প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৬:১৮:২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণের শপথ নেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এটি ছিল তার নেতৃত্বে নতুন প্রশাসনের আনুষ্ঠানিক সূচনা।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারপতি, জ্যেষ্ঠ রাজনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের আগে দক্ষিণ প্লাজা ও সংসদ ভবন এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত প্রটোকল অনুসরণ করে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের সুযোগ পায়। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের শপথ গ্রহণকে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

-রাফসান


নতুন নিয়মে সন্ধ্যার পর যেসব বিপণিবিতান খোলা থাকবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ১২:৫০:৪০
নতুন নিয়মে সন্ধ্যার পর যেসব বিপণিবিতান খোলা থাকবে
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় সরকার একটি সমন্বিত সাশ্রয়নীতি গ্রহণ করেছে, যার লক্ষ্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমিয়ে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে রাখা। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব দোকানপাট, শপিংমল ও বাণিজ্যিক বিপণিবিতান সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে।

তবে জনস্বার্থ বিবেচনায় কাঁচাবাজার, ফার্মেসি এবং খাবারের দোকানসহ জরুরি সেবাগুলো এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত না হয়।

নাসিমুল গনি জানিয়েছেন, এই নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাবে, যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।

বৃহস্পতিবার রাতে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে সময়সূচির পরিবর্তন

শিক্ষা কার্যক্রম চালু থাকলেও স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হবে, যাতে শিক্ষার্থীদের ওপর চাপ না পড়ে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা যায়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই বিস্তারিত নির্দেশনা দেবে।

পরিবহনে ইলেকট্রিক বিকল্পের দিকে ঝোঁক

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এসব বাস আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যদিও পুরোনো বাস আমদানির অনুমতি দেওয়া হয়নি।

সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ

ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য সরকারি খাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন যানবাহন ও কম্পিউটার সরঞ্জাম ক্রয় স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক স্থগিত করা হয়েছে।

এছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেট ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সভা-সেমিনারের আপ্যায়ন খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে।

সামাজিক আয়োজনেও কড়াকড়ি

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিয়ে, অনুষ্ঠান বা উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। অপচয় রোধে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপগুলো স্বল্পমেয়াদে কিছু সীমাবদ্ধতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

-রাফসান


জ্বালানি বাঁচাতে কয়েকটি কড়া পদক্ষেপে সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ১২:০৮:১৮
জ্বালানি বাঁচাতে কয়েকটি কড়া পদক্ষেপে সরকার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ মোকাবিলায় সরকার একটি সমন্বিত কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে। জ্বালানি ব্যবহার কমানো, ব্যয় সংকোচন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে নাসিমুল গনি সাংবাদিকদের সামনে নতুন নীতিমালার বিস্তারিত তুলে ধরেন।

অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব অফিসের দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। ব্যাংকিং খাতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, তবে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে।

বিপণিবিতান ও বাজারে বিধিনিষেধ

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ফার্মেসি ও রেস্তোরাঁর মতো জরুরি সেবাগুলো এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। মাঠপর্যায়ে বাস্তবায়ন তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

পরিবহন ও শিক্ষায় নতুন পরিকল্পনা

যানজট হ্রাস এবং জ্বালানি ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এসব বাস আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেওয়া হয়েছে এবং বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রেও শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে পুরনো বাস আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

আলোকসজ্জা ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসবমুখর আয়োজনে আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অপচয় রোধে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যয় সংকোচনে কঠোর পদক্ষেপ

সরকারি ব্যয় কমাতে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেট ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস নতুন যানবাহন ও কম্পিউটার সরঞ্জাম কেনা বন্ধ থাকবে। পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক স্থগিত করা হয়েছে এবং সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও কমিয়ে আনা হয়েছে।

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ

মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির কারণে তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জনগণের ওপর চাপ কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সরকার।

-রফিক


স্বাস্থ্য অধিদপ্তরের রেড অ্যালার্ট! দেশে বাড়ছে হামের প্রকোপ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ২১:১৩:২১
স্বাস্থ্য অধিদপ্তরের রেড অ্যালার্ট! দেশে বাড়ছে হামের প্রকোপ
ছবি : সংগৃহীত

দেশে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৬ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৬৮৫ জন নতুন করে আক্রান্ত হওয়ার সন্দেহে রয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৫৮৫ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৭ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৬৩ জন নতুন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি শুরু করেছে।

/আশিক


আবহাওয়া অফিসের রেড অ্যালার্ট! ৪ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ২০:২০:৩৭
আবহাওয়া অফিসের রেড অ্যালার্ট! ৪ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি : সংগৃহীত

ঢাকা শহরসহ দেশের ৪টি জেলায় আজ দিবাগত রাতে ৮০০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই চার জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে আগামী দুই দিন এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/আশিক


হাসনাত আব্দুল্লাহর তোপ ও মন্ত্রীর সাফাই: জ্বালানি নিয়ে সরগরম জাতীয় সংসদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ২০:১১:২৮
হাসনাত আব্দুল্লাহর তোপ ও মন্ত্রীর সাফাই: জ্বালানি নিয়ে সরগরম জাতীয় সংসদ
ছবি : সংগৃহীত

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তিকে ঘিরে জাতীয় সংসদে আজ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি জানান, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি এখন পর্যালোচনার টেবিলে রয়েছে।

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী জাতীয় কমিটি এই চুক্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত ওই কমিটির পর্যালোচনায় দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি দামে এই চুক্তিটি সই করেছিল। এই সংকট সমাধানে সরকার এখন আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া অথবা আদানির সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শর্ত সংশোধনের পথ বিবেচনা করছে।

অন্যদিকে, দেশে চলমান তেল সংকট ও পেট্রল পাম্পে দীর্ঘ লাইন নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ সচল রয়েছে। তবে ইরান সংশ্লিষ্ট আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জনমনে ভীতি তৈরি হওয়ায় ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে। এর ফলে পাম্পগুলোতে ভিড় এবং দ্রুত তেল শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এছাড়া গ্রীষ্মকালীন বিদ্যুৎবিভ্রাট সামাল দিতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।


সংসদে ১৩৩ অধ্যাদেশের মহাযজ্ঞ! ৯৮টি পাস, বাতিল হচ্ছে গুরুত্বপূর্ণ ৪টি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ১৯:৪৭:৫৪
সংসদে ১৩৩ অধ্যাদেশের মহাযজ্ঞ! ৯৮টি পাস, বাতিল হচ্ছে গুরুত্বপূর্ণ ৪টি
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি-নির্ধারণী মুহূর্তের সাক্ষী হলো দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট আজ সংসদে পেশ করা হয়েছে। এই রিপোর্টটি উপস্থাপন করেন ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বিশেষ কমিটির এই রিপোর্টে ১৩৩টি অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তর, সংশোধন এবং কয়েকটি ক্ষেত্রে সরাসরি বাতিল বা রহিতকরণের সুপারিশ করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো ধরণের পরিবর্তন ছাড়াই হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ বর্তমান প্রেক্ষাপটে কিছুটা সংশোধন করে পেশ করার জন্য সুপারিশ করেছে কমিটি।

তবে ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। এর মধ্যে ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখনই বিল আকারে সংসদে উত্থাপন না করে পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে আনার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৪টি অধ্যাদেশ সরাসরি রহিতকরণ বা বাতিলের জন্য দ্রুত বিল আনার সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ২০টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির বিরোধী দলের তিন সদস্য—মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জি এম নজরুল ইসলাম ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণ করেছেন।

যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে আসছে না এবং ভবিষ্যতে যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়েছে, সেগুলোর মধ্যে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। যেমন—গণভোট অধ্যাদেশ-২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫। এছাড়াও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং মাইক্রো ফাইনান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬-কেও অধিকতর শক্তিশালী করার তালিকায় রাখা হয়েছে।

অন্যদিকে, ৪টি অধ্যাদেশ সরাসরি রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আনার সুপারিশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে—জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ-২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৬।

জয়নুল আবেদীনের নেতৃত্বে গঠিত এই শক্তিশালী বিশেষ কমিটিতে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম, আসাদুজ্জামান, ওসমান ফারুক, মাহবুব উদ্দিন, আব্দুল বারী, নওশাদ জমির এবং ফারজানা শারমীন। জয়নুল আবেদীন আজ জাতীয় সংসদে এই বিশেষ কমিটির রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের জারি করা এসব বিশাল সংখ্যক অধ্যাদেশের চূড়ান্ত ভাগ্য এখন জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে।

/আশিক


আদানির চুক্তি এখন ‘গলার কাঁটা’! বড় অ্যাকশনে যাচ্ছে সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ১৯:৩৭:০৯
আদানির চুক্তি এখন ‘গলার কাঁটা’! বড় অ্যাকশনে যাচ্ছে সরকার
ছবি : সংগৃহীত

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তিকে ‘গলার কাঁটা’ হিসেবে অভিহিত করে তা পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি জানান, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে ২০১৭ সালে সম্পাদিত এই চুক্তিটি এখন দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী জানান, চুক্তিটি পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের জাতীয় কমিটি তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শেষ করেছে। কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা এই চুক্তিতে বিদ্যুতের দাম দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি ধরা হয়েছে।

এই সংকট সমাধানে সরকার এখন দুটি পথ খোলা রেখেছে: প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া অথবা আদানির সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শর্ত সংশোধন ও দাম কমানোর উদ্যোগ নেওয়া। জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী দেশের স্বার্থ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ২৫ বছর মেয়াদি এই চুক্তির শুরু থেকেই স্বচ্ছতা ও উচ্চমূল্য নিয়ে জনমনে তীব্র বিতর্ক ছিল। ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কেন্দ্র থেকে বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তবে বর্তমান সরকারের এই পদক্ষেপ চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণ তৈরি করছে।

/আশিক


সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ১৯:৩২:০০
সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সহকর্মীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিবেশন চলাকালে একটি ইংরেজি দৈনিকের সংবাদের সূত্র ধরে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওই সংবাদে দেখা গেছে—সংসদে উপস্থিত একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিলে তাঁর এবং আরও দুজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে অত্যন্ত 'কদাকার ও কুৎসিত' ভাষা ব্যবহার করেছেন। তিনি এই ঘটনার বিচার দাবি করে বলেন, "এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে যে ধরণের বক্তব্য দেওয়া হয়েছে, আমি এ বিষয়ে আপনার কাছে বিচার চাইছি।" স্পিকারকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

/আশিক


মার্কেট বন্ধের নতুন সময়সূচি! আন্তর্জাতিক সংকটে দেশের বাজারে নতুন নিয়ম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ১২:৫৭:০৬
মার্কেট বন্ধের নতুন সময়সূচি! আন্তর্জাতিক সংকটে দেশের বাজারে নতুন নিয়ম
ছবি : সংগৃহীত

দেশের সব দোকান, শপিংমল ও বাণিজ্যিক বিতান রাত ৮টার মধ্যে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করেছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে দেশে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও অভ্যন্তরীণ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ থেকেই ঢাকাসহ সারা দেশের সব বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে জনস্বার্থ বিবেচনা করে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবার দোকানগুলো এই নিয়মের আওতাবহির্ভূত থাকবে।

/আশিক

পাঠকের মতামত: