বাথরুমে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা, তালা ভেঙে বের করলো ছাত্রদল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ০৯:৪৪:৫২
বাথরুমে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা, তালা ভেঙে বের করলো ছাত্রদল
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মেহেদী হাসান শাহীন নামে এক যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (২২ জুলাই) গভীর রাতে দাপা ইদ্রাকপুরের সাহারা সিটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীন (৪০) ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা এবং ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের এক ঘটনার পর থেকে শাহীন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি তার দ্বিতীয় স্ত্রীর ফ্ল্যাটে গা ঢাকা দেন। সেই ঠিকানায় থাকার খবর পেয়ে সোমবার রাতে ছাত্রদলের একটি দল ভবনটি ঘেরাও করে।

এ সময় শাহীন পাশের একটি ফ্ল্যাটে লুকিয়ে পড়েন এবং স্ত্রীকে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেন। তবে ছাত্রদল কর্মীরা বিষয়টি আঁচ করে তালা ভেঙে ফেলেন এবং বাথরুমে লুকিয়ে থাকা শাহীনের অবস্থান খুঁজে পান।

পরে তাকে বাইরে এনে মারধর করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শাহীন ফতুল্লা থানায় একাধিক হত্যা মামলার আসামি। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন ও পারভেজ হত্যার মামলাও রয়েছে।

/আশিক


সাতক্ষীরায় নৃশংসতা: যুবককে পিটিয়ে জখম ও বাড়িতে ঢুকে মাকে মারধর

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২২ ১৭:২৬:৫১
সাতক্ষীরায় নৃশংসতা: যুবককে পিটিয়ে জখম ও বাড়িতে ঢুকে মাকে মারধর
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর নৃশংস হামলা, নগদ টাকা ছিনতাই এবং পরবর্তীতে তার বাড়িতে ঢুকে মাকেও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।অভিযোগকারী ফজলু সরদারের ছেলে আব্দুল গফফার জানান, সুবর্ণগাছি মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন।

তবে বিচারাধীন বিষয় উপেক্ষা করে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটুনিয়া রাজবাড়ী কলেজ সংলগ্ন সড়কে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় তার নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

অভিযুক্তদের মধ্যে আনছার সরদারের ছেলে জাকির সরদার, আব্দুল কাদের গাজীর ছেলে মোঃ আলামিন, রশিদ গাজীর ছেলে জালাল গাজী, জামির সরদারের ছেলে আরিফুল ইসলাম, আব্দুল মজিদ গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী, আমিনুর রহমানের ছেলে রাফি এবং ইনছার গাজীর ছেলে আব্দুল্লাহ গাজীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে আব্দুল কাদের গাজীর ছেলে মোঃ আলামিন ভুক্তভোগীর পকেটে থাকা ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল গফফারকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তার মা মোছাঃ সালেহা বেগমকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আহত করে এবং পুনরায় হত্যার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস লণ্ডভণ্ড: ৩ শিশু ও ২ নারীসহ ঝরল ১২ প্রাণ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২২ ০৯:২৯:৫৩
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস লণ্ডভণ্ড: ৩ শিশু ও ২ নারীসহ ঝরল ১২ প্রাণ
ছবি : সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপর উঠে গেলে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে এই প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩টি শিশু ও ২ জন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বর্তমানে পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।

নিহতদের পাশাপাশি এই দুর্ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে বাসের চালক লেভেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

/আশিক


সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন দেশের যেসব জায়গায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২০ ১০:২৭:২৪
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন দেশের যেসব জায়গায়
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানের মতো সরকারি ঘোষণার অপেক্ষা না করে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে সাতক্ষীরা জেলার কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপনের একটি দীর্ঘদিনের প্রচলন আবারও সামনে এসেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় প্রায় ২০টি গ্রামের মানুষ শুক্রবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতটি কুশখালী বাউকোলা কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা এবং পাইকগাছাসহ আশপাশের একাধিক গ্রামের মানুষ এই জামাতে অংশ নেন, যা এলাকাটিতে একটি উল্লেখযোগ্য ধর্মীয় সমাবেশে পরিণত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন মওলানা মহব্বত আলী। নামাজ শেষে খুতবা প্রদান করেন মওলানা মাহবুবুর রহমান, যেখানে তিনি উল্লেখ করেন যে, পবিত্র শাওয়াল মাসের সূচনা উপলক্ষে তারা ঈদের নামাজ আদায় করেছেন এবং রোজা শুরু করেছিলেন একদিন আগে থেকেই। তার মতে, আগের বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি।

খুতবায় তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতে যাতে সবাই একই দিনে ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রায় এক যুগ ধরে সৌদি আরবের চাঁদ দেখার সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। তাদের বিশ্বাস, আন্তর্জাতিকভাবে সমন্বিত সময় অনুসরণ করলে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়।

তবে বিষয়টি দেশের প্রচলিত পদ্ধতির সঙ্গে ভিন্ন হওয়ায় প্রতি বছরই এ নিয়ে আলোচনা তৈরি হয়। বাংলাদেশে সাধারণত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন নির্ধারণ করা হয়, যা দেশব্যাপী একযোগে উদযাপনের জন্য অনুসরণ করা হয়।

-রাফসান


কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৯ ২১:২৭:০৫
কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার
ছবি : সংগৃহীত

কুমিল্লার কান্দিরপাড় এলাকার লিবার্টি মোড়ে অবস্থিত একটি টুপির দোকানে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক ও জুতার কেনাকাটা বেশিরভাগই শেষ। তবে জমে উঠেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির বাজার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কুমিল্লার নগরীর কান্দিরপাড় এলাকায় টুপি ও আতরের দোকানগুলো ঘুরে দেখা যায়, সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দের টুপি, জায়নামাজ ও সুগন্ধি আতর কিনছেন তারা।

নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা ইসরাত জাহান দুই ছেলেকে নিয়ে টুপি ও জায়নামাজ কিনতে এসেছেন কান্দিরপাড় এলাকায়। বাংলাবাজার পত্রিকা তিনি বলেন, ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, জুতা কেনা শেষ। টুপি ও আতর কেনা বাকি ছিল। ছেলেদের সঙ্গে নিয়ে এসেছি।তারা নিজেদের পছন্দের টুপি কিনবে। কয়েকটি টুপি পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি। তাই কয়েকটি দোকান ঘুরে যাচাই করছি।

বাদুরতলা এলাকার আতর বিক্রিতা নাজমুল হাসান বলেন, দোকানে কয়েক রকমের আতর আছে।যেমন কস্তুরি গোলাপ, হাজারে আসওয়াদ, রেড আফ্রিকান, সুলতানসহ নামিদামি ব্র্যান্ডের। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব রকমের বিক্রি করা হয়। এ ছাড়া কম দামের আতর রয়েছে। সারা বছর আতরের চাহিদা না থাকলেও ঈদের আগ মুহূর্তে আতরের চাহিদা বেড়ে যায়। ঈদের দিন সকাল পর্যন্ত আতর বিক্রি হয়।

কান্দিরপাড় লিবার্টি মোড়ে বিখ্যাত টুপি আতরের দোকান খুশবো স্টোরের স্বত্বাধিকারী মালেক খসরু উষা বলেন, মূলত ২৫ রমজানের পর থেকে ঈদের দিন ভোর পর্যন্ত টুপি, জায়নামাজ, তসবি বিক্রি চলে। গভীর রাত পর্যন্ত দোকানে বেচাকেনা চলে। সব বয়সী মানুষ এসে পছন্দের টুপি, জায়নামাজ, তসবি কেনেন। এখানে মূলত ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার দামের টুপি আছে। পাকিস্তানি, আফগানি, কাবুল, ভারতীয়সহ নানা নকশার দেশি-বিদেশি টুপি বিক্রি হয়। জায়নামাজের ক্ষেত্রেও রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন মান ও নকশার পণ্য। বিশেষ করে তুরস্ক ও সৌদি আরব থেকে আমদানি করা জায়নামাজের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া সৌদি ও দুবাই থেকে আনা আতরের চাহিদাও রয়েছে। এবারও ভালো বিক্রি হচ্ছে। টুপি আর আতরের চাহিদা সবচেয়ে বেশি। দাম আগের মতোই আছে।

কুমিল্লার তাফসীরবিশারদ অধ্যাপক মাও. আবুল বাশার মিরাজী বলেন, ঈদের নামাজের পূর্বে নতুন জামা-পায়জামা টুপি ও সুগন্ধি ব্যবহার করা রাসুল (সা.) এর সুন্নত। রাসুল (সা.) ঈদের নামাজের আগে এসব উপকরণ ব্যবহার করতেন। এরপর থেকে যুগ যুগ ধরে মুসলমাদের ধর্মীয় সংস্কৃতিতে এসব ব্যবহৃত হয়ে আসছে।

ট্যাগ: কুমিল্লা

কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৯ ২০:০৬:৩৯
কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে এক ইজিবাইক চালককে কুপিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত: মোবারক আলী মোল্লার ছেলে মোঃ হারুন অর রশিদ বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহারে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামে জাফর ফারুক মোল্লার স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুন,মৃত বেলাত আলী মোল্লার ছেলে জাফর ফারুক মোল্লা।

এছাড়া অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়লে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান,তিনি পেশায় একজন ইজিবাইক চালক। জীবিকার প্রয়োজনে যাত্রী পরিবহনের সময় কিছু ব্যক্তিকে অভিযুক্তদের বাড়িতে নেওয়া- আসা নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি এ ধরনের যাত্রী পরিবহন করতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি- ধামকি দিতে থাকে।অভিযোগে আরও বলা হয়, গত (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ির সামনে পাকা সড়কে অবস্থানকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও ছুরি নিয়ে তার পথরোধ করে। এ সময় তারা গালিগালাজ করতে থাকে এবং প্রতিবাদ করলে মরিয়ম খাতুন লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে।

পরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।একপর্যায়ে ভুক্তভোগীর পকেটে থাকা ৩ হাজার ৫০০ টাকা পড়ে গেলে তা জাফর ফারুক মোল্লা নিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি ধরার চেষ্টা করা হয়।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, “অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ: সাতক্ষীরা

উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন: নীলসাগর এক্সপ্রেসে বড় দুর্ঘটনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১৬:২৪:৩২
উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন: নীলসাগর এক্সপ্রেসে বড় দুর্ঘটনা
ছবি : সংগৃহীত

ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে তিলকপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে, যাতে ট্রেনের ভেতরে ও ছাদে থাকা অসংখ্য যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি দিয়েছিল। এরপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু পরেই তিলকপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। ঈদের মৌসুমে ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় এবং ট্রেনের ছাদে অনেক মানুষ ভ্রমণ করার কারণে ছাদ থেকে পড়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে বগিগুলো উদ্ধার করতে রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত স্থান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে, ফলে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে।

/আশিক


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজট: স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১১:০৬:৫৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজট: স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সোমবার রাত থেকে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই মহাসড়কে সেই চিরচেনা দীর্ঘ যানজটের ভোগান্তি নেই। বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ, ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং মাইক্রোবাসে করে নাড়ির টানে বাড়ি ফিরছেন। বিশেষ করে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়ার মতো।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেনের সুবিধা থাকায় যাত্রীরা কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) মোট ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৯৮টি। একদিনে সেতু থেকে মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশেই আলাদাভাবে ২টি করে বুথ রাখা হয়েছে। যমুনা সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানিয়েছেন, মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

/আশিক


আজকের ঢাকা: সকালে বের হওয়ার আগে জেনে নিন কোথায় কোন কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ০৯:০৮:১৮
আজকের ঢাকা: সকালে বের হওয়ার আগে জেনে নিন কোথায় কোন কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানীতে চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের নানা ধরনের বিড়ম্বনা ও যানজটের মুখোমুখি হতে হয়। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। তাই বুধবার (১৮ মার্চ) সকালে ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা আপনার যাতায়াত পরিকল্পনায় সাহায্য করতে পারে।

বিএনপির ঈদ উপহার বিতরণ কর্মসূচি

আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সড়ক ও রেলযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত থাকবেন। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচির কারণে বিকেলের দিকে কিছুটা যানজট সৃষ্টি হতে পারে।

র‌্যাবের বিশেষ নিরাপত্তা টহল ও ব্রিফিং

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে মাঠে নামছে র‌্যাব-১১। আজ সকাল ১১টায় সাইনবোর্ড মোড়ে মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে একটি স্পট ব্রিফিং করবেন র‌্যাব-১১ এর অধিনায়ক। সাইনবোর্ড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথে এই কার্যক্রমের কারণে সকালের দিকে যানবাহনের গতি কিছুটা ধীর হতে পারে।

ডিএমপির প্রেস ব্রিফিং

কেন্দ্রীয় শহীদ মিনারে চাঞ্চল্যকর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন নিয়ে আজ দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডিএমপি ডিসি (রমনা ডিভিশন) মো. মাসুদ আলম এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। মিন্টো রোড ও এর আশপাশের এলাকায় মিডিয়া কর্মীদের উপস্থিতির কারণে চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে।

/আশিক


আজ রাজধানীজুড়ে বড় বড় কর্মসূচি: বের হওয়ার আগে দেখে নিন সড়কের আপডেট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৭ ১০:০৭:৫৮
আজ রাজধানীজুড়ে বড় বড় কর্মসূচি: বের হওয়ার আগে দেখে নিন সড়কের আপডেট
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের কর্মব্যস্ততায় বের হওয়ার আগে সড়কের যানজট ও বিভিন্ন কর্মসূচির বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে বিভিন্ন এলাকায় উপহার বিতরণ ও সমাবেশের কারণে আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেওয়া হলো

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় সূত্রাপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। এর ফলে পুরান ঢাকার সূত্রাপুর ও আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রে কিছুটা ধীরগতি থাকতে পারে।

প্রধান বিরোধীদলীয় নেতার কর্মসূচি

সকাল ১১টায় মিরপুর-১০ নম্বর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। মিরপুর-১০ গোলচত্বর ও সংলগ্ন এলাকায় এই কর্মসূচির কারণে যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

সকাল ১১টায় নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কর্মী ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। নগর ভবন এলাকা ও গুলিস্তান সংলগ্ন সড়কে এই সময়ে অতিরিক্ত মানুষের সমাগম হতে পারে।

/আশিক

পাঠকের মতামত: