ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি সম্ভাবনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৫ ১২:১১:৪৮
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি সম্ভাবনা

সত্য নিউজ:ঢাকা ও এর আশপাশের অঞ্চলে সোমবার সকালের আবহাওয়া পরিস্থিতিতে মেঘের আধিপত্য লক্ষ্য করা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যদিও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবুও বাতাসে আদ্রতার পরিমাণ ৯১ শতাংশে পৌঁছানোয় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

তাপমাত্রা ও বাতাসের গতি: বাড়ছে গরমের অনুভূতি

সকাল ৬টায় ঢাকায় রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শহরের মানুষের জন্য দিনের দ্বিতীয়ার্ধে কিছুটা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ মিলিমিটার, যা বাস্তবিক অর্থে নগরজীবনে কোনো প্রভাব ফেলেনি। তবে বৃষ্টির এই ক্ষীণ উপস্থিতি মাটি ও বায়ুমণ্ডলে কিছুটা আর্দ্রতা বাড়িয়ে দিয়েছে, যা তাপমাত্রার সঙ্গে মিলিয়ে গরমকে আরও অস্বস্তিকর করে তুলতে পারে।

আবহাওয়ার প্রভাব ও জনজীবনের প্রস্তুতি

বিশ্লেষকদের মতে, চলমান আবহাওয়ার ধরন গ্রীষ্মের শুরুর দিকে স্বাভাবিক হলেও, উচ্চ আর্দ্রতা এবং ধীরে ধীরে বাড়তে থাকা তাপমাত্রা নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা তাপমাত্রাসংবেদনশীল রোগ রয়েছে তাদের জন্য।

পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদে কম যাওয়া এবং হালকা, ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসঙ্গে যারা বাইরে যান, তাদের জন্য ছাতা বা সানগ্লাস ব্যবহার করাও উপযোগী হতে পারে।

পর্যবেক্ষণ ও পূর্বাভাসের গুরুত্ব

আবহাওয়াবিদরা মনে করছেন, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাসের ধীরে ধীরে সক্রিয়তা বাড়ছে। যদিও এখনই বৃষ্টিপূর্ণ আবহাওয়া শুরু হয়নি, তবে আগামী সপ্তাহগুলোতে মৌসুমি বায়ুর সক্রিয়তার ওপর নির্ভর করবে বৃষ্টির প্রকৃতি ও তীব্রতা।

অতএব, জলবায়ুর দ্রুত পরিবর্তনশীলতা ও বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে নিয়মিত আবহাওয়ার আপডেট ও পূর্বাভাস জানা এখন নাগরিক জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।


কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৬:১২:৩২
কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মৎস্যঘেরের বাসায় অগ্নিসংযোগ, জোরপূর্বক দখলচেষ্টা, হুমকি-ধামকি এবং ঘের থেকে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ ফেব্রুয়ারি -২৬) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী পক্ষ জানান, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ- দখলে থেকে মৎস্য চাষ পরিচালনা করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, ঘেরের বাসায় অগ্নিসংযোগ এবং ঘেরের মাছ ধরে নিয়ে যাওয়ার মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে অভিযুক্তরা সঙ্গবদ্ধ হয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ, সাতক্ষীরা বরাবর ১৬/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে প্রেরিত তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয় থেকে বিরোধের সূত্রপাত।পি-৮০৯/২৫ (১৪৫ ধারা) নং মামলায় ১ম পক্ষ উৎপল বৈদ্য (পিতা: মৃত সন্তোষ বৈদ্য, সাং-ঘোজাডাঙ্গা, কালিগঞ্জ) এবং ২য় পক্ষ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইমান আলী গাজীর ছেলে আব্দুর রহিম ও আকবর আলী, ঘোজাডাঙ্গা গ্রামের ধ্রুব বৈদ্যের ছেলে দুর্লভ বৈদ্য, শীতল মণ্ডলের ছেলে শুকদেব মণ্ডল, সমীরণ বৈদ্য, চণ্ডী বৈদ্যসহ অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।

কার্যালয়ের ১৮/০৫/২০২৫ তারিখের ৬৭৪ নং স্মারকের আদেশ মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সরেজমিন তদন্ত সম্পন্ন হয়। তদন্তকালে উভয় পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৪৫ নং কুলিয়া দুর্গাপুর মৌজার বিভিন্ন বি.আর.এস খতিয়ানভুক্ত মোট ০.৮৮০০ একর জমি পৃথক পৃথক ব্যক্তির নামে রেকর্ড রয়েছে।বাদীপক্ষের দাবি, এস.এ ২৬৮ ও ২৬৯ নং খতিয়ানের ১৬০ ও ১৬৪ দাগভুক্ত ১.২১০০ একর জমি দেং-৪৬/৬৮ নং মামলার রায় ও ডিক্রির মাধ্যমে তাদের পিতা সন্তোষ বৈদ্য প্রাপ্ত হন।

পিতার মৃত্যুর পর তারা ওয়ারিশসূত্রে জমির মালিকানা ভোগ করছেন এবং ১৯৯২ সাল থেকে সেখানে মৎস্য চাষ পরিচালনা করে আসছেন। তবে বি.আর.এস জরিপে ভ্রান্তভাবে তাদের নামে রেকর্ড না হয়ে প্রতিপক্ষসহ অন্যদের নামে রেকর্ড হওয়ায় তারা রেকর্ড সংশোধনের জন্য দেং-২৮/ ২০২৫ (মামলা নং ২৮/২৫) মামলা দায়ের করেছেন, যা বর্তমানে সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। ২য় পক্ষ দাবি করেছেন, সংশ্লিষ্ট জমি তারা ক্রয় সূত্রে বৈধভাবে প্রাপ্ত হয়েছেন। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, বর্তমানে ১ম পক্ষ প্রায় ১২বিঘা জমি বেড়িবাঁধ দিয়ে ঘের নির্মাণ করে মৎস্য চাষের মাধ্যমে ভোগ- দখলে আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের মৃত সন্তোষ কুমার বৈদ্যের পুত্র মনোরঞ্জন বৈদ্য, অবনী বৈদ্য ও ধনঞ্জয় বৈদ্য। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তারা আরো বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের রায়ের প্রতিই আস্থা রাখি। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও যদি কেউ শক্তিপ্রয়োগে জমি দখলের চেষ্টা করে, ঘেরের বাসা পুড়িয়ে দেয় এবং আমাদের জীবিকার একমাত্র অবলম্বন নষ্ট করে, তবে তা শুধু অন্যায় নয়—আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায়বিচার কামনা করছি। এসময়ে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: সাতক্ষীরা

দাদিকে কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা: ঈশ্বরদীতে ঘাতকদের পৈশাচিকতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১২:২৫:৪০
দাদিকে কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা: ঈশ্বরদীতে ঘাতকদের পৈশাচিকতা
দাদি-নাতনিকে হত্যার খবরে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর বাবা কাজের সূত্রে ঢাকায় থাকায় দাদি ও নাতনি একসঙ্গেই বাড়িতে থাকতেন। সকালে বাড়ির উঠানে দাদির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিখোঁজ নাতনিকে খুঁজতে গিয়ে পাশের একটি সরিষাক্ষেত থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গভীর রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। সকালে সুফিয়া খাতুনের মরদেহ যে অবস্থায় পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে তাঁকে কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, নাতনি জামিলার মরদেহ বাড়ির পাশের সরিষাক্ষেতে পড়ে থাকায় ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাতে কিশোরী জামিলাকে অপহরণের চেষ্টা করেছিল একদল দুর্বৃত্ত। নাতনিকে বাঁচাতে গিয়ে বাধা দিতে আসায় দাদি সুফিয়া খাতুনকে নির্মমভাবে হত্যা করা হতে পারে। এছাড়া নাতনির মরদেহ সরিষাক্ষেতে পাওয়ায় পুলিশের সন্দেহ, হত্যার আগে তাঁকে ধর্ষণের শিকার হতে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, এই জোড়া খুনের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার সব ধরণের চেষ্টা চলছে।

/আশিক


আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ০৯:৪০:১৮
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সিলেটের লাক্কাতুরা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য আজ একটি ভোগান্তি ও বিড়ম্বনার দিন হতে যাচ্ছে। বার্ষিক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনের ওপর ঝুঁকে থাকা গাছের ডালপালা কাটার কারণে আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এই ৯ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের ফলে উপকেন্দ্রের আওতাধীন একাধিক ফিডার এলাকার কয়েক হাজার গ্রাহক অন্ধকারে থাকবেন। বিশেষ করে লাক্কাতুরাস্থ উপকেন্দ্রের অধীনে থাকা ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের পুরো এলাকা এই বিদ্যুৎহীনতার আওতায় পড়বে। দীর্ঘদিন ধরে জমে থাকা কারিগরি ত্রুটি মেরামত ও যান্ত্রিক সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় যে এলাকাগুলো আজ সবচেয়ে বেশি প্রভাবিত হবে তার মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী এবং পর্যটন এলাকা। এছাড়া সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকাগুলোতেও বিকেল পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে না। সাময়িক এই সমস্যার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে।

/আশিক


আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? একনজরে গুরুত্বপূর্ণ তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ০৯:৩৬:০৯
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? একনজরে গুরুত্বপূর্ণ তালিকা
ছবি : সংগৃহীত

শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে আজ রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি। প্রতিদিনের মতো আজকেও বিভিন্ন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বেশ কিছু অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে, যার ফলে নির্দিষ্ট কিছু এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি বা স্থবিরতা দেখা দিতে পারে। বিশেষ করে নিউমার্কেট, নগর ভবন এবং কারওয়ান বাজার এলাকায় যাতায়াতকারীদের জন্য আজকের সূচি জেনে রাখা অত্যন্ত জরুরি। সকালে কর্মস্থলে বা গন্তব্যে বের হওয়ার আগে আজকের এই বিশেষ কর্মসূচির তালিকাটি দেখে নিলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া সম্ভব হতে পারে।

দিনের শুরুতেই মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ফলে ওই এলাকায় সকাল থেকেই জনসমাগম ও নিরাপত্তা তৎপরতা বেশি থাকবে।

এরপর দুপুর ১২টায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নগর ভবনে যাবেন।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ডিএসসিসি প্রশাসক। বিকেলের দিকে আজিমপুর ও সায়েন্স ল্যাব এলাকায় এর প্রভাব পড়তে পারে।

বিকেলের দিকে কারওয়ান বাজার এলাকায় বড় ধরণের ভিআইপি আনাগোনা দেখা যাবে। বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

একই সময়ে তথ্যমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেল ৫টায় নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে যোগ দেবেন। মন্ত্রীদের এই ঘনঘন যাতায়াত এবং বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ওইসব এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি সতর্কতা থাকবে। তাই অফিস ফেরত যাত্রী বা সাধারণ পথচারীদের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের পরিকল্পনা রাখা বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক


সবুজ পোশাকে সেজেছে ব্রাহ্মণপাড়ার বোরো মাঠ: কৃষকের চোখে এখন সোনালি দিনের স্বপ্ন

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ০৯:২৯:৩২
সবুজ পোশাকে সেজেছে ব্রাহ্মণপাড়ার বোরো মাঠ: কৃষকের চোখে এখন সোনালি দিনের স্বপ্ন
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বোরো মাঠজুড়ে এখন শুধু সবুজ আর সবুজ, যা দেখে মনে হবে যেন বিস্তীর্ণ বোরো মাঠ সবুজ পোশাক পরে সেজে উঠেছে। সবুজের বুকে ঢেউ খেলছে হালকা বাতাস। এই দৃশ্য যেন মন জুড়িয়ে যাওয়ার মতোই সুন্দর ও মনোরম। সবুজে ঘেরা এ বোরো মাঠ শুধু মন বা চোখের প্রশান্তিই দিচ্ছে না, কৃষকদের মনে ফিরিয়ে আনছে আশার আলো। ধান ক্ষেতের বুকে সবুজের এই ঢেউ খেলার দৃশ্যে কৃষকরা ভালো ফলনের স্বপ্নে উজ্জীবিত হয়ে উঠেছেন। কয়েক মাস পর সোনালি ধানে ভরে উঠবে এই প্রান্তর, এমন প্রত্যাশায় দিন গুণছেন কৃষক পরিবারগুলো।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বোরো মাঠ ঘুরে দেখা গেছে, বসন্তের নরম রোদ আর মৃদু বাতাসে দোল খাচ্ছে কচি ধানক্ষেত। বিস্তীর্ণ বোরো মাঠের চোখজুড়ানো এই দৃশ্য এখন নিত্যদিনের সঙ্গী। কোথাও কোথাও সেচের পানির চিকচিকে আভা আর কৃষকদের ব্যস্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ প্রান্তর। ভালো ফলনের আশায় কৃষকরা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে সবুজের খেলা আর কৃষকদের মুখে হাসির দৃশ্যে চিরচেনা বাঙালির চিত্রই যেন ফুটে উঠেছে গ্রামীণ প্রান্তরে। কৃষকরা বলছেন, এবার সময়মতো বীজতলা তৈরি, চারা রোপণ ও সেচের সুব্যবস্থায় বোরো আবাদ ভালো হয়েছে। মাঠজুড়ে কচি সবুজ ধানক্ষেত এবার ভালো ফলনের পূর্বাভাস দিচ্ছে। ফসলে এখন পর্যন্ত ক্ষতিকর পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ চোখে পড়ছে না তাদের। এবার ভালো ফলন প্রাপ্তির আশায় কৃষকরাও ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের কৃষক জামির হোসেন বলেন, এবছর এখন পর্যন্ত আবহাওয়া আমাদের পক্ষে রয়েছে। সময়মতো আমরা ইরিধান রোপণ করতে পেরেছি। ধান রোপণের পর থেকে সময়মতো ক্ষেতে সেচ পাওয়ায় ধানগাছ ভালোভাবে বেড়ে উঠছে। এখন পর্যন্ত খেতে তেমন রোগবালাই নেই। এরকম পরিস্থিতি থাকলে এ বছর ইরির ফলন ভালো হওয়ার আশা করছি। উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার কৃষক আবু তাহের বলেন, ধানের জমিতে নিয়মিত পরিচর্যা করছি। সার ও কীটনাশক সময়মতো ব্যবহার করছি, যার ফলে ধান গাছের পাতা সবুজ ও শক্ত হয়ে উঠছে। এখন মাঠের দিকে তাকালে মন ভরে যায়। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে এবার ভালো ফলন পাব।

উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কৃষক তাজু মিয়া বলেন, আমাদের সারা বছরের সংসার অনেকটাই নির্ভর করে এই ইরি ধানের ফলনের ওপর। তাই ভালো ফলনের আশায় সবাই মিলেমিশে জমিতে কাজ করছি। এবার এই সবুজ মাঠ আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আশা করছি আমাদের ভালো ফলনের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এবছর ফসলের মাঠের চিত্র বেশ ভালো। আশা করছি এ বছর কৃষকরা তাদের কাঙ্খিত ফলন পাবেন। তিনি বলেন, ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের সচেতন করে তুলতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবং এভাবে পরিচর্যা অব্যাহত থাকলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ! ঘন ঘন ঝাঁকুনিতে বড় প্রলয়ের অশনিসংকেত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৮ ০৯:০৮:৫৮
বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ! ঘন ঘন ঝাঁকুনিতে বড় প্রলয়ের অশনিসংকেত
ছবি : প্রথম আলো

বাংলাদেশজুড়ে ভূমিকম্পের আতঙ্ক এখন চরমে পৌঁছেছে। গত এক মাসেই দেশবাসী অন্তত ১০ থেকে ১১ বার মৃদু ও মাঝারি মাত্রার কম্পন অনুভব করেছে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫২ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূকম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকায়, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। জুমার নামাজের পরপরই হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ও টিনশেড ধসে পড়ার খবর পাওয়া গেছে, তবে বড় কোনো প্রাণহানির তথ্য এখনও মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর ও ভূতত্ত্ববিদদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক কম্পন অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা ও মিয়ানমার সীমান্তে একাধিকবার ঝাঁকুনি অনুভূত হয়। এরপর ৯, ১০, ১৯ ও ২৫ ফেব্রুয়ারি সিলেট, সুনামগঞ্জ ও মিয়ানমার সংলগ্ন এলাকায় দফায় দফায় ভূকম্পন রেকর্ড করা হয়। ২৬ ফেব্রুয়ারি ভারতের সিকিমে সৃষ্ট কম্পনও বাংলাদেশে অনুভূত হয়েছিল। মাত্র ২৭ দিনে এতবার মাটি কেঁপে ওঠাকে বিশেষজ্ঞরা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে দেখছেন। গত নভেম্বরেও একইভাবে ঘন ঘন কম্পনের পর নরসিংদীতে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ১০ জনের মৃত্যু ও কয়েকশ মানুষ আহত হন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংযোগস্থলে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ড. জিল্লুর রহমান সতর্ক করেছেন যে, ছোট ছোট অজ্ঞাত ফল্ট লাইন থেকে সৃষ্ট এই কম্পনগুলো বড় বিপদের আগাম বার্তা হতে পারে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে যদি ৭ মাত্রার কোনো ভূমিকম্প আঘাত হানে, তবে তার ফলাফল হবে ভয়াবহ। জাইকার জরিপ বলছে, ঢাকায় শক্তিশালী কম্পন হলে অন্তত ৭২ হাজার ভবন ধসে পড়তে পারে। বিল্ডিং কোড অমান্য করে গড়ে ওঠা কয়েক লাখ ঝুঁকিপূর্ণ ভবন এখন রাজধানী ও বন্দর নগরীর মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বড় বিপর্যয় ঠেকাতে এখনই জাতীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

/আশিক


শনিবার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৩:১৪:৩৩
শনিবার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
ছবি: সংগৃহীত

সিলেট নগর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় শনিবার সকাল থেকে টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ, উপকেন্দ্র সংরক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তাজনিত গাছের ডালপালা অপসারণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।

উপকেন্দ্রের অধীনে থাকা ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাভুক্ত অঞ্চলগুলো বিদ্যুৎবিহীন থাকবে।

এ তালিকায় রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদ সংলগ্ন অংশ, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ পার্শ্ববর্তী অঞ্চল।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপকেন্দ্রভিত্তিক বার্ষিক মেরামতকাজের মাধ্যমে লাইন লস কমানো, যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা এবং ঝুঁকিপূর্ণ গাছপালা অপসারণের মাধ্যমে ভবিষ্যৎ বিভ্রাট প্রতিরোধ করা হয়। গ্রীষ্ম মৌসুমের আগে এই ধরনের কাজ সম্পন্ন করা হলে হঠাৎ লোডশেডিং বা বড় ধরনের যান্ত্রিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

সংশ্লিষ্টরা গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

-রাফসান


মাধবদীতে কিশোরী হত্যা: ইউনিয়ন নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৩:০৬:২৪
মাধবদীতে কিশোরী হত্যা: ইউনিয়ন নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০) এবং মৃত মজিবুরের ছেলে গাফ্ফার (৩৪)।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে একটি সংঘবদ্ধ দল কিশোরীকে তুলে নিয়ে যৌন নির্যাতন করে। ঘটনার পর বিচার চেয়ে পরিবার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হলে আপস-মীমাংসার চেষ্টা হয়। অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি চাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এবং পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়।

পরিবারের দাবি, বুধবার রাতে মেয়েটিকে আবারও জোর করে তুলে নেওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলায় একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় সামাজিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত, স্বচ্ছ বিচারপ্রক্রিয়া এবং সাক্ষী-ভুক্তভোগী সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্থানীয় প্রভাব ও রাজনৈতিক পরিচয় যেন বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত না করে, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

-রাফসান


ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৬:১৫:২৯
ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুরের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৪ মিনিটে সংঘটিত এই ভূকম্পনে নগরীর বাসিন্দাদের মধ্যে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্য, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। উৎপত্তিস্থলটি বেশ দূরে হওয়ায় বাংলাদেশে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

ইউএসজিএস আরও জানিয়েছে যে এই ভূকম্পনটি কেবল বাংলাদেশ ও ভারতেই সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং চীনের দক্ষিণ অঞ্চলেও টের পাওয়া গেছে। মাটির গভীরে এই ভূকম্পনের কেন্দ্রস্থল থাকায় কম্পনটি দীর্ঘক্ষণ স্থায়ী না হলেও ভবনগুলোর ওপরতলায় অবস্থানকারী মানুষ দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সিকিমের পার্বত্য অঞ্চলে এই ধরণের মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই দেখা যায় যা হিমালয় অঞ্চলের ভূ-প্রকৃতির একটি নিয়মিত অংশ। তবে ভূমিকম্পের পর পরবর্তী কয়েক ঘণ্টায় কোনো শক্তিশালী ‘আফটার শক’ বা পুনরায় কম্পনের খবর পাওয়া যায়নি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে এবং ভবনগুলোর ফাটল বা ঝুঁকি যাচাই করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: