বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ: প্রভাব পড়বে সারা দেশের আবহাওয়ায়

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ২১:৪১:১২
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ: প্রভাব পড়বে সারা দেশের আবহাওয়ায়
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (১০ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে সোমবার (১১ মে) থেকে তাপমাত্রা আবারও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ মে) থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা আরও বেড়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে উত্তরাঞ্চল ও সিলেটের তাপমাত্রা কিছুটা কমলেও দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/আশিক


৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১০ ১০:৩৯:২৪
৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি
ছবি : সংগৃহীত

দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সন্ধ্যার মধ্যে দেওয়া অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। আকস্মিক এই আবহাওয়া পরিবর্তনের ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়: দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ১১:৫৮:২০
দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়: দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি : সংগৃহীত

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। তাই নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পাশাপাশি ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

/আশিক


পাঁচদিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৮ ১০:১৬:৩২
পাঁচদিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কোথাও কোথাও দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে গরমের তীব্রতা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিক্ষিপ্ত বৃষ্টি আবহাওয়ায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

শনিবারও দেশের প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় কিছু এলাকায় দুপুরের পর কালবৈশাখী ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে।

রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন এলাকাতেও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবারের পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে সাধারণত কালবৈশাখী ঝড়ের প্রকোপ বাড়তে থাকে। বঙ্গোপসাগরে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং ভূপৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রার কারণে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে।

-রাফসান


দুপুরের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের হানা: আবহাওয়া দপ্তরের জরুরি বার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৭ ১০:৫৩:৫৪
দুপুরের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের হানা: আবহাওয়া দপ্তরের জরুরি বার্তা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অঞ্চলগুলো হলো— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

ঝড়-বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুরের মধ্যে এসব এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ০৯:৪৫:৩৭
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার দিনজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশে মেঘের উপস্থিতি থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে ভারী বৃষ্টিপাত বা বড় ধরনের আবহাওয়াজনিত পরিবর্তনের আশঙ্কা আপাতত নেই।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই বাতাসের কারণে তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ, যা নগরবাসীর জন্য অস্বস্তিকর আবহ তৈরি করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ খুবই কম, তবুও মেঘলা আবহাওয়ার কারণে দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপ কিছুটা কম অনুভূত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে বাংলাদেশে প্রাক-বর্ষাকালের আবহাওয়া সক্রিয় থাকায় এমন আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও উচ্চ আর্দ্রতার পরিস্থিতি স্বাভাবিক। এই সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত না হলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হয়।

-রাফসান


রাতেই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়: ১১ অঞ্চলে আবহাওয়া অফিসের জরুরি বার্তা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ২১:৩৩:০৬
রাতেই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়: ১১ অঞ্চলে আবহাওয়া অফিসের জরুরি বার্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (৫ মে) দেশের ১১টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। আজ রাত ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে জানানো হয়েছে যে—ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আগামীকাল বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উল্লেখ্য, বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে।

/আশিক


৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১০:৪০:৩৯
৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
ছবি : সংগৃহীত

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে আজ সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র ঝড়ের আশঙ্কায় উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের এই ছয় জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে। ছোট নৌযান ও লঞ্চগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল থাকতে পারে।

/আশিক


আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ২১:৩৮:০৮
আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা
ছবি : সংগৃহীত

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার এক ফেসবুক পোস্টে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানিয়েছেন।

তাঁর পূর্বাভাস অনুযায়ী আজ ৪ মে দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চলে এর প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগের সব জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এবং সিলেট বিভাগের সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে পাবনা, রাজশাহী এবং ময়মনসিংহ জেলার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া গবেষক বিশেষভাবে সতর্ক করেছেন যে বিকেল থেকে সন্ধ্যার সময়টি বজ্রপাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এই সময়ে খোলা জায়গা বা গাছের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি।

/আশিক


৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১২:৫৯:১৫
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

সারাদেশে যখন তীব্র গরমে কিছুটা হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই প্রকৃতির রুদ্ররূপ দেখার অপেক্ষায় রয়েছে দেশের ৭ জেলা। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে।

নদীবন্দরে সতর্কতা

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও লঞ্চগুলোকে নিরাপদ আশ্রয়ে থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই দমকা হাওয়ার কারণে আকস্মিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতা।

সারাদেশের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে বৃষ্টির সময়ে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

/আশিক

পাঠকের মতামত: