ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহর সতর্ক বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১১:৫০:৫২
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহর সতর্ক বার্তা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) তাদের অবস্থান স্পষ্ট করেছে। সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজধানীর বাংলামোটরে এক আলোচনা সভায় বলেন, আগের মতো প্রশাসননির্ভর বা ওসিনির্ভর নির্বাচন বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, এনসিপি কখনোই আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে যাবে না, কারণ এমন নির্বাচন মানে হবে “মধ্যরাতের ভোট” পুনরাবৃত্তি। তার মতে, জনগণের সামনে প্রকৃত বিকল্প থাকা অপরিহার্য, আর সেই বিকল্পই গণতন্ত্রকে টিকিয়ে রাখবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি কোনো অবস্থাতেই কেনাবেচার রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের আসন সমঝোতার লোভ দেখিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া।” তিনি উল্লেখ করেন, জনগণের আস্থাই এনসিপির শক্তি, আর সেই আস্থা থাকলেই তারা টিকে থাকবে।

তিনি রাজনৈতিক সংস্কৃতির এক তীব্র সমালোচনা করে বলেন, অতীতে সচিবালয়ে বিকেল ৫টায় অফিস শেষ হওয়ার আগেই রাজনৈতিক প্রভাব খাটাতে গুলশান, পল্টন কিংবা ধানমন্ডি ৩২-এ “লাইন ধরা” শুরু হতো। এ ধরনের প্রথা কখনো আওয়ামী লীগ কিংবা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি। তিনি সতর্ক করে বলেন, ৫ আগস্টের যে পরিস্থিতি পরিবর্তনের সূচনা করেছে, যদি সেই কারণগুলো বিদ্যমান রাখা হয়, তবে ৫ বা ১০ বছর পর দেশে আবারও গণপ্রতিরোধ দেখা দিতে পারে।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট অবস্থান নেন। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আমরা নাকি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা নেই। দেশের প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিকের সামনে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—কেউ যদি প্রমাণ করতে পারে যে, আমি বা আমার সহযোদ্ধারা এক টাকার দুর্নীতি করেছি, তবে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।” তার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চরিত্রহননের চেষ্টা চলছে, অথচ কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করা হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায়ও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কি কখনো দেখা গেছে যে একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন? তার মতে, ড. মুহাম্মদ ইউনূস কার্যত লন্ডনে থেকেই এ সরকারকে “বিক্রি করে দিয়েছেন।”

ভবিষ্যৎ নির্বাচনী কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, শুধু নির্বাচন ঘোষণাই যথেষ্ট নয়; বরং রাজনৈতিক খেলার নিয়মই বদলাতে হবে। অতীতে দেখা গেছে, রেফারি নিজেই গোল দিয়েছেন, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে। এবার নিয়ম এমন হতে হবে—রেফারি রেফারি থাকবে, খেলোয়াড় খেলোয়াড় থাকবে, প্রশাসন থাকবে নিরপেক্ষ। এ ছাড়া জনগণের সামনে প্রকৃত বিকল্প দাঁড় করানো না গেলে নির্বাচনের প্রতি আস্থা ফিরে আসবে না।

তিনি বলেন, নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত। সেটা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতেই হোক না কেন। তবে অবশ্যই এটি হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণ আসলেই বিকল্প পাবে। জনগণ যদি এনসিপিকে প্রত্যাখ্যান করে, তবে তারা সেই রায় মেনে নেবে। কিন্তু কোনো ধরনের সমঝোতা বা সাজানো নির্বাচনকে তারা মেনে নেবে না।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক। বক্তাদের অভিমত ছিল এক—বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণকে কেন্দ্র করেই রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে, আর সেই পথই হবে প্রকৃত গণতন্ত্রের পথ।

-রাফসান


ভোট না দিয়ে রুমিন ফারহানা বললেন, ‘এটা নির্বাচন নয়’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ২২:১১:২৩
ভোট না দিয়ে রুমিন ফারহানা বললেন, ‘এটা নির্বাচন নয়’
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট না দেওয়ার কারণ জানতে চাইলে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, তাঁর কাছে এই নির্বাচন অর্থহীন ও প্রহসনের। তাঁর মতে, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল কী হবে, তা আগে থেকেই সবার জানা ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে তাঁর দৃষ্টিতে এটি নির্বাচন নয়, বরং মনোনয়ন প্রক্রিয়া।

রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হলো না কেন। তিনি বলেন, দেশে বড় ধরনের গণঅভ্যুত্থান হয়েছে, যার সঙ্গে জাতির আত্মত্যাগ ও অনেক প্রত্যাশা জড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে সবাই মিলে কেন একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা গেল না, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলা হয়েছিল বলেও দাবি করেন রুমিন ফারহানা। তাঁর ভাষ্য, ২০১৬ সাল থেকে বিএনপি ‘ভিশন ২০৩০’ নিয়ে কথা বললেও এখন দলের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিলের কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি এই ভোটকে প্রহসন হিসেবে দেখছেন এবং সে কারণে ভোট দেননি বলে জানান।

রুমিন ফারহানা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া অন্য পাঁচ সংসদ সদস্য হলেন বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, বিএনপির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

/আশিক


নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে থাকার আহ্বান চরমোনাই পীরের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ২১:৩৭:২৯
নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে থাকার আহ্বান চরমোনাই পীরের
ছবি: ইত্তেফাক কোলাজ

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব মূলত অলংকারিক। তবে রাষ্ট্রপতিকে দলীয় রাজনীতির গণ্ডির বাইরে থাকার বিষয়টিও সংবিধানে নির্ধারিত রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন এবং রাষ্ট্রপতি পদে আসার জন্য তাঁকে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও সব মানুষের আস্থার প্রতীক। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, রাজনীতিতে সততা বর্তমানে বিরল হয়ে উঠেছে। তাঁর দাবি, নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন। সুষ্ঠু রাজনীতির বিকাশে মির্জা ফখরুলের ভূমিকা ও প্রচেষ্টা সর্বজনবিদিত বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এমন একজন ব্যক্তির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ রাজনীতির জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, যে প্রত্যাশা ও আশাবাদ নিয়ে মির্জা ফখরুল বঙ্গভবনে যাচ্ছেন, তা বাস্তবে রূপ দিতে পারবেন।

শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

/আশিক


স্বামীর শেষ বিদায়ে অংশ নিয়ে আবার কারাগারে দীপু মনি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ২০:৩০:০১
স্বামীর শেষ বিদায়ে অংশ নিয়ে আবার কারাগারে দীপু মনি
ছবি : সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নেওয়ার পর আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দীপু মনিকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দীপু মনি। প্যারোলে মুক্তির পর তিনি স্বামীর শেষ বিদায়কার্যে অংশ নেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী দীপু মনিকে গ্রেফতার করে। এরপর তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। তাঁর মৃত্যুর পর দীপু মনির মেয়ের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলের আবেদন করা হয়। তবে প্রশাসন ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করে। সেই সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

/আশিক


মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপিতে নতুন দায়িত্ব পেলেন রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ১৯:১৯:২৮
মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপিতে নতুন দায়িত্ব পেলেন রিজভী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ মহাসচিবের পদটি শূন্য হয়।

বিএনপি সরকার গঠন করার পর গত ১৭ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

রুহুল কবির রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চ মাধ্যমিক শেষ করার পর রাজনৈতিক জীবনের শুরুতে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন রিজভী। সে সময় তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনটিতে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরে তিনি ওই বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একপর্যায়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রুহুল কবির রিজভী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে রুহুল কবির রিজভী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এবার তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।

/আশিক


জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ১৮:৩১:০৯
জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেয়েছিল, তাই তারা ফ্যাসিস্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর দাবি, জামায়াত-শিবির সেই সুযোগ পায়নি বলেই তারা ফ্যাসিস্ট হতে পারেনি। তবে সুযোগ পেলে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের কর্মী সোহানুর রহমান সোহানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী নুর। সেখানে তিনি আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল, ফ্যাসিবাদের সময় যারা নির্যাতিত ও মজলুম ছিল, তারা সবাই একসঙ্গে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু তাঁর ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করেছে। ছয় মাস না যেতেই তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদগার শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাঠে বিভিন্ন কর্মসূচির নামে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে কথা বলায় কুষ্টিয়ায় জামায়াত-শিবির তাদের শক্তি দেখাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামায়াতের এক সংসদ সদস্যের নেতৃত্বে ওই হামলা হয়েছে।

নুরুল হক বলেন, কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মহাদিসকে কুপিয়ে তাঁর দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। একই ঘটনায় সংগঠনটির সভাপতি সোহানুর রহমান সোহানকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান তিনি।

জামায়াত-শিবির আওয়ামী লীগ সরকারের আমলে মজলুম থাকলেও গত ছয় মাসে সারাদেশে তাদের কর্মকাণ্ডে একটি জালেম সংগঠনে পরিণত হওয়ার চিত্র ফুটে উঠছে বলেও মন্তব্য করেন নুরুল হক নুর।

জামায়াত-শিবিরকে কোনো ধরনের সুযোগ দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, তারা সুযোগ পেলে ভবিষ্যতে দেশের জন্য এবং জাতির জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে।

/আশিক


রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২০ ১৮:১৩:২৭
রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

/আশিক


ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৯ ১৮:৩৩:১৫
ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী
ছবি : সংগৃহীত

ভারতের পক্ষ থেকে কোনো স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করবে, তবে আমন্ত্রণের পেছনে কোনো স্বার্থ থাকলে দেশ সে পথে এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের সব দেশের সঙ্গেই সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী। প্রতিবেশী ভারতের সঙ্গেও সমমর্যাদা, সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক পরিচালিত হওয়া প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সাধারণ মানুষের কল্যাণে যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করবে।

/আশিক


তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দেশেই সব উৎসর্গ: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৮ ১৯:৩৪:২৮
তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দেশেই সব উৎসর্গ: রিজভী
ছবি : সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের স্বার্থের বাইরে এক পাও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, জনগণের স্বার্থ রক্ষাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তিনি দেশের জন্য জীবন ও মন উৎসর্গ করেছেন। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে দল ও সরকারের সার্বিক লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যরা।

একই কর্মসূচিতে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমানউল্লাহ আমান ৯০-এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো সহজ-সরল জীবনযাপন করেন এবং অতীতের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পাশাপাশি মইনুল রোডের বাসভবনে তিনি যে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন, তা দেশবাসীর জানা রয়েছে।

/আশিক


সুরক্ষা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: বিরোধীদলীয় চিফ হুইপ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ২১:৪৬:৩১
সুরক্ষা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: বিরোধীদলীয় চিফ হুইপ
ছবি : সংগৃহীত

সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন ইতিবাচক সুপারিশ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, সাংবাদিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা না গেলে তাঁদের পক্ষে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ইন্টারনেট ও গণমাধ্যম ব্ল্যাকআউটের মতো প্রতিকূলতার মধ্যেও মফস্সল, মাল্টিমিডিয়া ও নাগরিক সাংবাদিকরা অত্যন্ত সাহসিকতার সাথে তথ্য সংগ্রহ ও প্রচারের কাজ করেছেন।

অন্তর্বর্তী সরকারে নিজের সাত মাসের দায়িত্বকালের সীমাবদ্ধতা ও হতাশা স্বীকার করে তিনি বলেন, তৎকালীন সময়ে দেশকে স্থিতিশীল রাখাই ছিল প্রধান চ্যালেঞ্জ। তবে সেই সময়েই গণমাধ্যম সংস্কার কমিশনসহ গঠিত বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের সুযোগ থাকা সত্ত্বেও তা পুরোপুরি কার্যকর করা যায়নি।

গণমাধ্যমকে রাজনৈতিক দল, মালিকপক্ষ ও ব্যবসায়িক স্বার্থের প্রভাবমুক্ত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, সব ধরনের প্রভাববলয় থেকে বের হয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ তৈরি করা আবশ্যক।

/আশিক

পাঠকের মতামত: