সিলেট সীমান্তে রাতভর বিএসএফের পুশ-ইন, বিজিবির তৎপরতা

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৮:১৪:৩৭
সিলেট সীমান্তে রাতভর বিএসএফের পুশ-ইন, বিজিবির তৎপরতা

সিলেটের সীমান্তবর্তী এলাকায় আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ‘পুশ-ইন’ ঘটনার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে ৭টার মধ্যে ভারতের পক্ষ থেকে একসঙ্গে চারটি গ্রুপে মোট ৫৩ জন বাংলাদেশি নাগরিককে সীমান্ত পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।

৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের আওতাধীন নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে এসব পুশ-ইন ঘটনা ঘটে। বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ওই ৫৩ জনকে আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা আগেও অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন। ফেরার সময় বিএসএফ তাদের জোরপূর্বক সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আটককৃতদের মধ্যে ৩২ জনকে পাঠানো হয় সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর সীমান্ত দিয়ে এবং বাকি ২১ জনকে পাঠানো হয় সুনামগঞ্জ জেলার ছনবাড়ী সীমান্ত দিয়ে। ৫৩ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৩২ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

আটকদের জেলা অনুযায়ী পরিচয় অনুযায়ী দেখা গেছে, নড়াইল জেলার ২৩ জন, সাতক্ষীরা ও যশোরের ১০ জন করে, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে রয়েছেন।

বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

/আশিক


মেধাবীদের হাত ধরেই গড়তে হবে নতুন বাংলাদেশ: সিলেটে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
সি‌লেট প্রতিনিধি
সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ২৭ ১১:২৪:১০
মেধাবীদের হাত ধরেই গড়তে হবে নতুন বাংলাদেশ: সিলেটে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা
সিলেটে নাজির আহমদকে সংবর্ধনা/ছবি : শ‌হিদুল ইসলাম

ব‍্যারিস্টার নাজির আহমদ দেশের মেধাবী সন্তান। বহুমুখী প্রতিভার অধিকারী সিলেটের কৃতি সন্তান ব‍্যারিস্টার নাজির আহমদ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার মতো মেধাবীদের দেশ গঠনে কাজে লাগালে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে। বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ, বৃটেনের প্রতিথযশা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট, নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ও “ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন” খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার নাজির আহমদকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, সন্ধ্যায় সিলেটের এক অভিজাত হোটেলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উপদেষ্টা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সম্মানিত পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ছানিম আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলর জনাব মাদার জেনেত, ফুলকলি ফুড প্রোডাক্ট লি:, সিলেটের উপ পরিচালক জসিম উদ্দিন খন্দকার।

প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী আরো বলেন, স্রষ্টার রহমত থেকে কখনও নিরাশ হওয়া যাবে না। তাঁর উপর ভরসা করেই এগুতে হবে। জুলাই গণঅভ‍্যূত্থানের পর সুযোগ এসেছে দেশ গড়ার। তরুনরা জীবন দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। তরুণদের হাতেই দেশ নিরাপদ। এ সুযোগ আমাদের জীবদ্দশায় হয়তো আর পাব না। আগামী দিনের যোগ‍্য ও সুনাগরিক হিসেবে তরুনদের গড়ে তুলতে হবে। বৃটেনের আলোকিত ও সমৃদ্ধ ব‍্যবস্থায় লব্দ জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে ব‍্যারিস্টার নাজির আহমদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

সম্বর্ধিত অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে এক ঐতিহাসিক বন্ধন আছে। এক সময় আমরা এক বিভাগে ছিলাম। এমন কি যারা বাংলাদেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছেন তারাও সিলেট ও চট্টগ্রামকে নিয়ে এক প্রদেশ গঠনের কথা বলেছেন। সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক ও বন্ধন আরো মজবুত করতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ছোট ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। ভিসি মহোদয়ের মতো বড় হতে হবে। কঠোর পরিশ্রম করলে, কমিটেড ও ডিটারমিন্ড হলে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে, সেক্রিফাইসিং ও লার্নিং মেন্টালিটি থাকলে তোমরা অবশ্যই ভাল করতে পারবে। নিয়মিত পড়াশুনা, শিক্ষকদের কথা শুনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে যেতে পারে তোমাদেরকে সাফল্যের শীর্ষে। ছাত্র/ছাত্রীদের উৎসাহ ও উদ্দিপনা দিতে বিভিন্ন উপমার মাধ্যমে তিনি বলেন, নিজের সাফল্যে অন্যরা ও স্বজনরা হিংসা ও ঘৃনা করে শুধু মাত্র নিজের পিতামাতা ও শিক্ষক ছাড়া। ছাত্ররা শিক্ষকদের ছাড়িয়ে গেলেও শিক্ষকরা তাতে গর্ববোধ করেন।

ব্যারিস্টার নাজির আহমদ আরও বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। রাজনীতিতে গুনগত পরিবর্তন ও স্থিতিশীলতা আসলে, দুর্নীতি বন্ধ হলে এবং জাতীয় জীবনের সব দিক ও বিভাগে শৃঙ্খলাবোধ জাগ্রত হলে দেশ পত্পত্ করে উঠে যাবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, জীবনে কত সম্বর্ধনা পেয়েছি, নিজ হাতে কত সম্মাননা দিয়েছি। তবে আজকের এটি পাওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা। বিনয়ের সাথে সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, দায়িত্ববোধ ও কমিটমেন্ট তা আরো বাড়িয়ে দিল। প্রকৃত সম্মান ও পুরস্কার আমি মহান স্রষ্টার কাছে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ‍্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র জ‍্যানেট রহমান বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ বৃটেনের একজন আলোকিত প্রফেশনাল, হাজারো মানুষের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা তাকে নিয়ে গর্ব করি। বৃটেন ও গোটা ইউরোপের সুপরিচিত ব‍্যক্তিত্ব ব‍্যারিস্টার নাজির আহমদের বিচরণ সমাজ ও কমিউনিটির প্রতিটি দিক ও বিভাগে। বাংলাদেশকে নিয়ে তিনি ভাবেন। বিভিন্নভাবে নতুন বাংলাদেশ বিনির্মানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সারওয়ারউদ্দিন চৌধুরী ব্যারিস্টার নাজির আহমদকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন। এরপর ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাতে ডিনারের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরোও উপ‌স্থিত ছি‌লেন ফুলকলি ফুড প্রোডাক্ট লি:, সিলেটের মা‌র্কেটের এজিএম মোঃ সাহাব উদ্দিন। কাজী দিদার মিয়া, সাংবা‌দিক নুরু‌দ্দিন রা‌সেল, সুলতানা জান্নাত, শিপন মিয়া, শ্রিপ্রা রানীসহ প্রমুখ।


নানিয়ারচরের শীতার্তদের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৯ ১৮:৫৫:৪৪
নানিয়ারচরের শীতার্তদের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
ছবি : শ‌হিদুল ইসলাম

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্যদিকে শীতবস্ত্র না থাকায় দরিদ্র লোকদের কষ্ট হচ্ছে। কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “মানুষ মানুষের জন্য” শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় চট্টগ্রা‌ম ‌বিভা‌গের পার্বত্য জেলা রাঙ্গামা‌টি দূর্গম পাহাড়ী এলাকা নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়ায় দুস্থ অসহায় ও শীতার্তদের মাঝে শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন রাঙামাটি জেলা’র যুগ্ম আহ্বায়ক রওশনআরা বেগম। পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মেহেদী ইমাম।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচরের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে এই শীত উপহার বিতরণ করা হচ্ছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আনসার বাহিনীর সাবেক অধিনায়ক মোঃ আলী হোসেন পিসি, তাছমিয়া মুমু এশা, মাহিয়া সুলতানা শুভ আলো খীসা চাকমা সহ অত্র এলাকার গন্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।


সিলেটে ১৩০টি গ্যাস সিলিন্ডার জব্দ

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ১১:১৭:০৫
সিলেটে ১৩০টি গ্যাস সিলিন্ডার জব্দ
ছবি : সংগৃহীত

সিলেট নগরীর একটি আবাসিক ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। একই সঙ্গে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এই দাহ্য পদার্থ মজুদ করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বড় অংকের আর্থিক জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিবগঞ্জ এলাকার ‘হক ভিলা’ নামক পুষ্পায়ন-২০ নম্বর ভবনের ভেতরে একটি ট্রাকভর্তি অবস্থায় ১২ কেজির মোট ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ভবনের ভেতরে কোনো ধরণের নিরাপত্তা বেষ্টনী বা অনুমোদন ছাড়াই এভাবে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে, উদ্ধারকৃত সিলিন্ডারগুলো অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া সংবাদমাধ্যমকে জানান যে, আবাসিক ভবনে এভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইন অনুযায়ী, দাহ্য গ্যাস সিলিন্ডার সংরক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরের পূর্বানুমতি সংবলিত লাইসেন্স এবং নির্দিষ্ট মানের অগ্নিনির্বাপক ব্যবস্থা সম্পন্ন গোডাউন থাকা বাধ্যতামূলক। কিন্তু ‘মাখন চুলা ঘর’ নামক এই প্রতিষ্ঠানটি কোনো ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করেই সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এই মজুদ গড়ে তুলেছিল।

অভিযান শেষে ‘মাখন চুলা ঘর’ নামক ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা সিলিন্ডারগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ওই প্রতিষ্ঠানকে তাদের সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের যাবতীয় পূর্ণাঙ্গ তথ্য এবং বৈধ নথিপত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


স্কটল্যান্ডে বাংলাদেশের নতুন কনসাল জেনারেলের সম্মানে সিলেট প্রেসক্লাবে রাজকীয় আয়োজন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ০৯:১২:৫৪
স্কটল্যান্ডে বাংলাদেশের নতুন কনসাল জেনারেলের সম্মানে সিলেট প্রেসক্লাবে রাজকীয় আয়োজন
সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিইর সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত/ ছবি: শ‌হিদুল ইসলাম

স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনসাল জেনারেল নিযুক্ত হওয়ায় বিশিষ্ট কমিউনিটি লিডার, ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই'র সম্মানে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার ইংল্যান্ডের এমজেএম গ্রুপের আয়োজনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী। শুরুতে কুরআন তেলায়ত করেন গোলাম হাফিজ সুফিয়ান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, ডিবিএ, ডি.লীট। প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর। বিশেষ অতিথি ছিলেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক মানবজমিনের কুটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য পলি রহমান।

সংবর্ধিত অতিথি’র বক্তব্যে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই বলেন, আমার পরিবারে ১২০ জন গ্র্যাজুয়েট রয়েছেন। তাঁকে ব্রিটিশ সরকার বেস্ট মুসলিম হিসেবে ১৯৮৮ সালে এ্যাওয়ার্ড প্রদান করেন। সম্মান সব আল্লাহর হাতে। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে এর প্রতিদান পাওয়া যায়। তিনি আমাদেরকে সম্মানিত করেন। জীবনে শেখার কোনো শেষ নেই। এপর্যন্ত ১৩৪ টি দেশ ভ্রমণের মধ্য দিয়ে এখনও শিখছি। আমাদের বিভিন্ন সেক্টরের ব্যাপক সম্ভাবনা থাকার পরেও শুধু যথাযথ উদ্যোগ আর চিন্তার অভাবে সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। সম্ভাবনাকে কাজে লাগাতে আমি ৭০০ চিকিৎসককে প্রশিক্ষণ করিয়েছি। যাতে দক্ষ চিকিৎসক তৈরি করে ভালো মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নুর বলেন, প্রবাসীরা আমাদের প্রাণ। বিশেষ করে ইংল্যান্ডের সাথে আমাদের আত্মিক সম্পর্ক। কিন্তু প্রবাসীরা দেশে ছুটে আসলেও তাদের সন্তানরা বিশেষ করে নতুন প্রজন্ম সিলেট বিমুখ হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে দেশে নিয়ে আসতে হবে। যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তাদের সন্তানদের সিলেট প্রেসক্লাবে নিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা প্রবাসীদের জন্য বিশেষ করে নতুন প্রজন্মের জন্য নতুন করে সেতুবন্ধন তৈরি করতে চাই। এজন্য সিলেট প্রেসক্লাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন বলেন, ওয়ালী তসর উদ্দিন ৬১ বছর ধরে কাজ করছেন। তিনি একজন আলোকবর্তিকা হিসেবে সমাজের জন্যে কাজ করে যাচ্ছেন। সিলেট প্রেসক্লাব হতে পারে একটি মিলনকেন্দ্র। এখানে প্রবাসীরা আসবেন। প্রবাসী বিনিয়োগ নিয়ে সিলেট প্রেসক্লাব একটি গ্রন্থ করতে পারে। প্রবাসীরা যাতে করে নিজের জন্মভূমিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে লন্ডন প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন এজন্য সিলেট প্রেসক্লাবে একটা প্রবাসী ডেস্ক স্থাপন করা প্রয়োজন। এই ডেস্ক স্থাপন করা গেলে প্রবাসীদের হয়রানি কমে আসবে। প্রবাসীরা সবসময়ই দেশের কল্যান চান, ভালো কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাফাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা'র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপিত শহিদুল ইসলাম, আশরাফ গাজী, শেখ ফারুক আহমদ, নাজাম উদ্দিন, শাহ কায়েস চৌধুরী, রুহী আহাদ, ইয়াহইয়া আহাদ, খালেদ নজরুল, আব্দুল আলেক, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ,সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ফয়ছল আলম, সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সাবেক কোষাধ্যক্ষ আনিস রহমান, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা'র সাবেক সভাপতি মঈন উদ্দিন মনজু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট প্রেসক্লাবের সাবেক স্পোর্টস সেক্রেটারি নুর আহমদ ও বর্তমান পাঠাগার সম্পাদক মুহিবুর রহমান ও সাবেক পাঠাগার সম্পাদক সাঈদ নোমান, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য আনাস হাবিব কলিন্স, সাংবাদিক এম এ মতিন, দুলাল হোসেন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুন্সী ইকবাল, শফিক আহমদ শফি, ইয়াহইয়া মারুফ, আব্দুল্লাহ আল নোমান, লবীব আহমদ, এমজেএম গ্রুপের সদস্য আমিনুর রহমান ও মুশতাক আহমদ প্রমুখ।


সিলেট উইমেন্স মেডিকেলে ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি শুরু

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ১৭:২৩:৫৭
সিলেট উইমেন্স মেডিকেলে ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি শুরু

৯ম বারের মতো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৩ জানুয়ারী) থেকে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের সার্জিক্যাল চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল হতে আগত বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বৃহত্তর সিলেট অঞ্চলের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী সেবা প্রদান করবেন যা আগামী ২৩ জানুয়ারী ২০২৬ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে।

১৩ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ০৯:৩০ ঘটিকায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৪র্থ তলার লেকচার গ্যালারী-২তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রোটাপ্লাস্ট মিশন কমিটির চেয়ারম্যান পিপি ইঞ্জিনিয়ার সুয়েব আহমদ মতিন এর পরিচালনায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল ডা. সৈয়দ ইফতেখার উদ্দীন (অবঃ), হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ ওয়েছ আহমদ চৌধুরী, শেভরন বাংলাদেশের স্যোশাল ইনভেস্টমেন্ট ম্যানেজার এ কে এম আরিফ আকতার, শেভরনের গ্যাস প্লান্টের সুপারিনটেনডেন্ট আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান, রোটাপ্লাস্ট মিশনের মেডিকেল ডিরেক্টর টড ফার্নওয়ার্থ, মিশন ডিরেক্টর টেড এলেক্স, রোটারি ক্লাব অফ জালালাবাদের পিডিজি লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তাফহীম আহমেদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক মো: রাসেল, পিপি মো. মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান আক্তার আহমেদ, রোটারিয়ান মালেক হুমায়ুন, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান মাছুমা চৌধুরী, রোটারিয়ান রীনা রানী কর্মকার, রোটারিয়ান নীতীশ সূত্রধর।

উল্লেখ্য যে, বৃহত্তর সিলেট অঞ্চলের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকা, কানাডা, জার্মানী, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনেলের ৮জন চিকিৎসক, ৬জন নার্সসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল চিকিৎসার সরঞ্জামসহ সিলেটে অবস্থান করছেন।


প্রবাসী'র পক্ষে ব‍্যারিস্টার নাজির ও মীর্জা আসহাব এর বিমান ও পর্যটন সচিব ও উপদেষ্টার সাথে বৈঠক 

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ১১:৫২:১৮
প্রবাসী'র পক্ষে ব‍্যারিস্টার নাজির ও মীর্জা আসহাব এর বিমান ও পর্যটন সচিব ও উপদেষ্টার সাথে বৈঠক 

১৩ জানুয়ারি, ২০২৬, মঙ্গলাবার যুক্তরাজ‍্যের বৃটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব যথাক্রমে বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব‍্যারিস্টার নাজির আহমদ এবং বিশিষ্ট কমিউনিটি নেতা ও জিএসসি সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মীর্জা আসহাব বেগ বিমানের মানচেস্টার ফ্লাইট চালু রাখা ও সিলেট বিমানবন্দরকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবি জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সাথে সচিবালয়ে গতকাল পরপর পৃথক রুদ্ধদার বৈঠক করেন। তারা সংশ্লিষ্টদের কাছে তোষামোদি নয় বরং চোখে চোখ রেখে তাদের ন‍্যায়‍্য দাবি উত্থাপন করেন।

উভয় নেতা যুক্তিসহ সচিব ও উপদেষ্টার কাছে জোরালোভাবে দাবি তুলে ধরে বলেন, ম্যানচেস্টার ফ্লাইট যেকোনো মূল্যে জারী রাখা উচিত। সবসময় কানায় কানায় পূর্ন ফ্লাইট ম্যানচেস্টার থেকে আসে, এটা সিটও খালি থাকে না। এমতাবস্থায় ফ্লাইট বন্ধের হেতু বোধগম্য নয়। ম্যানচেস্টার ও তার আশেপাশের শহরগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন।

প্রয়োজন হলে এয়ারক্রাফট চ‍্যার্টার করে এনে বা লীজে এনে ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু রাখা অত‍্যাবশ‍্যক। পূর্ন ফ্লাইট থাকার পরও এই রুটে প্রতি মাসে লোকসান হয় দুই কোটি টাকার উপর এমন কথা সচিব ও উপদেষ্টার মূখ থেকে আসার পর ব‍্যারিস্টার নাজির আহমদ ও মীর্জা আসহাব বেগ জোর দিয়ে বলেন, দুর্নীতি বন্ধের যথাযথ পদক্ষেপ নিন। প্রয়োজনে ফ্লাইট চালু রেখে দুর্নীতির বিষয়ে পূর্ন ও ব‍্যাপক তদন্ত করুন। তবে ফ্লাইট বন্ধ রেখে তদন্ত করতে গেলে লক্ষ লক্ষ প্রবাসীরা অহেতুক বিড়ম্বনার শিকার হবেন।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে সত‍্যিকার অর্থে আন্তর্জাতিক করার প্রয়োজনীয়তা তুলে ধরে মীর্জ আসহাব বেগ ও ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, এতে শুধু প্রবাসীরাই লাভবান হবেন না, লাভবান হবে পুরো দেশ ও দেশের অর্থনীতি। অন‍্যান‍্য এয়ারক্রাফট নামার সুযোগ দিলে অত্র অঞ্চল একটি “ট‍্যুরিস্ট হ‍্যাব” হিসেবে প্রতিষ্ঠিত হবে। আশে পাশের দেশ থেকে ফ্লাইটে লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা ১/২ দিনের জন্য সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো দেখার জন্য ছুটে আসতো।

এতে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তাছাড়া বিমানের সার্ভিসের মান ও প‍্যাসেন্জার কেয়ারিং এর স্ট‍্যান্ডার্ড বাড়তো। নিকট অতীতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় অল্প সময়ে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট যদি সিলেট বিমানবন্দরে অবতরণ করতে পারে এবং কুয়াশার কারণে বিভিন্ন সময় আন্তর্জাতিক মানের বড় বড় বিমান নামতে পারে, নিয়মিতভাবে অন‍্যান‍্য এয়ারক্রাফট নামার অনুমতি না দেয়ার কারণ বোধগম্য নয়। অবকাঠামো বা রানওয়ে সম্প্রসারণ আসল ব্যাপার নয় আসল ব্যাপার হলো সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব ও স্বার্থান্বেষীদের বাধা।

ঘন্টাব‍্যাপী বৈঠকে সাথে আরো উপস্থিত ছিলেন সাবেক পদস্থ সরকারি কর্মকর্তা অধ্যাপক নূরুল ইসলাম ও সাংবাদিক সামছুল আলম লিটন (আংশিক সময়) উপস্থিত ছিলেন।


আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ০৯:৩০:০৭
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

ট্রান্সফরমারের জরুরি সংরক্ষণ ও কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে আজ মঙ্গলবার সিলেট নগরীর একটি বড় অংশে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এই তথ্য নিশ্চিত করেছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর তথ্য অনুযায়ী, আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতায় থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, মজুমদারী, সরকারি কলোনি, পূর্ব পীরমহল্লা, হাউজিং স্টেট ফরিদাবাদ এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়া লাক্কাতুড়া চা–বাগান, বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, ইলাশকান্দি, উদয়ন, বনশ্রী আবাসিক এলাকাসহ সংলগ্ন এলাকাগুলোতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে বিভাগ–২ এর অধীনে রায়নগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এছাড়া নাইওরপুল ফিডারের আওতায় থাকা ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট এবং শাহী ঈদগাহ এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।

বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৩ ০৯:২৯:২২
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন এলাকায় আজ সোমবার প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কারণে নেওয়া বিশেষ ব্যবস্থার অংশ। রবিবার (২ নভেম্বর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ হবে না।

বিউবো সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গাছপালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার এবং ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান বৃদ্ধি এবং অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাট কমানো সম্ভব হবে।

নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন লাইনকে চালু বলেই গণ্য করতে হবে। এতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, সেই নিশ্চয়তা রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

-রফিক


সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টার ধসে শ্রমিকের মৃত্যু

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:৩৪:১০
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টার ধসে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন পানির ট্যাংকির প্লাস্টার ধসে সুমন আহমদ (৪২) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত সুমন নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, দুপুরের দিকে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়লে সুমন গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিক্ষোভ

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

অবরোধের কারণে বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত: