মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:১৯:১০
মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম
ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র ৭ বছর বয়সেই ৮৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে বিরল সাফল্যের নতুন উদাহরণ তৈরি করেছে মোহাম্মদ ফাহিম মৃধা। নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা নারায়নপুর এলাকার একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ফাহিম ধর্মীয় শিক্ষায় তার অদম্য মনোবল ও একাগ্রতায় সবাইকে অবাক করেছে। ফাহিম তার দুই ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

ফাহিম নিজেও বলেন, “সকলের দোয়া ও সহযোগিতায় আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পেরেছি। আমার ইচ্ছে ভবিষ্যতে বিশ্বজয়ী হাফেজ ও একজন বড় আলেম হওয়া, ইনশাআল্লাহ।”

তার বাবা-মা বলেন, “৮৮ দিনে কোরআন হিফজের গৌরব অর্জন করায় আমরা গর্বিত। মাদ্রাসার শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ফাহিম এই অর্জন ধরে রাখতে পারবে। সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন বলেন, “ফাহিম অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কম সময়ে কোরআনের মহাগ্রন্থ আয়ত্ত করার মধ্যে তার কঠোর পরিশ্রম ও মনোযোগ স্পষ্ট।”

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির যোগ করেন, “ফাহিম ধারাবাহিক কঠোর অধ্যবসায় ও মনোযোগ দিয়ে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। তার মধ্যে নিঃশব্দ সাধনার ছাপ স্পষ্ট। এটি শুধু তার নিজের শ্রম নয়, পরিবারের, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফাহিম প্রতিদিন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের শুরু করে যা তার হৃদয়ে আলোর পথ সৃষ্টি করেছে।”

পরিবার ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, ফাহিম কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে আগামী দিনে ইসলামী জ্ঞান ও নৈতিকতা নিয়ে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি সেবায় অবদান রাখবে।

/আশিক


পৈতৃক জমির ওপর পিচঢালাই রাস্তার আশঙ্কায় আইনি নোটিশ, যৌথ ভূ-জরিপের দাবি

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৯:৫৯:৩৫
পৈতৃক জমির ওপর পিচঢালাই রাস্তার আশঙ্কায় আইনি নোটিশ, যৌথ ভূ-জরিপের দাবি
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় সরকারি খাস জমি চিহ্নিত করে প্রস্তাবিত পিচঢালাই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। একই সঙ্গে রাস্তা সম্প্রসারণের প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নেওয়া হলে প্রচলিত আইন অনুযায়ী তা অধিগ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াসিনুজ্জামান।আবেদনে তিনি উল্লেখ করেন, শ্রীপুর মৌজায় তাঁর প্রয়াত পিতার ক্রয়কৃত প্রায় ১৬৭ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ জরিপের ৫০৫৬ নম্বর দাগে প্রায় ৭৭ শতাংশ জমি তাঁদের পারিবারিক ও পৈত্রিক মালিকানাধীন বলে দাবি করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি তাঁর পিতার মৃত্যুর পর তিনি, তাঁর মা, দুই ভাই ও পাঁচ বোন ওই সম্পত্তির ওয়ারিশ হয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।আবেদন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বাংলাদেশ জরিপের মৌজা মানচিত্র অনুযায়ী ওই জমির পাশ দিয়ে প্রায় ১৮ ফুট প্রশস্ত সরকারি খাস জমি থাকার কথা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০০ সালের দিকে ওই এলাকায় মাটি ফেলে একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়।

পরবর্তীতে ওই রাস্তার ওপর প্রায় ৬ ফুট প্রশস্ত ইটের রাস্তা নির্মাণ করা হয়।বর্তমানে বিদ্যমান রাস্তা সম্প্রসারণ করে পিচঢালাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাস্তার উভয় পাশ থেকে অতিরিক্ত জমি নেওয়া হলে আবেদনকারীর মালিকানাধীন প্রায় তিন কাঠা বা তারও বেশি জমি রাস্তার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদনকারী দাবি করেন, বিষয়টি যাচাই করতে সিএস, এসএ, আরএস ও বিএস মৌজা মানচিত্র সংগ্রহ করে তিনজন অভিজ্ঞ সার্ভেয়ার ও আমিনের মাধ্যমে সরেজমিনে মাপজোক করা হয়েছে। তাঁদের মাপজোক অনুযায়ী, বর্তমানে যে অংশের ওপর দিয়ে রাস্তা রয়েছে, তার উল্লেখযোগ্য অংশ কিংবা পুরো অংশই তাঁদের পিতার ক্রয়কৃত ব্যক্তি মালিকানাধীন জমির মধ্যে পড়েছে বলে দাবি করা হয়েছে।

একই সঙ্গে বর্তমান রাস্তার পরেও তাঁদের মালিকানাধীন জমি রয়েছে এবং এরপর রেকর্ডীয় সরকারি খাস জমি থাকার কথা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।এ অবস্থায় রেকর্ড ও মৌজা মানচিত্রে উল্লেখ থাকা সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ না করে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর রাস্তা সম্প্রসারণ করা হলে ভবিষ্যতে জমির মালিকানা ও সীমানা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী।তবে সরকারি উন্নয়নমূলক রাস্তা নির্মাণের বিরোধিতা করছেন না বলে জানিয়েছেন মো. ইয়াসিনুজ্জামান। তিনি বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে তাঁদের কোনো আপত্তি নেই; তবে সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করে আইনসম্মতভাবে রাস্তা নির্মাণ করা হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে। আর প্রকল্পের প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নেওয়া অপরিহার্য হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অধিগ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

আবেদনে সিএস, এসএ, আরএস ও বিএস রেকর্ড, সংশ্লিষ্ট মৌজা মানচিত্র এবং মাঠের বর্তমান অবস্থান সমন্বয় করে ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার ও আমিনের মাধ্যমে যৌথ জরিপ ও সীমানা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রেকর্ডীয় প্রায় ১৮ ফুট সরকারি খাস জমির প্রকৃত অবস্থান চিহ্নিত করে সীমানা নির্ধারণ এবং সেখানে রাস্তা নির্মাণের সুযোগ থাকলে ব্যক্তি মালিকানাধীন জমি বাদ দিয়ে সরকারি জমির ওপর দিয়ে রাস্তার গতিপথ নির্ধারণের অনুরোধ করা হয়েছে।

জরিপ ও সীমানা নির্ধারণ সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন জমির ওপর স্থায়ী নির্মাণকাজ বা জমি গ্রহণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। মো. ইয়াসিনুজ্জামান বলেন, “সরকারি উন্নয়নকাজে আমরা বাধা দিতে চাই না। আমাদের দাবি হলো, সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করে আইনসম্মতভাবে রাস্তা নির্মাণ করা হোক। আর সরকারি প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নিতে হলে প্রচলিত আইন অনুযায়ী অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

আবেদনের সঙ্গে তাঁর পিতার ক্রয় দলিলের অনুলিপি, সংশ্লিষ্ট বিএস খতিয়ান বা রেকর্ড এবং মৌজা মানচিত্রের প্রাসঙ্গিক অংশ সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমরা শুনেছি। দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন করা যায়।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।আবেদনের অনুলিপি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি), সেটেলমেন্ট কর্তৃপক্ষ এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও দেওয়া হয়েছে।


বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ: জাতীয় আবহাওয়া দপ্তরের নতুন পাঁচ দিনের তথ্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৯:০৮:৫১
বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ: জাতীয় আবহাওয়া দপ্তরের নতুন পাঁচ দিনের তথ্য
ছবি : সংগৃহীত

দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট ঘনীভূত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় গড়ে ওঠা লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় এবং পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে মঙ্গলবারে দেশের সর্বত্র দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী বুধ, বৃহস্পতি ও শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিনগুলোতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের ঝুঁকি রয়েছে। সারা দেশে এই সময়টাতে দিনের ও রাতের স্বাভাবিক তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পাশাপাশি আবহাওয়া মূলত মেঘলা ও আংশিক শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

/আশিক


বিয়ে সাড়ে চার মাসের মাথায় বিয়োগান্তক পরিণতি: কড়া বিচারে কারাগারে গাজী নজরুল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৮:৫৮:৩৭
বিয়ে সাড়ে চার মাসের মাথায় বিয়োগান্তক পরিণতি: কড়া বিচারে কারাগারে গাজী নজরুল
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

দুই দফায় টানা আট দিনের রিমান্ড প্রক্রিয়া শেষ করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামি গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করেন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। বিপরীতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের জোরালো আবেদন জানালেও আদালত সার্বিক তথ্য-প্রমাণ ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর মামলাটিতে গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলের বিরুদ্ধে আরও চার দিনের বর্ধিত রিমান্ডের অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, মরিয়ম আক্তারকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং সহযোগী মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলার অন্য আসামিরা ইতিপূর্বে রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, চলতি ২০২৬ সালের জুনে ইসলামি শরিয়াহ মোতাবেক মরিয়মের সঙ্গে বিয়ে হয় গাজী নজরুলের। তবে বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও স্বামী নজরুল ইসলাম তাকে অব্যাহতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন, যা মৃত্যুর আগে স্বজনদের জানিয়েছিলেন মরিয়ম।

/আশিক


ধলবাড়িয়া ইউনিয়নের আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৭ ২১:২৩:০৮
ধলবাড়িয়া ইউনিয়নের আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন। এই জনপদের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর উন্নয়নের সাথে যে পরিবারটি নিবিড়ভাবে জড়িয়ে আছে, তা হলো গাজী পরিবার অর্থ্যাৎ খোরশেদ চেয়ারম্যানের পরিবার। দীর্ঘ ৫৫ বছর ধরে এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে আসছেন এই পরিবারটি। আর এই ধারাবাহিকতার বর্তমান প্রতিকৃতি ও আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন।

ধলবাড়িয়া ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নে যার শুরুটা হয়েছিল, তিনি গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা-সাবেক সফল চেয়ারম্যান গাজী খোরশেদ আলম। তিনিও দীর্ঘকাল এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র গাজী শওকাত হোসেন আজও জনমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন।১৯৭৭ সাল থেকে ২০২৬ সাল-এই দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক পরিক্রমায় মাত্র ১১ বছর বাদে বাকি ৩৭ বছর ধরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই পরিবারটি।

অনেক চড়াই-উৎরাই এবং নানান প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আজ তিনি সত্যিকারের জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'ঘোড়া' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। সেবার তিনি ৫,৩৮৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকের প্রার্থী সজল মুখার্জীকে ১,১০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোটের এই ব্যবধান ও জনসমর্থন ধলবাড়িয়া ইউনিয়নে মানবিক সেবার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।ধলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি।

দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সকলে মিলে এখানে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এই মেলবন্ধন রক্ষায় এবং সবার বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে থেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন গাজী শওকাত হোসেন।সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ধলবাড়িয়া ইউনিয়নের সামগ্রিক অগ্রযাত্রায় এই পরিবারটির আত্মত্যাগ ও সেবা স্থানীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে।বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেন ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন।

বর্তমানে এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক 'ডিজিটাল ও মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, "আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক নাগরিক সুবিধা উপহার দেব।


দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৯:৩৪:১৩
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
ছবি : সংগৃহীত

সারা দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চলমান দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য চরম অশনিসংকেত বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব অপকর্মে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি সারাদেশে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরে কঠোর ‘আত্মশুদ্ধি অভিযান’ পরিচালনা করা জরুরি।

সংবাদমাধ্যমে প্রকাশিত নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রাজধানীর ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে মধ্যরাতে হামলা, লুটপাট ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত এবং সম্প্রতি একজন কনটেন্ট ক্রিয়েটরের অফিসে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় শত শত মানুষের সামনে গরিব ও অসহায় মা-শিশুদের চিকিৎসা কেন্দ্র দখলের ঘটনা ক্ষমতাসীন দলের জন্য চরম বিব্রতকর। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের নেতাকর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই ধরনের স্বেচ্ছাচারী আচরণ করলে তা জনগণের কাছে নেতিবাচক বার্তা পাঠাবে।

টিআইবি জানায়, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকার সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীসহ চট্টগ্রাম, সিলেট ও খুলনার বাস টার্মিনাল, ফুটপাত, হাটবাজার, বালুমহাল, জলমহাল, ইন্টারনেট ও ডিশ ব্যবসা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চাঁদাবাজির কেবল হাতবদল ঘটেছে। কোনো কোনো মন্ত্রী যখন চাঁদাবাজিকে ‘দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’ বলে মন্তব্য করেন এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তখন এই অপরাধ রাষ্ট্রীয়ভাবে স্বাভাবিকতা পায়।

টিআইবি স্পষ্ট করে বলেছে, কেবল দলীয় পদ থেকে বহিস্কারের মতো লোকদেখানো ব্যবস্থা যথেষ্ট নয়। অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় পরিচয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। অবিলম্বে প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা না নিলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

/আশিক


১১ জেলায় শুক্রবার রাত পর্যন্ত তীব্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৪ ২১:০৫:১৩
১১ জেলায় শুক্রবার রাত পর্যন্ত তীব্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
ছবি : সংগৃহীত

দেশের প্রায় ১১টি জেলায় আগামীকাল শুক্রবার রাত পর্যন্ত অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে তীব্র বেগে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে নৌ চলাচল নিরাপদ রাখতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রত্যক্ষ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। বিগত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি অপরিবর্তিত থাকলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হয়ে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/আশিক


আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ শ্রীপুরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান পাপিয়া পারভীন

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৩ ২১:০৩:৩৫
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ শ্রীপুরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান পাপিয়া পারভীন
ছবি : শিমুল হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোছা. পাপিয়া পারভীন।পাপিয়া পারভীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো. মাহমুদ আলম মন্টুর সহধর্মিণী। নির্বাচনকে সামনে রেখে তিনি সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।পাপিয়া পারভীন বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।

জনগণের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে সাধ্য অনুযায়ী পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পাপিয়া পারভীন এ সময় আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।


বৃহস্পতিবার দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:৩৭:২৮
বৃহস্পতিবার দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ লাইনের উপরিভাগ ও সংলগ্ন গাছপালার ডালপালা ছাঁটাইসহ ১১ কেভি লাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার তালিকাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, বোসপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা ও মির্জাপুরসহ তৎসংলগ্ন আশপাশের এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

/আশিক


দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২২ ২০:০৭:৫২
দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক বিশাল মেঘের জটলা, যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উপকূলে আঘাত হানার পূর্বে এটি যদি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়মানুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, এবং তালিকা অনুযায়ী এই নামটি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল বাংলাদেশ।

বর্তমানে এই নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় দুই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বুধ ও বৃহস্পতিবারের (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মধ্যবর্তী গভীর রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলভাগ অতিক্রম করতে পারে।

এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার পাশাপাশি ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। অতিবর্ষণের ফলে নিচু অঞ্চল প্লাবিত হওয়ার এবং স্থানীয় নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওড়িশা রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের খুরদা, গঞ্জাম, গজপতি এবং জগৎসিংপুর—এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু যত্ন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকার জেলে এবং স্থানীয় অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

পাঠকের মতামত: