পর্তুগালের লাকি সিক্স ও ২০২৬ বিশ্বকাপ: ভাগ্য কি এবার রোনালদোর পাশে থাকবে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ২১:৫২:৪৪
পর্তুগালের লাকি সিক্স ও ২০২৬ বিশ্বকাপ: ভাগ্য কি এবার রোনালদোর পাশে থাকবে?
সতীর্থদের সঙ্গে অনুশীলনে রোনালদো। ছবি : রয়টার্স

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি জিতলেও ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে এখনো অধরা রয়ে গেছে সোনালি বিশ্বকাপ ট্রফি। ৪১ বছর বয়সী এই কিংবদন্তির ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ এটিই। অবশেষে আজ সেই আজন্ম স্বপ্ন পূরণের শেষ সুযোগ ও নতুন অধ্যায় শুরুর লক্ষ্যে ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামছে রোনালদোর পর্তুগাল। ৫ বার ব্যালন ডি’অর জয়ী এই তারকা নিজের ফেসবুকে লিখেছেন, ‘যতবার এই জার্সি পরি, ঠিক ততবার প্রথম দিনের মতো গর্ব, আবেগ এবং দায়িত্ববোধ অনুভব করি। আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে।’

রোনালদোর জন্য কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কেঁদে বিদায় নেওয়ার স্মৃতি ছিল অত্যন্ত কষ্টের। তবে ৪ বছর পর সেই ক্ষত ভুলে 'আহত বাঘের' মতো গর্জন দিয়ে বিশ্বমঞ্চে ফিরলেন তিনি। পর্তুগাল অধিনায়ক সতীর্থদের সর্বস্ব নিংড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সময় এসেছে সমর্থকদের জন্য সর্বস্ব নিংড়ে দেওয়ার।’

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির জন্য যেভাবে আর্জেন্টিনার সতীর্থরা লড়েছিলেন, এবার ব্রুনো ফার্নান্দেজ-দিয়েগো দালোতরাও রোনালদোর জন্য কাপ জিততে মরিয়া। পরিসংখ্যানও এবার পর্তুগালের পক্ষে কথা বলছে ‘লাকি সিক্স’ সমীকরণে। ১৯৬৬ সালে নিজেদের সেরা সাফল্য (তৃতীয় স্থান), ৪০ বছর পর ২০০৬ সালে সেমিফাইনাল, ২০১৬ সালে প্রথম ইউরো জয় এবং এবার ২০২৬ বিশ্বকাপ—প্রতিটি সাফল্যের পেছনেই রয়েছে '৬' সংখ্যার এক অদ্ভুত মেলবন্ধন।

সম্প্রতি আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতে ফর্মে থাকা রোনালদোদের এই বিশ্বকাপে বড় এক আবেগের নাম দিয়োগো জোতা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হওয়া এই ফরোয়ার্ডকে স্মরণ করে কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘জোতা আমাদের অনুপ্রেরণা ও শক্তি। ও সব সময় চাইত বিশ্বকাপ জিতুক পর্তুগাল। ওর সেই অপূর্ণ স্বপ্নটাই এবার পূরণ করতে যাচ্ছি আমরা।’

গতকাল রাতে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের জোড়া গোল এবং সকালে লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকের পর এবার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের পালা রোনালদোর। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ৪১ বছর বয়সী 'সিআর সেভেন' এই চ্যালেঞ্জে জিতে নিজের শেষ বিশ্বকাপকে রাঙাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

/আশিক


ফুটবলপ্রেমী শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো এক আদর্শ উদাহরণ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ১৯:৫১:১১
ফুটবলপ্রেমী শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো এক আদর্শ উদাহরণ
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামার অপেক্ষায় আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ৪১ বছর বয়সী এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন দলের কোচ রবার্তো মার্তিনেস। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড নিজের দখলে রাখা রোনালদোর ফুটবল প্রতি নিবেদন দেখে মুগ্ধ পর্তুগাল বস।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেসের দিকে ধেয়ে যাওয়া বেশির ভাগ প্রশ্নই ছিল রোনালদোকেন্দ্রিক। জবাবে মার্তিনেস বলেন, "এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু আমি বলতে পারি যে দলের ভেতরে তার মানসিকতা ও উদ্দীপনা এমন যে মনে হয় এটা তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।"

আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল এবং ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদোর সাম্প্রতিক ফর্ম অবশ্য কিছুটা চিন্তার কারণ। বড় টুর্নামেন্টগুলোতে শেষ ৯ ম্যাচে কোনো গোল পাননি এই আল-নাসর ফরোয়ার্ড। তবে মার্তিনেসের বিশ্বাস, বড় মঞ্চে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এখনো রোনালদোর আছে।

রোনালদোকে ভবিষ্যৎ প্রজন্মের রোল মডেল উল্লেখ করে পর্তুগিজ কোচ বলেন, "ফুটবলের জন্য সে এক আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা দারুণ বিষয়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করছে।"

ক্লাব ফুটবলে ট্রফির বন্যা বইয়ে দেওয়া সিআরসেভেন আন্তর্জাতিক ফুটবলেও তিনটি শিরোপা জিতেছেন—যার মধ্যে রয়েছে দুইবার নেশনস লিগ ও একবার ঐতিহাসিক ইউরো জয়। এবার তার মিশন বিশ্বকাপ। কঙ্গো বাধা পার করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান।

/আশিক


মেসিই সর্বকালের সেরা, বিশ্ববাসীর এখন এই বাস্তবতা মেনে নেওয়া উচিত: রোনালদো

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ১৯:৪১:২৪
মেসিই সর্বকালের সেরা, বিশ্ববাসীর এখন এই বাস্তবতা মেনে নেওয়া উচিত: রোনালদো
ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় এবার পঞ্চমুখ হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। মেসিকে ‘সর্বকালের সেরা ফুটবলার’ (GOAT) আখ্যা দিয়ে তিনি বলেছেন, ফুটবল বিশ্বের এখন উচিত এই বাস্তবতাকে কোনো দ্বিধা ছাড়াই মেনে নেওয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পর চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই কিংবদন্তি নিজের মুগ্ধতা আড়াল করেননি।

৩৮ বছর বয়সে এসেও বিশ্বকাপের মঞ্চে মেসির এমন বিধ্বংসী রূপ দেখে রোনালদো নাজারিও বলেন, "মেসি প্রতিবার যখন মাঠে নামে, তখন সবকিছু যেন নান্দনিক ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়। পুরো বিশ্বের সামনে এখন সময় এসেছে—লুকোচুরি না করে আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত মেসিই সর্বকালের সেরা। সে প্রতি মৌসুমেই পারফর্ম করে যাচ্ছে এবং বিশ্বকাপেও। এটা অভূতপূর্ব এবং ঐতিহাসিক একটি দিন।"

আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন মেসি। এর ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। একই সাথে তিনি টপকে গেছেন খোদ রোনালদো নাজারিওকেও (১৫ গোল)। নিজের রেকর্ড ভাঙা নিয়েও ব্রাজিলিয়ান ‘ফেনোমেনন’ মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই প্রকাশ করলেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি, রেকর্ড আটটি ব্যালন ডি'অর, কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও এই দুর্দান্ত সূচনা প্রমাণ করছে, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। আর মাত্র একটি গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এলএমটেন। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের চোখ এখন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর দিকে।

/আশিক


চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি হার দিয়ে শুরু বাংলাদেশের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ১৮:৫১:৫৭
চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি হার দিয়ে শুরু বাংলাদেশের
ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কুপার কনলির ঝোড়ো ইনিংস এবং শেষের ব্যাটারদের দৃঢ়তায় ৪ উইকেটের জয় তুলে নেয় অজিরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে অধিনায়কের সিদ্ধান্তকে খুব একটা স্বস্তিদায়ক করতে পারেননি ব্যাটাররা। ১৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদী হাসান। এছাড়া ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জস ইংলিসকে বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। এরপর দলীয় ৩৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন অজি অধিনায়ক মিচেল মার্শ (১৩)। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান কুপার কনোলি। টিম ডেভিডকে (২০) সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেন তিনি। মাত্র ২৭ বলে ৪৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন কনোলি, তবে মাত্র ৩ রানের জন্য ফিফটি মিসের আক্ষেপ নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

শেষের দিকে কনোলি ও ডেভিড বিদায় নিলে অস্ট্রেলিয়া কিছুটা বিপাকে পড়লেও ম্যাট রেনশ (২৮ বলে ১৮) এবং নিখিল চৌধুরীর (১৩ বলে ১৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। শেষ মুহূর্তে চার মেরে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে দলের জয় নিশ্চিত করেন জেভিয়ার বার্টলেট। বাংলাদেশের পক্ষে আব্দুল গাফফার ২টি এবং শরীফুল, মুস্তাফিজ, মেহেদী ও রিসাদ ১টি করে উইকেট নেন।

/আশিক


"মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে"

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ১০:১৬:৫৬
"মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে"
ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে যেখান থেকে বিশ্ব ফুটবলে নিজের অসমাপ্ত অধ্যায় শেষ করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করলেন ঠিক সেখান থেকেই লিওনেল মেসি। তবে এবার তিনি শুধু জয়ের বার্তাই দেননি, গড়ে ফেলেছেন নতুন ইতিহাসও।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই ছিল তার প্রথম হ্যাটট্রিক, আর সেই অর্জনই তাকে নিয়ে গেছে কিংবদন্তিদেরও ঊর্ধ্বে।

মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সাবেক বার্সেলোনা সতীর্থ এবং সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এমন এক মন্তব্য করেছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফক্স স্পোর্টসের বিশ্লেষণ অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেন, “সে যদি আরেকটি বিশ্বকাপও জিতে যায়, সেটি তার ট্রফির ক্যাবিনেটে আরেকটি শিরোপা হিসেবেই যোগ হবে। কিন্তু সে যদি না-ও জেতে, তাতেও কিছু আসে যায় না। কারণ মেসি এখন ফুটবলের সীমা অতিক্রম করে ফেলেছে।”

বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রশংসা নয়, বরং আধুনিক ফুটবলে মেসির প্রভাবের এক প্রতীকী স্বীকৃতি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৭ মিনিটে প্রথম গোলটি আসে মেসির পা থেকে। বক্সের বাইরে সামান্য জায়গা পেয়েই তিনি অসাধারণ এক শট নেন। বলটি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। সতীর্থদের দারুণ সমন্বিত আক্রমণ থেকে বক্সের ভেতর বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

তবে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ৭৭তম মিনিটে।

বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই গোলের মাধ্যমে তিনি ১২ বছর ধরে অক্ষত থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলসংখ্যার রেকর্ড অতিক্রম করেছেন।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, ৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং ম্যাচের পরিস্থিতি বুঝে পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিশ্বকাপের শুরুতেই তার এই বার্তা স্পষ্ট—বয়স কেবল একটি সংখ্যা, শ্রেষ্ঠত্বের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

আর্জেন্টিনা সমর্থকদের কাছে এই পারফরম্যান্স নতুন করে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। অনেকেই মনে করছেন, কাতারের সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর মতো শক্তিশালী দল এবারও গড়ে তুলেছে আলবিসেলেস্তেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার নাম বিশ্বব্যাপী ট্রেন্ডিং তালিকায় উঠে আসে।

ফুটবল বিশ্লেষকদের ভাষায়, এখন আর মেসিকে শুধু একজন খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করা কঠিন। তিনি নিজেই এক চলমান ইতিহাস।

অনেকের মতে, ট্রফি, গোল কিংবা ব্যক্তিগত পুরস্কারের হিসাব ছাড়িয়ে মেসি এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছেন, যেখানে তাকে কেবল পরিসংখ্যান দিয়ে বিচার করা সম্ভব নয়।

২০২৬ বিশ্বকাপের শুরুতেই তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।

আর ইব্রাহিমোভিচের ভাষায়, “লিওনেল মেসি এখন আর শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলেরও ঊর্ধ্বে।”

-রাফসান


আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে উড়ছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৭ ০৮:৩৭:৩৯
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে উড়ছে আর্জেন্টিনা

২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ 'জে'-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে এখনো লড়াই চলছে আর্জেন্টিনার। ক্যানসাস সিটি স্টেডিয়ামে চলমান এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসি ইতিমধ্যেই এক দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেছেন।ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।চলমান ম্যাচের লাইভ আপডেট ও গোলসমূহঃ

  • ১৭ মিনিট (প্রথম গোল): রদ্রিগো ডি পলের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে মেসির অনবদ্য বাঁ-পায়ের কার্লিং শটে লিড নেয় আর্জেন্টিনা।
  • ৬০ মিনিট (দ্বিতীয় গোল): ম্যাক অ্যালিস্টারের শট আলজেরিয়ান কিপার লুকা জিদান ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে দ্রুততার সাথে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
  • ৭৬ মিনিট (ঐতিহাসিক হ্যাটট্রিক): একক প্রচেষ্টায় আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ান মেসি, পূর্ণ করেন চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের পর মাঠে আর্জেন্টিনার আক্রমণ আরও জোরালো হয়েছে এবং ম্যাচটি এখন শেষের দিকে গড়াচ্ছে।


তীব্র সমালোচনার মুখে নতি স্বীকার করল ফুটবলের সর্বোচ্চ সংস্থা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৬ ২১:৪৩:২৪
তীব্র সমালোচনার মুখে নতি স্বীকার করল ফুটবলের সর্বোচ্চ সংস্থা
ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের স্প্যানিশ ভাষায় কথা বলায় বাধা দেওয়ার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে যায়। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো তারকা ফুটবলাররা স্প্যানিশ ভাষায় উত্তর দিতে চাইলে খোদ ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের থামিয়ে ইংরেজিতে কথা বলার অনুরোধ করেন। সাংবাদিকদের স্প্যানিশ প্রশ্নের সাবলীল উত্তর দিতে গিয়েও খেলোয়াড়দের এভাবে বাধা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের ক্ষুব্ধ করে তোলে। অবশেষে বিশ্বব্যাপী এই তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, ফিফা তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসে এখন থেকে সাংবাদিক, খেলোয়াড় এবং কোচদের সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলার পূর্ণ অনুমতি দিচ্ছে। গণমাধ্যমের কাজ সহজ করতে এখন থেকে প্রতিটি সংবাদ সম্মেলনে একজন করে স্প্যানিশ অনুবাদক (ট্রান্সলেটর) রাখবে ফিফা। পাশাপাশি, ফিফার অফিশিয়াল অ্যাপেও স্প্যানিশ থেকে সরাসরি অনুবাদের বিশেষ ফিচার যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চলতি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো, যাদের মূল রাষ্ট্রভাষা স্প্যানিশ। আয়োজক দেশ হিসেবে মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়েই ফিফা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে নিয়ম ছিল—কেবল ম্যাচ সংশ্লিষ্ট কোনো দলের মূল ভাষা স্প্যানিশ হলেই সংবাদ সম্মেলনে সেই ভাষা ব্যবহার করা যেত। উদাহরণস্বরূপ, ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে পর্তুগিজ, আরবি, ফ্রেঞ্চ ও ইতালিয়ান (কোচ আনচেলত্তির কারণে) ভাষায় কথা বলার সুযোগ থাকলেও স্প্যানিশ নিষিদ্ধ ছিল।

ফিফা জানিয়েছে, নতুন এই নিয়মটি একদম তাৎক্ষণিকভাবে শতভাগ কার্যকর করা হয়তো সম্ভব নাও হতে পারে; মাঠপর্যায়ে পুরোপুরি চালু হতে দুই-একটি ম্যাচ সময় লেগে যেতে পারে। তবে সাম্প্রতিক সব বিতর্কের পর বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের ভাষা ও বৈশ্বিক ফুটবলারদের আবেগ বিবেচনা করে ফিফার সামনে এর চেয়ে বাস্তবসম্মত আর কোনো বিকল্প ছিল না।

/আশিক


একজন মেসির জন্য পুরো দল প্রস্তুত করা অর্থহীন: হুঙ্কার আলজেরিয়া কোচের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৬ ২১:৩৯:৫৭
একজন মেসির জন্য পুরো দল প্রস্তুত করা অর্থহীন: হুঙ্কার আলজেরিয়া কোচের
ছবি : সংগৃহীত

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেরা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চের কমতি নেই।

বিশেষ করে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এই ম্যাচটি এক ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল জাদুকর মেসিকে আটকানোর জন্য আলাদা কোনো ‘ম্যান-মার্কিং’ বা বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি করছেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়া বস পেটকোভিচ বলেন, "আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার পূর্ণ ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।" মেসিকে ব্যক্তিগতভাবে পাহারা না দিয়ে বরং দলীয়ভাবে আর্জেন্টিনাকে রোখার কৌশল বেছে নিয়েছেন তিনি।

পেটকোভিচ তাঁর রণকৌশল ব্যাখ্যা করে আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই চেইন কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই ফুটবলাররা মাঠে নিজেদের মেলে ধরার সুযোগ না পায়।" ম্যাচের পরিস্থিতি সামাল দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, "আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই ঠিকই, তবে এই বিশ্বকাপেই আমরা বড় বড় অঘটন ঘটতে দেখেছি। আমরাও কাল একটা চমক দিতে চাই।"

/আশিক


সম্ভবত শেষ বিশ্বকাপ: আলজেরিয়া ম্যাচের আগে বাড়তি দায়িত্ব কাঁধে নিলেন মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৬ ২০:১৪:০১
সম্ভবত শেষ বিশ্বকাপ: আলজেরিয়া ম্যাচের আগে বাড়তি দায়িত্ব কাঁধে নিলেন মেসি
ছবি : সংগৃহীত

টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে মাঠে নামছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামীকাল বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশন। তবে ক্যারিয়ারের আগের পাঁচটি বিশ্বকাপের চেয়ে এবারের আসরটি মেসির কাছে সম্পূর্ণ আলাদা। কারণ, এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার কঠিন চাপ ও চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হয়নি। নিজের সম্ভবত শেষ এই বিশ্বকাপে দলকে সতেজ রাখতে এবার মাঠ ও মাঠের বাইরে বাড়তি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এলএম টেন।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলে মেসির প্রভাব কতটা, তা স্পষ্ট হয় পরিসংখ্যানের দিকে তাকালে। স্কালোনি কোচ হওয়ার পর মেসিকে পেয়েছেন ৭০টি ম্যাচে, যার মধ্যে ৫৩টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা; সাফল্যের হার ৭৬ শতাংশ। বিপরীতে মেসিকে ছাড়া খেলা ২৪ ম্যাচের মধ্যে ১৮টিতে জিতেছে দল। পরিসংখ্যানের এই সামান্য পার্থক্যের চেয়েও মাঠে মেসির মানসিক ও কৌশলগত উপস্থিতি দলের জন্য সবচেয়ে বড় শক্তি। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ১৮টি ম্যাচের মধ্যে ৬টিতে না খেলেও ৫ ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার টিকিট নিশ্চিত হয়েছিল, যেখানে ৮ গোল করে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনার ঐতিহ্যগত আগ্রাসী ফুটবল কৌশলে বড় পরিবর্তন এনেছেন কোচ স্কালোনি। ১৯৭৮ বা ১৯৮৬ সালের অল-আউট অ্যাটাকিং ঘরানা থেকে বেরিয়ে তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রক্ষণভাগের ওপর, যেখানে মেসির রয়েছে পূর্ণ সমর্থন। বিপক্ষের ডিফেন্ডারদের কড়া ট্যাকল ও অনবরত কড়া নজরদারি থেকে মেসিকে মুক্ত রাখতে তাকে কিছুটা নিচে নামিয়ে খেলানোর ছক কষেছেন স্কালোনি। নিজের অর্ধের মাঝামাঝি জায়গা থেকে প্রতিপক্ষের বক্স পর্যন্ত মেসি দলকে নেতৃত্ব দেবেন এবং প্রয়োজনে রক্ষণে নেমেও ভূমিকা রাখবেন।

মাঠের বাইরেও দলের তরুণ ফুটবলারদের জন্য মেসির ফোন সবসময় খোলা থাকে। চোট বা অন্য কারণে কোনো ম্যাচে খেলতে না পারলেও ভিডিও কলে সতীর্থদের পরামর্শ ও উৎসাহ দেন তিনি। দলের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বলেন, "বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে মেসি আমাদের ভিডিও কল করে উৎসাহিত করেছিল। ওই আমাদের নেতা, আমরা বাকিরা সৈনিক। মেসির জন্য আমরা সবকিছু করতে পারি।" বিশ্বকাপে ২৬ ম্যাচে ১৩ গোল ও দু'বার গোল্ডেন বল জেতা মেসির উপস্থিতিই আলভারেজদের কাছে যেকোনো পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

/আশিক


প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কার পাল্লা ভারী?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৬ ১৮:৩৪:৫৪
প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কার পাল্লা ভারী?
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের আসর জমে উঠেছে। শিরোপার লড়াইয়ে সামিল হতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের কারণে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। মজার ব্যাপার হলো, এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লড়বে তারা।

দুই দলের একমাত্র সাক্ষাতের স্মৃতিটি ২০০৭ সালের জুনের। স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তেদের তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন। এছাড়া বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো।

প্রায় দুই দশক আগের সেই সুখস্মৃতি নিয়ে এবার আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। যদিও ইতিহাস ও সামর্থ্যের বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই এগিয়ে, তবুও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়া।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা যেমন তাদের নতুন মিশনের সূচনা করতে যাচ্ছে, তেমনি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য আলজেরিয়ার সামনে এটি একটি বড় মঞ্চ। কানসাস সিটির এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

/আশিক

পাঠকের মতামত: