পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ:তালিকায় রাজনৈতিক দল ও প্রশাসনের নাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২১ ১৯:৩০:৩৩
পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ:তালিকায় রাজনৈতিক দল ও প্রশাসনের নাম
ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটপাটের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ও সুবিধাভোগী ৫২ জন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রতিবেদনে। এই তালিকায় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এনসিপি-এর নেতাদের পাশাপাশি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নামও রয়েছে।

দুদকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধাভোগী হিসেবে খনিজ সম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিগত এক বছরে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিজিবি-এর নাম উঠে এসেছে। সরকারি সংস্থা ও প্রশাসনের লোকজন ছাড়াও পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এনসিপিসহ ৪২ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ঢাকার এনফোর্সমেন্ট বিভাগের নির্দেশে গত ১৩ আগস্ট দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সাদাপাথরে অভিযানে যায়। বুধবার (২০ আগস্ট) সেই প্রতিবেদন জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

দুদকের দল তাদের প্রতিবেদনে উল্লেখ করে, স্থানীয় প্রশাসনের কিছু পর্যটন সেবা এবং নদীর তীরেই বিজিবি ক্যাম্প টহল চালু থাকা সত্ত্বেও বিগত কয়েক মাসে কয়েকশ কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ এভাবে সরানো হয়েছে। পাথর আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও যোগসাজশ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি না থাকলেও গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে, বিশেষ করে গত ৩ মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে। পর্যটন এলাকাটি সংরক্ষিত পরিবেশ এলাকা হওয়া সত্ত্বেও ১৫ দিন আগে থেকে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়েছে। প্রায় ৮০ ভাগ পাথর তুলে এলাকায় অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে দায়ী করে বলা হয়, ৮ জুলাই তিনি পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহণ শ্রমিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে বলেছিলেন, ‘সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন?’ তার এই বক্তব্যটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হলে সাদাপাথর লুটপাটে ব্যাপক উৎসাহ জুগিয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সদিচ্ছার অভাব, অবহেলা ও ব্যর্থতা স্পষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাথর লুটপাট ঠেকাতে তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে চরম ব্যর্থ হয়েছেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বর্তমানে কর্মরত কোম্পানীগঞ্জ উপজেলার চারজন ইউএনওকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাথরকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। তারা হলেন আজিজুন্নাহার, মোহাম্মদ আবুল হাছনাত, ঊর্মি রায় ও আবিদা সুলতানা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ করে পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে উত্তোলিত প্রতি ট্রাক পাথর থেকে ১০ হাজার টাকা পুলিশ ও প্রশাসনের জন্য আলাদা করা হয়। যার মধ্যে পুলিশের জন্য ৫ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ হাজার টাকা বণ্টন হতো।

প্রতিবেদনে সাদাপাথর লুটে বিজিবিকেও দায়ী করা হয়েছে। বলা হয়েছে, সাদাপাথর এলাকায় বিজিবির ৩টি পোস্ট থাকা সত্ত্বেও কোম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ বিজিবি সদস্যদের আর্থিক সুবিধা গ্রহণ ও নিষ্ক্রিয়তার কারণে অবৈধ পাথর উত্তোলনকারীরা খুব সহজেই পাথর লুটপাট করতে পেরেছে। বিজিবি সদস্যরা প্রতি নৌকা থেকে ৫০০ টাকার বিনিময়ে এলাকায় প্রবেশের অনুমতি দিত এবং পাথর উত্তোলনের সময় কোনো বাধা দিত না।

রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নাম:

প্রতিবেদনে পাথর লুটে জড়িত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন:

বিএনপি: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সদস্য হাজি কামাল, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে দুদু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ বাহার, সহসাংগঠনিক সম্পাদক মুসতাকিন আহমদ ফরহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া ওরফে দুলা, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, সাজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী জাকির হোসেন, সদস্য মোজাফর আলী, মানিক মিয়া, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহপরান, কোষাধ্যক্ষ শাহ আলম ওরফে স্বপন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।

আওয়ামী লীগ: কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া, শাহাবুদ্দিন, গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল ওদুদ আলফু, কর্মী মনির মিয়া, হাবিল মিয়া এবং সাইদুর রহমান।

জামায়াত: সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফকরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীন।

এনসিপি: সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

অন্যান্য: আনর আলী, উসমান খাঁ, ইকবাল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন জীবন, আরজান মিয়া, মো. জাকির, আলী আকবর, আলী আব্বাস, মো. জুয়েল, আলমগীর আলম এবং মুকাররিম আহমেদ।

দুদকের প্রতিবেদনে নাম আসায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান প্রতিবাদ জানিয়েছেন। তারা সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন এবং বলেন, তারা এর নিন্দা জানান।

/আশিক


আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৮ ২০:১৮:৩৩
আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

নাটোর শহরের বাসিন্দাদের জন্য জরুরি বিদ্যুৎ সতর্কবার্তা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) নাটোরের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিক্রয় ও বিতরণ বিভাগ-নেসকো নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় এই কাজ চলবে। ফলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ফিডারের অধীনে থাকা সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো।

/আশিক


আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৮ ১১:২২:২৩
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
ছবি : সংগৃহীত

বুধবার (০৮ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সামাজিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আজকের দিনের উল্লেখযোগ্য ইভেন্টগুলো এক নজরে দেখে নিন

বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ ও ব্রিফিং

সকাল সাড়ে ১১টায় ঢাকার বিশ্বব্যাংক কার্যালয়ে ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট (এপ্রিল ২০২৬)’ এবং ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ করা হবে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহনজর্গে এবং বাংলাদেশ ও ভুটানের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এই প্রতিবেদন দুটির মূল দিকগুলো তুলে ধরবেন।

এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে এই সভায় নির্মাণ ও আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেবেন।

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসনে কঠোর অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল ৯টা থেকে টার্মিনালের আশপাশে গড়ে ওঠা অনুমোদনবিহীন বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পিএসসির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ তাদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত থাকবেন।

ক্যাবের মানববন্ধন

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মাঠে নামছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও’—এই অভিযোগে এক মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।

/আশিক


দেবিদ্বারে স্কুল শিক্ষকের আপ‌ত্তিকর ভি‌ডিও ধারন ও অর্থ আদায়: নারী কারাগারে

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১৯:৩২:৩০
দেবিদ্বারে স্কুল শিক্ষকের আপ‌ত্তিকর ভি‌ডিও ধারন ও অর্থ আদায়: নারী কারাগারে

কুমিল্লার দেবিদ্বারে ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষককে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষক মোকবল হোসেন অভিযুক্ত লাইলি আক্তারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মোকবল হোসেনের এক আত্মীয়ের সঙ্গে লাইলি আক্তারের আ‌র্থিক লেন‌দে‌নের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার কথা বলে গত সোমবার (৬ এপ্রিল) আসরের নামাজ শেষে দেবিদ্বার পৌর এলাকার ভাড়া বাসায় তাকে ডেকে নেন লাইলি। সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন নারী-পুরুষ তাকে জিম্মি করে।

অভিযোগে বলা হয়, তারা তাকে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা এবং মোবাইল ফোনের মাধ্যমে তার আত্মীয়ের কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে আরও ১ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও ধারন ক‌রে তাৎক্ষ‌ণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চ‌ক্রের সদস‌্যরা।খবর পে‌য়ে লাইলীর বাসায় তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। এ সময় লাইলি আক্তারকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলি আক্তারের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এবং প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায় করতেন।

তবে লাইলি আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আ‌ছে। বাসায় ডে‌কে তার কা‌ছে পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গোপ‌নে ধারন করা এক‌টি ভাইরাল ভিডিওর সূত্র ধরে তাৎক্ষ‌ণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও শিক্ষক‌কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় লাইলী‌কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ট্যাগ: কুমিল্লা

হঠাৎ কাঁপল দেশ: কোথায় ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১৭:৩১:২৬
হঠাৎ কাঁপল দেশ: কোথায় ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল?
ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলী জেলাগুলোতেও। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ৪.৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই কম্পনের কেন্দ্রস্থল থেকে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকাগুলো বেশ জোরালোভাবে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা অগভীর হওয়ার কারণে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। শিলচর ছাড়াও আসামের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারসহ সীমান্তবর্তী জনপদে এই কম্পন স্পষ্ট টের পাওয়া গেছে।

হঠাৎ এই ভূমিকম্পে সিলেট ও সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারত—কোনো প্রান্তেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়া ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

/আশিক


গীতি কবিতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সিরাজিয়া পারভেজ টুটুল

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১১:২০:৫৯
গীতি কবিতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সিরাজিয়া পারভেজ টুটুল
ছবি : শিমুল হোসেন

গীতি কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব ২০২৬’ উপলক্ষে মর্যাদাপূর্ণ ‘আব্দুর রউফ চৌধুরী প্রজন্ম প্রান্তিক সম্মাননা’ অর্জন করেছেন লেখক ও সমাজকর্মী সিরাজিয়া পারভেজ টুটুল।

গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ১৯৮৬ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন সিরাজিয়া পারভেজ টুটুল। তাঁর পিতার নাম গফফার মাস্টার এবং মায়ের নাম সালেহা খানম। শৈশব-কৈশোর কেটেছে গ্রামেই। কর্মসূত্রে ঢাকায় বসবাস করলেও গ্রামীণ শিকড়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। নানাবিধ সমাজসেবামূলক কর্মের পাশাপাশি তিনি গান, কবিতা ও বাস্তবধর্মী বিভিন্ন বিষয়ে লেখালেখি করে চলেছেন।

১৯৯৬ সাল থেকে জাতীয় দৈনিক, সাহিত্যপত্র, লিটল ম্যাগাজিন এবং অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত গল্প, গদ্য, ছড়া ও গান লিখে আসছেন তিনি। তাঁর লেখায় সমাজের বাস্তব চিত্র, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ আমি কেবল মানুষ হবো, উঁইয়ের ঢিবি হয় না কভু হিমালয়ের তুল্য, ধানমন্ডি ৩২: স্বাধীনতার সূতিকাগার।

উল্লেখযোগ্য গান অতুল তিনি, জন্মভূমি মা, ও আমার দেশ, ডোবায় মারে ডুব।‘প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেব দ্রোহী শব্দাবলি’ এই স্লোগানকে ধারণ করে আয়োজিত সাহিত্য-উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার। সিফাত বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক শামস সাইদ।

সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সিরাজিয়া পারভেজ টুটুল। দেশের বিভিন্ন দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় তিনি স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। গ্রাম ও শহরের অসহায় মানুষের কল্যাণে সারা বছরই কাজ করে যাচ্ছেন তিনি।

সৃজনশীল সাহিত্যকর্ম ও সমাজসেবামূলক কার্যক্রমের জন্য এর আগেও দেশের বিভিন্ন সংগঠন থেকে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই লেখক ও সমাজকর্মী।

ট্যাগ: সাতক্ষীরা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ১০:১২:৩৯
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদের দোকানপাট বা শপিং মলে যেতে হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে যদি দেখেন কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতানগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।

মঙ্গলবার মূলত রাজধানীর একটি নির্দিষ্ট জোনের মার্কেটগুলো বন্ধ রাখা হয়। এর মধ্যে রয়েছে— কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরি পাড়া, তেজকুনী পাড়া, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা। এছাড়া নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।

মার্কেটগুলোর তালিকায় রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি। পাশাপাশি মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউসিয়া মার্কেটও আজ তাদের সাপ্তাহিক ছুটি পালন করবে। যারা ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার কিংবা গাউসুল আজম মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও আজ বিরত থাকতে হবে।

এছাড়া রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা এবং অর্কিড প্লাজাও মঙ্গলবার বন্ধ থাকে। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই অযথা সময় ও শ্রম নষ্ট না করতে তালিকাটি দেখে আপনার আজকের কেনাকাটার পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

/আশিক


আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ০৮:২২:৩৬
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও নানা সরকারি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে সরগরম থাকতে যাচ্ছে পুরো শহর। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, সেমিনার, অধিবেশন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেবেন। পরে তিনি জাতীয় সংসদ ভবনে অস্ট্রেলিয়ান প্রতিনিধি ড. ক্রিস্টোফ জানিয়াক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধির সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে। বিকেলে সরকারি দলের সংসদীয় সভাতেও তিনি অংশ নেবেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে গুরুত্বপূর্ণ কার্যক্রম। রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।

স্বাস্থ্য ও ক্রীড়া খাতেও রয়েছে উল্লেখযোগ্য আয়োজন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নেবেন। এতে জনস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

অর্থনৈতিক নীতিনির্ধারণেও আজ রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান পরিবহন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে অংশ নেবেন। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

পরিসংখ্যান খাতে বড় একটি প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির অডিটোরিয়ামে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কেও আজ দুটি পৃথক সংবাদ সম্মেলন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীতে বড় মাদকবিরোধী অভিযানের তথ্য এবং আন্তর্জাতিক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি কিটামিন ল্যাবের তদন্ত অগ্রগতি তুলে ধরা হবে এসব ব্রিফিংয়ে।

এদিকে আর্থিক খাতকে ঘিরেও রয়েছে আন্দোলনের কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সামনে ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, ব্যাংকিং খাতে আরোপিত ‘হেয়ারকাট’ নীতি প্রত্যাহার এবং লেনদেন স্বাভাবিক করা।

সব মিলিয়ে দিনভর রাজধানীর বিভিন্ন প্রান্তে সমান্তরালভাবে চলবে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, এসব কর্মসূচি কেবল দৈনন্দিন কার্যক্রম নয়, বরং নীতিনির্ধারণ, জনস্বার্থ ও রাজনৈতিক গতিপ্রবাহের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

-রফিক


টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ২১:৫৪:২৩
টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কয়েকটি বসতঘর ও আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকার বাসিন্দা শিল্পীর ঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। আগুন লাগার খবর পেয়ে হামীম গ্রুপ ও এসএস স্টিল করপোরেশনের নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং কর্তৃপক্ষের নির্দেশে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক সহায়তা প্রদান করেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের টানা ৪০ মিনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডের ফলে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বেশ কয়েকটি পরিবারের।

ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল মান্নান জানান, ৫টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম উল্লেখ করেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বস্তির বড় অংশে ছড়াতে পারেনি, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে।

/আশিক


মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ২১:২৮:১৮
মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলায় আগামীকাল মঙ্গলবার জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এ জাম্পারিংয়ের কাজ সম্পন্ন করা হবে। এই কারিগরি কাজের প্রয়োজনেই ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিটে মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাটডাউন কার্যকর থাকবে। একই সময়ে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারেও মেরামত ও সংরক্ষণমূলক রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই বিশেষ মেরামত কাজের কারণে বিউবোর আওতাধীন সুনামগঞ্জ জেলার সব এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ফলে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/আশিক

পাঠকের মতামত:

৮ এপ্রিল: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

৮ এপ্রিল: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেনে শীর্ষ গেইনার তালিকায় শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে, যেখানে বিভিন্ন খাতের কোম্পানিগুলো উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি... বিস্তারিত