সন্দ্বীপে উপকূলীয় বন উজাড়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৫ ০৯:৪৭:০৭
সন্দ্বীপে উপকূলীয় বন উজাড়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ফাইল ছবি

চট্টগ্রামের সন্দ্বীপে উপকূলীয় সুরক্ষা বন নির্বিচারে কেটে সরকারি জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইদ্রিস আলমের বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহ ধরে তার নেতৃত্বে অনুসারীরা রাতের আঁধারে মগধরা ইউনিয়নের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে কেওড়া এবং অন্যান্য ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে ফেলছে। স্থানীয় সূত্র জানায়, এসব কাটা গাছ নদীপথ এবং সড়কপথে হাতিয়া সুবর্ণচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। এতে সন্দ্বীপ চ্যানেল তীরবর্তী সুরক্ষা বাঁধ এখন মারাত্মক ঝুঁকিতে পড়ে গেছে এবং বাড়ছে নদীভাঙনের আশঙ্কা।

বন বিভাগ সূত্র জানায় মগধরা এলাকার বিস্তীর্ণ বনটি ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর কোস্টাল গ্রীণবেল্ট প্রকল্পের মাধ্যমে বনায়ন করা হয়েছিল। এই বেল্ট উপকূলীয় জনপদকে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এবং নদীভাঙন থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়দের অভিযোগ ইদ্রিস আলম প্রকাশ্যে বন উজাড় করলেও বন বিভাগ পুলিশ এবং উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

গত শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মগধরা ইউনিয়নের দ্বীপ সুরক্ষা বাঁধ সংলগ্ন বনাঞ্চলের প্রায় ২০ একর এলাকায় হাজার হাজার কেওড়া এবং ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হয়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল গাছের গুঁড়ি ডালপালা এবং কাটা কাঠের স্তূপ। স্থানীয় নারীরাও কাটা গাছের টুকরো সংগ্রহ করছেন। স্থানীয় বাসিন্দা মোশারফ অভিযোগ করেন বন উজাড়ে বন বিভাগের বেশ কিছু অসাধু সদস্য জড়িত। অভিযোগ দেওয়ার পরও কেউ ঘটনাস্থলে আসে না বরং ঘটনাটি উপেক্ষা করা হচ্ছে।

এই বনের ধ্বংসে সন্দ্বীপ চ্যানেল তীরবর্তী সুরক্ষা বনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীভাঙনের ঝুঁকি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বেড়িবাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা হাসিনা বেগম বলেন গত এক বছর ধরে বন কাটা চলছে তবে গত তিন সপ্তাহ ধরে প্রতিদিনই গাছ কাটছে। স্থানীয় এক চা দোকানি জানান রাত ১১টা থেকে ভোর পর্যন্ত একটি গ্রুপ এবং ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত আরেকটি গ্রুপ গাছ কাটে। পুরো কাজটি হচ্ছে ইদ্রিস আলমের নেতৃত্বে এবং তার রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পান।

তবে অভিযুক্ত বিএনপি নেতা ইদ্রিস আলম দাবি করেছেন যে তিনি নিজের জায়গার গাছ কাটছেন এবং সেখানে তার লিজ নেওয়া ১০ কানি জমিসহ আরও ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কিন্তু বন বিভাগ তার দাবি সরাসরি নাকচ করেছে। সন্দ্বীপ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন সরকারি সৃজিত বনের অংশবিশেষ কেউ নিজের দাবি করলে তাকে প্রথমে লিখিত আবেদন করতে হবে এবং সার্ভে শেষে মালিকানা নির্ধারণ করা হবে। অনুমতি ছাড়া বন বিভাগের কোনো গাছ কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান বন বিভাগের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশ্বাস দেন যে উপকূলীয় বন উজাড়ের মতো গুরুতর অপরাধ কোনোভাবেই উপেক্ষিত থাকবে না।

সন্দ্বীপের উপকূল রক্ষাকারী বনের এই ধ্বংস পরিবেশ জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে উপকূলীয় অঞ্চলকে আসন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

-রাফসান


সব প্রস্তুতি সম্পন্ন, রাতেই ঢাকায় পৌঁছাচ্ছে কাতারের বিশেষ উদ্ধারকারী বিমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:৩৭:২৯
সব প্রস্তুতি সম্পন্ন, রাতেই ঢাকায় পৌঁছাচ্ছে কাতারের বিশেষ উদ্ধারকারী বিমান
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির তার নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। মির্জা ফখরুল জানান আনুষঙ্গিক যেসব কাজ দরকার সেই কাজগুলো তাঁরা সেরে ফেলেছেন। তিনি নিশ্চিত করেন যে ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দলও যাচ্ছেন।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির বিশেষত্ব সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন এটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স যার মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ তায়ালা তাঁকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মধ্যে আমরা যেন তাঁকে ফিরে পেতে পারি।

বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং এ মুহূর্তে যিনি দেশের দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত তাঁর রোগমুক্তির জন্য সারা দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তিনি আরও জানান উন্নত চিকিৎসার জন্য দেশি বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


অনিবার্য কারণ ছাড়া নির্বাচন এক মুহূর্তও বিলম্বিত হোক তা চায় না বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:২০:৫৯
অনিবার্য কারণ ছাড়া নির্বাচন এক মুহূর্তও বিলম্বিত হোক তা চায় না বিএনপি
ছবি: সমকাল

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জ জাকারিয়া।

রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তিনি জোর দিয়ে বলেন আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি এবং জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। তাই যথাসময়ে নির্বাচন হবে এটাই আমরা চাই।

ভোটগ্রহণের সময়সীমা নিয়ে তিনি বলেন আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। কিন্তু এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। কমিশন জানিয়েছে আগামী রবিবার ৭ ডিসেম্বর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ব্যালট পেপার ছাপানো নিয়ে গুঞ্জনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন ব্যালট পেপার সাধারণত সরকারি প্রেস থেকে ছাপানো হয়। তবে এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এজন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।

এছাড়া বিএনপির অন্যতম এই শীর্ষনেতা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির এই বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।


উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের আসনে প্রার্থী দিয়ে বড় চমক দেখাল বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:১৩:২২
উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের আসনে প্রার্থী দিয়ে বড় চমক দেখাল বিএনপি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এর মধ্যে আলোচিত ঢাকা ১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ছিল। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন তালিকায় দেখা যায় ঢাকা ১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এই আসনটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে কারণ এখান থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমনকি এ লক্ষ্যে তিনি এ এলাকার ভোটার হওয়ার আবেদনও করেছেন বলে জানা গেছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের খবর চাউর হওয়ার মধ্যেই বিএনপি তাদের প্রার্থী হিসেবে শেখ রবিউল আলমের নাম ঘোষণা করে কার্যত নিজেদের অবস্থান পরিষ্কার করল। এর আগে বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল এবং আজকের ৩৬টি মিলিয়ে দলটির ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বাড়ল।


যুক্তরাজ্যের অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের গল্প শোনাবেন ডাকসু ভিপি ও এনসিপি নেতা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৯:৫৪:২৯
যুক্তরাজ্যের অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের গল্প শোনাবেন ডাকসু ভিপি ও এনসিপি নেতা
হাসনাত আব্দুল্লাহ ও আবু সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে বাংলাদেশের জুলাই বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিতে বেশ কয়েকজন তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ইউনাইটেড পিপলস বাংলাদেশের বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা চিঠিতে তরুণ এই নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নিশ্চিত করে বলেন আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানতে পেরেছি তবে আমরা যারা আমন্ত্রণ পেয়েছি তারা সবাই বসব এবং তারপর জানা যাবে মোট আমন্ত্রিতদের সংখ্যা।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের ক্ষেত্রে ছাত্র জনতার গণআন্দোলনে আপনারা নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। চিঠিতে আরও বলা হয় প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁরা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে বিভিন্ন নীতি রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। অক্সফোর্ড ইউনিয়ন তাঁদের পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে বলে চিঠিতে নিশ্চিত করা হয়েছে।


বিএনপি ৩৬ আসনে নতুন প্রার্থী ঘোষণা করল যাদেরকে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৬:৩৮:২১
বিএনপি ৩৬ আসনে নতুন প্রার্থী ঘোষণা করল যাদেরকে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী তালিকা আরও বিস্তৃত করেছে। আগের ঘোষণার ২৩৭ আসনের পাশাপাশি নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন তালিকায় উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ আসন অন্তর্ভুক্ত হয়েছে। ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ এ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর–৩ আসনে আনোয়ারুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দলীয় নেতাদের মধ্য থেকে নির্বাচনযোগ্য প্রার্থী বাছাই করা হয়েছে বলে জানায় সূত্র।

মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, টাঙ্গাইল–৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ এ আবু ওহাব আখন্দ ওয়ালিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জেও দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; কিশোরগঞ্জ–১ এ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ–৫ এ শেখ মুজিবুর রহমান ইকবাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিভাগের বেশ কয়েকটি নগর ও গুরুত্বপূর্ণ আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা–৭ এ হামিদুর রহমান, ঢাকা–৯ এ হাবিবুর রশিদ, ঢাকা–১০ এ শেখ রবিউল আলম ও ঢাকা–১৮ এ এম এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি গাজীপুর–১ এ মজিবুর রহমানকে প্রার্থী করা হয়েছে। মুন্সিগঞ্জ–৩ এ মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ–১ এ এস এ জিন্নাহ কবিরকেও মনোনয়ন দিয়েছে দলটি।

দক্ষিণাঞ্চলে যশোর–৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল–২ এ মনিরুল ইসলাম, খুলনা–১ এ আমির এজাজ খান ও বরিশাল–৩ এ জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির প্রার্থী হয়েছেন। পটুয়াখালীতে মোহাম্মদ শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাদারীপুরেও দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; মাদারীপুর–১ এ নাদিরা আক্তার এবং মাদারীপুর–২ এ জাহান্দার আলী খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজবাড়ী–২ আসনে দলটি হারুন অর রশিদকে মনোনয়ন দিয়েছে। ফরিদপুর–১ এ খন্দকার নাসিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিলেট বিভাগের সুনামগঞ্জ–২ এ নাসির হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ–৪ এ নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।

-শরিফুল


খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, ঢাকা আসছেন জুবাইদা রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৪:৫০:০০
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, ঢাকা আসছেন জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হবেন। চিকিৎসার উপযোগী অবস্থা হলে তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার কাতার সরকার জানিয়েছে, প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে সম্পূর্ণ প্রস্তুত। এই সহায়তা প্রস্তাব বর্তমান সংকটময় অবস্থায় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ বলে বিবেচিত হচ্ছে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিএনপি এবং পরিবারের সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। তার বিদেশ যাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্রঃ বিবিসি


বিএনপি নেতার ‘ফাঁকি’ মন্তব্যে আলোচনার ঝড়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৩:১১:০২
বিএনপি নেতার ‘ফাঁকি’ মন্তব্যে আলোচনার ঝড়
ছবি: সংগৃহীত

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিনের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় “আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে।” এরপর থেকেই ভিডিওটি নানা মহলে সমালোচনার মুখে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতি ব্যবহার করা অনুচিত এবং দায়িত্বজ্ঞানহীন। অন্যদিকে বিএনপি নেতাদের একটি অংশ বলছে, ভিডিওটি সম্পাদিত এবং বক্তব্যের প্রেক্ষাপট বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

সূত্রমতে, বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং–ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন। তার দীর্ঘ প্রায় ২৮ মিনিটের বক্তৃতার একটি ছোট অংশ কেউ রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দেয়, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি নিয়ে সমালোচনার মুখে জসীম উদ্দিন যুগান্তরকে বলেন, “আমি বলেছি এটা ইমানি দায়িত্ব। ধানের শীষ আমাকে দেওয়া হয়েছে, এটা পবিত্র আমানত। যারা দায়িত্ব পালন করবেন না তারা আল্লাহর গজবের মুখোমুখি হবেন। বক্তব্যটি বিকৃতভাবে প্রচার হচ্ছে।” তিনি আরও জানান, দলের প্রতি বেঈমানি করা এবং নেত্রীর অসুস্থতার প্রসঙ্গ তুলে তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “বক্তব্যটি এখনও দেখিনি। দেখে মন্তব্য করতে পারব।”

-রাফসান


এভারকেয়ারের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার আপডেট দেবেন ডা. জাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১০:৫৫:১৪
এভারকেয়ারের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার আপডেট দেবেন ডা. জাহিদ
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিএনপির পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে কথা বলবেন ডা. জাহিদ হোসেন। এর আগে গত রোববার রাতে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন এবং পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন। লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাঁর অনুসারীরা।


পিরোজপুরে সাঈদী পুত্রদের নির্বাচনী চমক বনাম হেভিওয়েটদের লড়াই

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ০৯:৫৪:২৩
পিরোজপুরে সাঈদী পুত্রদের নির্বাচনী চমক বনাম হেভিওয়েটদের লড়াই
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। বিশেষ করে পিরোজপুর ১ ও পিরোজপুর ২ আসনে জেলাবাসীর চুলচেরা বিশ্লেষণ চলছে। জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত দুই নবীন প্রার্থী প্রয়াত সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী এই দুটি আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বাবার পরিচয়ে তাঁরা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছেন তবে আসন দুটিতে অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তাঁদের তীব্র লড়াই হবে বলে মনে করছেন এলাকার ভোটাররা।

পিরোজপুর ১ আসনের সমীকরণ

পিরোজপুর ১ বা সদর নাজিরপুর ও ইন্দুরকানী আসনে জামায়াতের একক প্রার্থী মাসুদ সাঈদী। এই আসনে জামায়াত ছাড়া বিএনপি বা তার শরিক জোট থেকে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাসুদ সাঈদীকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির জাফর অংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সঙ্গে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান ও বর্তমান কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানও মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন। অন্যদিকে এনসিপির জেলা সমন্বয়ক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ আল মামুন খানও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

পিরোজপুর ২ আসনে ত্রিমুখী লড়াই

পিরোজপুর ২ বা ভাণ্ডারিয়া কাউখালী ও নেছারাবাদ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী। জামায়াত অনেক আগেই একক প্রার্থী দেওয়ায় তিনি প্রচারণায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে আহমদ সুমন মঞ্জুর নাম ঘোষণা করা হলেও দলের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে প্রবল বিরোধিতা চলছে। বিভিন্ন গ্রুপ সভা সমাবেশ ও মশাল মিছিল করে প্রার্থী বদলানোর দাবি জানাচ্ছে যা বিএনপির জন্য অস্বস্তির কারণ। এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এনসিপির প্রার্থী শামস ইসতিয়াক রহমান। ফলে এখানে লড়াই হবে ত্রিমুখী।

পিরোজপুর ৩ আসনের চিত্র

পিরোজপুর ৩ বা মঠবাড়িয়া আসনেও নির্বাচনী উত্তাপ কম নয়। এখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী রুহুল আমীন দুলালের পক্ষে বিশাল সভা সমাবেশ ও শোডাউন নিয়মিত চলছে। তবে বসে নেই এনসিপির তরুণ প্রার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর শামীম হামিদী। মাঠ ছাড়েননি ঝানু প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী যিনি এবার ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই আসনে জামায়াতের প্রার্থী শরীফ আব্দুল জলিল।

জামায়াতের কৌশল ও ভোটারদের ভাবনা

জেলার ৩টি সংসদীয় আসনে বেশ আগেভাগেই জামায়াত একক প্রার্থী ঘোষণা করায় সর্বত্র তাদের পরিচিতি তুলে ধরতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপরীতে খুব একটা বেগ পেতে হয়নি। বিশেষ করে সাঈদী পুত্রদ্বয় দলের নতুন প্রার্থী হওয়ায় এবং প্রয়াত এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে হিসেবে দ্রুত তাঁদের পরিচয় ভোটার ও সমর্থকদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। তবে হেভিওয়েট প্রার্থী ও বিএনপির ভোটব্যাংক তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত