মারধরের শিকার ইতালিপ্রবাসী: নেপথ্যে বিএনপি নেতার ১০ লাখ টাকার চাঁদা দাবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৭:৪০:১২
মারধরের শিকার ইতালিপ্রবাসী: নেপথ্যে বিএনপি নেতার ১০ লাখ টাকার চাঁদা দাবি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদা না পেয়ে এক ইতালিপ্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেছেন। মামলায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নুসহ আটজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, অন্য আসামিরা হলেন—খন্দকার মশিউল আযম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, নাজমুল হাসান বিপু, শ্রমিক দল নেতা সহেল শেখ, মো. নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান এবং রায়পুর গ্রামের উজ্জ্বল দাস।

মামলার বাদী পলি আক্তার একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তিনি মামলায় উল্লেখ করেন, তার স্বামী মাসুম শেখ ২০০৭ সালে জীবিকার তাগিদে ইতালি যান। পলি যখন বালিয়াকান্দি কৃষি অফিসে কর্মরত ছিলেন, তখন ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তিনি থানায় মামলাও করেছিলেন এবং পরে বদলি হয়ে ফরিদপুরে চলে যান। সম্প্রতি মাসুম শেখ ইতালি থেকে দেশে ফিরেছেন।

বাদীপক্ষের অভিযোগ, গত ১৫ আগস্ট মাসুম শেখ বালিয়াকান্দিতে জুমার নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খন্দকার মশিউল আযম চুন্নুসহ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়। বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে মাসুম শেখ, তার স্ত্রী পলি আক্তার এবং জিএম মোর্শেদসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে আসামিরা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও বালু মহাল দখলের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছেন। তারা অসহায় মানুষের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করছেন। যৌথবাহিনী একবার তাদের গ্রেপ্তার করলেও কারামুক্ত হয়ে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছেন।

তবে বিএনপি নেতা মশিউল আযম চুন্নু এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘আওয়ামী লীগের আমলে মাসুম শেখ আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছিল। তখন আমার নামে মিথ্যা মামলা করেছিল। এছাড়া অনেক অপরাধ করেছে। এসব কারণে আমার লোকজন তাকে (মাসুম শেখ) মেরেছে।’ মামলার বাদীর সঙ্গে তার গত তিন বছর ধরে কোনো দেখা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু জানান, ইতালিপ্রবাসী মাসুম শেখের স্ত্রী আদালতে মামলা করেছেন বলে তিনি শুনেছেন। তবে দলীয় পদ না থাকায় ওই নেতার বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নিতে পারছেন না। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।

/আশিক


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১০:১২:৩৯
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদের দোকানপাট বা শপিং মলে যেতে হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে যদি দেখেন কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতানগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।

মঙ্গলবার মূলত রাজধানীর একটি নির্দিষ্ট জোনের মার্কেটগুলো বন্ধ রাখা হয়। এর মধ্যে রয়েছে— কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরি পাড়া, তেজকুনী পাড়া, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা। এছাড়া নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।

মার্কেটগুলোর তালিকায় রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি। পাশাপাশি মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউসিয়া মার্কেটও আজ তাদের সাপ্তাহিক ছুটি পালন করবে। যারা ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার কিংবা গাউসুল আজম মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও আজ বিরত থাকতে হবে।

এছাড়া রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা এবং অর্কিড প্লাজাও মঙ্গলবার বন্ধ থাকে। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই অযথা সময় ও শ্রম নষ্ট না করতে তালিকাটি দেখে আপনার আজকের কেনাকাটার পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

/আশিক


আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ০৮:২২:৩৬
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও নানা সরকারি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে সরগরম থাকতে যাচ্ছে পুরো শহর। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, সেমিনার, অধিবেশন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেবেন। পরে তিনি জাতীয় সংসদ ভবনে অস্ট্রেলিয়ান প্রতিনিধি ড. ক্রিস্টোফ জানিয়াক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধির সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে। বিকেলে সরকারি দলের সংসদীয় সভাতেও তিনি অংশ নেবেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে গুরুত্বপূর্ণ কার্যক্রম। রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।

স্বাস্থ্য ও ক্রীড়া খাতেও রয়েছে উল্লেখযোগ্য আয়োজন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নেবেন। এতে জনস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

অর্থনৈতিক নীতিনির্ধারণেও আজ রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান পরিবহন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে অংশ নেবেন। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

পরিসংখ্যান খাতে বড় একটি প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির অডিটোরিয়ামে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কেও আজ দুটি পৃথক সংবাদ সম্মেলন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীতে বড় মাদকবিরোধী অভিযানের তথ্য এবং আন্তর্জাতিক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি কিটামিন ল্যাবের তদন্ত অগ্রগতি তুলে ধরা হবে এসব ব্রিফিংয়ে।

এদিকে আর্থিক খাতকে ঘিরেও রয়েছে আন্দোলনের কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সামনে ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, ব্যাংকিং খাতে আরোপিত ‘হেয়ারকাট’ নীতি প্রত্যাহার এবং লেনদেন স্বাভাবিক করা।

সব মিলিয়ে দিনভর রাজধানীর বিভিন্ন প্রান্তে সমান্তরালভাবে চলবে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, এসব কর্মসূচি কেবল দৈনন্দিন কার্যক্রম নয়, বরং নীতিনির্ধারণ, জনস্বার্থ ও রাজনৈতিক গতিপ্রবাহের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

-রফিক


টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ২১:৫৪:২৩
টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কয়েকটি বসতঘর ও আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকার বাসিন্দা শিল্পীর ঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। আগুন লাগার খবর পেয়ে হামীম গ্রুপ ও এসএস স্টিল করপোরেশনের নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং কর্তৃপক্ষের নির্দেশে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক সহায়তা প্রদান করেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের টানা ৪০ মিনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডের ফলে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বেশ কয়েকটি পরিবারের।

ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল মান্নান জানান, ৫টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম উল্লেখ করেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বস্তির বড় অংশে ছড়াতে পারেনি, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে।

/আশিক


মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ২১:২৮:১৮
মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলায় আগামীকাল মঙ্গলবার জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এ জাম্পারিংয়ের কাজ সম্পন্ন করা হবে। এই কারিগরি কাজের প্রয়োজনেই ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিটে মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাটডাউন কার্যকর থাকবে। একই সময়ে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারেও মেরামত ও সংরক্ষণমূলক রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই বিশেষ মেরামত কাজের কারণে বিউবোর আওতাধীন সুনামগঞ্জ জেলার সব এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ফলে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/আশিক


তনু হত্যা মামলায় ১০ বছর পর নতুন মোড়: ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ২০:১০:২৪
তনু হত্যা মামলায় ১০ বছর পর নতুন মোড়: ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ
তনু /ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় এবার নতুন মোড় নিচ্ছে। মামলা দায়েরের ১০ বছর পর সোমবার (৬ এপ্রিল) আদালতের বিচারক ৩ জনের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির হলে এ নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই তদন্ত কর্মকর্তা।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পরই সোমবার ওই তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করার নির্দেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই, ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়। এগুলো পরে আর ম্যাচিং করা হয়নি। তাই আজ আদালত বলেছেন সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করতে। ওই ৩ জন এরই মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, মামলার পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি জানাতে বলেছেন আদালত। এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুরুতে থানা-পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি।গত প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেনও সোমবার আদালতে আসেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকার সময় বলেছিলেন বিএনপি ক্ষমতার এলে তনু হত্যার বিচার করবেন। আমি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ে হত্যার বিচার চাইব। মেয়ের ছবি নিয়ে ঘুরছি।

ক্ষোভ প্রকাশ করে ইয়ার হোসেন আরও বলেন, দেশের সব হত্যার বিচার হলেও আমার তনুর কেন বিচার হবে না। গত ১০ বছর ধরে বিচারের আশায় তনুর মাকে নিয়ে যে যেখানে বলেছে ছুটে গিয়েছি। এখন আর পারছি না। চাকরি থেকে অবসর নিয়েছি। এক মাসের মধ্যে মেয়ের হত্যার বিচার না পেলে আমি আত্মহত্যা করব। এ জীবন আর রেখে কী লাভ।


লালমাইতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ বসতঘর

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১৯:০৪:১৮
লালমাইতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ বসতঘর
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার লালমাই উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল ধ্বংস হয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হাতিলোটা গ্রামের হাবিবুর রহমান ও মোজাম্মেলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাইফুদ্দিন শাকিল বলেন, আগুন লাগার বিষয়টি টের পেয়ে প্রথমে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।পরে মোটরসাইকেলটি অন্য বাড়িতে সরিয়ে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।তিনি আরো বলেন, লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে গাড়ি আসতে সময় লেগেছে।

উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষয়ক্ষতি কম হতে পারত।স্থানীয় বাসিন্দা ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে অন্য উপজেলা থেকে আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতি কমাতে লালমাই উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি।

ট্যাগ: কুমিল্লা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১৭:১২:১৬
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ৫ এপ্রিল ২০২৬, রবিবার, সন্ধ্যায় ৭টায় নগরীর টাইগারপাসস্থ মোড়ের মামা-ভাগিনা মাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা একরাম হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন। শুরুতে সংগঠনের সদস্য আকতার হোসেন নিজামীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ।

সভায় বক্তারা বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী এবং চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। এই দুটি বিভাগের মানুষের মধ্যে একটি অন্তর্মিল রয়েছে। সিলেটের মানুষ যেমন অতিথিপরায়ণ ও আন্তরিকতায় স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক তেমনি চট্টগ্রামের মানুষ অতিথিপরায়ণ ও আন্তরিক। এ দুটি অঞ্চলের মানুষ দুটি বিভাগের জনমানুষ হলেও এ দুটি অঞ্চলের সামগ্রিক পরিবেশ তথা কৃষ্টি-সংস্কৃতি-সভ্যতায় প্রায়ই মিল।

এ সময় বক্তারা আরো বলেন, চট্টগ্রাম এবং সিলেট একসময় এক বিভাগের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে তা ভৌগোলিকভাবে আলাদা হলেও সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়ে আলাদা করা সম্ভব হয়নি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুর, সহসভাপতি মুছা আলম খান চৌধুরী, সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এম নুরুল হুদা চৌধুরী সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সাংবাদিক নজিব চৌধুরী, মোহাম্মদ তিতাস, নাহিদা আকতার, সিরাজুম মুনিরা রিমঝিম, আয়েশা সিদ্দিকা, কবি আসিফ ইকবাল, মো. মুজিবুর রহমান।

আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


১৮ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে হাহাকার, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১২:৪৮:৪৩
১৮ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে হাহাকার, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
ছবি : সংগৃহীত

চৈত্রের তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠেছে। তবে পর্যাপ্ত জ্বালানির অভাব এবং কারিগরি ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে।

চলতি মাসের শুরু থেকেই এই সংকট ঘনীভূত হতে হতে বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ এক হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দৈনিক এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত পরিকল্পিত লোডশেডিং করতে হচ্ছে। তবে ভুক্তভোগীদের মতে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই বিদ্যুৎ বিভ্রাটের প্রকোপ অনেক বেশি।

পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসি (পিজিসিবি)-র তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট হলেও চলতি গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হতে পারে ১৮ হাজার ৫০০ মেগাওয়াট। বর্তমানে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ১২ হাজার ২০৪ মেগাওয়াট হওয়া সত্ত্বেও গ্যাসের তীব্র সংকটে অর্ধেকের বেশি উৎপাদন সম্ভব হচ্ছে না।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দৈনিক অন্তত ১২০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯৩ কোটি ঘনফুট। এর ওপর ভারতের আদানির একটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে আরও ৭০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। গত শনিবার সর্বোচ্চ চাহিদার বিপরীতে ঘাটতি ছিল এক হাজার ৮০ মেগাওয়াট, যা রোববার কিছুটা কমে ৭৩৭ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে নতুন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে এপ্রিল ও মে মাসে এলএনজি সরবরাহ ব্যাহত হলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে সরকার বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভরতা বাড়াতে চাইছে এবং সেখান থেকে ছয় হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো থেকেও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যদিও উচ্চ উৎপাদন খরচ এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের প্রায় ১৪ হাজার কোটি টাকার বকেয়া পাওনা মেটানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানি তেলের সংকট ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। দৈনিক প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও এসব উদ্যোগ সংকট মোকাবিলায় কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে সংশয় রয়েছে।

/আশিক


ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১০:২৯:৪২
ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
ছবি : সংগৃহীত

ব্যস্ত এই নগরীতে ট্রাফিক জ্যাম ঠেলে পছন্দের মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে বিরক্তির শেষ থাকে না। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নিন আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।

সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে। গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে।

অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট

সোমবার দুপুর পর্যন্ত বা অর্ধদিবস বন্ধ থাকবে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট। কেনাকাটার পরিকল্পনা করার আগে এই তালিকাটি দেখে নিলে আপনার মূল্যবান সময় ও শ্রম বেঁচে যাবে।

/আশিক

পাঠকের মতামত: