ব্রাজিল দল থেকে ছিটকে যাচ্ছেন নেইমার? কোচের প্রতি অবজ্ঞার অভিযোগ সিবিএফ-এর

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ২৩ ১৭:৩০:৫৩
ব্রাজিল দল থেকে ছিটকে যাচ্ছেন নেইমার? কোচের প্রতি অবজ্ঞার অভিযোগ সিবিএফ-এর
ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এক বড় দুঃসংবাদ নিয়ে এলো সিএনএন ব্রাজিল। সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়রের আসন্ন বিশ্বকাপে খেলা এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কোচ কার্লো আনচেলত্তির নতুন কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ তীব্র অসন্তোষের কারণে এই তারকা ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

নেইমারের ফিটনেস এবং খেলার বর্তমান ধরন সরাসরি পর্যবেক্ষণ করতে সান্তোস ও মিরাসোলের মধ্যকার একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে মাঠে নামেননি তো বটেই, এমনকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সাথে ন্যূনতম সৌজন্য সাক্ষাৎ করার প্রয়োজনও বোধ করেননি।

বিষয়টিকে কোচ এবং বোর্ডের প্রতি চরম অবজ্ঞা ও অপেশাদার আচরণ হিসেবে দেখছে সিবিএফ। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান শারীরিক অবস্থা ও স্ট্যামিনা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের বর্তমান কোচিং স্টাফ। ফুটবল বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফুটবলের যে উচ্চগতি ও দম প্রয়োজন, তা বর্তমানে নেইমারের মধ্যে অনুপস্থিত।

সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, তা সিবিএফ কর্মকর্তারা মোটেও ইতিবাচকভাবে নেননি। কর্মকর্তাদের ধারণা, নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স ও ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরির চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থি।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মনে করে, নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, যা তিনি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি থাকায় এই অল্প সময়ে নেইমারের পক্ষে ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।

/আশিক


কোচ হতে কত বেতন চেয়েছেন নেইমারের গুরু? বিস্তারিত জানাল বাফুফে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ২১:১৪:১৭
কোচ হতে কত বেতন চেয়েছেন নেইমারের গুরু? বিস্তারিত জানাল বাফুফে
কোচ হতে আবেদন করেছেন নেইমারের গুরুখ্যাত ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের প্রতীক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এখনো কাউকে চূড়ান্ত করতে পারেনি বাফুফের জাতীয় দল কমিটি। বর্তমানে আবেদনকারী হাই-প্রোফাইল কোচদের সাক্ষাৎকার প্রক্রিয়া চলছে। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে নাম এসেছে নেইমারের সাবেক গুরু হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেলের। নেইমারকে অলিম্পিক স্বর্ণ জেতানো এই ৫৭ বছর বয়সী কোচ বাংলাদেশের হামজা চৌধুরী ও শমিত ঘোষদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বর্তমানে তিনি বাফুফের সংক্ষিপ্ত তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন।

বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন জানিয়েছেন যে, রোজেরিও মিকেল বাংলাদেশের কোচ হতে মাসিক ২৫ থেকে ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০-৩৬ লাখ টাকা) বেতন দাবি করেছেন।

তবে এই অভিজ্ঞ কোচ বেতন নিয়ে দরকষাকষির সুযোগ রেখেছেন বলেও জানা গেছে। হিল্টন আরও জানান, প্রতিটি কোচের সাক্ষাৎকার নিতে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগছে, যার ফলে প্রতিদিন দুই-তিনজনের বেশি সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য পুরো প্রক্রিয়াটি শেষ হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে তিনি মনে করেন।

নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফে এখনো নির্দিষ্ট কোনো বাজেট চূড়ান্ত করেনি। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের ভাষ্যমতে, কোচদের কাজের অভিজ্ঞতা, প্রো-লাইসেন্স এবং জাতীয় দলের হয়ে পূর্ববর্তী সাফল্যের রেকর্ড বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো বিষয়টি জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বর্তমানে চলমান এই যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই বাফুফে এমন একজনকে খুঁজছে যিনি বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হবেন।

/আশিক


বিপিএল ফিক্সিং কেলেঙ্কারি: ক্রিকেটার ও মালিকসহ ৫ জনের বিরুদ্ধে বিসিবির ব্যবস্থা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ২০:২০:৪৯
বিপিএল ফিক্সিং কেলেঙ্কারি: ক্রিকেটার ও মালিকসহ ৫ জনের বিরুদ্ধে বিসিবির ব্যবস্থা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্তের পর বিসিবির ইনটেগ্রিটি ইউনিট একটি ৯০০ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে সরাসরি দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং ম্যানেজারসহ অভিযুক্ত পাঁচজনকেই আপাতত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্তে উঠে আসা তথ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং ঘরোয়া ক্রিকেটের স্বচ্ছতা রক্ষায় তারা কঠোর অবস্থান গ্রহণ করছে।

বিসিবির তদন্ত প্রতিবেদনে যাদের নাম উঠে এসেছে তারা হলেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং সামিনুর রহমান নামে এক ব্যক্তি। তদন্তে দেখা গেছে, ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ম্যাচের ফলাফল প্রভাবিত করা বা নির্দিষ্ট পরিস্থিতির ওপর বাজিতে অংশ নিয়েছেন।

অন্যদিকে, লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে আনা হয়েছে তদন্ত কাজে অসহযোগিতা, তথ্য গোপন এবং ডিজিটাল প্রমাণ মুছে ফেলার মতো গুরুতর অভিযোগ। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে, যার মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে জবাব দিতে হবে।

বিপিএলের আগের তিনটি আসরেও (৯ম, ১০ম ও ১১তম) ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতির ছায়া ছিল বলে নিশ্চিত করেছে বিসিবি। বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ জারি করা হয়েছে। বিসিবির 'এক্সক্লুডড পারসন পলিসি' অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সামিনুর নিজের অপরাধ স্বীকার করে নিয়ে এই রায় মেনে নিয়েছেন।

বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেটের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে তারা কোনো ধরনের দুর্নীতির সাথে আপস করবে না। এই বিচারিক প্রক্রিয়া চলাকালীন সংস্থার পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।

/আশিক


কার হাতে উঠছে ব্যালন ডি’অর? সেরা পাঁচের লড়াইয়ে বড় চমক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ১২:১৯:২৪
কার হাতে উঠছে ব্যালন ডি’অর? সেরা পাঁচের লড়াইয়ে বড় চমক
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের নাটকীয় মোড় ২০২৬ ব্যালন ডি’অরের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বিশেষ করে পিএসজি ও আর্সেনাল ফাইনালে পা রাখায় ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের তালিকায় বড় পরিবর্তন এসেছে। বর্তমানে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

টানা দ্বিতীয়বার এই ট্রফি জয়ের হাতছানি তার সামনে। যদিও চলতি মৌসুমে তার ব্যক্তিগত গোল বা অ্যাসিস্টের সংখ্যা আগের চেয়ে কম, তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শেষ তিন ম্যাচে পাঁচ গোল করে তিনি সবার নজর কেড়ে নিয়েছেন।

দেমবেলের পরেই শক্তিশালী অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। যদিও তার দল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি অবিশ্বাস্য। মৌসুমে ৬১টি গোলে সরাসরি অবদান রেখে তিনি নিজের দাবি জোরালো রেখেছেন। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আর্সেনালের মিডফিল্ড জেনারেল ডেকলান রাইস।

আর্সেনালের ফাইনালে ওঠার পেছনে তার অনবদ্য ভূমিকা তাকে রদ্রির মতো একজন মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখাচ্ছে। তবে সেজন্য তাকে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি আসন্ন বিশ্বকাপেও বড় ভূমিকা রাখতে হবে।

তালিকায় চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার বিষ্ময় বালক লামিনে ইয়ামাল। ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হওয়ার আগে ৪২টি গোলে অবদান রেখে তিনি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন। পঞ্চম স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।

ক্লাবের হয়ে ট্রফি জেতার সম্ভাবনা কম থাকলেও ৪৭টি গোল অবদান এবং বিশ্বকাপে ফ্রান্সের অধিনায়কত্ব তাকে এখনো লড়াইয়ে টিকিয়ে রেখেছে। যেহেতু এটি বিশ্বকাপের বছর, তাই জাতীয় দলের সাফল্যই শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের আসল মালিক নির্ধারণ করবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

/আশিক


৪৮ দলের মেগা বিশ্বকাপ: সব ম্যাচ দেখার বিনিময়ে লাখপতি হওয়ার সুযোগ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ২১:৫১:৪১
৪৮ দলের মেগা বিশ্বকাপ: সব ম্যাচ দেখার বিনিময়ে লাখপতি হওয়ার সুযোগ
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই পকেটের ওপর বড় চাপ—ভ্রমণ থেকে শুরু করে টিকিট, সব খরচ মেলাতে হিমশিম খেতে হয় ভক্তদের। কিন্তু এবারের ২০২৬ বিশ্বকাপে উল্টো চিত্র দেখছে বিশ্ব। ফুটবল দেখার বিনিময়েই পকেট ভারী করার সুযোগ নিয়ে এসেছে সম্প্রচারকারী সংস্থা ‘ফক্স স্পোর্টস’ এবং জনপ্রিয় জব প্ল্যাটফর্ম ‘ইনডিড’। ‘ফক্স ওয়ান চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামের এই বিশেষ পদের জন্য নিয়োগ পাওয়া ব্যক্তি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাজ হবে অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর। তাকে নিউইয়র্কের টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি স্বচ্ছ ‘গ্লাস কিউবে’ (কাঁচের ঘর) বসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে হবে। মোট ৩৯ দিনে ১০৪টি ম্যাচের প্রতি মিনিটের সাক্ষী হতে হবে তাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লাইভ কন্টেন্ট শেয়ার করে টাইমস স্কয়ার দিয়ে যাওয়া হাজার হাজার পর্যটক ও পথচারীদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়াই হবে তার প্রধান দায়িত্ব। প্রতিষ্ঠান দুটি এটিকে ‘জীবনের সেরা চাকরি’ হিসেবে অভিহিত করেছে।

আগ্রহীরা ‘ইনডিড’ প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৬ জুন নিউইয়র্ক ইয়াঙ্কিস বনাম বোস্টন রেড সক্সের মধ্যকার একটি বেসবল ম্যাচ চলাকালীন। বিজয়ী ব্যক্তির এই ‘ডিউটি’ শুরু হবে ৬ জুন থেকে এবং চলবে ২৬ জুলাই পর্যন্ত। আগামী ১১ জুন থেকে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠবে ইতিহাসের বৃহত্তম এই ফিফা বিশ্বকাপের।

/আশিক


ফুটবল-ক্রিকেটে জমজমাট আজকের ক্রীড়ারাত, জানুন সূচী

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ০৯:২০:৫০
ফুটবল-ক্রিকেটে জমজমাট আজকের ক্রীড়ারাত, জানুন সূচী
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পাওয়ায় কিছুটা এগিয়ে রয়েছে প্যারিস সেন্ট জার্মেই, তবে নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বায়ার্ন।

মিউনিখের এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলবিশ্বে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কারণ মাত্র এক গোলের ব্যবধান দুই দলকেই সমানভাবে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্যারিস সেন্ট জার্মেইর তারকাবহুল আক্রমণভাগ প্রথম লেগে দুর্দান্ত পারফর্ম করলেও বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে ভিন্ন রূপে হাজির হতে চায়। বিশেষ করে দ্রুত গোল করে ম্যাচে সমতা ফেরানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে জার্মান দলটি।

ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচটির অন্যতম আকর্ষণ হবে দুই দলের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং আক্রমণভিত্তিক কৌশল। প্রথম লেগে গোলবন্যা হওয়ার পর দ্বিতীয় লেগেও দর্শকরা একই ধরনের রোমাঞ্চ আশা করছেন।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। খেলা সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।

অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে জমজমাট লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস।

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতায় আক্রমণাত্মক ক্রিকেট দেখার প্রত্যাশা করছেন সমর্থকেরা।

হায়দরাবাদ ও পাঞ্জাবের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

সব মিলিয়ে আজকের রাতটি ক্রীড়াপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ। একদিকে ইউরোপীয় ফুটবলের স্নায়ুচাপের সেমিফাইনাল, অন্যদিকে আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াই, দুই মিলে টিভি পর্দায় অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা এক ক্রীড়ারাত।

-রাফসান


সতীর্থকে চড় মারার অভিযোগ: নতুন বিতর্কে নেইমার জুনিয়র

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১১:৫৩:৪০
সতীর্থকে চড় মারার অভিযোগ: নতুন বিতর্কে নেইমার জুনিয়র
ছবি : সংগৃহীত

মাঠের খেলার চেয়েও বর্তমানে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নিজের পুরনো ক্লাব সান্তোসের অনুশীলনের সময় এক তরুণ সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ফুটবলারের নাম রবিনহো জুনিয়র, যিনি নেইমারের সাবেক সতীর্থ ও ব্রাজিলের এক সময়ের তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে।

ইএসপিএন-এর বরাতে জানা গেছে, গত রোববার সান্তোসের অনুশীলন চলাকালীন এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। অনুশীলনের এক পর্যায়ে রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে এগিয়ে যান। এতেই মেজাজ হারিয়ে ফেলেন নেইমার এবং তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নেইমার প্রথমে রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যা পরবর্তীতে উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে দলের অন্য সতীর্থরা এসে দুজনকে শান্ত করেন। তবে এই ঘটনায় রবিনহো জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানা গেছে।

গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে ঘটনার আরও বিস্তারিত তথ্য উঠে এসেছে। রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ, সজোরে ধাক্কা মারা এবং থাপ্পড় দেওয়া। এই ঘটনার পর ক্লাবের ভেতর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এমনকি বর্তমান পরিস্থিতির কারণে সান্তোসের সঙ্গে নিজের চুক্তি বাতিলের বিষয়েও তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনা করছেন।

সান্তোস ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এক খেলোয়াড় কর্তৃক অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগটি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পরিচালনা পর্ষদের নির্দেশে ক্লাবের আইন বিভাগ ইতোমধ্যে ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ক্লাবটি।

অন্যদিকে, এই বিতর্ক নিয়ে নেইমার নিজে সরাসরি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছিলেন। এমনকি রবিনহো জুনিয়রের পরিবারের কাছে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, রবিনহো জুনিয়র চলতি মৌসুমে সান্তোসের হয়ে মোট আটটি ম্যাচ খেলেছেন এবং ক্লাবের উদীয়মান প্রতিভা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। মাঠের ভেতরে নেইমারের দক্ষতা নিয়ে সংশয় না থাকলেও, তার এমন আচরণ ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

/আশিক


চেলসি ম্যাচসহ আজ টিভিতে যত খেলা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ০৮:১৬:২২
চেলসি ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ থেকে মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ক্রিকেটপ্রেমীরা পাচ্ছেন একসঙ্গে ছয়টি ম্যাচের উত্তেজনা। একই সঙ্গে ইউরোপিয়ান ফুটবলেও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে আজ থাকছে জমজমাট এক দিন।

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড মুখোমুখি হবে লেপার্ডস ক্লাবের। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী।

একই সময়ে মাঠে নামছে আরেক জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দলগুলোর ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এছাড়া গুলশান ক্রিকেট ক্লাব খেলবে বসুন্ধরা ক্রিকেট দলের বিপক্ষে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।

অন্যদিকে ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে দারুণ উত্তেজনা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

রাতের সবচেয়ে আলোচিত ম্যাচে এভারটনের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ পেপ গার্দিওলার দলের জন্য। ম্যাচটি শুরু হবে রাত ১টায় এবং সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

স্প্যানিশ লা লিগাতেও রয়েছে গুরুত্বপূর্ণ লড়াই। সেভিয়া মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করতে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।

-রাফসান


বিসিসিআই-এর সাথে ইগো দেখাতে গিয়ে আইসিসির সাথে যুদ্ধ বাঁধাল বিসিবি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ২২:০৫:৩০
বিসিসিআই-এর সাথে ইগো দেখাতে গিয়ে আইসিসির সাথে যুদ্ধ বাঁধাল বিসিবি
ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে ক্রিকেটপাড়ায় বিতর্ক থামছেই না। এই সিদ্ধান্তকে আবারও ‘ব্লান্ডার’ বা বড় ভুল হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মতে, তৎকালীন সরকার ও বিসিবির নীতিনির্ধারকরা বিসিসিআই-এর সঙ্গে ব্যক্তিগত সমস্যার জেরে আইসিসির সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন, যার মাশুল দিতে হয়েছে পুরো দেশকে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে জোর করে ফিরিয়ে আনা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে সাকিব বলেন, বিসিসিআই বা কেকেআর মোস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। নিজের উদাহরণ টেনে সাকিব বলেন, “আমার ক্ষেত্রেও এমন হয়েছে যে সিরিজের কারণে খেলতে পারব না, তখন ওরাই যোগাযোগ করেছে।

পারস্পরিক সমঝোতায় আমি সরে দাঁড়িয়েছি। মোস্তাফিজের ক্ষেত্রেও তারা সুন্দরভাবে সমাধান করতে পারত।” তিনি আরও যোগ করেন, দুই বোর্ড চাইলে আলোচনার মাধ্যমে মোস্তাফিজ ইস্যুতে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারত।

সাকিব আল হাসান সরাসরি অভিযোগ তুলেছেন যে, তৎকালীন সরকার মানুষের দেশপ্রেম ও আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, “সমস্যা লেগেছে বিসিসিআই-এর সঙ্গে, আর আমি যুদ্ধ লাগিয়ে দিলাম আইসিসির সঙ্গে—এটা তো কাজের কথা হলো না। এখানে পলিটিক্যাল গেম খেলা হয়েছে। মানুষের আবেগকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে ওই সময়ের সরকার ও দায়িত্বপ্রাপ্তরা।” সাকিবের এই মন্তব্য বিসিবির তৎকালীন নেতৃত্বের অদূরদর্শিতা ও রাজনৈতিক হস্তক্ষেপকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

/আশিক


ক্রিকেটে ঠাসা সূচি; বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ও আইপিএলের উত্তাপ আজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ১০:৪৩:৩৫
ক্রিকেটে ঠাসা সূচি; বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ও আইপিএলের উত্তাপ আজ
ছবি : সংগৃহীত

আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। বর্তমানে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় আজকের ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে শান্ত-সাকিবরা নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়তে লড়বেন।

পাশাপাশি জ্যোতিদের নেতৃত্বে বাংলাদেশ নারী দলও শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে দুপুর দেড়টায়। ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে আজ রাতে থাকছে টুর্নামেন্টের সবচেয়ে বড় রাইভালি লড়াই—চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া ইউরোপীয় ফুটবলে আর্সেনাল, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট দলগুলো আজ মাঠে নামছে।

ক্রিকেট

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (৩য় ও শেষ টি-টোয়েন্টি)সময়: দুপুর ২টাসরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি

বাংলাদেশ নারী দল বনাম শ্রীলঙ্কা নারী দল (৩য় টি-টোয়েন্টি)সময়: দুপুর ১টা ৩০ মিনিটসরাসরি: ইউটিউব/টি স্পোর্টস

আইপিএল: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সসময়: রাত ৮টাসরাসরি: স্টার স্পোর্টস-১ ও টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনাল বনাম ফুলহামসময়: রাত ১০টা ৩০ মিনিটসরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১

লা লিগা: ওসাসুনা বনাম বার্সেলোনাসময়: রাত ১টাসরাসরি: বিগিন অ্যাপ

বুন্দেসলিগা: বায়ার্ন মিউনিখ বনাম হাইডেনহাইমসময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটসরাসরি: সনি স্পোর্টস ২

/আশিক

পাঠকের মতামত: