টানা গরমের পর অবশেষে স্বস্তির বার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২৯ ১০:৪৬:১৯
টানা গরমের পর অবশেষে স্বস্তির বার্তা
ছবি : সংগৃহীত

দীর্ঘ কয়েক সপ্তাহের দহনজ্বালা ও শুষ্ক আবহাওয়ার পর অবশেষে ঢাকাবাসীর জন্য এসেছে কিছুটা স্বস্তির বার্তা। বুধবার (২৯ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা গরম ও ধুলাবালিতে অস্বস্তিতে থাকা নগরবাসীর জন্য এটি একপ্রকার প্রশান্তির খবর। বিশেষজ্ঞরা বলছেন, এই বৃষ্টি যদিও খুব বেশি হবে না, তবুও এটি রাজধানীর তাপমাত্রা কিছুটা কমিয়ে এনে পরিবেশে আর্দ্রতা ও ধুলাবালি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় বজ্রসহ হালকা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার আকারও নিতে পারে। সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা অক্টোবরের শেষপ্রান্তে এসে অস্বাভাবিকভাবে বেশি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই স্বল্পমাত্রার বৃষ্টিপাত হয়তো তাৎক্ষণিকভাবে প্রচণ্ড গরমের অবসান ঘটাবে না, তবে এটি শহরের বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখবে। গত কয়েকদিনে বাতাসে ধুলার মাত্রা বেড়ে যাওয়ায় ঢাকার বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। ফলে, এই বৃষ্টি ধুলাবালি ধুয়ে দিয়ে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

অন্যদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে ধারণা করা হচ্ছে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। অক্টোবরের শেষ প্রান্তে এ ধরনের বৃষ্টিপাত সাধারণত মৌসুম পরিবর্তনের ইঙ্গিত দেয়। আবহাওয়াবিদদের বিশ্লেষণে দেখা গেছে, বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল থেকে আসা আর্দ্র বায়ুপ্রবাহ এবং স্থানীয় তাপমাত্রার পার্থক্য মিলিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাতের ধারা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময়ের বৃষ্টিকে শীতের আগমনের পূর্বাভাস হিসেবেও দেখা যেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রস্থান ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর ধীরে ধীরে আগমন ঘটছে, যা বৃষ্টিপাতের মাধ্যমে মৌসুম পরিবর্তনের স্বাভাবিক ইঙ্গিত দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীতে সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে এবং মাঝে মাঝে বইছে মৃদু বাতাস। এতে গরমের তীব্রতা কিছুটা কমে এসেছে। শহরের অনেক এলাকায় মানুষ এই পরিবর্তনকে স্বস্তি হিসেবে দেখছে। কেউ কেউ বলছেন, সামান্য বৃষ্টিও ধুলাবালি ধুয়ে দিয়ে বাতাসে আনে স্নিগ্ধতার অনুভূতি, যা শীতের প্রারম্ভিক ইঙ্গিত হতে পারে।

তবে আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই বৃষ্টির পর বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে গেলে রাতে আর্দ্র গরমের অনুভূতি থাকতে পারে, যা নভেম্বরের শুরুতে ধীরে ধীরে হ্রাস পাবে। তারপর থেকে দেশের আবহাওয়া ক্রমান্বয়ে শীতলতার দিকে যাবে বলে তারা ধারণা করছেন।

-রফিক


রাতেই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়: ১১ অঞ্চলে আবহাওয়া অফিসের জরুরি বার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ২১:৩৩:০৬
রাতেই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়: ১১ অঞ্চলে আবহাওয়া অফিসের জরুরি বার্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (৫ মে) দেশের ১১টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। আজ রাত ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে জানানো হয়েছে যে—ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আগামীকাল বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উল্লেখ্য, বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে।

/আশিক


৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১০:৪০:৩৯
৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
ছবি : সংগৃহীত

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে আজ সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র ঝড়ের আশঙ্কায় উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের এই ছয় জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে। ছোট নৌযান ও লঞ্চগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল থাকতে পারে।

/আশিক


আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ২১:৩৮:০৮
আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা
ছবি : সংগৃহীত

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার এক ফেসবুক পোস্টে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানিয়েছেন।

তাঁর পূর্বাভাস অনুযায়ী আজ ৪ মে দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চলে এর প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগের সব জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এবং সিলেট বিভাগের সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে পাবনা, রাজশাহী এবং ময়মনসিংহ জেলার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া গবেষক বিশেষভাবে সতর্ক করেছেন যে বিকেল থেকে সন্ধ্যার সময়টি বজ্রপাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এই সময়ে খোলা জায়গা বা গাছের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি।

/আশিক


৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১২:৫৯:১৫
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

সারাদেশে যখন তীব্র গরমে কিছুটা হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই প্রকৃতির রুদ্ররূপ দেখার অপেক্ষায় রয়েছে দেশের ৭ জেলা। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে।

নদীবন্দরে সতর্কতা

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও লঞ্চগুলোকে নিরাপদ আশ্রয়ে থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই দমকা হাওয়ার কারণে আকস্মিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতা।

সারাদেশের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে বৃষ্টির সময়ে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

/আশিক


ঢাকাসহ যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ০৮:২৯:১৪
ঢাকাসহ যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলে সোমবার ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৪ মে) ভোরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়, সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে নৌপথে চলাচলকারী যানবাহন ও নদীবন্দরগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি পরিবর্তনের এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ধরনের ঝড়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে রোববার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কিছু এলাকায় বিদ্যুৎ চমকানোসহ মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অতিভারি বর্ষণের কারণে নগর এলাকায় জলাবদ্ধতা, দুর্বল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং নিচু এলাকাগুলোতে সাময়িক দুর্ভোগ তৈরি হতে পারে। একইসঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠ, নদী ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-রাফসান


দুপুর ১টার মধ্যেই ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের তান্ডব! ১ নম্বর সতর্কসংকেত জারি

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ১০:১২:২৩
দুপুর ১টার মধ্যেই ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের তান্ডব! ১ নম্বর সতর্কসংকেত জারি
ছবি : সংগৃহীত

রোববার (৩ মে ২০২৬) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় ধুলোঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।

এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নদীপথে যাতায়াতকারী যাত্রী ও ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা: ৭ অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ২১:৩১:৫০
রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা: ৭ অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ের তীব্রতার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার ফলে ওই সব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে আজ সন্ধ্যা থেকে আগামীকাল রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এই মৌসুমি পরিবর্তনের ফলে নদীপথের যাত্রী এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।

/আশিক


দেশের ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: ১ নম্বর সতর্কসংকেত জারি

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ১১:৪১:৪৭
দেশের ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: ১ নম্বর সতর্কসংকেত জারি
ছবি : সংগৃহীত

সারাদেশে যখন গুমোট গরম আর মেঘলা আকাশ, তখনই দেশের চারটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ৬টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে হঠাৎ অস্থিরতা তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকলেও মূলত উল্লেখিত চার অঞ্চলেই ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীপথ ব্যবহারকারী যাত্রী ও মাঝিদের জন্য এই সর্তকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যা কৃষি ও জানমালের জন্য কিছুটা ঝুঁকির কারণ হতে পারে। সন্ধ্যার পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে, তবে দিনের এই সময়ে নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

/আশিক


৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: ৯ অঞ্চলের নদীবন্দরকে সতর্ক করল আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ৩০ ১০:৪৪:২৮
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: ৯ অঞ্চলের নদীবন্দরকে সতর্ক করল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

দেশের ৯টি অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির তীব্র শঙ্কা প্রকাশ করে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সম্ভাব্য এই ঝড়ো হাওয়া নদীপথে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বুলেটিন অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝাপটা হাওয়ার গতিবেগ বেশি থাকার সম্ভাবনা থাকায় ছোট নৌযান ও লঞ্চ চলাচলের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগগুলোতেও সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সারা দেশের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে, রাজশাহী, ঢাকা ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ করে যারা নদীপথে যাতায়াত করেন, তাদের আবহাওয়ার সর্বশেষ খবরের দিকে নজর রাখতে বলা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেনে শীর্ষ গেইনার তালিকায় বহুমুখী খাতের কোম্পানির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা বাজারে বিস্তৃত ভিত্তিতে আস্থার ইঙ্গিত... বিস্তারিত