সংযুক্ত আরব আমিরাতের কারাগারে দেড় মাসেরও বেশি সময় বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার পর তিনি কারামুক্ত হন, যদিও এর আগে ২৭ জুলাই সেখানকার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।
দুবাইয়ের আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি বর্তমানে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র। তবে দুবাই পুলিশের হেফাজতে থাকাকালীন ইন্টারপোলের রেড নোটিশ ও ঢাকার পাঠানো নথিপত্র পর্যালোচনার পরও কেন তাকে ফেরত আনা সম্ভব হলো না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, কোনো অভিযুক্ত ব্যক্তি নিজ দেশের নাগরিকত্ব ছাড়াও অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে এবং ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করলে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেও তাকে দেশে ফেরানো অত্যন্ত জটিল হয়ে পড়ে। তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ বিনিয়োগের মাধ্যমে তুরস্কের নাগরিকত্ব ও পাসপোর্ট অর্জন করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও তার বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। কোনো ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের বৈধ বাসিন্দা হলে এবং সে দেশে তার বিরুদ্ধে কোনো স্থানীয় অপরাধের অভিযোগ না থাকলে প্রত্যর্পণ এড়ানো আইনিভাবে সহজ হয়ে যায়। এর আগে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাভ খানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল; ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ভারতীয় পাসপোর্ট ব্যবহারের কারণে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
ইন্টারপোলের জারি করা রেড নোটিশ মূলত সদস্য দেশগুলোর কাছে কোনো অপরাধীকে শনাক্ত বা সাময়িকভাবে আটক করার অনুরোধ, যা কোনো সরাসরি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। কোনো অভিযুক্তকে নির্দিষ্ট দেশে ফেরত পাঠাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশের আদালত ও সরকার।
আদালতে প্রত্যর্পণের আদেশ কার্যকর করার আগে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার নথি, অভিযোগের আইনি ভিত্তি এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো খতিয়ে দেখা হয়। দুবাইয়ের আদালতে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র ও আইনি আবেদনের ওপর উভয় পক্ষের শুনানির পর আদালত শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়ার নির্দেশ দেন। জামিনের শর্ত হিসেবে তার দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখা হয়েছে।
বেনজীর আহমেদের জামিন বা বর্তমান অবস্থান নিয়ে দুবাই পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এ বিষয়ে ইমেইলে যোগাযোগ করা হলে দুবাই পুলিশের জেনারেল হেডকোয়ার্টার্স জানায়, তারা সরাসরি এ ধরনের তথ্য প্রচার করে না এবং তথ্যের জন্য তার কোনো নিকটাত্মীয়কে স্থানীয় পুলিশ স্টেশনে পাঠাতে হবে। অন্যদিকে, ঢাকায় পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা (এনসিবি) বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। এ ছাড়া পুলিশ সদরদপ্তরের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে সম্মত হননি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে নিষেধাজ্ঞা দেয়, তার মধ্যে তার নাম অন্তর্ভুক্ত ছিল। ২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যার ভিত্তিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছিল।
/আশিক