা, খাবার সবসময় ঢেকে সংরক্ষণ করা এবং দরজার রাবারের সিল ঠিক আছে কি না তা পরীক্ষা করা। অপ্রয়োজনীয়ভাবে বেশি ঠান্ডা না করে সঠিক সেটিংস বজায় রাখলেই খাবার নিরাপদ থাকে এবং বিদ্যুৎ খরচও কমে।
/আশিক
টয়লেটে ফোন ব্যবহার: ডেকে আনছেন কোন স্বাস্থ্যঝুঁকি?
ফোন ছাড়া একটা দিন কাটানোর কথা ভাবা এখন প্রায় অসম্ভব। পকেটে বা হাতে ফোন না থাকলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। কিছুক্ষণ পরপর নোটিফিকেশন চেক করা কিংবা স্ক্রল করার এই তীব্র নেশা এখন ঘরের চার দেওয়াল পেরিয়ে অবলীলায় ঢুকে পড়েছে টয়লেটেও। অভ্যাসবশত কমোডে বসেও যারা স্ক্রিন স্ক্রল করেন, তারা আসলে অজান্তেই ডেকে আনছেন বড় স্বাস্থ্যঝুঁকি।
বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা সেখানে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস মানুষের অজান্তেই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়।
পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, তাই সেখানে কথা বলা অনুচিত।
তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন—ওয়াশরুমের পানি শেষ হয়ে যাওয়া বা টিস্যু না থাকার মতো পরিস্থিতিতে সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
তবে ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো সত্তা বা গুণবাচক নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা না হয়।
/আশিক
মাত্র ৩ উপাদানে ঘরোয়া উপায়ে তৈরি করুন সুগন্ধি সাবান
কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা সবার জানা থাকলেও, এর খোসা অধিকাংশ সময়ই ফেলে দেওয়া হয়। তবে এই ফেলে দেওয়া খোসা ব্যবহার করেই বাড়িতে অত্যন্ত কম খরচে এবং মাত্র ৩ থেকে ৪টি উপাদান দিয়ে তৈরি করা সম্ভব প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান।
বাড়িতেই কমলালেবুর খোসা দিয়ে ঘরোয়া উপায়ে সাবান তৈরির এই পদ্ধতিটি অত্যন্ত সহজ। সাবানটি তৈরির জন্য মূলত প্রয়োজন পড়বে কমলালেবুর টাটকা খোসা, সাবান বেস, সামান্য পানি এবং জমানোর জন্য একটি সিলিকন ছাঁচ। সিলিকন ছাঁচ হাতের কাছে না থাকলে ডিসপোজেবল কাগজের কাপ ব্যবহার করলেও চলবে।
প্রথমে কমলালেবুর খোসাগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর সামান্য পানি মিশিয়ে মিক্সারে খোসাগুলোর একটি মিহি পেস্ট তৈরি করা প্রয়োজন। পেস্টে যাতে খোসার কোনো বড় অংশ থেকে না যায়, সে জন্য একটি চালুনি বা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিতে হবে।
এরপর সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে তৈরি রাখতে হবে। এবার একটি পাত্রে পানি দিয়ে তার ওপর আরেকটি বাটি বসিয়ে 'ডাবল বয়লার' পদ্ধতিতে মাঝারি আঁচে সাবান বেস গলিয়ে নিতে হবে। বাটিটি পানিতে কিছুটা ডুবে থাকলেও খেয়াল রাখতে হবে যেন ভেতরে পানি ঢুকে না যায়। সাবান বেস সম্পূর্ণ গলে গেলে তার মধ্যে আগে থেকে ছেঁকে রাখা কমলালেবুর খোসার মিশ্রণটি ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশ্রণটি কম আঁচে ১২ থেকে ১৩ মিনিট অনবরত নাড়তে হবে, যাতে কোনো দলা পেকে না যায়। রান্না শেষ হলে চুলা বন্ধ করে গরম মিশ্রণটি ছাঁচে বা কাগজের কাপে ঢেলে নিতে হবে। সাধারণ ঘরের তাপমাত্রায় প্রায় ৩০ মিনিট রেখে দিলেই সাবানটি জমে শক্ত হয়ে যাবে। দ্রুত শক্ত করতে চাইলে এটি কিছুক্ষণ ফ্রিজেও রাখা যেতে পারে। জমে গেলে ছাঁচ থেকে বের করে নিলেই ব্যবহার উপযোগী হয়ে উঠবে সুগন্ধি সাবান। কমলালেবুর খোসার তৈরি এই সাবান ত্বকের পরিচর্যায় যেমন ভূমিকা রাখে, তেমনই শরীরে দীর্ঘসময় ধরে একটি রিফ্রেশিং প্রাকৃতিক গন্ধ বজায় রাখতে সাহায্য করে।
/আশিক
শীতের সকালে ব্যায়ামের আগে কী খাবেন
শীতের সকালে অলসতা কাটিয়ে শরীরচর্চায় মনোযোগ দেওয়া কঠিন হলেও সঠিক সময়ে পুষ্টি ও পানির জোগান নিশ্চিত করা জরুরি। ক্যাফেইনযুক্ত কৃত্রিম সাপ্লিমেন্টের পরিবর্তে ঘরের সাধারণ উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক পানীয় ক্লান্তি দূর করতে এবং শরীরে শক্তি ও আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। তবে কোন পানীয়টি আপনার জন্য উপযোগী, তা নির্ভর করে মূলত ব্যায়ামের ধরন এবং সময়ের ওপর।
হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা শীতের সকালের জন্য একটি সহজ বিকল্প। এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে এবং তরল গ্রহণে সাহায্য করলেও সরাসরি কোনো চর্বি পোড়ায় না বা শক্তি জোগায় না। অন্যদিকে, কলা ও দুধের স্মুদি কিংবা ওটস ও দুধের মিশ্রণ দীর্ঘ সময় পেট ভরা রাখতে এবং প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও প্রোটিন সরবরাহ করতে বেশ উপকারী। তবে ওটসে ফাইবার থাকায় এটি হজম হতে একটু সময় নেয়, তাই কঠোর ব্যায়ামের ঠিক আগে এটি এড়িয়ে চলা ভালো।
প্রাকৃতিক ইলেকট্রোলাইট ও পটাশিয়ামের উৎস হিসেবে ডাবের পানি বেছে নেওয়া যায়, যদিও এতে সোডিয়ামের মাত্রা কম থাকায় দীর্ঘ ও কঠোর ব্যায়ামে ঘামের ঘাটতি পূরণে এটি একাই যথেষ্ট নয়। এছাড়া বিটরুটের রসে থাকা ডায়েটারি নাইট্রেট রক্তপ্রবাহ ও কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে এবং কমলার রস বা গরম দুধের সঙ্গে কলা খাওয়ার অভ্যাসও শক্তির জোগান দেয়। তবে সব ধরনের ব্যায়ামের জন্য একই পানীয় প্রযোজ্য নয়। এক ঘণ্টার কম সময়ের মাঝারি ব্যায়ামের ক্ষেত্রে কেবল সাধারণ পানিই যথেষ্ট হতে পারে। প্রতিদিন প্রি-ওয়ার্কআউট পানীয় গ্রহণ বাধ্যতামূলক না হলেও, শারীরিক অবস্থা ও স্বাস্থ্যগত জটিলতা যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে এসব পানীয় নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
সূত্র: এনডিটিভি
চোখের নিচে কালো দাগের পেছনে লুকিয়ে থাকা কারণ
সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ে ‘ফেরিটিন ফেস’ নামক একটি ট্রেন্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ট্রেন্ডের দাবি অনুযায়ী, চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে ত্বক ও চুল পড়ার মতো সমস্যাগুলো শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ। তবে চিকিৎসাবিজ্ঞানীদের মতে, মুখাবয়বের এসব দৃশ্যমান পরিবর্তন দেখে শরীরে আয়রন বা ফেরিটিনের মাত্রা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ এসব উপসর্গের পেছনে আরও বিভিন্ন স্বাস্থ্যগত কারণ থাকতে পারে।
ফেরিটিন মূলত একটি প্রোটিন, যা মানবদেহে আয়রন সঞ্চয় করে রাখে। লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেন সরবরাহের কাজ করে, আর এই হিমোগ্লোবিন তৈরির প্রধান উপাদান হলো আয়রন। শরীরে আয়রনের সঞ্চয় কমে গেলে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পেলে তা ‘আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া’ বা রক্তস্বল্পতায় রূপ নেয়।
ত্বক ফ্যাকাশে হওয়া বা চোখের নিচে কালচে ছোপ পড়া আয়রনের ঘাটতির সম্ভাব্য লক্ষণ হলেও জিনগত কারণ, অপর্যাপ্ত ঘুম, অ্যালার্জি বা বয়সের কারণেও তা হতে পারে। একইভাবে চুল পড়ার পেছনে থাইরয়েড, মানসিক চাপ ও হরমোনের সামঞ্জস্যহীনতা ভূমিকা রাখে। নখ দুর্বল হয়ে বাঁকা হওয়া কিংবা মুখের কোণে ফাটল ধরার মতো সমস্যা কেবল পুষ্টির অভাব নয়, ফাঙ্গাল ইনফেকশন বা চর্মরোগের কারণেও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শরীরে আয়রনের ঘাটতির প্রকৃত লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ক্লান্তি, শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন, মাথাব্যথা, মনোযোগের অভাব ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া। তবে প্রাথমিক পর্যায়ে অনেকের মধ্যে কোনো লক্ষণই প্রকাশ পায় না।
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে রক্তে আয়রনের সঠিক মাত্রা জানতে ফেরিটিন ব্লাড টেস্ট ও সিবিসি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডাক্তারের পরামর্শ ছাড়া আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা বিপজ্জনক, কারণ শরীরে অতিরিক্ত আয়রন জমে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
/আশিক
কফি স্ক্রাবেই মিলবে কোরিয়ানদের মতো ‘গ্লাস স্কিন’
কোরিয়ানদের মতো কাচের মতো মসৃণ ও উজ্জ্বল ত্বক বা ‘গ্লাস স্কিন’ পাওয়ার জনপ্রিয় ট্রেন্ডের ছোঁয়া এখন রূপচর্চাপ্রেমীদের মুখে মুখে। এই ধরনের সতেজ ও প্রাণবন্ত ত্বক পেতে বাজারে রকমারি প্রসাধনী পাওয়া গেলেও ঘরোয়া উপায়ে খুব সহজেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে কফি দিয়ে তৈরি ফেস স্ক্রাব অন্যতম কার্যকরী ও সুপরিচিত একটি মাধ্যম হিসেবে নজর কাড়ছে। কফি কেবল ক্লান্তি দূর করতেই নয়, বরং রূপচর্চাতেও সমানভাবে ভূমিকা রাখে। এর সূক্ষ্ম দানাগুলো ত্বকে জমে থাকা মৃত কোষ আলতোভাবে দূর করে এবং ম্যাসাজের ফলে রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বককে ভেতর থেকে সতেজ ও উজ্জ্বল করে তোলে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. চঞ্চল শর্মার মতে, কফির ফেস স্ক্রাব মূলত একটি চমৎকার ফিজিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। কফির ছোট ছোট কণা ত্বককে আলতোভাবে ঘষে পরিষ্কার করে মৃত কোষ দূর করতে সহায়তা করে। ঘরে থাকা নারকেল তেল, অলিভ অয়েল, মধু কিংবা দইয়ের সঙ্গে কফি মিশিয়ে খুব দ্রুতই এর কার্যকর পেস্ট তৈরি করা সম্ভব। কফি স্ক্রাব ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হওয়ার পাশাপাশি ক্যাফেইনের উপস্থিতির কারণে মুখ সতেজ দেখায় এবং চোখের নিচের ফোলাভাব কমে আসে। এ ছাড়া কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান ত্বকের লালচে ভাব ও সংবেদনশীলতা কমাতেও বেশ সহায়ক।
রূপচর্চার সুবিধার্থে ঘরে বসেই খুব সহজে তৈরি করা যায়—এমন ৭টি কফি স্ক্রাবের বিস্তারিত প্রস্তুত প্রণালী ও ব্যবহারবিধি উল্লেখ করা হলো
১. কফি, নারকেল তেল ও মধু
২ টেবিল চামচ কফির গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটি মুখে আলতো করে বৃত্তাকারে ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
২. কফি, লেবুর রস ও অলিভ অয়েল
২ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে প্রস্তুত করুন। সংবেদনশীল চোখের চারপাশ এড়িয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করে ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
৩. কফি, অ্যালোভেরা ও ক্যামোমাইল
২ টেবিল চামচ কফির গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল ও ১ চা চামচ ক্যামোমাইল চা মিশিয়ে মুখে প্রয়োগ করুন। হালকা ম্যাসাজের পর ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৪. কফি ও বেন্টোনাইট ক্লে
২ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ বেন্টোনাইট ক্লে এবং ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট শুকানোর সুযোগ দিন এবং এরপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন।
৫. কফি, অ্যাভোকাডো ও জোজোবা অয়েল
১ টেবিল চামচ চটকে নেওয়া অ্যাভোকাডোর সঙ্গে ২ টেবিল চামচ কফির গুঁড়া ও ১ টেবিল চামচ জোজোবা অয়েল ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ শেষে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬. কফি, গ্রিন টি ও রোজহিপ অয়েল
লিকার তৈরি করে ঠান্ডা করা গ্রিন টি-র সঙ্গে ২ টেবিল চামচ কফির গুঁড়া ও ১ চা চামচ রোজহিপ অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন এবং ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
৭. কফি, ব্রাউন সুগার ও মধু
২ টেবিল চামচ কফির গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ ব্রাউন সুগার এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। সার্কুলার মোশনে আলতোভাবে ম্যাসাজ করে ১০ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।
তবে প্রাকৃতিক এসব স্ক্রাব ব্যবহারের ক্ষেত্রে কিছু জরুরি সতর্কতা মেনে চলা আবশ্যক। যেকোনো নতুন স্ক্রাব মুখে সরাসরি ব্যবহারের আগে ত্বকের একটি ছোট অংশে ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। স্ক্রাব করার সময় কখনই ত্বক জোরপূর্বক ঘষা যাবে না এবং সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি এটি ব্যবহার না করাই শ্রেয়। স্ক্রাবিং সম্পন্ন করার পরপরই ত্বকে একটি উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর যদি ত্বকে কোনো ধরনের চর্মরোগ, তীব্র অ্যালার্জি বা জটিলতা থাকে, তবে ঘরোয়া যেকোনো স্ক্রাব ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: হেলথশটস
পাঠকের মতামত:
- সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিতে সংসদে পাবলিক প্রকিউরমেন্ট বিল পাস
- বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত সরকারের
- পাকিস্তান আমলের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান
- বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর দিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির
- নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না, নতুন স্মৃতিকথায় জানালেন জো বাইডেন
- তাওহীদ হৃদয়কে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ব্যাটিং নেতা বললেন ইয়ান বিশপ
- ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে সরকার
- নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
- প্রশ্নফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা সরকারের
- সংসদে বসেও টানা দুই দিন হুমকি পাওয়ার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়কের
- নিজের ও স্ত্রীর জীবন বাঁচানোর আকুতি জানিয়ে বিচারকদের কাছে খোলা চিঠি ইমরান খানের
- ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
- ইরানি বাহিনীর হাতে মার্কিন ড্রোন জব্দের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
- আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেই জামায়াত ও এনসিপি, জানাল কারণ
- প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে ঢাকা
- নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ও উত্তাল সমুদ্রের সর্বশেষ চিত্র
- পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি
- নিজের স্ত্রীকে এনভিডিয়া প্রধানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্যবসায়ী কাং ওয়েই
- প্রতি মাসে ৫০টি করে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
- হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
- নাটক শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে যেভাবে স্বস্তি পেলেন দর্শকরা
- জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড
- মাত্র তিন দিনেই সৌদি আরব ধ্বংস করা সম্ভব বলে দাবি ট্রাম্পের
- চার তারকাকে পেছনে ফেলে ভ্যান্টিক্স ম্যাগাজিনের বর্ষসেরা মেসি
- ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না এসআরবি
- সারা রাত না ঘুমিয়ে সতীর্থের কক্ষে কাটিয়েছেন বলে জানালেন জামাল ভূঁইয়া
- জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের বাজারে বড় স্বস্তির খবর দিল সরকার
- শান্তি আলোচনার সময় ওয়াশিংটন আন্তরিকতার পরিচয় দেয়নি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
- আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নতুন কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরল সরকার
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং মানুষ একে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- হার নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে আগুন ও ফ্লেয়ার ছোড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা
- দেশের ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ চুরি হয়ে গেছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন চিন্তার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট
- বিশ্বের মোট বিলিয়নিয়ারদের অর্ধেকের বেশি মানুষ বাস করেন কোন দেশগুলোতে?
- হরমুজ প্রণালির আকাশে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শক্তি দেখাল ইরান
- সপ্তাহের শুরুতেই বড় ধরনের ভোগান্তির আশঙ্কা সিলেটের যাত্রীদের
- আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে: জ্বালানি মন্ত্রী
- বিদেশে শীর্ষ নেতৃত্ব আর দেশে গ্রেপ্তার আতঙ্ক, তৃণমূলে বাড়ছে অসন্তোষ
- সেমিফাইনাল ম্যাচের আগে একাদশে বড় পরিবর্তন আনল টিম ম্যানেজমেন্ট
- সাফ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো ভিএআর প্রযুক্তি
- যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যের প্রধান সমুদ্রপথে জাহাজ চলাচলে বড় ধস
- বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ
- দুই পরাশক্তির কূটনৈতিক টানাপোড়েনে চাপে পড়েছে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র
- সিঙ্গাপুরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে জন্ম নিল নতুন ইতিহাস
- রাষ্ট্রক্ষমতায় ফেরার পরই বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান
- রাজধানীর বংশালে ভোরে নারীর ওপর হামলা ও মোবাইল ছিনতাই, থানায় জিডি
- সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব
- রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা
- মুক্তির এক সপ্তাহ না পেরোতেই বিশ্বজুড়ে কত আয় করল ‘রামায়ণ’ পার্ট ১?
- ঢাকার মাঠে ইউরোপীয় ফুটবলের সুবাস ছড়ালেন তরুণ ফারহান
- তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক
- সামরিক শক্তি বা নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামবে না: সাফ বার্তা ইরানের
- সরকারকে অস্বস্তিতে ফেলতে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা
- ইরান যুদ্ধের অবসানের আশায় বিশ্ববাজারে কমল তেলের দর
- শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি
- ইসলামী ছাত্রশিবিরের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জামায়াত
- বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- অধিনায়ক হামজার অভিষেকেই বাংলাদেশের দাপট
- রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের ইঙ্গিত
- দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
- আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজুর রহমান








