নৌকার ভোট বাগে আনতে বিএনপি ও জামায়াতের যত কৌশল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১৪:৪৬:০৫
নৌকার ভোট বাগে আনতে বিএনপি ও জামায়াতের যত কৌশল
ছবিঃ সংগৃহীত

দেশে বইছে নির্বাচনের হাওয়া আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত এবং ভোটের মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতি নতুন এক সমীকরণ তৈরি করেছে। এখন বড় প্রশ্ন উঠেছে দলটির ভোট আসলে কোন দিকে যাবে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে।

সূত্রগুলো জানাচ্ছে জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপির। তাই প্রকাশ্যে তারা দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না। পাশাপাশি নির্বাচনি প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামায়াতও। এ দলটিও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়াসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদেরও দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামায়াত। খোঁজ নিয়ে দুটি দলেই নতুন এই নির্বাচনি কৌশলের কথা জানা গেছে।

তবে আওয়ামী লীগের ভোট টানার লক্ষ্যকে কেন্দ্র করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে জোট করবে কি না তা নিয়ে বিএনপি ও জামায়াত উভয় দলই পুনর্বিবেচনা করে দেখছে। এনসিপির সঙ্গে নির্বাচনি জোট থাকলে আওয়ামী লীগ সমর্থকরা ভোট নাও দিতে পারে এমন আশঙ্কা থেকে দল দুটি নানা হিসাব নিকাশ কষছে। কারণ আওয়ামী লীগ নেতারা এনসিপিকে প্রধান শত্রু মনে করে এমন আলোচনা আছে দেশের রাজনীতিতে। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে এবং এই সংগঠনের নেতৃত্বদানকারীরাই পরে এনসিপি গঠন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজউদ্দিন আহমেদ একটি সংবাদ মাধমকে বলেছেন আওয়ামী লীগের ভোট জামায়াতে ইসলামীকে দেওয়ার কথা নয়। তাঁর মনে হয় তারা অধিকাংশই ভোটকেন্দ্রে যাবে না আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীষেই ভোট দেবে।

অবশ্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ৫ শতাংশের বেশি নয়। তিনি বলেন আওয়ামী লীগ আমলের শেষের দিকে বিভিন্ন উপনির্বাচনে দেখা গেছে সেখানে কেউ ভোট দিতে যায়নি। শুধু তাদের লোকজন গেলেও ভোট পড়ার কথা ২০ থেকে ৩০ শতাংশ কিন্তু সেখানে ভোট পড়েছে ৬ থেকে ৭ শতাংশ। বাস্তবে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরও যারা আছে আমার ধারণা আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না। আর যারা ভোট দিতে যাবে তারা হয়তো অবস্থার আলোকে ব্যবস্থা নেবে। সফট সাপোর্টার যারা রয়েছে তারা স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কসহ নানা হিসাব নিকাশ করে ভোট দিতে পারেন। তিনি বলেন আমরা তো সবার কাছেই ভোট চাইব এবং কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের বিষয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দেবে। দ্বিতীয়ত ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কের ওপর এবং তৃতীয়ত ৫ আগস্টের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর কতটা নির্যাতন চালিয়েছে সে বিবেচনা নির্ভর করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন প্রার্থীরা স্থানীয় হলে সুবিধা হলো নির্বাচনটি সামাজিক হয়। ফলে ভোটাররা ভোটকেন্দ্রে না এসে থাকতে পারেন না। সে হিসাবে আওয়ামী সমর্থকগোষ্ঠী বা ভোটাররা কেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন দলটির সমর্থকগোষ্ঠী বা ভোটাররা তাদের আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী পায় তবে তাদের ভোট দেবেন। আবার না ভোট দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পাবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বর্তমানে দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশনও নৌকা প্রতীক স্থগিত করেছে। এ অবস্থায় দলটির সমর্থক বা ভোটাররা কাকে ভোট দেবেন কিংবা ভোট দিতে আদৌ কেন্দ্রে আসবেন কি না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নিতে নানা কৌশল ও চেষ্টার প্রমাণও মিলছে বিএনপি ও জামায়াতের অনেক নেতার বক্তব্যে।

ভোট নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। একটি অংশ শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে রাজনীতি করে। এই অংশটির ভোট এবার বিএনপির পক্ষে যাবে বলে মনে হয় কারণ মুক্তিযুদ্ধসহ নানা ইস্যুতে তারা কখনো জামায়াতকে ভোট দেবে না। আরেক অংশ শেখ হাসিনাকে নেতা হিসেবে মেনে রাজনীতি করছে। এই অংশটির আবার দুটি ধারা রয়েছে বলে অনেকে মনে করছেন। তারা বলছেন শেখ হাসিনা যদি কোনো নির্দিষ্ট দলকে ভোট দিতে বলেন বা ভোট বর্জন করতে বলেন তাতে একটি অংশ সাড়া দেবে। আরেকটি অংশ মনে করে শেখ হাসিনার জন্যই আওয়ামী লীগের বর্তমান এই পরিণতি। ফলে তারা শেখ হাসিনার নির্দেশ না মেনে নিজেদের হিসাব নিকাশ থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। অনেকের মতে এই অংশের এলাকার রাজনীতি ও নিরাপত্তার কথা ভেবে বিএনপির ধানের শীষকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। এজন্যই কেউ কেউ মনে করছেন কিছুটা জামায়াত প্রভাবিত উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় আওয়ামী লীগের একাংশ জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের আরও মতামত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের বিএনপির দিকে ঝোঁকার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরাসরি পক্ষে ছিল না বিএনপি। দলটি প্রজ্ঞাপন নয় বিচার করে নিষিদ্ধের পক্ষে ছিল। দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভসহ নানা কর্মসূচিতে সক্রিয় ছিল জামায়াত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জামায়াত আনুষ্ঠানিকভাবে কর্মসূচিও দিয়েছে কিন্তু বিএনপি সেখানে কৌশলী অবস্থান নেয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দেয়নি। যদিও বিএনপি প্রতিক্রিয়ায় জানিয়েছে এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিএনপি উদারপন্থি দল হওয়ার কারণে ভোটের মাঠে অনেক বেশি সুবিধা পাবে।

বিগত জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায় আওয়ামী লীগ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে ৩০ দশমিক ০৮ শতাংশ ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ দশমিক ৪৪ শতাংশ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪০ দশমিক ১৩ শতাংশ ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এরপর তিনটি জাতীয় নির্বাচন হলেও তা ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এর মধ্যে দুটি নির্বাচন একতরফা ও একটি নির্বাচনে ভোটের আগের রাতেই ভোট হয়ে যায়। লক্ষণীয় যে শতকরা হিসাবে আওয়ামী লীগ ভোট কিছুটা বেশি পেলেও ২০০৮ সালের পর আর সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সাহস পায়নি দলটি। কারণ দুঃশাসনের কারণে দলটির জনপ্রিয়তা কমে যায় এবং জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে ছলচাতুরীর আশ্রয় নিয়ে দলটি পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করে। আর এভাবেই প্রথমে স্বৈরশাসক এবং সবশেষে ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

অন্যদিকে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে ৩০ দশমিক ৮১ শতাংশ ১৯৯৬ সালের নির্বাচনে ৩৩ দশমিক ৬১ শতাংশ ২০০১ সালের নির্বাচনে ৪০ দশমিক ৯৭ শতাংশ ও ২০০৮ সালের নির্বাচনে ভোট পেয়েছে ৩৩ দশমিক ২০ শতাংশ। আর বিগত নির্বাচনে ভোটের পরিসংখ্যান বলছে জামায়াতের ভোট কমেছে। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত ভোট পেয়েছে ১২ দশমিক ১৩ শতাংশ ১৯৯৬ সালের নির্বাচনে ৮ দশমিক ৬১ শতাংশ ২০০১ সালের নির্বাচনে ৪ দশমিক ২৮ শতাংশ এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পায় ৪ দশমিক ৬০ শতাংশ।

বিএনপি ও জামায়াত নেতাদের মতে আওয়ামী লীগের প্রায় ১৭ বছরের দুঃশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল যার ফলাফল গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থান। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে দেশের সাধারণ জনগণও জুলাই আগস্ট আন্দোলনে রাস্তায় নেমেছিল। যে কারণে আওয়ামী লীগের আগের ভোটের হারের সঙ্গে বর্তমান অবস্থা মেলানো যাবে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ভোট সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে এমন আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে।


হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:২৪:১৯
হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন
ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় সক্রিয় হওয়া এবং দলীয় কার্যালয় খোলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। পোস্টটি তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রোফাইলেও ট্যাগ করেছেন। নাসীরুদ্দীনের এই প্রশ্নটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বর্তমান অবস্থা নিয়ে জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বেশ আক্ষেপের সুরে লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ তার এই ছোট কিন্তু শক্তিশালী বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচনের ডামাডোলে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি যেন আড়ালে চলে না যায়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও সম্প্রতি বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলার খবর পাওয়া যাচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই এনসিপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বড় কোনো প্রতিক্রিয়া। এই নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে বিজয় ছিনিয়ে নিলেও ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরাজিত হলেও জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে এবং অপরাধীদের বিচারে তার এই অনড় অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। এখন দেখার বিষয়, নতুন সরকার ও নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এই ‘সংস্কার ও বিচার’-এর দাবি কতটা জোরালো হয়।

/আশিক


ববি হাজ্জাজের মন্তব্যে ক্ষুব্ধ খেলাফত মজলিস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:১৬:০৮
ববি হাজ্জাজের মন্তব্যে ক্ষুব্ধ খেলাফত মজলিস
ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ আসনের ফলাফল এবং মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলার হুমকিকে কেন্দ্র করে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ওপর চটেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক কড়া বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ঢাকা-১৩ আসনের রেজাল্ট ডাকাতি এবং ববি হাজ্জাজের অব্যাহত মিথ্যাচার অচিরেই এই সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।" বিবৃতিতে মামুনুল হকের বিরুদ্ধে ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যকে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এর আগে রোববার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে আহত বিএনপি কর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ অভিযোগ করেন যে, নির্বাচনে কেন্দ্র দখল ও হামলার পেছনে মামুনুল হক জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা করা হবে। এই বক্তব্যের প্রতিবাদে খেলাফত মজলিস দাবি করেছে, মামুনুল হকের ‘রিকশা’ প্রতীকের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতেই ফলাফল শিটে টেম্পারিং ও ‘রেজাল্ট ডাকাতি’ করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ২০ মিনিট ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা নিয়ে দলটির ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও মাওলানা মামুনুল হককে দমনে মিথ্যা মামলা ও চরিত্রহননের কৌশল নেওয়া হয়েছিল এবং আজ ববি হাজ্জাজের মাধ্যমে সেই একই ফ্যাসিবাদী ধারার পুনরাবৃত্তি করার চেষ্টা চলছে। এমনকি ববি হাজ্জাজের সঙ্গে শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে এনেছে দলটি। খেলাফত মজলিসের মতে, জনগণের স্পষ্ট রায়কে আড়াল করতেই এমন গভীর ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঢাকা-১৩ আসনসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

/আশিক


চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি : ডা. শফিক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২২ ২২:১০:৫২
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি : ডা. শফিক
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দিতে রাজি না হওয়ায় এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করে বলেন যে, বর্তমান পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি বড় ধরনের আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দেশের মানুষকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান আক্ষেপ করে লেখেন, দেশে চাঁদার সংস্কৃতিকে এমনভাবে ‘জাতীয়করণ’ করা হয়েছে যে, এখন মনে হচ্ছে চাঁদা না দেওয়াই বড় অপরাধ। তিনি অভিযোগ করেন যে, নেতৃত্বের জায়গা থেকে যখন পরোক্ষভাবে চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এই খুনের দায় সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। নিরীহ মানুষের জীবন এভাবে রাজপথে ঝরে পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এই অশুভ শক্তির হাত থেকে জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে সম্মিলিতভাবে লড়াই করার শপথ ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলীয় নেতার এই কঠোর বার্তাটি এমন এক সময়ে এল যখন দেশের পরিবহণ সেক্টরে চাঁদাবাজি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ডা. শফিকুর রহমানের মতে, যারা দেশকে ভালোবাসেন, তাদের সবাইকে আজ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। "আমরা লড়ে যাব ইনশাআল্লাহ"—এই বার্তার মাধ্যমে তিনি রাজপথে কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। যাত্রাবাড়ীর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে যে অসন্তোষ তৈরি হয়েছে, জামায়াত আমিরের এই ডাক তাতে নতুন করে ঘি ঢেলে দিয়েছে।

/আশিক


হাসনাত-পাটওয়ারীদের পথেই জামায়াত আমির: ইনকিলাব স্ট্যাটাসে নেটদুনিয়ায় তোলপাড়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১০:১৮:৫৫
হাসনাত-পাটওয়ারীদের পথেই জামায়াত আমির: ইনকিলাব স্ট্যাটাসে নেটদুনিয়ায় তোলপাড়
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দুই বাক্যের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাসটি দেন। আমিরে জামায়াত সেখানে লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’ তার এই পোস্টটি মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া একটি বক্তব্যের পরোক্ষ প্রতিবাদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের ওই স্ট্যাটাসটিতে পৌনে দুই লাখেরও বেশি রিয়্যাক্ট পড়েছে এবং এটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি বার। একই সময়ের মধ্যে প্রায় ২২ হাজার ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। এর আগে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক বক্তব্যে বলেছিলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’- এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।” মন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

মন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই সামাজিক মাধ্যমে সরাসরি ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেছেন। তাদের এই পাল্টা স্ট্যাটাস প্রকাশের পরপরই তা নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে এসব পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভাষাগত ও আদর্শিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।

/আশিক


জান দেবো কিন্তু জুলাই দেবো না: ব্যারিস্টার আরমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:১৮:৩০
জান দেবো কিন্তু জুলাই দেবো না: ব্যারিস্টার আরমান
ছবি : সংগৃহীত

জান দেবেন কিন্তু জুলাই দেবেন না বলে কঠোর হুঁশিয়ারি ও মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। এছাড়াও তিনি সাফ জানিয়েছেন যে, শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের হত্যার বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে তার পিতা জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান নিজের অতীত স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন পূর্বে আমাকে গুম করে। দীর্ঘ সময় আমি গুমের শিকার ছিলাম, ফলে আমি জানতেও পারিনি আমার পিতার শেষ পর্যন্ত কী হলো। আমার পরিবারও জানতে পারেনি সেই কঠিন সময়ে আমার ভাগ্যে কী ঘটেছিল। আমি ধরে নিয়েছিলাম আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, যে কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমার সাথে যে জুলুম হয়েছে সেই একই জুলুম যাতে বাংলার মাটিতে আর কারো সাথে না হয় সেজন্য আমি নিজেকে আমৃত্যু নিয়োজিত করবো।

নিজের সংসদীয় দায়িত্ব পালন প্রসঙ্গে আরমান বলেন, আল্লাহ তায়ালার করুণায় এবং মানুষের বিশাল সমর্থন নিয়ে জাতীয় সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলার জন্য যে পবিত্র দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি সেজন্য সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি আজ আমার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করতে এসেছি। আমার পিতার যে আদর্শ ছিল, সেই ইসলামী আদর্শ নিয়ে যেন আমি আজীবন চলতে পারি, সেই কঠিন শপথ নেওয়ার জন্যই আজকে আমি এখানে এসেছিলাম।

ব্যারিস্টার আরমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করবো এবং প্রয়োজনে আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেবো কিন্তু জুলাইয়ের চেতনাকে কোনোভাবেই বিকিয়ে দেবো না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার এই মাটিতে হতে হবে এবং আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে। এ সময় অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা জামাতের আমীর মো: ফজলুল হক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আশিক


সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:২৩:২০
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে।

আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাতবরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি।” তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এটি ভাষাশহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা—নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি আরো বলেন, “২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

/আশিক


যশোরে তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে ছবি টাঙালো ছাত্রলীগ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:৪৭:১৬
যশোরে তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে ছবি টাঙালো ছাত্রলীগ
আ.লীগ কার্যালয় খুলে টানানো ছবি। ছবি : সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যার পর তারাবির নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ৩০ থেকে ৩৫ জন।

এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় ‘জয় বাংলা‘ স্লোগান দিতে শোনা যায়। এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ অফিসে তালা ভেঙে ঢুকে পড়া যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/আশিক


১৭ বছর পর ক্ষমতায় এসে এমন আচরণ কাম্য নয়: রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:০২:০৩
১৭ বছর পর ক্ষমতায় এসে এমন আচরণ কাম্য নয়: রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। সেখানে তিনি ফুল দেওয়ার সময় চরম হট্টগোলের সম্মুখীন হন। পরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন নবনির্বাচিত এই এমপি।

সংবাদমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়।’ নিজের দলের কর্মীদের এমন আচরণে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বিএনপিকে বলব, ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে। লোকাল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। বিএনপির নতুন সরকার এসেছে। আশা করি, তারা দল ও সরকার হিসেবে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে।’ এই ঘটনার মধ্য দিয়ে তিনি তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

/আশিক


ঢাকায় ১০ দিনের অ্যাকশন প্ল্যান ইশরাকের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৪:০০:৩৮
ঢাকায় ১০ দিনের অ্যাকশন প্ল্যান ইশরাকের
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য এবং ইশরাক হোসেন, যিনি বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ধাপভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি ঢাকা-৬ আসনকেন্দ্রিক জনদুর্ভোগ কমানো, আইনশৃঙ্খলা জোরদার এবং বাজার স্থিতিশীল রাখতে তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন।

প্রথম ১০ দিনের তাৎক্ষণিক উদ্যোগ

রমজানে গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাসের প্রকৌশলীদের সরাসরি মাঠপর্যায়ে কাজের নির্দেশ দেওয়া হবে। বাসাবাড়িতে সংযোগজনিত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহের চাপ বৃদ্ধি নিয়ে উচ্চপর্যায়ে বৈঠকও হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা আয়োজন করে প্রতিরোধমূলক টহল জোরদার করা হবে। ছিনতাই, চুরি ও সড়ক অপরাধে জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়েছে।

মাদকবিরোধী অবস্থান আরও কঠোর করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক স্পট বন্ধ, রুট নিষ্ক্রিয়করণ এবং চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে। বিদেশে অবস্থানরতদের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে গোপন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ডিএসসিসি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হবে। মজুতদারি ও অস্বাভাবিক মুনাফার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশ–এর ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত দখলমুক্তের উদ্যোগ থাকবে।

ঈদের আগে ও পরবর্তী পর্যায়ের কর্মসূচি

ঈদকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেওয়া হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, খোলা নর্দমা স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড ড্রেন ক্যামেরা দিয়ে পরীক্ষা করে ব্লক অপসারণের পরিকল্পনা রয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি, নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিশ্চিত এবং সড়ক পরিষ্কার কার্যক্রম জোরদার করা হবে। ধুলাপ্রবণ এলাকায় পানি ছিটানো গবেষণাভিত্তিক সমীক্ষার মাধ্যমে পরিচালনার কথাও বলা হয়েছে।

পানি সরবরাহ নেটওয়ার্ক পর্যালোচনা করে যেখানে প্রয়োজন সেখানে নতুন সংযোগ দেওয়া হবে। পাশাপাশি স্ট্রিট লাইট মেরামত ও নতুন আলোকসজ্জা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়নে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ, ভোক্তা অধিকার সংস্থা, ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগ, ঢাকা ওয়াসা এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: