হুয়াওয়ের ম্যাট ৮০ সিরিজে বিপ্লবী কিরিন ৯০৩০ চিপ উন্মোচন

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৬ ১১:১৬:০৯
হুয়াওয়ের ম্যাট ৮০ সিরিজে বিপ্লবী কিরিন ৯০৩০ চিপ উন্মোচন
ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে মঙ্গলবার তাদের বহুল প্রতীক্ষিত ম্যাট ৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে, যেখানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে স্বয়ং-উন্নত কিরিন ৯০৩০ এবং কিরিন ৯০৩০ প্রো চিপসেট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা কোম্পানিটি গত এক বছর ধরে চালিয়ে যাচ্ছে, এ লঞ্চ সেই কৌশলেরই বড় মাইলফলক।

হুয়াওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ম্যাট ৮০ প্রো-এর ১২ জিবি র‌্যাম সংস্করণে ব্যবহার করা হয়েছে কিরিন ৯০৩০ চিপ, আর ম্যাট ৮০ প্রো-এর ১৬ জিবি সংস্করণ, ম্যাট ৮০ প্রো ম্যাক্স এবং বিলাসবহুল ম্যাট ৮০ আরএস মডেল চালিত হচ্ছে আরও উন্নত কিরিন ৯০৩০ প্রো–তে। তবে সিরিজের বেসিক ম্যাট ৮০ মডেলে রয়ে গেছে পুরোনো কিরিন ৯০২০ প্রসেসর।

লাইভস্ট্রিম করা উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড ইউ চেংডং দাবি করেন, কিরিন ৯০৩০ প্রো–সমৃদ্ধ ম্যাট ৮০ প্রো এবং প্রো ম্যাক্স গত বছরের ম্যাট ৭০ প্রো+–এর তুলনায় ৪২ শতাংশ বেশি পারফরম্যান্স দেয়। একইভাবে, কিরিন ৯০৩০ যুক্ত ম্যাট ৮০ প্রো ম্যাট ৭০ প্রো–এর তুলনায় ৩৫ শতাংশ দ্রুত পারফরম্যান্স দেখিয়েছে। যদিও চিপগুলোর অভ্যন্তরীণ প্রযুক্তিগত নকশা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি হুয়াওয়ে।

এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হলো কয়েক মাস ধরে চীনা টেক ব্লগ ও সংবাদমাধ্যমে চলমান জল্পনা হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে সর্বাধুনিক নিজস্ব তৈরি চিপ। এর আগে পিউরা ৮০ সিরিজ এবং সেপ্টেম্বরে উন্মোচিত ম্যাট এক্সটিএস ফোল্ডেবল ডিভাইস চালাতে কিরিন ৯০২০ ব্যবহার করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানায়।

ম্যাট ৮০ সিরিজে রয়েছে চারটি মডেল ম্যাট ৮০, ম্যাট ৮০ প্রো, ম্যাট ৮০ প্রো ম্যাক্স ও ম্যাট ৮০ আরএস যার প্রারম্ভিক দাম ৪,৬৯৯ ইয়ান (প্রায় ৬৬১ মার্কিন ডলার)। বেসিক ম্যাট ৮০ মডেলের দাম গত বছরের সমান র‌্যাম-স্টোরেজযুক্ত ম্যাট ৭০-এর তুলনায় কম, যা হুয়াওয়ের বাজার দখল কৌশলেরই আরেকটি ইঙ্গিত।

একই অনুষ্ঠানে হুয়াওয়ে তাদের নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট ম্যাট এক্স৭–ও উন্মোচন করেছে, যার দাম শুরু ১২,৯৯৯ ইয়ান থেকে। ক্রমবর্ধমান মেমোরি চিপমূল্যের বাজারে এই লঞ্চ দেশীয় প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী শাওমি সতর্ক করেছে যে আগামী বছর স্মার্টফোনের দাম বাড়তে পারে। মেমোরি চিপের মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি অক্টোবরেই রেডমি কে৯০-এর দাম বাড়িয়েছে। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং বলেছেন, তারা পণ্যের মিশ্রণ উন্নত করে এবং গড় বিক্রয়মূল্য বাড়িয়ে বাজারে টিকে থাকার কৌশল নিচ্ছেন।

অন্যদিকে, অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনে অক্টোবর মাসে আইফোন বিক্রি গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে। সে মাসে চীনের মোট স্মার্টফোন বিক্রির এক-চতুর্থাংশই ছিল আইফোন, যা ২০২২ সালের পর অ্যাপলের সর্বোচ্চ মার্কেট শেয়ার।

শাওমি অক্টোবরে বাজারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যা গত এক দশকের বেশি সময়ে প্রথম। তাদের ১৭ সিরিজ বিক্রি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি অক্টোবরে ১৯ শতাংশ কমে গেছে যা ম্যাট ৮০ সিরিজের প্রতি বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।


ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২৩ ২১:৪০:২২
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন
ছবি : সংগৃহীত

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠীটির দাবি, এসব সিভি দেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে ব্যবহারকারীদের তথ্য তাদের প্ল্যাটফর্ম থেকে ফাঁস হয়েছে—এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিডিজবস।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করে ‘ম্যাডর‍্যাক্স’ পরিচয়ধারী গোষ্ঠীটি। বিজ্ঞাপনে দাবি করা হয়, এসব তথ্য বিডিজবসের ডেটাবেজ থেকে নেওয়া হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণসংক্রান্ত তথ্য রয়েছে বলেও দাবি করা হয়।

হ্যাকার গোষ্ঠীটির পোস্ট অনুযায়ী, এসব সিভির একটি কপির জন্য দাম চাওয়া হয়েছে এক হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করা হবে বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পেইউ এবং বাইন্যান্সের নাম দেওয়া হয়েছে।

নিজেদের দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে গোষ্ঠীটি। প্রকাশিত এসব সিভি বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ নথিই পুরোনো। বিশেষ করে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যা বেশি।

প্রকাশিত ১৪৮টি সিভির মধ্যে দুজনের সঙ্গে সাংবাদিকরা কথা বলেছেন। তারা দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের ভাষ্য, কয়েক বছর আগে তারা বিডিজবসে নিজেদের সিভি আপলোড করেছিলেন।

সম্ভাব্য এই তথ্য ফাঁসের ঘটনায় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্রযুক্তিবিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, একজন ব্যক্তির নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের তথ্য এক জায়গায় পাওয়া গেলে তার বিস্তারিত ডিজিটাল পরিচয় তৈরি করা সম্ভব।

তিনি বলেন, এসব তথ্য ব্যবহার করে পরবর্তী সময়ে ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি কিংবা আর্থিক প্রতারণার মতো বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চালানো সম্ভব। ফলে চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত তথ্যের এমন সম্ভাব্য ফাঁসকে উদ্বেগজনক হিসেবে দেখছেন তিনি।

তবে চাকরিপ্রার্থীদের তথ্য বিডিজবসের ডেটাবেজ থেকে ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিডিজবস। তথ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইল কারা দেখতে পারবেন এবং কারা পারবেন না, সে বিষয়েও বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।

ফাহিম মাশরুর জানান, বিডিজবসে নিবন্ধিত লক্ষাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। তবে এসব তথ্য কেবল নিজেদের নিয়োগপ্রক্রিয়ায় ব্যবহারের অনুমতি রয়েছে তাদের।

তিনি আরও বলেন, কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করলে এবং বিষয়টি বিডিজবসের নজরে আনা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো


আকাশসীমা নজরদারিতে নতুন প্রযুক্তি: সক্ষমতা বৃদ্ধির তথ্য জানাল বিএনপি

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২৩ ১৯:৩১:৫৫
আকাশসীমা নজরদারিতে নতুন প্রযুক্তি: সক্ষমতা বৃদ্ধির তথ্য জানাল বিএনপি
ছবি : সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ (Ground Master 403M) রাডার এবং নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে দেশের আকাশসীমা নজরদারিতে নতুন সক্ষমতা যুক্ত হয়েছে বলে জানিয়েছে বিএনপি। রবিবার (২৩ আগস্ট) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য তুলে ধরা হয়।

প্রকাশিত বার্তায় উল্লেখ করা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত এই অত্যাধুনিক রাডার ব্যবস্থার ফলে ঢাকা-কেন্দ্রিক প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরীয় আকাশসীমায় সর্বোচ্চ ৮৩৩ কিলোমিটার পর্যন্ত উড়োজাহাজের অবস্থান রিয়েল-টাইমে অর্থাৎ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, নতুন এই রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর হওয়ার ফলে দেশের আকাশসীমা নজরদারি আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও আধুনিক রূপ পাবে। একই সঙ্গে আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা, সামগ্রিক আকাশসীমা নিয়ন্ত্রণ এবং বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা কাঠামো উল্লেখযোগ্য মাত্রায় জোরদার হবে।

উন্নত এই প্রযুক্তির সুবাদে আকাশসীমায় চলাচলকারী যেকোনো উড়োজাহাজের গতিবিধি ও অবস্থান মুহূর্তেই সুনির্দিষ্টভাবে শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব হবে বলেও দলটির ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

তবে নতুন রাডারটি ঠিক কবে থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে এবং এই প্রকল্পের বিস্তারিত কারিগরি রূপরেখা সম্পর্কে বিএনপির ওই বার্তায় বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

/আশিক


ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য আসছে বড় পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৯ ২০:২২:২০
ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য আসছে বড় পরিবর্তন
ছবি : সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কনটেন্ট নির্মাতাদের জন্য পাবলিক ভিউ গণনার নিয়মে একটি বড় পরিবর্তন আসছে। প্ল্যাটফর্মটিতে এখন থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই তা একটি ভিউ হিসেবে গণনা করা হবে। আগামী ২৪ আগস্ট থেকে ভিডিও ও সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে বুধবার অফিশিয়াল ব্লগ পোস্টে নিশ্চিত করেছে ইউটিউব।

পূর্বে কোনো ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার জন্য দর্শককে অন্তত ৩০ সেকেন্ড সেটি চালু রাখতে হতো। নতুন নিয়মে ভিডিওর প্রথম ফ্রেম চালু হওয়ামাত্রই ভিউ যুক্ত হবে। এর ফলে কনটেন্ট নির্মাতাদের প্রকাশিত ভিডিওতে সামগ্রিক ভিউ সংখ্যা আগের চেয়ে অনেক দ্রুত বাড়লেও শুধু এই সংখ্যার ওপর ভিত্তি করে ভিডিওর প্রকৃত দর্শকপ্রিয়তা বা আকর্ষণ যাচাই করা কিছুটা কঠিন হতে পারে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। দর্শকদের প্রতিক্রিয়ার সব ফরম্যাটকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে বিভ্রান্তি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত বছর শর্টস ভিডিওর ক্ষেত্রেও চালু হওয়ামাত্র ভিউ গণনার এই নিয়ম চালু করা হয়েছিল।

তবে ভিডিওর পুরনো পরিমাপ ব্যবস্থা একেবারে বাতিল করা হচ্ছে না। নির্মাতারা তাঁদের ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ অপশনের মাধ্যমে ভিডিও চালুর সংখ্যা এবং নির্দিষ্ট সময় ধরে দর্শকরা কতক্ষণ দেখেছেন—এ দুটি তথ্যই আলাদাভাবে দেখতে পাবেন।

নতুন এই নিয়মের কারণে নির্মাতাদের আয় কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতা অর্জনের নীতিমালায় কোনো প্রভাব পড়বে না। ইউটিউব স্পষ্ট করেছে যে পাবলিক ভিউ বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে কনটেন্ট নির্মাতার আয়ও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। শর্টসের আয়ের জন্য ‘এনগেজড শর্টস ভিউস’ এবং সাধারণ ভিডিওর ক্ষেত্রে ‘এনগেজড ওয়াচ আওয়ার্স’ আগের মতোই মূল মানদণ্ড হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয়ের যোগ্যতা অর্জনে ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের শর্ত ২০২৭ সাল থেকে আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউটিউব।

/আশিক


চালকহীন পরিবহনে টেসলার নতুন পদক্ষেপ

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৯ ১৯:৪০:০৯
চালকহীন পরিবহনে টেসলার নতুন পদক্ষেপ
ছবি : সংগৃহীত

স্টিয়ারিং হুইল ও প্যাডেলবিহীন সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’ চালকহীন বাণিজ্যিক পরিষেবায় যুক্ত করতে প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদন ও টেসলার রোবোট্যাক্সি বিভাগের সাম্প্রতিক ইঙ্গিত অনুযায়ী, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে দুই আসনবিশিষ্ট এই রোবোট্যাক্সির যাত্রা শুরু হতে পারে।

প্রাতিষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও, প্রাথমিক পর্যায়ে এটি টেসলার নিজস্ব কর্মীদের ব্যবহারের সুযোগ দিয়ে পরীক্ষা চালানো হবে এবং পরবর্তীতে তা অস্টিনের মূল রোবোট্যাক্সি নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্বয়ংক্রিয় যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি এই সাইবারক্যাব প্রচলিত গাড়ির চেয়ে সম্পূর্ণ আলাদা। এতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই এবং পুরো চলাচল ব্যবস্থাটি টেসলার উন্নত ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তির ওপর নির্ভরশীল।

বর্তমানে ফ্লোরিডার মায়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পা এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে টেসলা তাদের ‘মডেল ওয়াই’ গাড়ি দিয়ে সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে। সেই প্রেক্ষাপটে সাইবারক্যাবের সংযোজন স্বায়ত্তশাসিত যানবাহন খাতে একটি বড় প্রযুক্তিগত মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বাণিজ্যিকভাবে সাইবারক্যাব চালু করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থার আইনি অনুমোদন। প্রচলিত নিয়ম অনুযায়ী স্টিয়ারিং হুইল ছাড়া গাড়ি দিয়ে বাণিজ্যিক যাত্রীসেবা পরিচালনার সাধারণ অনুমতি নেই, যার জন্য বিশেষ সরকারি অনুমোদনের প্রয়োজন হবে। ভবিষ্যতে ব্যাপক উৎপাদনের পরিকল্পনায় থাকা এই বিশেষ যানটির আইনি বাধা দূর করে সফল পরিচালনা টেসলার সার্বিক স্বায়ত্তশাসিত পরিবহন প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ম্যাশেবল


দুপুরের আকাশে জ্বলজ্বল করবে তারা: বিরল সূর্যগ্রহণে রেকর্ড গড়বে লুক্সর

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৮ ১৯:৪৭:০৯
দুপুরের আকাশে জ্বলজ্বল করবে তারা: বিরল সূর্যগ্রহণে রেকর্ড গড়বে লুক্সর
ছবি : সংগৃহীত

প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য পরিচিত মিশরের ঐতিহাসিক শহর লুক্সর ২০২৭ সালের ২ আগস্ট সাক্ষী হতে যাচ্ছে এক শতাব্দীর অন্যতম দীর্ঘ ও বিরল পূর্ণ সূর্যগ্রহণের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, ওই দিন পূর্ণগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্বকাল হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড—যা ২১১৪ সাল পর্যন্ত পৃথিবীর আকাশে দেখা যাওয়া দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে বিবেচিত হবে।

পূর্ণ সূর্যগ্রহণের পথটি আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে ভারত মহাসাগরে গিয়ে শেষ হবে। প্রায় ২৫৯ কিলোমিটার প্রশস্ত এই পথের মধ্যে কাডিজ, ট্যাঙ্গিয়ার, বেনগাজি এবং জেদ্দার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো থাকলেও নীল নদের তীরে অবস্থিত কিংস ও কুইন্স ভ্যালির কারণে জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে লুক্সর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রায় সাড়ে ছয় মিনিটের দীর্ঘ অন্ধকারের কারণে দুপুরের আকাশে খালি চোখে বিভিন্ন উজ্জ্বল তারা ও গ্রহ স্পষ্ট হয়ে উঠবে। আগস্ট মাসে লুক্সরের আকাশ মেঘমুক্ত থাকা পর্যবেক্ষণের জন্য দারুণ সুযোগ হলেও মরুভূমির ধুলা ও ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ক্যামেরা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

লুক্সরে দুপুর ১টা ৫ মিনিটে পূর্ণগ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে। এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করতে বিশ্বজুড়ে পর্যটকদের বিপুল চাপ তৈরি হওয়ায় সেখানকার অধিকাংশ হোটেল এরই মধ্যে বুক হয়ে গেছে। এদিকে রাজধানী কায়রোতে সূর্যের প্রায় ৯৪ শতাংশ ঢাকা পড়বে। এই মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণে মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস তাদের কোটামিয়া অবজারভেটরির ৫০ টনের টেলিস্কোপ প্রস্তুত রাখাসহ ব্যাপক বৈজ্ঞানিক গবেষণার পরিকল্পনা নিয়েছে।

সূত্র: সিএনএন


সোশ্যাল মিডিয়া কনটেন্টের পারফরম্যান্স জানাবে গুগল সার্চ কনসোল

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ২০:১৪:৩০
সোশ্যাল মিডিয়া কনটেন্টের পারফরম্যান্স জানাবে গুগল সার্চ কনসোল
ছবি : সংগৃহীত

ওয়েবসাইটের পাশাপাশি এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গুগল সার্চে কেমন পারফর্ম করছে, তা সরাসরি জানা যাবে গুগল সার্চ কনসোল (Google Search Console) থেকে। সার্চ কনসোলে যুক্ত হওয়া নতুন ‘প্ল্যাটফর্ম প্রোপার্টিজ’ (Platform Properties) ফিচারের মাধ্যমে এই ডেটা ট্র্যাক করার সুযোগ মিলবে।

নতুন এই সুবিধার আওতায় ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং এক্স (সাবেক টুইটার)–এই চারটি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চ্যানেল বা অ্যাকাউন্ট সার্চ কনসোলে আলাদা প্রোপার্টি হিসেবে যুক্ত করা যাবে। এর ফলে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা ভিডিও গুগল সার্চে কতবার প্রদর্শিত হয়েছে (ইমপ্রেশন), কতজন ব্যবহারকারী সেখানে ক্লিক করেছেন এবং ঠিক কোন সার্চ কোয়েরির মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্টটি খুঁজে পেয়েছেন—তার সুনির্দিষ্ট মেট্রিকস জানা সম্ভব হবে।

গুগল ২০২৬ সালের ৭ জুলাই এই ফিচারটির প্রাথমিক ঘোষণা দেওয়ার পর ২৯ জুলাই এটি বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া আউটলেটগুলোর জন্য উন্মুক্ত করে। এর ফলে সোশ্যাল কনটেন্টের ওপর গুগলের সার্চ ট্রাফিক এবং ভিজিবিলিটি আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করার সুবিধা তৈরি হলো।

/আশিক


বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম: আসছে একগুচ্ছ বড় পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ১৯:৪৫:১৯
বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম: আসছে একগুচ্ছ বড় পরিবর্তন
ছবি : সংগৃহীত

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের দায়ের করা মামলা এবার জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে এই ঐতিহাসিক মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে চলেছে। ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে দায়েরকৃত এ মামলায় বাদীপক্ষ মেটার বিরুদ্ধে ১ ট্রিলিয়ন ডলারের বেশি জরিমানা দাবি করেছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সামগ্রিক পরিচালনা পদ্ধতিতে আমূল সংস্কার আনার দাবি জানানো হয়েছে।

মামলার নথিতে অভিযোগ করা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদম ও ফিচারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রেখে মারাত্মক আসক্তি তৈরি করে। অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে প্ল্যাটফর্মগুলোতে লাইক গণনা ব্যবস্থা বাতিল, ইনফিনিট স্ক্রোল বন্ধ, ভিডিওর অটো-প্লেব্যাক অপসারণ, অবাস্তব ইমেজ ফিল্টার নিষিদ্ধ, একাধিক অ্যাকাউন্ট খোলা বন্ধ এবং নির্ধারিত সময় পর মুছে যাওয়া ইনস্টাগ্রাম স্টোরিজের মতো সুবিধা বাতিলের দাবি তোলা হয়েছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকদের যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছে।

মেটা কর্তৃপক্ষ অবশ্য বরাবরই এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে আসছে। তাদের দাবি, তরুণ ব্যবহারকারীদের মানসিক সুরক্ষায় তারা ধারাবাহিকভাবে কাজ করছে এবং আদালতে নিজস্ব অবস্থান দৃঢ়ভাবে প্রমাণ করবে।

এর আগে সম্প্রতি নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করার পাশাপাশি জনস্বার্থের জন্য ক্ষতিকর প্রতিষ্ঠান হিসেবেও অভিহিত করেছিল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ৩০টি অঙ্গরাজ্যের এই সমন্বিত মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিচালনার কাঠামোয় বড় ধরনের স্থায়ী পরিবর্তন আসবে।

/আশিক


নতুন চাঁদের আলোহীন রাতে আজ দেখা মিলবে পারসিড উল্কাবৃষ্টির

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১২ ২১:২১:০১
নতুন চাঁদের আলোহীন রাতে আজ দেখা মিলবে পারসিড উল্কাবৃষ্টির
ছবি : সংগৃহীত

অমানিশার অন্ধকার রাতের কল্যাণে এবার আকাশপ্রেমীদের জন্য এসেছে এক অপূর্ব সুযোগ। নতুন চাঁদের কারণে আকাশে আলো না থাকায় আজ বুধবার (১২ আগস্ট) রাত থেকেই দেখা মিলতে যাচ্ছে বছরের অন্যতম উজ্জ্বল মহাজাগতিক ঘটনা 'পারসিড উল্কাবৃষ্টি'। বাংলাদেশের আকাশেও এই মনোমুগ্ধকর দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও ভারতে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে উপযুক্ত সময়। বিশেষ করে রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে আকাশে উল্কার উজ্জ্বলতম ঝলক দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনুকুল আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকলে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ১০০টি পর্যন্ত উল্কা ভেসে উঠতে পারে।

পারসিড উল্কাবৃষ্টি মূলত দ্রুতগতির ও অত্যন্ত উজ্জ্বল আলোর রেখার জন্য বিখ্যাত, যা কখনো কখনো বিকট আলোর 'ফায়ারবল' তৈরি করে। ১০৯পি/সুইফট-টাটল নামক ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও ধসে পড়া অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি ঘণ্টায় প্রায় ৫৯ কিলোমিটার প্রচণ্ড গতিতে প্রবেশ করে ঘর্ষণের ফলে বাষ্পীভূত হয়ে এই মহাজাগতিক আলোর খেলা ফুটিয়ে তোলে। পৃথিবী থেকে দেখলে মনে হয় উল্কাগুলো পারসিয়াস নক্ষত্রমণ্ডল থেকে বের হচ্ছে, যা থেকে এর নামকরণ করা হয়েছে পারসিড।

জ্যোতির্বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, চমৎকার এই দৃশ্য প্রত্যক্ষ করতে কৃত্রিম আলো ও শহরের কোলাহলমুক্ত খোলা কোনো জায়গা বেছে নিতে হবে। চোখের দৃষ্টি অন্ধকারের সাথে মানিয়ে নিতে মোবাইল স্ক্রিন এড়িয়ে প্রায় ৩০ মিনিট অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন তারা।

/আশিক


দিনেই নামবে আঁধার, মহাজাগতিক দৃশ্য ঘিরে বিজ্ঞানী মহলে তোলপাড়

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৯ ১৮:৩০:০৩
দিনেই নামবে আঁধার, মহাজাগতিক দৃশ্য ঘিরে বিজ্ঞানী মহলে তোলপাড়
ছবি : সংগৃহীত

আকাশে দেখা মিলবে এক বিরল ও রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্যের। আগামী বুধবার (১২ আগস্ট) চাঁদের আড়ালে সূর্য পুরোপুরি ঢাকা পড়ে দিনেই নেমে আসবে রাতের মতো অন্ধকার। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এর মধ্যে স্পেন, পর্তুগাল, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও উত্তর রাশিয়ার সুনির্দিষ্ট কিছু অঞ্চল থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

মহাকাশ গবেষকদের মতে, চাঁদ যখন আবর্তনের সময় ঠিক পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলোকে পুরোপুরি আড়াল করে দেয়, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। এর ফলে দিনের বেলাতেও চারপাশ হঠাৎ আঁধারে ঢেকে যায় এবং দৃশ্যমান হয় তারামণ্ডল।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) তথ্য অনুযায়ী, স্পেনের মূল ভূখণ্ডে ১৯০৫ সালের পর অর্থাৎ দীর্ঘ ১২১ বছর পর এবারই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দেশটির লিওন শহরের আকাশে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে এই দৃশ্য তৈরি হবে, যা প্রায় দুই মিনিট স্থায়ী হতে পারে।

ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলবে। আলাস্কা থেকে শুরু করে নর্থ ক্যারোলিনা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এটি দৃশ্যমান হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাব অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই মহাজাগতিক ঘটনা গবেষণার এক নতুন দুয়ার খুলে দেয়। নাসা জানিয়েছে, গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর পরিবর্তনের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণে বিশেষ উচ্চ-উচ্চতার জেট বিমান ও বায়ুমণ্ডলীয় বেলুন ব্যবহার করা হবে।

নাসার হেলিওফিজিক্স বিভাগের কর্মকর্তা কেলি করেক জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে সূর্যের অত্যন্ত উত্তপ্ত ও রহস্যময় বাইরের বায়ুমণ্ডল অর্থাৎ ‘করোনা’ স্পষ্টভাবে পর্যবেক্ষণের দুর্লভ সুযোগ তৈরি হয়। মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে সৌরজগতের এমন নিখুঁত দৃশ্য অবলোকন করা সম্ভব নয়।

মহাকাশপ্রেমীদের জন্য এই বিরল দৃশ্যের পর পরবর্তী সূর্যগ্রহণের জন্যও বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি সূর্যগ্রহণ ঘটবে, যা স্পেনসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিস্তৃত অঞ্চল থেকে অবলোকন করা যাবে।

সূত্র: এনপিআর

পাঠকের মতামত: