সততা ও নিরপেক্ষতার ‘মূল্য’! বারবার বদলি ও বিতর্কে ডিআইজি গোলাম রউফ খান

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ২১:০৯:০৬
সততা ও নিরপেক্ষতার ‘মূল্য’! বারবার বদলি ও বিতর্কে ডিআইজি গোলাম রউফ খান
ডিআইজি গোলাম রউফ খান/ছবি : শিমুল হোসেন

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মো. গোলাম রউফ খান-এর কর্মজীবন ঘিরে একের পর এক বিতর্ক ও প্রশ্নবিদ্ধ প্রশাসনিক সিদ্ধান্তের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল অবস্থান বজায় রাখার কারণেই বারবার প্রশাসনিক বৈষম্য ও চাপের মুখে পড়েছেন এই কর্মকর্তা।অনুসন্ধানে জানা গেছে, খুলনা জেলা-র পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ধাপে ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নিরপেক্ষতা বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাথমিক ধাপগুলোতে বিরোধী দল-সমর্থিত কয়েকজন প্রার্থীর জয়লাভের পরই প্রভাবশালী মহলে অস্বস্তি তৈরি হয়।

অভিযোগ রয়েছে,পরবর্তীতে তাকে ‘বিএনপি-জামায়াত ঘনিষ্ঠ’ তকমা দিয়ে হঠাৎ করেই শাস্তিমূলক বদলি করা হয়। খুলনা থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে তাকে বরিশাল-এ পাঠানো হয়, যা অনেকেই প্রশাসনিক সিদ্ধান্তের আড়ালে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।পরবর্তীতে বরিশালে কর্মরত অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) হিসেবে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি কঠোর, সৎ ও পেশাদার মনোভাবের পরিচয় দেন। তবে এখানেও তার নিরপেক্ষ অবস্থান অনেক মহলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় ২০১৮ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮-কে ঘিরে। অভিযোগ রয়েছে, নির্বাচনে অনিয়ম ও কারচুপি ঠেকাতে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। আর ঠিক সেই সময় থেকেই তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ভোটের মাত্র এক সপ্তাহ আগে, ২৪ জুলাই ২০১৮ তাকে হঠাৎ করেই বদলি করে ট্যুরিস্ট পুলিশে এসপি হিসেবে পাঠানো হয়।

এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বশীল কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নির্বাচনের ঠিক আগে কেন সরিয়ে দেওয়া হলো? এটি কি শুধুই প্রশাসনিক রদবদল ছিল, নাকি এর পেছনে রাজনৈতিক প্রভাব ও বিশেষ স্বার্থগোষ্ঠীর চাপ কাজ করেছে।সংশ্লিষ্ট মহলের অভিযোগ, ডিআইজি গোলাম রউফ খানের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট পেশাগত ব্যর্থতা বা অনিয়মের অভিযোগ না থাকলেও বারবার বদলি ও পদায়নের মাধ্যমে তাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে।

এতে অনেকের মতে স্পষ্ট হয়ে উঠেছে যে, প্রশাসনের ভেতরে সততা ও নিরপেক্ষতা অনেক সময় ‘অপরাধে’ পরিণত হচ্ছে।স্থানীয়দের ভাষ্য, তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আর সেই জনআস্থাই হয়তো ক্ষমতাকেন্দ্রিক কিছু মহলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, একজন সৎ ও দক্ষ কর্মকর্তার প্রতি এমন আচরণ কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি প্রশাসনের ভেতরে বিদ্যমান গভীর অসুস্থ প্রবণতা ও রাজনৈতিক প্রভাবের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেও নিরাপদ না থাকেন, তবে প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামো কতটা কার্যকরভাবে টিকে থাকবে?


আজ বৃহস্পতিবারের ব্যস্ত সূচি: জেনে নিন রাজধানীর প্রধান কর্মসূচিগুলো

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ১০:৩৬:৪০
আজ বৃহস্পতিবারের ব্যস্ত সূচি: জেনে নিন রাজধানীর প্রধান কর্মসূচিগুলো
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৭ মে), রাজধানীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মেলা, সেমিনার ও সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সময়সূচি

দুইটি বড় আন্তর্জাতিক মেলার উদ্বোধন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ দুটি বড় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে তিন দিনব্যাপী ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিআইআইডি এক্সপো’।

এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া বিকাল ৪টায় একই স্থানে ‘ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬’ এর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাজেট ও অর্থনীতি বিষয়ক বৈঠক

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ একাধিক বৈঠক ও সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আগারগাঁওয়ে শিক্ষা খাতের বাজেট ও বাস্তবতা নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে প্রি-বাজেট গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা।

স্বাস্থ্যসেবা ও অন্যান্য কর্মসূচি

দুপুর ২টা ৩০ মিনিটে বিআইডিএস সম্মেলন কক্ষে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যয় নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া আসন্ন বাজেটে শুল্ক হার নিয়ে দুপুর ১২টায় চকবাজারে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ অ্যাসোসিয়েশন। দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

/আশিক


আজ বৃহস্পতিবার: বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ১০:২৫:৫৭
আজ বৃহস্পতিবার: বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রয়োজনীয় কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে জেনে নিন আজকের ছুটির তালিকা। আজ বৃহস্পতিবার (৭ মে), রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও শপিং মল সাপ্তাহিক বন্ধ থাকবে। অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে বের হওয়ার আগেই দেখে নিন আপনার গন্তব্যটি এই তালিকায় আছে কি না।

আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী ও গাবতলী এলাকার সব দোকানপাট আজ বন্ধ থাকবে। এছাড়া মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকা; মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী ও মালিবাগের একাংশের দোকানপাটও আজ খুলবে না। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে শাজাহানপুর, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন ও শান্তিনগর এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান আজ বন্ধ। পাশাপাশি শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা ও হাইকোর্ট ভবন এলাকার দোকানপাট এবং রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোও সাপ্তাহিক ছুটিতে থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং মল ও মার্কেট

কেনাকাটার জন্য আজ যাওয়া যাবে না মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স ও কর্ণফুলী গার্ডেন সিটিতে। এছাড়া বন্ধ থাকবে কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট ও আড়ং। মিরপুর এলাকার জনপ্রিয় মিরপুর স্টেডিয়াম মার্কেট, শাহ্ আলী সুপার মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট ও মাজার কো-অপারেটিভ মার্কেট আজ খুলবে না। অন্যান্য শপিং কমপ্লেক্সের মধ্যে বিআরটিসি মার্কেট ও মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে।

এছাড়াও জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট আজ তাদের সাপ্তাহিক বন্ধ পালন করবে।

/আশিক


টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ১০:১৬:২২
টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

রাজশাহীবাসীর জন্য জরুরি সতর্কবার্তা! ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আগামী রবিবার (১০ মে) থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর হবে। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন এলাকাগুলো এই সূচির অন্তর্ভুক্ত থাকবে। তবে শুক্রবার (১৫ মে) এবং ২২ মে বিদ্যুৎ বন্ধ থাকবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

১০ মে (রবিবার)

দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া ও উকিলের মোড়।

১১ মে (সোমবার)

জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া ও মোহনপুর চকপাড়া।

১২ মে (মঙ্গলবার)

কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার ও সুগারমিল এলাকা।

১৩ মে (বুধবার)

গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, মোল্লাপাড়া ঈদগাহ, মধ্যপাড়া, নগরপাড়া ও পানিশোধনাগার।

১৪ মে (বৃহস্পতিবার)

কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।

১৬ মে (শনিবার)

হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।

১৭ মে (রবিবার)

বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার ও সরদারপাড়া এলাকা।

১৮ মে (সোমবার)

কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী ও পাক ইসলামপুর।

১৯ মে (মঙ্গলবার)

কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড়।

২০ মে (বুধবার)

কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে (বৃহস্পতিবার)

কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।

২৩ মে (শনিবার)

মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস।

২৪ মে (রবিবার)

পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সকল এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। জরুরি কাজগুলো আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।

/আশিক


কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১৯:১৯:৫৬
কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামে দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত একটি বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ হয়ে যাওয়ায় এক পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারটি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রঘুরামপুর গ্রামের বাসিন্দা মোঃ গোলাম রসুলের পরিবার। তার ছেলে জাহিদ হাসান জানান, রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পশ্চিম পাশে তাদের বসতবাড়ি, যেখানে তারা প্রায় ৩৫ বছর ধরে বসবাস করছেন। এতদিন ধরে বিদ্যালয় সংলগ্ন মাঠই ছিল তাদের একমাত্র যাতায়াতের পথ।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘিরে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করায় তাদের চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রথমদিকে স্কুল কমিটি বিকল্প পথের আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। পরে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের দক্ষিণ পাশ দিয়ে যাতায়াত শুরু করলে সেখানেও কলেজ কর্তৃপক্ষ ও কিছু শিক্ষক বাধা সৃষ্টি করে এবং বাউন্ডারি নির্মাণের মাধ্যমে পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে। গত ১৯ এপ্রিল ভুক্তভোগী জাহিদ হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, আমাদের যাতায়াতের জন্য এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। দীর্ঘ এক বছর ধরে পরিবার নিয়ে চরম কষ্টে বসবাস করছি। বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি। মঙ্গলবার (৫ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী পরিবারটি কয়েকটি ইট সাজিয়ে উঁচু করে বিদ্যালয়ের প্রাচীর টপকে চলাচল করছে। পরিবারের সদস্যরা জানান, দিনের বেলায় কলেজ কর্তৃপক্ষ কখনো কখনো পায়ে হেঁটে চলাচল করতে দিলেও কোনো ধরনের যানবাহন নিয়ে প্রবেশের সুযোগ নেই। এছাড়া সন্ধ্যার আগে স্কুল ও কলেজের গেট বন্ধ হয়ে যাওয়ায় তারা অনেকটা বন্দি জীবনের মতো দিন পার করছেন।

ভুক্তভোগী জাহিদ হাসান ও তার বৃদ্ধ পিতা গোলাম রসুল বলেন, দীর্ঘদিন ধরে কলেজের ভিতর দিয়ে চলাচল করতাম। কলেজ কর্তৃপক্ষ একটি পথও দিয়েছিল। কিন্তু হঠাৎ সেই পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। স্কুল মাঠ দিয়েও আর চলাচল করতে পারছি না। এখন খুবই কষ্টে দিন কাটছে।এ বিষয়ে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

স্থানীয় সচেতন মহল বলছে, একটি পরিবারের মৌলিক চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবারটির স্থায়ী যাতায়াতের রাস্তা নিশ্চিত করা হবে।


মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১৮:২৬:৪৬
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

স্বেচ্ছা‌সেবী সামা‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয় ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম. মহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু, সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।

মতবিনিময় সভা চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।


পায়ে ধরে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাইনি: কুমিল্লায় গৃহবধূর পৈশাচিক আর্তনাদ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১৮:২০:৪৩
পায়ে ধরে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাইনি: কুমিল্লায় গৃহবধূর পৈশাচিক আর্তনাদ
ছবি : সংগৃহীত

কুমিল্লায় পায়ে পড়ে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাননি পৃথক ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী। ২০ দিনের ব্যবধানে জেলার পৃথক স্থানে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্থানীয়দের ধারণা, সামাজিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কোনো চক্র এমন ঘটনার ইন্ধন দিয়ে থাকতে পারে। ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

কুমিল্লার চান্দিনা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন চান্দিনার মাদারপুরের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক, কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তারেক, একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ ও জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল।

ভুক্তভোগী নারী ও তার স্বামী বলেন, বরুড়া উপজেলা থেকে তারা রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চান্দিনায় এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে চান্দিনার মাদারখোলা এলাকায় অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। এরপর তারা অটোরিকশাটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথ রোধ করে।

ওই নারীর স্বামী বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসেই আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও দুজনকে ডেকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে টেনেহিঁচড়ে পাশের ধানখেতে নিয়ে যায়। একজন আমাকে দূরে নিয়ে অন্ধকারে ছেড়ে দেয়। এ সময় আমি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।

ঘটনার পর থেকে ওই নারী চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ওই নারী বলেন, ওরা আমাকে ধর্ষণ করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। ইজ্জত ভিক্ষা চেয়েছি। কিন্তু আমার শেষ রক্ষা হয়নি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ১৫ এপ্রিল কুমিল্লার হোমনায় বাবার বাড়ি যাওয়ার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকেরা স্বামীর কাছ থেকে ওই নারীকে ছিনিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমানসহ আরও কয়েকজন তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী জানান, তাদের পায়ে পড়ে অনেক আকুতি-মিনতি করেছি। ইজ্জত ভিক্ষা চেয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমি আল্লাহর কাছে তাদের কঠিন বিচার চাই।

কুমিল্লার সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, সভ্যতার এ যুগে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা কীভাবে সম্ভব হয় তা বোধগম্য নয়। এগুলো অশনি সংকেত। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সামাজিক নিরাপত্তা এবং শৃঙ্খলা ভেঙে পড়বে।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, ওই নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সংঘবদ্ধ ওই চক্রে পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন ধর্ষণ করেছে। বাকিরাও অপেক্ষমাণ ছিল। আমরা ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা আসামিদের কারাগারে পাঠিয়েছি। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের দুটি ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগ: কুমিল্লা

ধর্মপুর-ঝাগুরজুলি সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কুমিল্লাবাসী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১১:০০:৩৭
ধর্মপুর-ঝাগুরজুলি সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কুমিল্লাবাসী
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ধর্মপুর থেকে ঝাগুরজুলি বিশ্বরোড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার কাজের টেন্ডার হলেও দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম দেখা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অটোরিকশা ও ভ্যান চলাচলে বেশি ঝুঁকি তৈরি হয়েছে। এতে যাত্রী ও চালক উভয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অটোরিকশা চালক শাহআলম বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করতে হয়। ভাঙা রাস্তার কারণে প্রায়ই গাড়ি নষ্ট হয়। আয় করার চেয়ে গাড়ি মেরামতেই বেশি খরচ হয়ে যাচ্ছে।

ভ্যান চালক রনি বলেন, “প্রতিদিন দুই-চারটি অটোরিকশা উল্টে যায়। অনেক মানুষ আহত হয়, কারও হাত-পা ভেঙে যায়। এমন পরিস্থিতিতে মানুষ কার ওপর ভরসা করবে?”শিক্ষার্থীর অভিভাবক মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিদিন সন্তানকে স্কুলে নিয়ে যেতে ভয় লাগে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই এই পথ ব্যবহার করতে হচ্ছে।

সোমবার (৪ মে) সকালে সরেজমিনে দেখা যায়, বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, “জনগণের ভোগান্তির অন্যতম কারণ হলো নিম্নমানের কাজ। যাদেরকে রাস্তার কাজ দেওয়া হয় তারা অনেক সময় যথাযথভাবে কাজ না করে দায়সারা সংস্কার করে। ফলে কয়েক মাসের মধ্যেই রাস্তা আবার ভেঙে যায়। এর খেসারত দিতে হয় সাধারণ মানুষকে।

ট্যাগ: কুমিল্লা

বের হওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেট তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ০৯:৩২:০৮
বের হওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেট তালিকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকা বন্ধ থাকে। বুধবারও এর ব্যতিক্রম নয়। রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শপিং জোন, মার্কেট ও দোকানপাট আজ বন্ধ থাকায় কেনাকাটায় বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

বিশেষ করে রাজধানীর উত্তরাঞ্চল ও নতুন বাণিজ্যিক এলাকাগুলোর অনেক জনপ্রিয় মার্কেট বুধবার বন্ধ থাকায় অনেক ক্রেতাকেই বিড়ম্বনায় পড়তে হয়। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিকল্পনা করে বের হওয়া জরুরি।

আজ যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত অঞ্চল।

এছাড়া রাজধানীর কয়েকটি বড় শপিং কমপ্লেক্স ও মার্কেটও আজ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক। পাশাপাশি বন্ধ থাকবে নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।

রাজধানীর ব্যবসায়ীরা বলছেন, সাপ্তাহিক বন্ধের এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চালু রয়েছে, যাতে ব্যবসায়ী ও কর্মচারীরা বিশ্রামের সুযোগ পান। তবে অনেক ক্রেতা এখনো বিভিন্ন এলাকার বন্ধের দিন সম্পর্কে অবগত না থাকায় সমস্যায় পড়েন।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন শপিংয়ের প্রসার ঘটলেও রাজধানীর বড় মার্কেটগুলোতে সরাসরি কেনাকাটার চাপ এখনো অনেক বেশি। ফলে সাপ্তাহিক বন্ধের দিনগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকলে সময় ও যাতায়াত খরচ দুটোই বাঁচানো সম্ভব।

এদিকে বুধবার বন্ধ থাকলেও এসব এলাকার আশপাশে কিছু ছোট দোকান, ফার্মেসি ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

-রাফসান


মুরাদনগরে পুলিশের অ্যাকশন: ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা দুই ভাই!

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১৯:২৬:৩৫
মুরাদনগরে পুলিশের অ্যাকশন: ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা দুই ভাই!
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা জেলা মুরাদনগরে গাঁজা উদ্ধার অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (রাত সাড়ে ১০টা) উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তারু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শাহ আলম (২১) ও শুক্কুর আলী (১৯) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই কার্যক্রমে যুক্ত হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মুরাদনগর গাঁজা উদ্ধারসহ মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানান তিনি।

ট্যাগ: কুমিল্লা

পাঠকের মতামত: