মনোনয়ন ফরম সংগ্রহ: এনসিপি আহ্বায়ক কোন ‘গুরুত্বপূর্ণ’ আসন থেকে লড়বেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ০৯:৩৮:৩৫
মনোনয়ন ফরম সংগ্রহ: এনসিপি আহ্বায়ক কোন ‘গুরুত্বপূর্ণ’ আসন থেকে লড়বেন
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্ভাব্য প্রার্থীরা কার্যালয়ে আসছেন। এরই মধ্যে এনসিপি থেকে ঢাকা-১৮ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

প্রার্থী তালিকা ও আসন পরিচিতি

ঢাকা-১৮ আসন ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ৬টি থানা) নিয়ে গঠিত।

প্রতিদ্বন্দ্বিতা এ আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

অন্যান্য আসনের সম্ভাব্য প্রার্থীরা

এনসিপি থেকে অন্যান্য আসনে নির্বাচন করতে যারা ফরম কিনেছেন, তারা হলেন:

আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সমন্বয়ক, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন।

হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন।

সারজিস আলম উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন।

আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ) আসন।

সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক, নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ) আসন।

ডা. তাসনিম জারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ) আসন।

সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন।

জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন।


আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ১৯:২২:২১
আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি : সংগৃহীত

কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিরোধীদলীয় নেতার ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধীদলীয় নেতার আগের কিছু বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এই ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে রাজনৈতিক জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে দলটিকে ক্ষমা করে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। এছাড়া একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তিনি ফ্যাসিজম শব্দ পছন্দ না করে তাদের রাজনৈতিক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তহীনভাবে এবং কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আওয়ামী লীগকে এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া দেশের মানুষ মেনে নেয়নি এবং সরকারও এটিকে যৌক্তিক মনে করে না।

দেশে বর্তমান সময়ে চলমান অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেই সম্পৃক্ত। এ সময় তিনি ২০০৪ সালের ৪ জুন শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। সেদিনের হরতালে বিআরটিসির একটি বাসে গানপাউডার নিক্ষেপের ফলে জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন সময়ে এ বিষয়ে শেখ সেলিমের দেওয়া জবানবন্দির ভিডিও এখনো ইউটিউবে সংরক্ষিত রয়েছে।

সাম্প্রতিক অস্থিতিশীলতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর পেছনে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়। এছাড়া সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী নিয়মিত অডিও-ভিডিও কলে উসকানি দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া ও চরম শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিস্ট শক্তির এই পলায়নকে নাৎসি বাহিনীর জার্মানি ছাড়ার সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিটলারের অনুসারীরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি এবং রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তিও বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না।

/আশিক


এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ১৮:৪৮:০৮
এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক
ছবি : সংগৃহীত

সংসদ সদস্যদের পরিবার ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার তীব্র সমালোচনা করে এই নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার জোরালো দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে, দেশজুড়ে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে এবং অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসবের মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন অনিয়ম ঘটেছে যা পরবর্তীতে ৩০টিতেও রূপ নিয়েছে। এ সময় তিনি আরও বলেন, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে তৎকালীন বিএনপি নেতারা অসাংবিধানিক বলে অভিহিত করেছিলেন। অথচ বর্তমানে একই ধরনের নিয়মবহির্ভূত ব্যবস্থা চালু করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ পাওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন যে, এমপিদের পরিবারের সদস্যদের পাওয়া এই ডিলারশিপগুলো পুনর্বিবেচনা করা হবে কি না। পাশাপাশি আওয়ামী লীগ আমলের ব্যবসায়ীদের নতুন নিয়োগে সুযোগ দেওয়ার জন্য মন্ত্রণালয় কোনো বিশেষ নিয়ম তৈরি করেছে কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি পরিবারকেন্দ্রিক ব্যবসার এই সংস্কৃতি কবে বন্ধ হবে, সে প্রশ্নও সরাসরি মন্ত্রীর কাছে রাখেন।

হাসনাত আব্দুল্লাহর এসব অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগকে মহোৎসব বলা হলে তিনি শব্দটিকে ইতিবাচক অর্থেই দেখতে চান, যেখানে মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ নেবে। তবে নেতিবাচক অর্থ ধরলে বিষয়টি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে কৃষিমন্ত্রী ব্যাখ্যা দেন যে, ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রণালয় থেকে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

মন্ত্রী আরও জানান, আবেদন প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ার পর তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে গঠিত আরেকটি কমিটি—যেখানে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ৬-৭ জন সদস্য ছিলেন—প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা তিন ব্যক্তির নাম সুপারিশ করে। জেলা পর্যায়ের এই কমিটির সবার স্বাক্ষরযুক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে আসার পর মন্ত্রণালয় থেকে প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় কেবল কমিটির পাঠানো সুপারিশ বাস্তবায়ন করেছে বলে স্পষ্ট করেন কৃষিমন্ত্রী।

/আশিক


মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১০ ১৯:৩৪:৪২
মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ফরিদপুরে বাসে আগুন ধরিয়ে দিয়ে ভেতরের ঘুমন্ত নিরীহ ও নিরপরাধ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমান সরকারের দুর্বল অবস্থানের কারণে সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সত্ত্বেও সরকার অত্যন্ত নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির জঙ্গি কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। এছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ উদাসীনতা প্রদর্শন করেছে এবং জুলাইয়ের চিহ্নিত খুনি ও আওয়ামী সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশের ভেতর নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে এ দেশের মানুষ কখনো পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সব সন্ত্রাসী ও অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

/আশিক


পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১০ ১৮:০০:৫৯
পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী
ছবি : সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কড়া আইনানুগ বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার দাবি করেন? কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এসব সুযোগ পেতে পারেন না।

সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী জানান, শেখ হাসিনার শাসনামলে ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ থাকলেও আজ শত শত মানুষের রক্তের ওপর দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাচ্ছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে তিনি সব মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের সুনিশ্চিত বিচারের দাবি জানান। এ সময় তিনি তারেক রহমানের ওপর চালানো বিগত সরকারের অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, তিনি নিয়মতান্ত্রিকভাবেই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, যার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার কোনো তুলনাই চলে না।

আসন্ন নির্বাচন ও বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জনগণ আর কোনো ‘আমি-ডামি’ বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাস করে না এবং সবার অংশগ্রহণে গঠিত বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবে। পাশাপাশি বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক সুযোগ পেলে এই তরুণরাই একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/আশিক


রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৯ ২০:৫২:৫৭
রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
ছবি : সংগৃহীত

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অধিবেশন চলাকালে তিনি রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ বিতরণ এবং কর্মসংস্থানের বেহাল চিত্র তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন রাখেন।

সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব এবং প্রথম প্রান্তিকে আদায়ের হার লক্ষ্যমাত্রার চেয়েও কম। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি ১১ শতাংশে পৌঁছাতে পারে এবং জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণের হার সর্বনিম্ন ৩ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে এবং কর্মসংস্থান বৃদ্ধির হার ৩৫ শতাংশ কমেছে বলে তিনি উল্লেখ করেন।

এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে তিনি ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পে সংঘটিত ব্যাপক দুর্নীতি, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মামলার বর্তমান বিচারিক পরিস্থিতি এবং সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যকে উদ্দেশ করে জানান যে, এতগুলো বিষয় নিয়ে বিস্তারিত প্রশ্ন করায় তিনি যেন একটি নির্দিষ্ট নোটিশ প্রদান করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, প্রশ্নগুলো যেহেতু একাধিক মন্ত্রণালয় সম্পর্কিত, তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা নোটিশ প্রদান করলে সংসদ সদস্য আরও বিস্তারিত এবং সুনির্দিষ্ট উত্তর লাভ করতে পারবেন।

/আশিক


জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি জামায়াত সংসদ সদস্যের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৯ ১৯:০৪:৩২
জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি জামায়াত সংসদ সদস্যের

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিল বন্ধ করার অভিযোগ তুলে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি ওয়াজ মাহফিলে দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মুফতি আমির হামজা অভিযোগ করেন যে, ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে গত ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে, সারাদেশের মতো তারও যেমন সবখানে যাওয়ার অধিকার রয়েছে, তেমনই ওই প্রতিমন্ত্রীকেও কুষ্টিয়ায় ঢুকতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়া হবে।

তবে আমির হামজার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মাহফিল আয়োজক কমিটি। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা স্পষ্ট জানান যে, অনিবার্য কিছু কারণবশত গত ১ নভেম্বর আয়োজক কমিটির নিজেদের সিদ্ধান্তেই মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরদিন অর্থাৎ ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি আমির হামজার ব্যক্তিগত সচিবকে (পিএস) অবহিত করা হয়েছিল। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।

এছাড়া আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো বিশেষ মহলের ইন্ধনে বর্তমান সরকারকে অকারণে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানও নিশ্চিত করেছেন যে, ওই মাহফিল বন্ধের পেছনে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা সম্পৃক্ততা ছিল না, বরং আয়োজক কমিটি নিজেরাই স্বেচ্ছায় তা স্থগিত করেছিল।

/আশিক


নারীঘটিত অডিও ফাঁসের দাবি নিয়ে মুখ খুললেন মুফতি আমির হামজা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৮ ২০:৪৮:৪৪
নারীঘটিত অডিও ফাঁসের দাবি নিয়ে মুখ খুললেন মুফতি আমির হামজা
ছবি : সংগৃহীত

নারীঘটিত কথোপকথনের বিভিন্ন অডিও ও ভিডিও ফাঁসের দাবি ওঠার পর এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। পুরো ঘটনাটিকে একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেন।

বক্তব্যকালে আমির হামজা জোরালো দাবি করেন যে, দেশের শীর্ষস্থানীয় আলেমদের হেয় প্রতিপন্ন করার জন্য সুনির্দিষ্টভাবে ষড়যন্ত্র চলছে। রাশেদ খাঁনের করা দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলেও আলেমদের ইমেজ ক্ষুণ্ন করতে কৃত্রিম উপায়ে এ ধরনের অডিও তৈরি করে অপপ্রচার চালানো হয়েছিল।

সেসময়ের স্মৃতিচারণ করে তিনি জানান, বিগত সরকারের সময় রিমান্ডে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা তাকে একটি অডিও শোনান, যেটিতে এক নারীর সঙ্গে কথোপকথনরত ব্যক্তির কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বলে দাবি করা হয়েছিল। তার ভাষ্যমতে, সেসময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে ওই অডিও রেকর্ডটি তৈরি করা হয়েছিল।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ঠিক একইভাবে এখন আবার দেশের আলেম সমাজের বিরুদ্ধে নতুন করে সেই পুরনো কায়দায় ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা সচেতনভাবে আলেমদের সম্মানহানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, তাদের এহেন কর্মকাণ্ডের বিচার বগুড়ার মাটিতে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে চেয়েছেন তিনি।

বক্তৃতার একপর্যায়ে তিনি আরও অভিযোগ করেন যে, শহীদ আল্লামা সাঈদীর বিরুদ্ধে অতীতে বহু পৃষ্ঠাব্যাপী কাল্পনিক অভিযোগপত্র তৈরি করা হয়েছিল, যার সঙ্গে মাঠের বাস্তবতার বিন্দুমাত্র মিল খুঁজে পাওয়া যায়নি। আলেমসমাজকে সবসময় সত্য কথা বলা থেকে বিরত রাখা এবং তাদের কণ্ঠ স্তব্ধ করার এই পুরো চক্রান্তের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মুফতি আমির হামজার নারীসংক্রান্ত কিছু কথোপকথনের অডিও এবং ভিডিও তার হাতে এসে পৌঁছেছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ওই ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন যে, প্রাপ্ত অডিও ও ভিডিওগুলো তিনি নিজ দায়িত্বে ফ্যাক্ট চেক করেছেন এবং সেগুলোতে উপস্থাপিত তথ্যের সত্যতাও তিনি পেয়েছেন। পাশাপাশি ওই কথোপকথনের কিছু নির্দিষ্ট অংশ প্রকাশ করার কথা জানিয়ে মূল অডিওর লিংক নিজের করা পোস্টের কমেন্ট বক্সে যুক্ত করে দেবেন বলে জানান রাশেদ খাঁন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথিত অডিওতে এক ব্যক্তিকে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং অনুশোচনা প্রকাশ করতে শোনা যায়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সরাসরি গিয়ে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ ছিল। তবে ছড়িয়ে পড়া ওই অডিওর কণ্ঠস্বর আসলেই কার, তা নিরপেক্ষ বা স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।

/আশিক


জামায়াতের ক্ষমতার লোভে ভেঙে গেছে ইসলামি দলগুলোর ঐক্য: চরমোনাই পীর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৭ ২০:৩৭:৪৯
জামায়াতের ক্ষমতার লোভে ভেঙে গেছে ইসলামি দলগুলোর ঐক্য: চরমোনাই পীর
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভের কারণেই ইসলামি দলগুলোর মধ্যে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলার সম্ভাবনা বিনষ্ট হয়ে গেছে বলে গুরুতর অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গত শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের নীতি ও আদর্শ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই সমস্ত ইসলামি দলগুলোকে, বিশেষ করে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোকে একই পতাকাতলে আনার একটি আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই ঐতিহাসিক ঐক্য প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল প্রথমদিকে যুক্ত ছিল।

তবে জামায়াতে ইসলামীর পরবর্তী ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে—এমনটি অনুধাবন করা মাত্রই জামায়াত দেশের স্বার্থ, সাধারণ জনগণের স্বার্থ এবং ইসলামের বৃহত্তর কল্যাণ বিসর্জন দিয়ে ইসলামি দলগুলোর সম্ভাবনাময় ঐক্যের সুন্দর পরিবেশকে বিনষ্ট করেছে।

ইসলামী আন্দোলনের আমীর আরও জোর দিয়ে বলেন, কেবল ইসলামের মূল নীতি ও আদর্শ রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠা করা গেলেই দেশে কাঙ্ক্ষিত শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে গত ৫৫ বছর ধরে যে পুরোনো নীতি ও ব্যবস্থার ওপর নির্ভর করে দেশ পরিচালিত হয়ে আসছে, সেই একই ধারায় দেশে নতুন করে শান্তি ফিরিয়ে আনার আশা করা একেবারেই যুক্তিহীন ও অমূলক।

/আশিক


ডিসেম্বরে কোনো অপশক্তির দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৭ ২০:১৪:৩৯
ডিসেম্বরে কোনো অপশক্তির দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

কোনো ডিসেম্বরেই কোনো ‘অপশক্তির’ দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে অনেকেই দেশে আসার চেষ্টা করতে পারেন, তবে জুলাই গণঅভ্যুত্থানের মতো ছাত্র-জনতা এবারও তাদের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অতীতে উদারতা দেখিয়ে ক্ষমা করা হলেও গত দুই বছরেও ওসমান হাদি হত্যাকাণ্ড কিংবা জুলাইয়ের শহীদদের হত্যার কোনো বিচার পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিচার না পেলে সাধারণ মানুষ নিজেই প্রতিরোধ গড়ে তুলবে উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের পাশাপাশি প্রতিরোধের মাস। ১৯৭১ ও ২০২৪ সালের মতো ২০২৬ সালের ডিসেম্বরেও দেশের ছাত্র-জনতা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সময় নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনেরও গুরুত্বপূর্ণ সময়। বিগত দিনে ক্যাম্পাসগুলোতে র‍্যাগিং, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কেবল ফুল ও উপহার দিয়ে মন জয় করা ছাত্রসংগঠনের কাজ নয়, বরং শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট সমাধানে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করাই প্রকৃত ছাত্ররাজনীতির দায়িত্ব।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত: