তিন মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের চাপ দিয়েছিলেন নেতানিয়াহু, রাজি হলেন কেবল ট্রাম্প!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ২০:৩৬:২৯
তিন মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের চাপ দিয়েছিলেন নেতানিয়াহু, রাজি হলেন কেবল ট্রাম্প!
ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের একাধিক প্রশাসনের ওপর তীব্র চাপ প্রয়োগ করেছিলেন।

শুক্রবার ‘দ্য ব্রিফিং উইথ জেন পসাকি’ অনুষ্ঠানে তিনি জানান, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন—সবাই নেতানিয়াহুর এই সরাসরি যুদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে কেরির দাবি অনুযায়ী, একমাত্র ডোনাল্ড ট্রাম্পই এই প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি দিয়েছিলেন।

নেতানিয়াহুর পরিকল্পনাটি ছিল একটি ‘চার দফা প্রস্তাব’, যার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং দেশটিতে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি করা। জন কেরি জানান, বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘকাল ধরে মতভেদ থাকলেও ট্রাম্প প্রশাসনের আমলে পরিস্থিতি আমূল বদলে যায়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, এই ধারাবাহিকতার চূড়ান্ত রূপ দেখা যায় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নিহতের খবর পাওয়া যায়, যা পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিরতা তৈরি করে।

এই হামলার জবাবে ইরানও থেমে থাকেনি; তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালি অবরোধ করে বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দেয়। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান, তুরস্ক ও চীনের মতো দেশগুলোর মধ্যস্থতায় অবশেষে একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই প্রেক্ষাপটেই আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশ স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংলাপে বসতে যাচ্ছে। জন কেরির এই মন্তব্য এমন এক সময়ে এল যখন সারা বিশ্বের নজর ইসলামাবাদের এই হাই-ভোল্টেজ বৈঠকের দিকে।

/আশিক


সৌদিতে পাকিস্তানি যুদ্ধবিমানের বহর: বড় যুদ্ধের প্রস্তুতি না কি শান্তি রক্ষা?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৯:১২:৫৮
সৌদিতে পাকিস্তানি যুদ্ধবিমানের বহর: বড় যুদ্ধের প্রস্তুতি না কি শান্তি রক্ষা?
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন এক মেরুকরণ দেখা দিয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি শক্তিশালী দল যুদ্ধবিমানসহ সৌদি আরবে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এই বহরটি অবতরণ করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই সামরিক দলে অত্যাধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় সহায়তাকারী বিমান। দুই দেশের মধ্যে গত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ অনুযায়ী, যেকোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। মূলত দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং কৌশলগত শক্তি বৃদ্ধিই এই মোতায়েনের প্রধান লক্ষ্য।

তবে এই মোতায়েনের নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে। ইসলামাবাদে আজ শনিবার শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান একটি বিশেষ ‘আয়রন এসকর্ট’ বা আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করেছে।

ইরানি প্রতিনিধিদলকে তেহরান থেকে নিরাপদে ইসলামাবাদে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে পাকিস্তান, যাতে আকাশপথে ইসরায়েলি হামলার কোনো ঝুঁকি না থাকে। এই নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলো শুক্রবার সকাল থেকেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী আকাশসীমায় অবস্থান করছে।

সি-১৩০ হারকিউলিস এবং আকাশেই জ্বালানি ভরার উপযোগী আইএল-৭৮ ট্যাঙ্কার বিমানের উপস্থিতি নিশ্চিত করছে যে, পারস্য উপসাগর থেকে পাকিস্তান পর্যন্ত পুরো এলাকা এখন পাকিস্তানি বিমানবাহিনীর কড়া নজরে।

/আশিক


শিগগিরই খুলছে হরমুজ প্রণালি! বিশ্বকে বড় বার্তা দিলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৭:৫৮:৫৭
শিগগিরই খুলছে হরমুজ প্রণালি! বিশ্বকে বড় বার্তা দিলেন ট্রাম্প
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই প্রণালিটি পুনরায় খুলে দেবে।

তবে কাজটি যে সহজ হবে না, সেটিও অকপটে স্বীকার করেছেন তিনি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এককভাবে নয় বরং অন্যান্য দেশের সহযোগিতায় এই নৌপথটি উন্মুক্ত করতে চায়, যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম তিনি প্রকাশ করেননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান হরমুজ প্রণালি অবরোধ করে রাখে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং এলপিজি এই পথ দিয়েই পরিবাহিত হয়, ফলে এই অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা হলেও এখনো জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় তেলের দাম আকাশচুম্বী এবং বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে।

ট্রাম্প এই পরিস্থিতির জন্য ন্যাটো মিত্রদের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, নৌপথটি নিরাপদ রাখতে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। রয়টার্সের তথ্যমতে, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউরোপীয় দেশগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এখন মিত্রদের কাছ থেকে কার্যকর ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায়।

হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখো মানুষের বাস্তুচ্যুতির পর এই নাজুক যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং হরমুজ প্রণালি কবে নাগাদ পুরোপুরি সচল হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন


শান্তি আলোচনার মাঝে অর্থের প্যাঁচ! ৬ বিলিয়ন ডলার নিয়ে লুকোচুরি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৭:৪৬:৩৩
শান্তি আলোচনার মাঝে অর্থের প্যাঁচ! ৬ বিলিয়ন ডলার নিয়ে লুকোচুরি
ছবি : সংগৃহীত

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার হাই-ভোল্টেজ আলোচনার মাঝেই ৬০০ কোটি ডলারের (৬ বিলিয়ন) বিশাল এক তহবিল ঘিরে নাটকীয়তা শুরু হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা এই জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে ওয়াশিংটন। তেহরান এই পদক্ষেপকে ‘আন্তরিকতার লক্ষণ’ হিসেবে স্বাগত জানালেও মার্কিন কর্মকর্তারা এই দাবি দ্রুত নাকচ করে দিয়েছেন।

রয়টার্সের তথ্যমতে, এই অর্থ ছাড়ের বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের শর্তের সঙ্গে সরাসরি যুক্ত। মূলত ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রির এই অর্থ আটকে যায়।

পরবর্তীতে ২০২৩ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় এই ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হলেও, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর বাইডেন প্রশাসন পুনরায় তা স্থগিত করে। মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট অবস্থান ছিল যে, এই অর্থ কেবল মানবিক প্রয়োজনে (খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম) ব্যবহারের জন্য নির্দিষ্ট থাকবে।

বর্তমানে ইসলামাবাদে চলমান সংলাপে এই তহবিল ছাড়ের বিষয়টি তেহরানের অন্যতম প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানের দাবির সপক্ষে বক্তব্য এবং অন্যদিকে ওয়াশিংটনের অস্বীকৃতি—এই পরস্পরবিরোধী অবস্থান চলমান কূটনৈতিক আলোচনার জটিলতাকেই আরও স্পষ্ট করছে। মার্কিন প্রশাসনের এই অস্বীকৃতি ইসলামাবাদের ঐতিহাসিক শান্তি আলোচনার স্থায়ী সমাধানকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স


বিশ্বের নজর এখন পাকিস্তানে: অবরুদ্ধ ইসলামাবাদ!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১২:৩১:৪১
বিশ্বের নজর এখন পাকিস্তানে: অবরুদ্ধ ইসলামাবাদ!
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে সারা বিশ্বের দৃষ্টি এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। আজ শনিবার (১১ এপ্রিল) সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদকে বর্তমানে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, গতকাল যখন ইরানের প্রতিনিধিদলের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে, তখন থেকেই দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে সশরীরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।

তেহরানের এই শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি বের হওয়ার পর পাকিস্তানের স্পেশাল সার্ভিস ইউনিট এবং এলিট কমান্ড ইউনিটের সমন্বয়ে গঠিত একটি বিশাল কনভয় তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে গন্তব্যে নিয়ে যায়।

এই আলোচনার গুরুত্ব এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া শহরজুড়ে প্রায় ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে কোনো কূটনৈতিক সফরের ক্ষেত্রে বিরল।

বর্তমানে ইসলামাবাদের অতি গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকা, যেখানে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস অবস্থিত, তা পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, গতকাল বিকেল পর্যন্ত রেড জোনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকলেও এখন সেখানে সব ধরনের যান চলাচল ও সাধারণের প্রবেশ নিষিদ্ধ।

রেড জোনের সীমানার বাইরে এখন দেশি-বিদেশি অসংখ্য সংবাদকর্মীর ভিড় জমেছে। আল জাজিরার ভাষ্যমতে, এই বৈঠককে সফল করতে পাকিস্তান কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না। তবে আলোচনার টেবিলে দুই পরাশক্তি শেষ পর্যন্ত কতটুকু ছাড় দেবে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

/আশিক


পাকিস্তানগামী বিমানে শিশুদের ছবি! কী বোঝাতে চাইলেন গালিবাফ?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১২:১৭:৫৩
পাকিস্তানগামী বিমানে শিশুদের ছবি! কী বোঝাতে চাইলেন গালিবাফ?
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্য নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ইরানের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তবে বর্তমানে আলোচনার টেবিলের চেয়েও বেশি চর্চা হচ্ছে গালিবাফের সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি বিশেষ ছবি নিয়ে।

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, তাঁর বিমানে বেশ কিছু আসন খালি রাখা হয়েছে এবং সেই আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সরঞ্জাম। ছবির ক্যাপশনে তিনি অত্যন্ত আবেগঘনভাবে লিখেছেন, ‘ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সময় মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেখানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী প্রাণ হারায়। নিহত সেই শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিশ্ববাসীর কাছে তাদের স্মৃতি তুলে ধরতেই গালিবাফ এই প্রতীকী উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গালিবাফের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষ ও নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে অত্যন্ত মানবিক ও হৃদয়স্পর্শী হিসেবে দেখছেন। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল শোক প্রকাশ নয় বরং শান্তি আলোচনার আগে ইরান যে বেসামরিক হতাহতের বিষয়টি বিশ্ব দরবারে জোরালোভাবে তুলতে চায়, এটি তারই একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। ইসলামাবাদে আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে এমন একটি ছবি চুক্তির গতিপ্রকৃতি ও দুই পক্ষের অবস্থানের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

/আশিক


ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, শুরু হচ্ছে মূল পর্ব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১১:৫১:১৩
ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, শুরু হচ্ছে মূল পর্ব
ছবি : সংগৃহীত

বিশ্বের সব নজর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। আজ শনিবার (১১ এপ্রিল) সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলকে বহনকারী একটি সরকারি বিমান আজ সকালেই ইসলামাবাদে অবতরণ করেছে।

এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

দুই পক্ষই ইসলামাবাদে পৌঁছালেও তাদের মধ্যে বিদ্যমান ‘অবিশ্বাস’ কাটেনি। গালিবাফ বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই।”

ইসলামাবাদকে বর্তমানে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকা পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ ও যান চলাচল নিষিদ্ধ। আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ করা হয়েছে, যেখান থেকে তারা এই হাই-প্রোফাইল বৈঠকের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।

পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় আয়োজিত এই সংলাপে মূলত ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও লেবানন পরিস্থিতি ও পারমাণবিক ইস্যু নিয়ে বড় ধরনের মতবিরোধ বজায় রয়েছে।

/আশিক


ওয়াশিংটনে মুখোমুখি হচ্ছে ইসরায়েল-লেবানন: শান্তির পথে বড় মোড়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১১:৩৪:৩৮
ওয়াশিংটনে মুখোমুখি হচ্ছে ইসরায়েল-লেবানন: শান্তির পথে বড় মোড়
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে এক নজিরবিহীন কূটনৈতিক মোড় দেখা দিয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার প্রথমবারের মতো সরাসরি ফোনে কথা বলেছেন।

এই ফোনালাপের মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার একটি আনুষ্ঠানিক পথ তৈরি হলো। এই সংলাপে বৈরুতে থাকা মার্কিন দূত মিশেল ইসাও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। সেখানে মূলত একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সরাসরি শান্তি আলোচনার রূপরেখা ও তারিখ নির্ধারণ করা হবে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন যে, তারা লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি বা আলোচনায় বসবে না। ইসরায়েলের ভাষায়, হিজবুল্লাহ একটি ‘সন্ত্রাসী সংগঠন’ এবং তারা শান্তির পথে প্রধান বাধা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলা এবং হিজবুল্লাহর পাল্টা রকেট নিক্ষেপে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

গত মাসে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে লেবাননে ১ হাজার ৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল মাত্র ১০ মিনিটের ঝটিকা বিমান হামলায় ৩০৩ জন নিহতের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার ঝড় তোলে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়েছেন, লেবাননে হামলা অব্যাহত রেখেই তারা শান্তি আলোচনায় অংশ নেবে। এখন সবার নজর মঙ্গলবারের ওয়াশিংটন বৈঠকের দিকে, যা এই অঞ্চলের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে।

/আশিক


যুদ্ধবিরতির মাঝেই নতুন সমীকরণ: ইরানকে অত্যাধুনিক মিসাইল দিচ্ছে চীন!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১১:১৭:৩০
যুদ্ধবিরতির মাঝেই নতুন সমীকরণ: ইরানকে অত্যাধুনিক মিসাইল দিচ্ছে চীন!
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক সূত্রের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে চীন। এই খবর এমন এক সময়ে এলো যখন বেইজিং নিজেকে মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে জাহির করছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ‘ম্যানপ্যাডস’ (MANPADS) সরবরাহ করতে পারে। এই ধরনের অস্ত্র নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনের জন্য অত্যন্ত বিপজ্জনক।

গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক চাপ এড়াতে এবং উৎসের গোপনীয়তা বজায় রাখতে এই সরঞ্জামগুলো সরাসরি চীন থেকে না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, চীন কখনো কোনো সংঘাতমান পক্ষকে অস্ত্র সরবরাহ করে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে, ইরানের আকাশে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানে ‘তাপ-অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র’ দিয়ে আঘাত করা হয়েছিল। ইরানও একটি ‘নতুন’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা স্বীকার করেছে, যা সিএনএন-এর এই দাবিকে আরও জোরালো করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, চীন একদিকে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তিও বজায় রাখতে আগ্রহী।

আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই অস্ত্র সরবরাহ এবং ইরান ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

/আশিক


পারমাণবিক অস্ত্র ছাড়লেই মিলবে ইরানের সাথে চুক্তি: ট্রাম্প 

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১০:১৯:৪৫
পারমাণবিক অস্ত্র ছাড়লেই মিলবে ইরানের সাথে চুক্তি: ট্রাম্প 
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নিজের অনড় অবস্থানের কথা ফের স্পষ্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক কথায় জানিয়ে দিয়েছেন, একটি ভালো চুক্তির মূল নির্যাস হলো— ‘ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হওয়া উচিত দেশটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা। আলোচনার পরিধি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই সংলাপ এক দফাতেই শেষ হবে না কি দীর্ঘমেয়াদি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কোনো বিকল্প বা ‘ব্যাকআপ’ পরিকল্পনার প্রয়োজন নেই বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। ট্রাম্প আরও দাবি করেন, তাঁর মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে।

আলাপকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। যদিও তিনি মন্তব্য করেন যে, বর্তমানে জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পূর্ণ যুক্তরাষ্ট্রের জন্য এই পথটির খুব একটা প্রয়োজন নেই। তবে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের পরিকল্পনার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “আমরা এমনটা হতে দেবো না।”

- আল-জাজিরা

পাঠকের মতামত: