উপকূলীয় অঞ্চলসহ দেশের ৮ বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৯ ১৯:৪৬:১১
উপকূলীয় অঞ্চলসহ দেশের ৮ বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
ছবি : সংগৃহীত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণ ও বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর একটি অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরদিন শুক্রবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার ও রবিবার একই ধারাবাহিকতায় দেশের উত্তর ও পূর্বাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে উপকূলীয় এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য বিভাগেও ক্ষণস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ পাত হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কিংবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনের বর্ধিত সতর্কবার্তায় বৃষ্টিপাতের এই প্রবণতা সারাদেশে জারি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/আশিক


কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১২ ২১:০৪:১৯
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।

এ সময় জাকিরসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি সফল করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে যেকোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগ: সাতক্ষীরা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কর দাবি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১০ ১৯:৪০:২০
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কর দাবি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা
ছবি : সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এনবিআরের কর দাবির বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের প্রেক্ষিতে পূর্বে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

রায়ের বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর জানান, এনবিআরের ৬৬৬ কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় রাজস্ব বোর্ডের কর দাবিটিই আইনগতভাবে বহাল থাকল। তিনি আরও জানান, এই আদেশের বিরুদ্ধে তাঁরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মক্কেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আইনজীবী সূত্রে জানা গেছে, দাবি অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে এ বিপুল পরিমাণ কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ বা কীভাবে ওই অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে, তা আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/আশিক


কালীগঞ্জে কুশুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৯ ২০:৫৮:৪৭
কালীগঞ্জে কুশুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুশুলিয়া ইউনিয়নের জিরনগাছা মোড়সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।গণসংযোগকালে ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনৈতিক পথচলার মূল শক্তি। কুশুলিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আলী, কুশুলিয়া ইউনিয়ন জাসাসের আহ্বায়ক আব্দুল গফুর, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।


কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৯ ২০:৫৩:১৬
কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি : মোঃ মাসুদ রানা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার বেলা একটা ১০ মিনিটে রাজধানীর ডিওএইচএসের নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামে বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয় আছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের ব্যক্তিগত সহকারী রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।মন্ত্রীর আত্মীয় মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, আগামীকাল বুধবার বেলা দুইটায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথমে জানাজার সময়সূচি বেলা দুইটায় মন্ত্রীর গ্রামের বাড়ি পরানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই এলাকায় যানবাহনের জট ও জনজট হবে এই আশঙ্কায় স্থান পরিবর্তন করা হয়। বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমেনা বেগম ছিলেন একজন স্নেহময়ী মা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।’

এক শোকবার্তায় কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে।

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা গভীর শোকাহত। মন্ত্রী মহোদয়ের মা ছিলেন একজন আদর্শ মা। তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি, কুমিল্লা মডার্ন হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।


ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ: কারাগারে এনসিপি নেত্রী সাদিয়া

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৯:১২:৫২
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ: কারাগারে এনসিপি নেত্রী সাদিয়া
সাদিয়া ইসলামকে নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ছবি : কালবেলা

নেত্রকোনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য পাওয়ার ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাঁকে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. শাহ্ পরাণ জামিন শুনানির অনুপস্থিতিতে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। শুনানিকালে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন জানাননি। কারাগারে যাওয়া ২২ বছর বয়সী সাদিয়া ইসলাম নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে; তিনি পরিবারের সঙ্গে শহরের কুড়পাড় এলাকায় বসবাস করতেন।

এর আগে মঙ্গলবার বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকায় নতুন করে অর্থ আদায়ের উদ্দেশ্যে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে বলাইগুয়া এলাকার সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে ওই রাতেই নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত প্রতারণা মামলা দায়ের করেন। মামলার এজাহার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সরকারি সহায়তার ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে খাদ্যসামগ্রী প্রাপ্তির প্রলোভন দেখিয়ে সাদিয়া কুড়পাড়ের প্রিয়া আক্তার, সুমি আক্তার ও ইতি আক্তারসহ অন্তত পাঁচজন গ্রাহকের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করেন। মঙ্গলবার বিকেলে আরও অর্থের জন্য এলাকায় হাজির হলে ভুক্তভোগী নারীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে অবরুদ্ধ করেন।

মামলার বাদী প্রিয়া আক্তার স্পষ্ট অভিযোগ করেন যে, ফ্যামিলি কার্ড নিশ্চিত করার মিথ্যা নিশ্চয়তা দিয়ে তাঁর কাছ থেকে নগদ অর্থ নেওয়া হয়েছিল এবং একই প্রক্রিয়ায় অন্যদের কাছ থেকেও টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সামনে আসার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু জানান, সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনার সূত্রপাতই হয়নি, ফলে এমন প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করা সুস্পষ্ট অপরাধ এবং প্রতারক চক্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া প্রয়োজন।

অন্যদিকে জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বিষয়টিকে রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা হিসেবে উল্লেখ করে জানান যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে; তবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী কোনো প্রমাণ মিললে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাদিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং সেই প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়েই তাঁকে আদালতে উপস্থাপন করা হয়েছিল।

/আশিক


রাজধানীতে টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কাল: কোন কোন এলাকা বন্ধ?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৮:৪৪:৫৯
রাজধানীতে টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কাল: কোন কোন এলাকা বন্ধ?
ছবি : সংগৃহীত

পাইপলাইন স্থানান্তর ও বিশেষ ভাল্‌ভ প্রতিস্থাপনের জরুরি কারিগরি কাজের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ নয়টি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ এবং তালতলা মার্কেটসহ সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই নির্ধারিত আট ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোর আবাসিক গৃহস্থালি সংযোগ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান—উভয় শ্রেণির গ্রাহকদের জন্যই সরবরাহ সম্পূর্ণ স্থগিত থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিস্তারিত ব্যাখ্যায় উল্লেখ করেছে, শাহজাহানপুর রেলক্রসিং সংলগ্ন রেললাইনের উভয় পাশে গুরুত্বপূর্ণ গ্যাস নিয়ন্ত্রণকারী ভাল্‌ভ স্থাপন করা হবে। একই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের স্বার্থে গ্যাস বিতরণ পাইপলাইন স্থানান্তরের চূড়ান্ত টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এসব অতিজরুরি উন্নয়ন ও সংরক্ষণ কাজের কারণেই সাময়িকভাবে গ্যাস প্রবাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব এলাকায় পুরোপুরি সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর আশপাশের পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলেও পাইপলাইনে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে বিতরণকারী সংস্থাটি। সাময়িক এই উন্নয়নকাজে সম্মানিত গ্রাহকদের ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ সমাপ্ত করার আশ্বস্ত করেছে তিতাস কর্তৃপক্ষ।

/আশিক


শরতের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল: নামছে আগাম শীত, বাড়ছে নিউমোনিয়া

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৯:১৯:১৯
শরতের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল: নামছে আগাম শীত, বাড়ছে নিউমোনিয়া
ছবি : সংগৃহীত

শরতের সূচনাতেই ভোরের ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করেছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জনপদ। দৃষ্টিসীমা কমে আসায় ভোরবেলায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে দিনের প্রখর রোদ ও ভোরের আর্দ্র ঠান্ডার কারণে তাপমাত্রার দ্রুত ওঠানামায় শিশুদের মাঝে সর্দি, জ্বর ও ঠান্ডাজনিত নানা রোগের বিস্তার ঘটছে। গত এক সপ্তাহ ধরে ঋতুর এই নাটকীয় রূপবদল উত্তরাঞ্চলে আগাম শীতের আগমনী বার্তা স্পষ্ট করে তুলছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পঞ্চগড় জেলার গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো সবই ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক হাত দূরের বস্তুও স্পষ্টভাবে নজরে আসছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বৃদ্ধি পেলে কুয়াশার চাদর সরে গিয়ে পরিবেশ স্বাভাবিক রূপ নেয়।

গঙ্গাচড়ার চর ইসলির কৃষক আমজাদ হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে প্রত্যুষের ঘন কুয়াশার কারণে তিনি কাকডাকা ভোরে জমিতে কৃষিকাজ করতে যেতে দ্বিধাবোধ করছেন। একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরে লালমনিরহাটের চর রাজপুরের গৃহবধূ রাবেয়া খাতুন বলেন, একদিকে দিনের বেলা তীব্র গরম এবং অন্যদিকে শেষরাতে অস্বাভাবিক কুয়াশার কারণে তাঁদের পরিবারের প্রায় প্রতিটি সদস্যই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন দেখতে পান। কয়েক গজ দূরের দৃশ্যপটও পুরোপুরি অস্পষ্ট ছিল। সেপ্টেম্বর মাসে এমন পৌষের মতো ঘন কুয়াশার উপস্থিতি এর আগে তিনি সচরাচর দেখেননি।

কুয়াশার কারণে ভোরে যান চলাচলেও নেমে এসেছে ধীরগতি। জেলা শহরের অটোরিকশাচালক আজিজুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে সড়কে নামার পর হেডলাইট জ্বালিয়েও পথ দেখতে বেগ পেতে হচ্ছিল, যার ফলে অত্যন্ত সতর্কভাবে ধীরগতিতে বাহন চালাতে হয়েছে। কুড়িগ্রামের রৌমারীর চরের অটোরিকশাচালক জেলে হোসেনও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি মনে করছেন, এ বছর গরমের তীব্রতার মতো আসন্ন শীতের মাত্রাও হয়তো অতিরিক্ত রূপ নিতে পারে।

উত্তরাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি নিয়ে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভোরের তাপমাত্রা ধারাবাহিকভাবে নিম্নমুখী হতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যেই এ অঞ্চলে হালকা শীতের আমেজ শুরু হয়ে যাবে। ফলে স্থানীয়দের, বিশেষ করে রংপুর বিভাগের অধিবাসীদের ঠান্ডা মোকাবিলায় আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যার আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তিনি ব্যাখ্যা করেন, শরৎকালের শুরুর দিকে মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার তারতম্যের ফলেই প্রকৃতিতে এই পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে দীর্ঘ সময় আকাশ মেঘলা থাকার পর হঠাৎ পরিষ্কার হয়ে যাওয়াও ভোরবেলায় দ্রুত কুয়াশা সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে।

অন্যদিকে আবহাওয়ার এই দ্বিমুখী আচরণের কারণে জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. তানভীর আহমেদ জানান, আবহাওয়ার আকস্মিক রূপবদলের কারণে প্রতিদিন হাসপাতালে আশঙ্কাজনক হারে অসুস্থ শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশুরা বিশেষ করে তীব্র জ্বর এবং নিউমোনিয়ার মতো জটিল সংক্রমণে আক্রান্ত হচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় পরিবারগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের জোর তাগিদ দিয়েছেন তিনি।

/আশিক


সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

সাদ্দাম উদ্দীন রাজ
সাদ্দাম উদ্দীন রাজ
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৭ ২১:৩০:৩৪
সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার ইফরাম (২৬)। তিনি উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ এই সফরের যাত্রা শুরু করেন সজিব। বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালন করাই তাঁর লক্ষ্য।

সজিবের এ যাত্রা স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে তাঁকে শুভকামনা জানাতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ পারতাম জায়েদ। তিনি সজিবের সাহসী ও পবিত্র উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে দীর্ঘ পথের যাত্রায় তাঁর সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, সজিবের এর আগেও বাইসাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। তিনি সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন। এছাড়া এরই মধ্যে মোট ২৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

সজিবের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সাহসিকতার। তাঁরা আশা করছেন, সজিব নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাবেন এবং নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরবেন।সজিবের এই সাইকেলযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্নপূরণের উদ্যোগ নয়, বরং তরুণদের ভ্রমণ ও সাহসী উদ্যোগে উৎসাহিত করবে বলেও মনে করছেন স্থানীয়রা।


রাতে রাজধানীর আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ২১:৪৪:৪২
রাতে রাজধানীর আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সন্ধ্যা পর্যন্ত বিগত ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

/আশিক

পাঠকের মতামত: