চাঁদপুরে যুবক হত্যার বিচারে মরদেহ নিয়ে থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৭:১১:৫৮
চাঁদপুরে যুবক হত্যার বিচারে মরদেহ নিয়ে থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফরহাদ জুয়েল নামে এক যুবক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (৬ জুলাই) বিকেলে ছেংগারচর বাজারে মতলব উত্তর থানার সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় থানা চত্বরে উপস্থিত হয়ে ঘটনাস্থলে আসেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। তারা নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের আশ্বস্ত করেন যে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।

নিহত ফরহাদ জুয়েল (২৭) কলাকান্দা ইউনিয়নের সাতানি গ্রামের বাসিন্দা। তার এক স্ত্রী ও চার বছর বয়সী সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ নিখোঁজ হন। পরদিন হাইমচর উপজেলার নীলকমল এলাকায় মেঘনা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করা মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।

নিহতের বাবা মো. আবুল হাশেম বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, এখন চাই বিচার হোক। দোষীরা যেন কোনোভাবে রেহাই না পায়।"

ফরহাদের স্ত্রী সুরভি আক্তার বলেন, "আমার ছোট্ট সন্তান বাবাহারা হয়েছে। আমি শুধু বিচার চাই। চাই না আর কোনো পরিবার এভাবে ধ্বংস হোক।"

নিহতের মা সুফিয়া বেগম বলেন, "আমার বুক খালি হয়ে গেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

সহকারী পুলিশ সুপার খাইরুল কবির জানান, "এই হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুরে নিহতের বাবা ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তদন্ত কার্যক্রম গুরুত্বসহকারে চলছে।"

সত্য প্রতিবেদন/আশিক


মেসির পেনাল্টি মিস নিয়ে তর্ক, সংঘর্ষে নিহত ১

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৮ ২১:৪৮:০৫
মেসির পেনাল্টি মিস নিয়ে তর্ক, সংঘর্ষে নিহত ১
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-মিশরের ম্যাচে মেসির পেনাল্টি মিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা বনাম মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও *মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুল ইসলামের মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা ইকরাম উল্যাহ বলেন, "ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এলাকার কিছু উন্মাদ যুবক প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস বলেন, "রাতে ফুটবল খেলা দেখার সময় দুই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।"

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"


কুমিল্লা আন্তঃজেলার ৭ ডাকাত সর্দার গ্রেফতার খুন, ধর্ষণ, ডাকাতিসহ ১৫-২০টি করে মামলা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৮ ২১:৪৪:২১
কুমিল্লা আন্তঃজেলার ৭ ডাকাত সর্দার গ্রেফতার খুন, ধর্ষণ, ডাকাতিসহ ১৫-২০টি করে মামলা
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলার ৭ ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার (৬ জুলাই) ঢাকার কদমতলী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার এবং এসআই অর্ণব বড়ুয়া সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

মো. ইসমাইল (৩৫) - চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার মৃত আছা মিয়ার ছেলে।

মো. কামাল সিকদার (৪০) - খুলনা জেলার দিঘলিয়া থানার দেওড়া গ্রামের মৃত মনু সিকদারের ছেলে। মো. নোমান (৪০) - লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।

রাসেল আলী (৩৫) - বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।

মো. রুবেল (৪২) - কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ডলানগর গ্রামের মো. আলিল উল্লাহর ছেলে।

সাখাওয়াত হোসেন (৩৮) - নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

মো. জুয়েল রানা (৩৫) - কুমিল্লার কোতোয়ালি থানার সংরাইশ এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাত সর্দারের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-২০টি করে মামলা রয়েছে। এ ব্যাপারে কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, "সম্প্রতি ডাকাতি করে লাকসাম থানার ওসি এবং পুলিশের দুটি গাড়িচাপা দিয়ে খাদে ফেলে এসব ডাকাত পালিয়ে যায়। এরপর থেকে তাদেরকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে ঢাকা এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।"


জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের ঘোষণা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৮ ১৯:৩৮:৩৬
জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের ঘোষণা
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা শহর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অতি জরুরি কারিগরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিং প্রক্রিয়ার কারণে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাময়িক পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক, ভারী শিল্পকারখানা এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সেবা থেকে বঞ্চিত হবেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃক প্রকাশিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো বগুড়া জেলা জুড়ে সব ধরনের গ্যাস সরবরাহ পুরোপুরি স্থগিত থাকবে।

পিজিসিএল সূত্রের বিবরণ অনুযায়ী, বর্তমানে সাসেক-২ (SASEC-II) মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের অংশ হিসেবে বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিস্তৃত বিদ্যমান গ্যাস পাইপলাইনটি স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এই উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং মূল পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইনসহ নতুন করে গ্যাস কমিশনিংয়ের জটিল কারিগরি কাজ সম্পন্ন করা হবে।

গ্যাস বিতরণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত টাই-ইনের মূল কাজটি সরাসরি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত থাকায় এবং নিরাপত্তার স্বার্থে পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কের মূল সঞ্চালন লাইনটি নির্দিষ্ট ২৪ ঘণ্টার জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা অপরিহার্য হয়ে পড়েছে।

এই বৃহৎ কারিগরি কার্যক্রমের কারণে শহরের সাধারণ বাসাবাড়ির রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক হোটেল-রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশন ইউনিটগুলোতেও জ্বালানি সরবরাহ মিলবে না।

উন্নয়ন কাজের পরিধি বিবেচনায় বনানী মোড়, তিনমাথা রেলগেট, শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ সেনানিবাস, পল্লী বিদ্যুৎ এলাকা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে একযোগে এই টাই-ইনের কাজ পরিচালনা করবেন প্রকৌশলীরা।

পিজিসিএল প্রশাসন আশ্বস্ত করেছে যে, নির্ধারিত কারিগরি ও প্রকৌশলগত কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই লাইনে পুনরায় গ্যাস সচল করা হবে। এই সাময়িক ও অনিবার্য পরিস্থিতির কারণে গ্রাহকদের যে ভোগান্তি পোহাতে হবে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম।

/আশিক


ঢাকার ট্রাফিক জট নিরসনে চার মাসের মেগা পরিকল্পনা কাঁচপুরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৮ ১৮:৫০:২২
ঢাকার ট্রাফিক জট নিরসনে চার মাসের মেগা পরিকল্পনা কাঁচপুরে
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার তীব্র যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়দাবাদ বাস টার্মিনালটি কাঁচপুরে সরিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অত্যন্ত জরুরি এই অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পটি সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সম্পন্ন করা হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।

আগামী চার মাসের মধ্যে এই স্থানান্তর ও টার্মিনাল নির্মাণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

সংশ্লিষ্ট সভার বিবরণী থেকে জানা গেছে, কাঁচপুরে প্রস্তাবিত এই নতুন বাস টার্মিনালের আধুনিক শেড তৈরি, টিকিট বিক্রয় কেন্দ্র বা কাউন্টার, যাত্রীসাধারণের জন্য উন্নত শৌচাগার এবং প্রশাসনিক কার্যালয়সহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের কাজ সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় আনা হয়েছে। মূলত ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং সায়দাবাদ ও যাত্রাবাড়ী এলাকার যানজট স্থায়ীভাবে দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনার আলোকেই স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে টার্মিনালটি সচল ও ব্যবহারের উপযোগী করার জন্য স্থায়ী টয়লেটসহ আনুষঙ্গিক অবকাঠামো তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনা করে এবং নির্ধারিত চার মাসের সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ নিশ্চিত করার স্বার্থেই সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এই দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে প্রস্তাবটি সভায় পেশ করা হলে কমিটি তা সাদরে গ্রহণ করে। এই পুরো উন্নয়ন প্যাকেজটির প্রাথমিক প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

প্রকল্পের সুনির্দিষ্ট কাজের বিবরণী অনুযায়ী, টার্মিনাল এলাকায় মোট ৪ হাজার ১২ বর্গমিটার আয়তনের প্ল্যাটফর্ম ঢালাই এবং উন্নতমানের টাইলস বসানো হবে। যাত্রীদের বসার শেডের ছাদ নির্মাণের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট ব্যবহার করা হবে। এ ছাড়া দূরপাল্লার যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে ১২০টি কাউন্টার, ৩২টি আধুনিক টয়লেট এবং টিকিট কাউন্টারের চারপাশের নিরাপত্তা নিশ্চিত করতে মজবুত পার্টিশনসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

/আশিক


বুধবার কোথায় বন্ধ দোকান-মার্কেট? দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৮ ১০:৪৪:১৭
বুধবার কোথায় বন্ধ দোকান-মার্কেট? দেখে নিন তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজের জন্য বের হওয়ার আগে আজকের মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক ছুটির তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে পৌঁছে মার্কেট বন্ধ পেলে সময়, শ্রম এবং যাতায়াত ব্যয়—সবই বিফলে যেতে পারে। তাই বুধবার (৮ জুলাই) ঢাকার কোন কোন শপিংমল, মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা আগেভাগেই জেনে নেওয়া ভালো।

সাপ্তাহিক ছুটির কারণে আজ রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক মার্কেট পুরো দিন বন্ধ থাকবে। বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

এছাড়া রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অধিকাংশ দোকানপাটও বুধবার সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়কসংলগ্ন এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত অঞ্চল।

বিশেষ করে যমুনা ফিউচার পার্ক, উত্তরা ও বসুন্ধরা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতার সমাগম হয়। ফলে এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প মার্কেট বা অন্য দিনের পরিকল্পনা করা সুবিধাজনক হতে পারে।

-রাফসান


পাহাড়ধসের তীব্র ঝুঁকি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাজেক ভ্যালি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৭ ২১:৩৫:০৪
পাহাড়ধসের তীব্র ঝুঁকি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাজেক ভ্যালি
ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ধসের চরম ঝুঁকির মুখে রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব স্পট অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি অফিশিয়াল গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা এবং রাঙামাটি জেলায় চলমান টানা অতিভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাহাড়ি এলাকায় মারাত্মক ভূমিধস ও পাহাড়ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার প্রভাবে ইতোমধ্যে কয়েকটি স্থানে মূল সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পুরোপুরি বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে সাজেক ভ্যালির প্রধান রিসোর্ট এলাকা, সব সাব-ট্যুরিস্ট স্পট, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য সব ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর, গাইডসহ সর্বসাধারণের প্রবেশ ও যেকোনো ধরনের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেকোনো জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে সাজেকে ভ্রমণ ও যাতায়াত থেকে সম্পূর্ণ বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সব নিরাপত্তা নির্দেশনা ও আবহাওয়ার পূর্বাভাস কঠোরভাবে মেনে চলার জন্যও সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

/আশিক


ঢাকাসহ ১৭ জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৭ ১০:৪০:৫০
ঢাকাসহ ১৭ জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ জুলাই) দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা-সহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা ও ঝড়ো হাওয়া স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করতে পারে, যার ফলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।

যেসব জেলার ওপর দিয়ে এই ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব এলাকার নদীপথ ব্যবহারকারী নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। তাই খোলা মাঠ, নদী, জলাশয় এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি বিভাগে পরিস্থিতি আরও তীব্র হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাত ও ঝড়ো হাওয়ার ঝুঁকি থেকে যাবে।

এ অবস্থায় নৌপথ ব্যবহারকারী, কৃষক, জেলে এবং সাধারণ মানুষকে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-রাফসান


আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৭ ১০:৩৭:৪৮
আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও সংযোগ (টাই-ইন) কাজের কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাবে না। একই সঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পরিবহন নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়ন ও পাইপলাইন টাই-ইন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে। কাজটি জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত বিস্তৃত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে পরিচালিত হবে।

এই রক্ষণাবেক্ষণ ও সংযোগ কার্যক্রমের কারণে জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ এলাকা), কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার সংশ্লিষ্ট গ্যাস লাইনের সঙ্গে যুক্ত সব শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, যেসব এলাকায় সরাসরি সংযোগ বন্ধ থাকবে না, সেসব এলাকার অনেক গ্রাহকও স্বল্পচাপের কারণে গ্যাস ব্যবহারে সমস্যার মুখোমুখি হতে পারেন। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, পাইপলাইন টাই-ইন বা নতুন সংযোগ স্থাপনের কাজ জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ ধরনের কাজের সময় সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা প্রযুক্তিগতভাবে প্রয়োজন হয়, যাতে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং দীর্ঘমেয়াদে সেবার মান উন্নত হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

-রাফসান


আজ বের হওয়ার আগে দেখুন কোন মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৭ ০৯:৫৬:৫২
আজ বের হওয়ার আগে দেখুন কোন মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে নির্ধারিত সময়ের জন্য বন্ধ থাকে। অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা, ব্যবসায়িক কাজ বা দৈনন্দিন প্রয়োজন মেটাতে দূর-দূরান্ত থেকে রাজধানীর বিভিন্ন শপিং জোনে যান। কিন্তু গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে সময়, শ্রম ও যাতায়াতের খরচ সবই বৃথা যেতে পারে। তাই মঙ্গলবার (৭ জুলাই) কোথায় কেনাকাটা করা যাবে এবং কোন কোন মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও জনপ্রিয় শপিং কেন্দ্র সাপ্তাহিক বন্ধ পালন করবে। ফলে এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প ব্যবস্থা রাখাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

সাপ্তাহিক ছুটির কারণে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে।

এছাড়া রাজধানীর জনপ্রিয় একাধিক শপিং মল ও মার্কেটও মঙ্গলবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া মার্কেট, ধানমণ্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার (বর্তমান সীমান্ত সম্ভার), অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

বিশেষ করে নিউ মার্কেট, গাউসিয়া, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি এবং ধানমণ্ডি রাজধানীর সবচেয়ে ব্যস্ত কেনাকাটার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তাই এসব স্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে বন্ধের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।

বাণিজ্যসংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে সাপ্তাহিক ছুটি একদিনে না হয়ে ভিন্ন ভিন্ন দিনে হওয়ায় ক্রেতাদের আগে থেকেই তথ্য জেনে বের হওয়া উচিত। এতে অপ্রয়োজনীয় যানজট, সময় অপচয় এবং ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

-রফিক

পাঠকের মতামত: