গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৮ ০৯:২৪:৫৫
গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির সাবেক এক নেতাকে গ্রেফতারের পর থানায় বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের বিরুদ্ধে। জানা গেছে, আর্থিক সুবিধা গ্রহণের বিনিময়ে থানার হাজতখানায় ব্যারাক থেকে খাট এনে আসামিকে ‘ভিআইপি বিছানা’ দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলার সুযোগও করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশি নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার (৪৮) একটি সিআর (২০১/২৪) মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন ওসি মাকসুদ আলম। তবে তাকে অন্য আসামিদের মতো হাজতে না রেখে আলাদাভাবে বিশেষ সুবিধায় থানার একটি কক্ষে রাখা হয়।

পরের দিন আদালতে পাঠানোর আগে তাকে বিশেষ সুবিধা দেওয়ার বেশ কিছু ছবি ফাঁস হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়, হাজতের ভেতরে একটি খাটে বসে সিগারেট হাতে নিয়ে মোবাইল ফোনে কথা বলছেন লিটন হাওলাদার। ধারণা করা হচ্ছে, গোপনে মোবাইল ক্যামেরায় ধারণ করা এসব ছবিই পরে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মাকসুদ আলম দাবি করেন, “লিটন হাওলাদার অন্য একটি মামলায় জামিন নিয়ে থানায় দেখা করতে আসেন। তবে তিনি আরেকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পুনরায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি নিজেকে অসুস্থ দাবি করলে তাকে হাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।”

তিনি আরও বলেন, হাজতে খাট ও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ কে দিয়েছে তা তার জানা নেই। কেউ করে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ওসির ভাষায়, “মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। তবে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি আমি স্বীকার করি না। আমাদের থানার পাশেই একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। বিশেষ প্রয়োজনে সেখানেই অসুস্থদের রাখা হয়।” সংবাদ প্রকাশ না করার অনুরোধও করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, “কোনো আসামি অসুস্থ হলে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে। থানার ভেতরে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হলে সেটি অবশ্যই অনিয়ম। বিষয়টি তদন্ত করা হবে।”

তিনি আরও জানান, ঘটনাটির সত্যতা যাচাইয়ে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে। প্রমাণ মিললে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-রফিক


পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, অচল শিল্পাঞ্চল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০৩ ১৮:২৩:৫৮
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, অচল শিল্পাঞ্চল
ছবি: কালবেলা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে টানা চার দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের আশঙ্কায় একের পর এক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্দোলনের চতুর্থ দিনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। এদিন দুপুরের পর সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এই অসন্তোষ আশুলিয়া ছাড়িয়ে সাভারের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এর ফলে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

শ্রমিকদের ক্ষোভের মূল কারণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ মেটানোর অক্ষমতাকে দায়ী করা হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হলেও বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে চলা অসম্ভব বলে দাবি তাদের। তবে আন্দোলনরত সাধারণ শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন যে, তারা কোনো ভাঙচুর বা সহিংসতা চান না এবং তাদের যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল বা বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এই সহিংসতার নেতিবাচক প্রভাব পড়েছে সরাসরি কারখানার উৎপাদনে। গত সোমবার এক দিনেই ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং মঙ্গলবার সকাল পৌনে ১১টার মধ্যে আরও অন্তত ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নিট এশিয়া, হা-মীম ও শারমিন গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কারখানাগুলোও রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে, তাই আন্দোলনের নামে যারা শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক


অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৬৭২ বোতল ভারতীয় সিরাপ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০২ ২০:৫৬:৪৬
অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৬৭২ বোতল ভারতীয় সিরাপ

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম।

আটক দুজন হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল সিরাপ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স ব্যবহার করে এসব সিরাপ ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।

পুলিশের হিসাবে, উদ্ধার করা সিরাপের প্রতিটি বোতলের দাম আড়াই হাজার টাকা। সে হিসাবে ৬৭২ বোতল সিরাপের মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।

ওসি বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: সারাদেশ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

রেজাউল মোস্তফা
রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০২ ১৮:৫১:৩২
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২ নভেম্বর ২০২৬: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টা ৩০ মিনিটে কর্ণেলহাট বাজার এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

দ্বিতীয় পর্বে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ জানে আলম এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ ছাড়া মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীগণ কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন।

বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং ডেঙ্গুমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও ক্যাব ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


উত্তপ্ত সাজেকে সশস্ত্র দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০১ ২০:১০:২১
উত্তপ্ত সাজেকে সশস্ত্র দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি : সংগৃহীত

সাজেক ভ্যালির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় পাহাড়ি সংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব এবং অবরোধ-পাল্টা অবরোধের উত্তেজনার মধ্যেই সশস্ত্র দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাঙ্গলমারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয়। এর আগে গত শনিবারও সাজেকের কলাবুনিয়া এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। তবে পরপর দুদিন ধরে চলা এই গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুই সংগঠনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সাজেক সড়কে চলমান উত্তেজনার মধ্যেই সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হয়েছিল। তবে সাজেক সড়ক এক দিনের জন্য না খুলে স্থায়ীভাবে উন্মুক্ত করে দেওয়ার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করায় খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে যানবাহনের চালক ও শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতেও কর্মবিরতি পালন করেছেন। যানবাহন চলাচল না করায় স্থানীয় সাধারণ মানুষ এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। সাজেক এলাকার জুমচাষ ও কৃষিকাজের উৎপাদিত কলা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করা সম্ভব না হওয়ায় তা খেতেই পেকে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

/আশিক


সারাদেশে তিন দিন গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০১ ১৯:৩৫:১৯
সারাদেশে তিন দিন গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ থাকবে
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে এবং সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

আজ রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে।

দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে রান্নাবান্না ও শিল্প কারখানায় গ্যাসের চাপ কমে ভোগান্তি তৈরি হতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, বিগত বছরের ডিসেম্বরেও একইভাবে টার্মিনালটির অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়েছিল। এই সাময়িক অসুবিধার জন্য দেশের সাধারণ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

/আশিক


জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০১ ১৯:১৫:৩২
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জুমার খুতবায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার জেরে এক মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই খতিবের নাম মাওলানা মোজাহিদুল ইসলাম। তিনি নান্দাইল পৌরসভার বেতাল মহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর জুমার খুতবায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার নামাজের আগের বয়ানে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস এবং সে বিষয়ে ইসলামের অবস্থান নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন। এই বক্তব্যের জেরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলে জানান ওই খতিব। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খতিব মাওলানা মোজাহিদুল ইসলামের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত মসজিদ কমিটির সভাপতি তাকে অপসারিত করেছেন। অন্যদিকে, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জানার পর ভারপ্রাপ্ত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক স্থানীয় থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

/আশিক


কালিয়াকৈর থানার ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ৩১ ২৩:৪৪:৫১
কালিয়াকৈর থানার ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
বিক্ষোভকারীদের একাংশ মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। ছবি: কালবেলা

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে আন্দোলন চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শত শত শ্রমিক রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নেয়; বিক্ষোভকারীদের একাংশ মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এই অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে শত শত যানবাহন আটকা পড়ে নারী, শিশু ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। উত্তেজনাকর পরিস্থিতির কারণে আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের যুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামের বাজারে বর্তমান আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় তারা এই আন্দোলনে নেমেছেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা ও শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয় এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

/আশিক


ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: মানতে হবে যেসব কড়া শর্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২৯ ২০:৫০:২৬
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: মানতে হবে যেসব কড়া শর্ত

ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশার চলাচল কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে একটি নতুন বিধিমালা জারি করেছে সরকার। ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ নামের এই প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা হয় এবং এটি অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন এই বিধিমালার অধীনে প্রতিটি সিটি করপোরেশন নিজ নিজ ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে ই-রিকশার সুনির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট জোন বা রুট নির্ধারণ করবে।

নতুন নিয়মের আওতায় যেকোনো ই-রিকশা সড়কে চলাচলের জন্য সরকারের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর এবং একজন ব্যক্তি নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন পাওয়ার যোগ্য হবেন। তবে এক সিটিতে নিবন্ধিত যান অন্য সিটিতে বাণিজ্যিকভাবে চালানো যাবে না। নিবন্ধনের জন্য দুই যাত্রীক্ষমতার যানের ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৪ হাজার) এবং চার যাত্রীক্ষমতার যানের ফি ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৫ হাজার) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফিটনেস সনদের ফি ১ হাজার টাকা এবং প্রতিটি যানের অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১২ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই করে ৩০ কার্যদিবসের মধ্যে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট ও ব্লু-বুক প্রদান করা হবে। বুয়েটের প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ করে বর্তমানে চলাচলকারী পুরোনো ই-রিকশাগুলোকেও এই অনুমোদনের আওতায় আসতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে হাসপাতাল, স্কুল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় তা সর্বোচ্চ ১৫ কিলোমিটারে সীমিত রাখতে হবে এবং প্রতিটি যানে স্পিডোমিটার বা ওডোমিটার থাকতে হবে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস করিডোর, প্রশাসনের নিষিদ্ধ সড়ক এবং ফুটপাতে এসব যান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চালকদের কঠোরভাবে বাম লেন মেনে চলতে হবে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বা নিয়মবহির্ভূত ওভারটেকিং করা যাবে না। এছাড়া আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে, যেখানে বাণিজ্যিক কোনো ভারী মালামাল পরিবহন করা নিষিদ্ধ এবং ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

পরিবেশ রক্ষা ও চার্জিং ব্যবস্থাপনার ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত গ্যারেজ বা লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও ব্যাটারি চার্জ দেওয়া যাবে না এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরোনো বা অকার্যকর ব্যাটারি যত্রতত্র ফেলা বা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যাটারি ভাঙা বা গলানো যাবে না। নিবন্ধন ছাড়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, নিষিদ্ধ সড়কে চলাচল, সিগন্যাল অমান্য বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার মতো অপরাধের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

/আশিক


বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যেসব এলাকায় মিলবে না বিদ্যুৎ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২৮ ১৯:১৬:২২
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যেসব এলাকায় মিলবে না বিদ্যুৎ
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায়। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।

ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক

পাঠকের মতামত: