আবারও ভেঙে গেল আবু ত্বহা আদনানের সংসার: ৪ মাসেই বিচ্ছেদ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ২২:০০:১৭
আবারও ভেঙে গেল আবু ত্বহা আদনানের সংসার: ৪ মাসেই বিচ্ছেদ
ছবি : ইত্তেফাক কোলাজ।

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয় দফায় বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটল। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটে। ওই দিন আবু ত্বহা মুহাম্মদ আদনান তাকে তালাক দেন। এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম বিচ্ছেদ ঘটেছিল। তবে দুই পরিবারের মধ্যস্থতায় গত বছরের ২ ডিসেম্বর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দ্বিতীয়বারের এই সংসারও শেষ পর্যন্ত টেকেনি।

রংপুরের তরুণ এই বক্তা ২০১৭ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেতে শুরু করেন। তবে ২০২৩ সালের জুনে ঢাকা যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। আট দিন পর ফিরে আসার পর পুলিশ জানিয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে ছিলেন। বিতর্ক ও আলোচনা পিছু না ছাড়া এই বক্তার ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।

/আশিক


সীমান্তে ফের বিএসএফের গুলি: কসবায় দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ২১:৪৪:১৭
সীমান্তে ফের বিএসএফের গুলি: কসবায় দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এই মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন—কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৫৫)।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম। এ সময় কসবা থানার ওসি নাজনীন সুলতানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে ১৫ জনের একটি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। ফেরার পথে বিএসএফের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৈঠক শেষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম দুই বাংলাদেশির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

/আশিক


দাউদকান্দিতে পুলিশের সফল অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ২১:১৯:১৭
দাউদকান্দিতে পুলিশের সফল অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার
ছবি : মোঃ মাসুদ রানা

চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালানো হয়। এতে ১১ কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩০) ও রেশন খাতুন (২২) এর ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


কালিগঞ্জে ‘মব’ সৃষ্টি করে অধ্যাপিকার বাড়ি দখল ও উচ্ছেদের চেষ্টা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ২০:২৫:৩৪
কালিগঞ্জে ‘মব’ সৃষ্টি করে অধ্যাপিকার বাড়ি দখল ও উচ্ছেদের চেষ্টা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে এক কলেজ অধ্যাপিকার ক্রয়কৃত সম্পত্তিতে ‘মব’ সৃষ্টি করে দখল, ভাঙচুর ও সপরিবারে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

এ ঘটনায় জান্নাতুল বুশরা (৩৪) বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন।আদালতে দাখিলকৃত আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের কন্যা জান্নাতুল বুশরা ২০২২ সালে তার পিতার কাছ থেকে ০.০৮৭৪ একর জমি (খতিয়ান নং-২৫-৮৭৮, আর.এস-১১৬৬ দাগ) ক্রয় করেন। পরবর্তীতে সেখানে একটি দোতলা ভবন নির্মাণ করে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

অভিযোগে বলা হয়েছে, বাদীর ভাই মো. আব্দুস সবুর (শিমুল), তার স্ত্রী মহসিনা, আব্দুল খালেকসহ একটি প্রভাবশালী চক্র কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সম্পত্তিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জান্নাতুল বুশরার বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির সীমানায় প্রবেশ করে বাগানের গাছপালা কেটে ফেলে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ওয়াশরুমের তালা ও ঘরের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে বাড়িটি দখলে নেয়।এক হৃদয়বিদারক অভিযোগে জান্নাতুল বুশরা জানান, গত ৩ এপ্রিল তার পিতা মারা গেলেও তাকে বাবার শেষ মুখটুকু পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। তিনি পিরোজপুর জেলার ঘোষকাটি কলেজে অধ্যাপনা করার সুবাদে কর্মস্থলে অবস্থান করায় সেই সুযোগে পরিকল্পিতভাবে এই দখলবাজি চালানো হয়েছে বলে দাবি করেন।

বর্তমানে তিনি ও তার পরিবার প্রাণভয়ে নিজ ঘরের ভেতর কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।অভিযোগ রয়েছে, অভিযুক্ত শেখ ফিরোজ আহম্মেদ প্রকাশ্যে বলেন, “এখানে কোনো সরকারি আইন নেই। আমি যা বলব তাই হবে। তোমাদের সব কাগজপত্র ভুয়া।” এছাড়া হামলার ভিডিও ধারণ করতে গেলে ভিডিওকারীকে গলায় পা দিয়ে জিহ্বা টেনে বের করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।মামলার সাক্ষী রেহানা পারভীন ও মাকছুরা পারভীন সাংবাদিকদের জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে এই দখলবাজি চালানো হয়েছে।

ভুক্তভোগী জান্নাতুল বুশরা অভিযোগ করে বলেন, থানা পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, “আমার ক্রয়কৃত ও দখলীয় ঘরে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন কোন আইনে আসামিদের থাকার অনুমতি দিলেন? ২৫ এপ্রিল জমির কাগজপত্র দেখার কথা বললেও তা না দেখে দখলবাজদের আমার ঘরে উঠতে দেওয়া হলো কীভাবে?”এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, “বিষয়টি আমার জানা আছে।

এসআই জাকির হোসেন তদন্ত করছেন।আগামী ২৫ এপ্রিল উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। এদিকে থানার সালিশ বৈঠকে উপস্থিত কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, “মব সৃষ্টি করে এ ধরনের দখলদারিত্ব সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

বর্তমানে শ্রীকলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ না করলে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ন্যায়বিচারের আশায় এখন দিন গুনছে ভুক্তভোগী পরিবারটি।

ট্যাগ: সাতক্ষীরা

দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্কসংকেত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ১৯:২৬:০৮
দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৯ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত ১টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।

এছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

/আশিক


চট্টগ্রামে সফল দুই রত্নগর্ভা মাকে সম্মাননা জানাল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ১৭:২৮:১৭
চট্টগ্রামে সফল দুই রত্নগর্ভা মাকে সম্মাননা জানাল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন
ছবি : শ‌হিদুল ইসলাম

সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে ৮ মে, শুক্রবার, বিকাল ৪ টায় নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে বৈশাখী আড্ডা ও বিশ্ব মা দিবস উপলক্ষে *সফল রত্নগর্ভা মা সম্মাননা* অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। সংগঠনের আয়োজনে এবারের সফল মা হিসেবে ‘রত্নাগর্ভা মা সম্মাননা’ পেলেন চট্টগ্রামের গর্বিত দু’জন সফল মা বীণাপাণি বড়ুয়া ও মমতাজ বেগম।

অনুষ্ঠান সফল করার ল‌ক্ষ্যে সিলেট থে‌কে দিক নির্দেশনা প্রদান ক‌রেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.এ সবুরের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক ও সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য একরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী, সৈয়দ মোস্তফা আলম মাসুম।

অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বলেন, মা দিবসের দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য ও পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা বলেন, একটি আদর্শিক পরিবার গড়ে উঠে মা-বাবা উভয়ের পরিশ্রমের ফলেই। বাবার যেমন অবদান রয়েছে, তেমনি মায়েরও অবদান রয়েছে। অনেকক্ষেত্রে অনেকভাবে আমরা মা-বাবার অবদানকে আলাদা করে ফেলি, একটি পরিবারের গড়ে উঠার পেছনে উভয়ের অবদানই অনস্বীকার্য।তিনি আরো বলেন, সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই। তাই একটি সফল মাকে সম্মাননা জানানো মানে, একটা জাতির নিজেকেই সম্মান জানানো।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়ায় পশ্চিমা বৃদ্ধাশ্রম-কালচার এদেশেও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের মোটেও কাম্য নয়। আমরা চাই, আমাদের পারিবারিক বন্ধনগুলো আগের মতো দৃঢ় হয়ে উঠুক; মা যেমন ছেলেমেয়েদের আগলে রাখে, বৃদ্ধ মা-বাবাকেও যেন সন্তানরা একই ভালোবাসা নিয়ে আগলে রাখে।

এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোটারিয়ান এস এম আজিজ, সহসাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নিজামী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য আবু হানিফ জনি, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়ন সাজেদা বেগম, নজিব চৌধুরী, আসিফ ইকবাল প্রমুখ।

আলোচনা সভা শেষে রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত সফল মাদের হাতে প্রধান অতিথি হাসিনা জাকারিয়া বেলা ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


কুমেক হাসপাতালে হাম রোগীর উপচে পড়া ভিড়

মাসুদ রানা
মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ১৫:০৯:৪৪
কুমেক হাসপাতালে হাম রোগীর উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু শিশু নয়, এখন বয়স্কদের মাঝেও এই সংক্রমণের উপসর্গ দেখা দিচ্ছে। ফলে হাসপাতালজুড়ে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ ও উদ্বেগের পরিবেশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়তি রোগীর চাপ সামাল দিতে শিশুদের জন্য আলাদা ভবনে বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। তবে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, ৩০ শয্যার ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছে প্রায় তিনগুণ বেশি রোগী।

কুমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসোলেশন ইউনিটের বেড পূর্ণ হয়ে যাওয়ায় অনেক রোগীকে করিডর, সিঁড়িঘর এমনকি লিফটের পাশেও রাখা হয়েছে। এতে চিকিৎসা পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইউনিটটিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি। হাসপাতালের একমাত্র অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনটি বিকল হয়ে আছে। অন্যদিকে নেই পর্যাপ্ত সাকশন মেশিনও। ফলে শ্বাসকষ্টে ভোগা শিশু রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরঞ্জাম না থাকায় অনেকেই নিজস্ব অর্থে বাইরে থেকে অক্সিজেন মেশিন কিনে আনতে বাধ্য হচ্ছেন। কিন্তু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে।

আইসোলেশন ইউনিটের ইনচার্জ নার্স মাকসুদা আক্তার জানিয়েছেন, প্রতিদিন নতুন রোগী আসছে। সীমিত শয্যা ও যন্ত্রপাতি নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসাকর্মীদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সাকশন মেশিনের অভাব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম না পেলে সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ চিকিৎসা নিচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

কুমেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মঞ্জুর আহমেদ জানিয়েছেন, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সীমিত সম্পদ নিয়েই চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া শিশুদের মধ্যে এর ঝুঁকি সবচেয়ে বেশি। তবে রোগ প্রতিরোধক্ষমতা কম থাকলে বয়স্কদের মধ্যেও সংক্রমণ দেখা দিতে পারে।


আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৯ ১২:২৬:৪৫
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

নাটোরে নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণকাজের জন্য আজ শনিবার (৯ মে) বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই তথ্য নিশ্চিত করেছে। বনপাড়া গ্রিড উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে এই শাটডাউন কার্যকর হচ্ছে। এর ফলে বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের গতির ওপর ভিত্তি করে এই সময়সীমা কিছুটা কম বা বেশি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক


ছুটির দিনে বন্ধ রাজধানীর যেসব মার্কেট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৮ ১০:৪৭:১৭
ছুটির দিনে বন্ধ রাজধানীর যেসব মার্কেট
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে অনেকেই রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং এলাকায় ঘুরতে কিংবা কেনাকাটা করতে বের হন। তবে পরিকল্পনা করার আগে জেনে নেওয়া জরুরি আজ শুক্রবার (৮ মে) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। অন্যথায় গন্তব্যে গিয়ে বন্ধ দোকান দেখে পড়তে হতে পারে অপ্রত্যাশিত বিড়ম্বনায়।

রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আজ সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে। বিশেষ করে পাইকারি ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রগুলোতে বেচাকেনা কার্যক্রম সীমিত থাকবে বলে জানা গেছে।

আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা সংলগ্ন এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশ।

এসব এলাকার অনেক দোকান, পাইকারি বাজার ও পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবারে সাপ্তাহিক ছুটি পালন করে থাকে। ফলে সাধারণ ক্রেতা ছাড়াও ব্যবসায়ীদেরও আগেভাগে পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে রাজধানীর বেশ কয়েকটি পরিচিত মার্কেট ও পাইকারি বাণিজ্যকেন্দ্রও আজ পুরোপুরি বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট এবং দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট।

এছাড়া কাপড় ও পাইকারি ব্যবসার জন্য পরিচিত ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে।

-রফিক


আজ রাজধানী ও জেলায় যেসব বড় কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৮ ১০:৩৫:৪৪
আজ রাজধানী ও জেলায় যেসব বড় কর্মসূচি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে আজ বিভিন্ন সরকারি, রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রশাসক এবং রাজনৈতিক নেতারা। রাজধানী ঢাকা থেকে শুরু করে নওগাঁ, কুষ্টিয়া ও অন্যান্য জেলায় অনুষ্ঠিত হবে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন।

বৃহস্পতিবার (৭ মে) দিনের শুরু থেকেই বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি ঘিরে সরগরম থাকবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল।

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬৫তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজকরা জানিয়েছেন, রবীন্দ্রচর্চা ও বাংলা সংস্কৃতির বিকাশে এ আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।

অন্যদিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শিলাইদহেও বিকেল ৩টায় শুরু হবে ১৬৫তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলা। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিকমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শাপলা চত্বর শহীদ স্মরণসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্মরণসভা বিশেষ তাৎপর্য বহন করছে।

এদিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯টায় বিচার বিভাগীয় ২০তম অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিচার বিভাগের নতুন কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।

শিক্ষা খাতেও রয়েছে গুরুত্বপূর্ণ আয়োজন। রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এশিয়ান ইউনিভার্সিটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নিয়ে সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

এছাড়া সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। নগর ব্যবস্থাপনা, সেবা কার্যক্রম ও নাগরিক সমস্যা নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

-রাফসান

পাঠকের মতামত: