বিশেষ প্রতিবেদন
কলকাতার সেনা আবাসিকে কেন তিন বাংলাদেশি জেনারেল? নতুন তথ্য ঘিরে বাড়ছে নানা প্রশ্ন

ভারতে অবস্থানরত বাংলাদেশের তিন সাবেক সেনা কর্মকর্তাকে সম্প্রতি কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে বলে একাধিক নিরাপত্তা সূত্রের দাবি। এই তিনজন হলেন লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন এবং মেজর জেনারেল কবীর আহাম্মদ। বিষয়টিকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ঢাকা ও কলকাতার একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এর আগে তারা কলকাতার সল্টলেক ও নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন কমপ্লেক্সে পরিবারসহ বসবাস করছিলেন। তবে সম্প্রতি তাদের সেখান থেকে সরিয়ে হুগলি সেতুর (হাওড়া ব্রিজ) নিকটবর্তী একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত সেনা আবাসিক এলাকায় নেওয়া হয়েছে বলে সূত্রগুলোর দাবি।
নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্য, সাধারণ মানুষের প্রবেশ যেখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত, এমন একটি সামরিক আবাসিক এলাকায় এই তিন সাবেক সেনা কর্মকর্তাকে স্থানান্তরের ঘটনা তাৎপর্যপূর্ণ। তাদের মতে, বিষয়টি শুধু ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়; বরং এর পেছনে বৃহত্তর কৌশলগত বিবেচনাও থাকতে পারে।
সূত্রগুলোর আরও দাবি, এই তিন কর্মকর্তা নিয়মিতভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করছেন। তাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যতে আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা চলছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিরাপত্তা সূত্রের তথ্যমতে, কলকাতার সিটি সেন্টার-২ এবং পার্ক স্ট্রিট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তাদের একাধিক বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের সঙ্গেও তাদের সাক্ষাতের তথ্য পাওয়া গেছে বলে সূত্রগুলোর ভাষ্য।
তিন কর্মকর্তার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তাদের মতে, শেখ হাসিনা সরকারের সময় বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর পরিচালনা এবং বিরোধী দল দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' (RAW)-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীতে প্রভাব বিস্তারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পরও তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে ১১ সেপ্টেম্বর তাকে বরখাস্ত করা হয়। এরপর তিনি ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে সংশ্লিষ্টদের দাবি।
অন্যদিকে সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেনের বিরুদ্ধেও গুম, বিচারবহির্ভূত হত্যা এবং বিতর্কিত জাতীয় নির্বাচনে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর মতে, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং বিরোধী দল দমনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
মেজর জেনারেল কবীর আহাম্মদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি দেশত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তিনি তামাবিল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন বলেও জানা গেছে।
এদিকে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ বিষয়টিকে বাংলাদেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহর মতে, ভারত যদি সত্যিই এই সাবেক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তার ভাষায়, "ভারত তাদের কেবল মানবিক কারণে আশ্রয় দিয়েছে—এমনটি মনে করার সুযোগ খুব কম। ভবিষ্যতে তাদের বিভিন্ন কৌশলগত প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।"
আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব সাবেক কর্মকর্তা বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা কাঠামো সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর তথ্য জানেন। ফলে তাদের বিদেশে অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগ জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক আইন অনুসারে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অন্যান্য সংস্থায় মামলা ও তদন্ত চলমান রয়েছে।
-সূত্র: আমার দেশ।
প্রতারক সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে সিন্ডিকেটের সমস্যা প্রকট আকার ধারণ করায় কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল, তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ করেছে, যার ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া কমিয়ে দিয়েছিল বা স্থগিত করেছিল। তবে মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন। তারেক রহমান ঘোষণা দেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। এই ১০ হাজার কর্মীর মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গেও সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রণোদনার অর্থ কোথা থেকে আসবে তা তার কাছে স্পষ্ট নয়, তবে সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এর আগে সম্পূরক প্রশ্নে কামরুল হাসান দালালদের প্রতারণায় মানুষের নিখোঁজ হওয়া এবং ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাওয়ার বিষয়টি তুলে ধরে সরকারিভাবে খরচ নির্ধারণ ও প্রণোদনার দাবি জানান, যাতে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পায়।
এদিকে, সংসদের একই প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি এবার ‘মনোরেল’ চালুর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে।
সংসদ সদস্য আবুল কালাম যানজটের কারণে বছরে ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির বিষয়টি উল্লেখ করে ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনার দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ঢাকার ৫০টি পয়েন্টে এআই ক্যামেরাসম্পন্ন সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে এগুলো সচল হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। বিশ্বের অন্যান্য জনবহুল রাজধানীর উদাহরণ টেনে তিনি বলেন, সকালে অফিস-স্কুল শুরু এবং বিকেলে ছুটির সময় কিছুটা যানজট থাকা স্বাভাবিক হলেও সরকার নাগরিকদের এই ভোগান্তি কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
/আশিক
একবার জ্বালানি ভরলেই চলবে দেড় থেকে দুই বছর, জানুন রূপপুরের জ্বালানি খরচ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর কেন্দ্রটির জ্বালানি ব্যয় এবং সামগ্রিক উৎপাদন খরচ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৯ সালে স্বাক্ষরিত জ্বালানি সরবরাহ চুক্তির তথ্য অনুযায়ী, এই বিদ্যুৎকেন্দ্রে একবার জ্বালানি পুনঃভরণ বা রিফুয়েলিংয়ের জন্য ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৭৬২ কোটি ৬০ লাখ টাকা। তবে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) তুলনায় পারমাণবিক জ্বালানির ব্যয় সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও, বিদ্যুতের প্রকৃত উৎপাদন খরচ নির্ভর করবে কেন্দ্রটির পরিচালনা, ঋণ পরিশোধ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের ওপর।
প্রচলিত গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন জ্বালানি সরবরাহ করার প্রয়োজন হয় না। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, রূপপুর কেন্দ্রের রিঅ্যাক্টরের জ্বালানি চক্র প্রায় ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অর্থাৎ একবার জ্বালানি লোড করার পর দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নির্দিষ্ট এই সময় পর রিঅ্যাক্টর সাময়িকভাবে বন্ধ রেখে ব্যবহৃত জ্বালানি অপসারণ এবং নতুন জ্বালানি পুনঃভরণের কাজ করতে হবে। এর ফলে প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের তুলনায় জ্বালানি পরিবহন, মজুত ও দৈনন্দিন সরবরাহব্যবস্থায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রতিনিয়ত কয়লা আমদানি, পরিবহন ও মজুত রাখতে হয় এবং আন্তর্জাতিক বাজারে কয়লা বা এলএনজির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও তার সরাসরি প্রভাব পড়ে। প্রাপ্ত হিসাব অনুযায়ী, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে শুধু জ্বালানি ব্যয়ই প্রতি কিলোওয়াট ঘণ্টায় প্রায় ৮ টাকা হতে পারে, যা কেন্দ্রের ধরন, কয়লার গুণগত মান, আমদানি মূল্য ও মুদ্রা বিনিময় হারের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। তবে বিশ্লেষকদের মতে, পারমাণবিক জ্বালানির একবারের পুনঃভরণ ব্যয় এবং কয়লার প্রতি ইউনিট বিদ্যুতের জ্বালানি ব্যয় সরাসরি তুলনাযোগ্য নয়। সঠিক তুলনার জন্য একই সময়সীমায় উৎপাদিত বিদ্যুতের পরিমাণ, জ্বালানি চক্র এবং জ্বালানির অবশিষ্ট মূল্যসহ সংশ্লিষ্ট সব হিসাব বিবেচনায় নিতে হবে।
পারমাণবিক বিদ্যুতের মোট উৎপাদন ব্যয়ের মধ্যে কেবল জ্বালানির মূল্যই নয়, বরং কেন্দ্র নির্মাণের বিপুল বিনিয়োগ, ঋণের সুদ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে কেন্দ্রটির মেয়াদ শেষে বন্ধ করার ব্যয়ও অন্তর্ভুক্ত থাকে। রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি উচ্চ প্ল্যান্ট ফ্যাক্টরে পরিচালনা করা গেলে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অল্প পরিমাণ জ্বালানি ব্যবহার করে দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদনের সুবিধা থাকলেও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীলতা এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সম্ভাব্য ঝুঁকিও বিবেচনায় রাখতে হচ্ছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, রাশিয়াই রূপপুরের পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নেবে। সব মিলিয়ে জীবাশ্ম জ্বালানির তুলনায় পারমাণবিক জ্বালানি সাশ্রয়ী হওয়ার সুযোগ থাকলেও গ্রাহক পর্যায়ে এর প্রকৃত আর্থিক প্রভাব বুঝতে নির্মাণ, ঋণ ও রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ হিসাবই মূল নিয়ামক হিসেবে কাজ করবে।
/আশিক
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ নেতা তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন এবং এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারক করা, স্থানীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার এই নির্দেশ দেন।
/আশিক
সংরক্ষণ ড্রেজিংয়ের সুফল পাচ্ছেন নৌপথের যাত্রীরা: নৌপরিবহনমন্ত্রী
দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুটগুলোর নাব্যতা বজায় রেখে সচল রাখতে গত ১৫ বছরে নদী খনন বা ড্রেজিং খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থের মাধ্যমে পরিচালিত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রমের ফলে বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে, যার সুফল পাচ্ছেন সাধারণ যাত্রী ও নৌপথ ব্যবহারকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী সংসদে জানান, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে ড্রেজিংয়ের রাজস্ব খাতে মোট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দকৃত এই অর্থ যথাযথভাবে ব্যবহার করে দেশের বিভিন্ন নৌপথে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম চালানো হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট রুটগুলোতে যাত্রীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পেয়েছে।
সংসদে দেওয়া উত্তরে মন্ত্রী ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুটের তালিকা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর নৌপথ।
পাশাপাশি টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট এবং সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথেও ড্রেজিং চালানো হয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া ও মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুট সচল রাখার পাশাপাশি নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের বিভিন্ন স্থানে নাব্যতা রক্ষায় এই সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
/আশিক
১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
পোশাকশিল্পের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিত করার পেছনে কোনো ধরনের চাপ ছিল না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো মহলের চাপ ছিল না। মূলত বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করতে হয়েছে। স্থগিত হওয়া এই সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
এ সময় মজুরি সংক্রান্ত কোনো ভুয়া তথ্য বা ভিত্তিহীন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান সৈয়দ আজাদ সুবহানী। তিনি আশ্বস্ত করে বলেন, নতুন মজুরির ঘোষণা যখনই আসুক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে।
উল্লেখ্য, শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে সরকারের এসব উদ্যোগ সত্ত্বেও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন এখনো পুরোপুরি থামেনি।
/আশিক
প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা হতে পারে রূপপুর প্রকল্পে
দীর্ঘ প্রতীক্ষা ও নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানিয়েছেন, জাতীয় গ্রিডে সংযোগের এই কার্যক্রম বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখে কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর কারিগরি পরীক্ষার জন্য প্রায় ২৮ ঘণ্টা বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে এবং পরবর্তীতে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান পর্যায়ের কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। বায়েরার অনুমোদন সাপেক্ষে কেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে যুক্ত হবে। একটি সূত্র জানিয়েছে, সব পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী ২১ নভেম্বর নাগাদ বায়েরার চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। তবে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পরই প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
রূপপুর প্রকল্পের মূল মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও পরবর্তীতে দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই মেগা প্রকল্পের প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। উৎপাদিত এই বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সব পরীক্ষা-নিরীক্ষা চূড়ান্ত হলে পিডিবির সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি (পিপিএ) সই হওয়ার কথা রয়েছে।
বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে পিডিবি ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে। পিডিবির বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রটির উৎপাদন মেয়াদকাল বা আয়ু ৬০ বছর ধরে হিসাব করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ মার্কিন সেন্ট বা ৮ টাকা ৭৫ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে এবং তারা কোনো ক্যাপাসিটি চার্জ দেওয়ার পক্ষে নয়। তবে প্রকল্পের আয়ু ৮০ বছর ধরার সুপারিশ করেছে রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দাবি, পিডিবির হিসাবে বিমা বা ইন্স্যুরেন্সসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খরচ বাদ পড়েছে, যা যোগ করলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকার কম হবে না। এ ছাড়া গত ৯ মাসে প্রকল্পের কোন খাতে কত অর্থ ব্যয় হয়েছে, তার হিসাব সংশ্লিষ্ট কোম্পানি দিতে পারেনি বলেও জানা গেছে।
সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে ৪ শতাংশ সুদসহ ২০ বছরে সরকারকে মোট ২০ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। ৯০ শতাংশ উৎপাদন দক্ষতাসম্পন্ন এই কেন্দ্রের প্রতিটি ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এবং এর বার্ষিক পরিচালন ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ডলার। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ বছর পর ঋণ পরিশোধ শেষ হলে এই কেন্দ্র থেকে আসল লাভ পাওয়া যাবে এবং তখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ সেন্টে নেমে আসতে পারে, তবে তা সরকারের দক্ষতার ওপর নির্ভর করছে। উল্লেখ্য, ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের তথ্যানুযায়ী সেখানে পারমাণবিক বিদ্যুতের উৎপাদন খরচ পড়ে ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ রুপি, যেখানে বাংলাদেশে এই খরচ পড়ছে ৮ থেকে ১০ টাকা, যা ডলারের দাম বাড়লে আরও বৃদ্ধি পেতে পারে।
/আশিক
ডিসেম্বরের গুঞ্জন ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ
জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া এবং বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশি-বিদেশি চক্রের ইন্ধনে নানামুখী চক্রান্ত চলছে বলে বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজ ও বিশ্লেষকরা মত দিয়েছেন। সরকারের পাশাপাশি প্রশাসনেও কেউ কেউ এটার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে পোশাক খাতের আন্দোলন এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা এই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী মনে করেন, সরকার গঠনের পর থেকেই সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া উচিত ছিল এবং এখনো ১৯৭২ সালের সংবিধানের কাঠামোর মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এই অপচেষ্টা রুখতে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার পাশাপাশি অদক্ষ লোকজনকে সরিয়ে যোগ্যদের উপযুক্ত স্থানে বসানো এবং জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকেই কঠোর ও আইনানুগ পদক্ষেপ নিতে হবে, কারণ এক্ষেত্রে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই।
রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও এই পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশের মদদ এবং পেছনের দরজা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যা এ দেশের মানুষ কোনোভাবেই সফল হতে দেবে না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের আর কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই এবং ডিসেম্বরে দলটির নেত্রীর ফেরার গুঞ্জন একটি রাজনৈতিক ব্লাফ ছাড়া কিছু নয়।
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ দেশে ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রশাসনের ভেতরেও পুরোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও ফ্যাসিস্ট চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
/আশিক
রূপপুরের ঐতিহাসিক অর্জনে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং গ্রিড সিনক্রোনাইজেশনের এই পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে জাতীয় গ্রিডের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কিছুটা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করে ফকির মাহবুব আনাম বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে এবং এই অর্জনের পেছনে প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীসহ সবার সম্মিলিত অবদান রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে বলেও মন্ত্রী জানান।
এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে হওয়ায় উভয় ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জিত হবে।
/আশিক
সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল—পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
শারীরিক অসুস্থতা ও চিকিৎসাধীন থাকার কারণ দেখিয়ে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্রটি পাঠান এবং ১৫ নভেম্বর সেটি তাঁর হাতে পৌঁছায়।
পদত্যাগপত্রে ড. ওসমান ফারুক লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে এবং সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত। স্পিকারকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। তাঁর এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা ও কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না বলে তিনি আশা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
তবে ওসমান ফারুক পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ভিন্ন আলোচনা রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে একধরনের অসন্তোষ কাজ করছিল এবং মূলত সেই অভিমান বা অসন্তোষ থেকেই তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দিয়ে থাকতে পারেন।
উল্লেখ্য, পেশায় কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং পরবর্তীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে বিজয়ী হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন এবং সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
/আশিক
পাঠকের মতামত:
- বিকট বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের রাজধানী রিয়াদ
- জোহানেসবার্গে লিটন দাসের নতুন ইতিহাস, পেছনে ফেললেন পাঁচ উইকেটকিপারকে
- এপেক সম্মেলনের ফাঁকে করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন, আলোচনায় ইউক্রেন ইস্যু
- প্রতারক সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- একবার জ্বালানি ভরলেই চলবে দেড় থেকে দুই বছর, জানুন রূপপুরের জ্বালানি খরচ
- দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
- ভিনিসিয়ুসের পর এবার এমবাপ্পের ঘটনায় বর্ণবাদী সমর্থকের সাজা নিশ্চিত হলো
- সংরক্ষণ ড্রেজিংয়ের সুফল পাচ্ছেন নৌপথের যাত্রীরা: নৌপরিবহনমন্ত্রী
- ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
- প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা হতে পারে রূপপুর প্রকল্পে
- নারীর ঘামের গন্ধে পুরুষের আকর্ষণের নতুন তথ্য
- কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- ডিসেম্বরের গুঞ্জন ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ
- রূপপুরের ঐতিহাসিক অর্জনে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে কাতারের মধ্যস্থতায় ইরানি প্রতিনিধিদলের বৈঠক
- অজান্তে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার রোধে অ্যান্ড্রয়েড ও আইফোনে যেভাবে সেটিংস বদলাবেন
- সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল—পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
- নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানেননি সারা নেতানিয়াহু
- বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ, নতুন যুগে বাংলাদেশ
- জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল
- সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিতে সংসদে পাবলিক প্রকিউরমেন্ট বিল পাস
- বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত সরকারের
- পাকিস্তান আমলের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান
- বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর দিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির
- নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না, নতুন স্মৃতিকথায় জানালেন জো বাইডেন
- তাওহীদ হৃদয়কে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ব্যাটিং নেতা বললেন ইয়ান বিশপ
- ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে সরকার
- নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
- প্রশ্নফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা সরকারের
- সংসদে বসেও টানা দুই দিন হুমকি পাওয়ার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়কের
- নিজের ও স্ত্রীর জীবন বাঁচানোর আকুতি জানিয়ে বিচারকদের কাছে খোলা চিঠি ইমরান খানের
- ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
- ইরানি বাহিনীর হাতে মার্কিন ড্রোন জব্দের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
- আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেই জামায়াত ও এনসিপি, জানাল কারণ
- প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে ঢাকা
- নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ও উত্তাল সমুদ্রের সর্বশেষ চিত্র
- পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি
- নিজের স্ত্রীকে এনভিডিয়া প্রধানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্যবসায়ী কাং ওয়েই
- প্রতি মাসে ৫০টি করে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
- হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
- নাটক শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে যেভাবে স্বস্তি পেলেন দর্শকরা
- জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড
- মাত্র তিন দিনেই সৌদি আরব ধ্বংস করা সম্ভব বলে দাবি ট্রাম্পের
- চার তারকাকে পেছনে ফেলে ভ্যান্টিক্স ম্যাগাজিনের বর্ষসেরা মেসি
- ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না এসআরবি
- সারা রাত না ঘুমিয়ে সতীর্থের কক্ষে কাটিয়েছেন বলে জানালেন জামাল ভূঁইয়া
- মুক্তির এক সপ্তাহ না পেরোতেই বিশ্বজুড়ে কত আয় করল ‘রামায়ণ’ পার্ট ১?
- ঢাকার মাঠে ইউরোপীয় ফুটবলের সুবাস ছড়ালেন তরুণ ফারহান
- অধিনায়ক হামজার অভিষেকেই বাংলাদেশের দাপট
- আমাদের মানবাধিকার না থাকলে পথ আমাদেরই দেখতে হবে: নাহিদ ইসলাম
- ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের ইঙ্গিত
- আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- অবশেষে জাতীয় গ্রিডের সুফল পেল মেহেরপুরবাসী
- আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজুর রহমান
- খামেনি নিহতের পর শুরু হওয়া সংঘাত নিরসনে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে
- পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি
- দুই পরাশক্তির কূটনৈতিক টানাপোড়েনে চাপে পড়েছে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র
- রাজধানীর বংশালে ভোরে নারীর ওপর হামলা ও মোবাইল ছিনতাই, থানায় জিডি
- ভবিষ্যতে নতুন গ্যাসক্ষেত্র থেকে আহরণের আশার কথা শোনালেন মন্ত্রী
- সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব
- টাক সমস্যার সমাধানে প্রচলিত ওষুধের চেয়েও এগিয়ে নতুন উদ্ভাবন








