চ্যাটজিপিটি কি অপরাধ শেখায়? সাম্প্রতিক বিতর্ক ও আসল সত্য জেনে নিন

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ৩০ ১২:৩৭:১৮
চ্যাটজিপিটি কি অপরাধ শেখায়? সাম্প্রতিক বিতর্ক ও আসল সত্য জেনে নিন
ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি টুল হলেও এর ব্যবহারের ক্ষেত্রে রয়েছে কিছু অলঙ্ঘনীয় সুরক্ষা দেয়াল। বিশেষ করে অপরাধ ও সহিংসতা সংক্রান্ত যেকোনো প্রশ্নে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দিতে অস্বীকার করে।

যেসব তথ্য সরাসরি মানুষের শারীরিক বা মানসিক ক্ষতি করতে পারে, সেই ধরনের কোনো নির্দেশনা এই এআই থেকে পাওয়া সম্ভব নয়। সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিল এমন খবর আসার পর সাধারণ ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন জেগেছে যে, এআই কি তবে অপরাধেও সাহায্য করছে? বাস্তবতা হলো, চ্যাটজিপিটির প্রোগ্রামিং এমনভাবে করা হয়েছে যাতে এটি অস্ত্র তৈরি, বিষাক্ত রাসায়নিকের ব্যবহার বা আত্মহানির মতো বিপজ্জনক বিষয়ে কোনো তথ্য প্রদান না করে। বরং এমন কোনো ইনপুট পেলে এটি ব্যবহারকারীকে সতর্কতা বা পেশাদার সহায়তার পরামর্শ দেয়।

নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বা ‘প্রাইভেসি’র ক্ষেত্রেও চ্যাটজিপিটি অত্যন্ত কঠোর। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির ফোন নম্বর, ঠিকানা, ব্যাংক তথ্য কিংবা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল ডেটা শেয়ার করে না। একইভাবে ভুয়া খবর তৈরি, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো কিংবা সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে এমন কনটেন্ট তৈরিতেও এটি সহযোগিতা করে না। রাজনৈতিক ক্ষেত্রেও ভোটারদের প্রভাবিত করার কৌশল বা অপপ্রচারমূলক বার্তা তৈরির বিষয়ে চ্যাটজিপিটির ওপর বিধি-নিষেধ রয়েছে।

মূলত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এই সীমাবদ্ধতাগুলো তৈরি করা হয়েছে। তবে অনেক সময় ব্যবহারকারীরা ঘুরিয়ে প্রশ্ন করে সাধারণ তথ্য সংগ্রহ করে সেটিকে অপরাধমূলক কাজে অপব্যবহার করতে পারে। এক্ষেত্রে টুলটির চেয়ে ব্যবহারকারীর উদ্দেশ্যই বেশি দায়ী। তাই প্রযুক্তির এই যুগে এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, তেমনি পরিবার ও শিশুদের ব্যবহারের ওপরও সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

সূত্র: মিডিয়াম, চ্যাটজিপিটি পলিসি


বিক্রির কদিন না যেতেই অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোনে ফাটল!

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২৭ ১৯:৫৭:৫৯
বিক্রির কদিন না যেতেই অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোনে ফাটল!
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে বিক্রির মাত্র কয়েক দিনের মাথায় অ্যাপলের প্রথম ফোল্ডিং ডিভাইস ‘আইফোন ডুও’-এর স্ক্রিনে ফাটল দেখা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। বিষয়টি নিয়ে চারদিকে উদ্বেগ তৈরি হওয়ার পর, ডিভাইসটির অল্পসংখ্যক ইউনিটে এই ত্রুটি দেখা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে এটি বড় ধরনের কোনো কাঠামোগত ত্রুটি কি না, তা নির্ধারণের জন্য এখনো পর্যাপ্ত তথ্য হাতে নেই বলে মনে করছেন বিশিষ্ট প্রযুক্তি বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববাজারে বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং রেডিটে এই স্ক্রিন ফেটে যাওয়ার বিষয়ে ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করছেন প্রাথমিক ক্রেতারা। উল্লেখ্য, আলোচিত এই ডিভাইসটির প্রারম্ভিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন ডুয়োর ভেতরের মূল স্ক্রিনে খুব সীমিত সংখ্যক ইউনিটে এই সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে, কোনো গ্রাহক যদি স্ক্রিনসংক্রান্ত এ ধরনের কোনো সমস্যায় পড়েন, তবে দ্রুত ডিভাইসটি প্রতিস্থাপনের জন্য যেন তারা অ্যাপলকেয়ারের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগের বিষয়ে অস্ট্রেলিয়ার এক ব্যবহারকারী রেডিটে তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ফোনটি হাতে পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই এর স্ক্রিনে ফাটল দেখা দেয়। এক বন্ধুকে সেটি দেখানোর সময় ফোনটি খোলার মুহূর্তে স্ক্রিনের নিচের অংশে তিনি কিছুটা অস্বাভাবিক অনুভুতি পান। ফোনটি সম্পূর্ণ খুলতে গেলে কড়কড় শব্দ হওয়ার পাশাপাশি স্ক্রিনটি ভেঙে যায়। ওই পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ছবিতে স্ক্রিনের একপাশে সাদা আলোর অস্বাভাবিক দাগ ফুটে উঠতে দেখা যায়, যা ডিসপ্লের গুরুতর ত্রুটির স্পষ্ট ইঙ্গিত দেয়। ওই ব্যবহারকারীর দাবি অনুযায়ী, স্থানীয় অ্যাপল স্টোরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ক্ষতিগ্রস্ত ফোনটি বদলে দেওয়া হয়েছে। তবে গণমাধ্যম দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অস্ট্রেলিয়ার আরেক ব্যবহারকারীও প্রায় একই ধরনের অভিযোগ করে জানিয়েছেন যে, তার ফোনটি খোলার সময়ও প্রায় ফাটলের মতো বিকট শব্দ হয়েছিল এবং পরবর্তীতে একই ধরনের ডিসপ্লে জটিলতা দেখা দেয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কিছু ব্যবহারকারীর কাছ থেকেও এজাতীয় স্ক্রিন সংক্রান্ত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

অ্যাপলের প্রাথমিক ধারণা অনুযায়ী, যেসব ডিভাইসে এই ত্রুটি দেখা দিয়েছে, সেগুলোতে ব্যবহারের একদম শুরুর দিকেই সমস্যাগুলো প্রকাশ পাচ্ছে। তা সত্ত্বেও প্রাথমিক পর্যায়ের ক্রেতাদের সামগ্রিক প্রতিক্রিয়াকে অত্যন্ত ইতিবাচক বলেই বর্ণনা করছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণকারী জন টার্নাসের নেতৃত্বে এটিই প্রতিষ্ঠানটির অন্যতম আলোচিত ও বড় পণ্য উন্মোচন। গত সেপ্টেম্বরে টিম কুকের স্থলাভিষিক্ত হন বর্তমান প্রধান নির্বাহী টার্নাস।

খ্যাতনামা প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসির (IDC) তথ্য ও বিশ্লেষণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো মন্তব্য করেছেন যে, স্ক্রিনের এই সমস্যাটি ঠিক কতটা গুরুতর বা ব্যাপক, সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি। যেকোনো ব্র্যান্ডের নতুন কোনো ফিজিক্যাল পণ্য বাজারে আসার পর এ ধরনের টুকিটাকি ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি। ২০১৯ সালে স্যামসাংয়ের প্রথম গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার সময়ও ঠিক একই ধরনের স্ক্রিন জটিলতার কথা স্মরণ করিয়ে দিয়ে জেরোনিমো বলেন, খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করতে পারলে নতুন এই পণ্যশ্রেণির ওপর গ্রাহকদের আস্থায় বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তার মতে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য তাৎক্ষণিকভাবে ফোন প্রতিস্থাপনের ব্যবস্থা করার মাধ্যমে অ্যাপল সঠিক ও সময়োপযোগী পদক্ষেপই গ্রহণ করেছে।

অন্যদিকে, অপর শীর্ষ প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিসিএসের (CCS) প্রধান বিশ্লেষক বেন উড জানিয়েছেন যে, আইফোন ডুয়োর স্ক্রিনজনিত এই ত্রুটির বিষয়টি নিয়ে তিনি আপাতত বেশ সতর্ক অবস্থান বজায় রেখেছেন। এখন পর্যন্ত বাজারে আসা এই ডিভাইসে বড় বা ব্যাপক পরিসরে কোনো কাঠামোগত ত্রুটি ছড়িয়ে পড়ার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেছেন এই বিশেষজ্ঞ।

সূত্র : দ্য গার্ডিয়ান


হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে আসছে নতুন কড়াকড়ি

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২৭ ১৯:৪৬:০৬
হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে আসছে নতুন কড়াকড়ি
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সিম-বাইন্ডিং নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ভারতের সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের ফলে যেসব ব্যবহারকারী নিবন্ধিত সিম কার্ড ফোনে সক্রিয় না রেখে মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, তারা নানা সমস্যার মুখে পড়তে পারেন। তবে এর অর্থ এই নয় যে, নির্দিষ্ট তারিখ থেকেই সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

টাইমস অব ইন্ডিয়া এবং দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার রোধ করতেই এই উদ্যোগ নিয়েছে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি)। মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে এই নতুন নিয়ম মেনে চলার জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

সিম-বাইন্ডিং হলো মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ আরও নিবিড়ভাবে নিশ্চিত করার একটি ব্যবস্থা। প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে নিবন্ধিত মেসেজিং অ্যাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট নম্বরের সক্রিয় সিম বা ই-সিম ডিভাইসে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো ব্যবহারকারী নিবন্ধিত সিম ফোন থেকে খুলে ফেললে, নিষ্ক্রিয় করলে কিংবা পরিবর্তন করলে অ্যাপটি নম্বর যাচাই করতে গিয়ে সমস্যায় পড়তে পারে। ফলে অ্যাকাউন্ট ব্যবহারে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আসার আশঙ্কা রয়েছে। তবে এটি ঠিক কীভাবে কার্যকর হবে, তা পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর নিজস্ব বাস্তবায়ন পদ্ধতির ওপর।

নতুন এই নিয়মের কারণে মূলত চার ধরনের ব্যবহারকারী বেশি প্রভাবিত হতে পারেন

সেকেন্ডারি ফোন ব্যবহারকারী

যারা একটি ফোনে মূল সিম রেখে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করেন, তাঁদের ডিভাইসের সেটআপ নতুন করে যাচাই করতে হতে পারে।

সিম খুলে রাখা ব্যবহারকারী

অ্যাকাউন্ট সচল করার পর যারা ফোন থেকে নিবন্ধিত সিম কার্ডটি সরিয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন বা যাচাইসংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।

শুধু ওয়াই-ফাই ব্যবহারকারী

যারা সেলুলার নেটওয়ার্কের বদলে মূলত ওয়াই-ফাইয়ের মাধ্যমে মেসেজিং অ্যাপ চালান, তাঁদের নিবন্ধিত নম্বরটি সচল রাখা এবং নতুন শর্ত পূরণ করা নিশ্চিত করতে হবে।

ডুয়াল-সিম ব্যবহারকারী

ফোনে একাধিক সিম থাকলে অ্যাকাউন্টটি ঠিক কোন নম্বর দিয়ে খোলা হয়েছে, তা সঠিকভাবে যাচাই করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের নিজেদের নিবন্ধিত নম্বরটি সবসময় সচল রাখা, অ্যাকাউন্টে ব্যবহৃত নম্বর যাচাই করা এবং অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলা উচিত। একই সঙ্গে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ও অ্যাপ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাগুলোর প্রতি নজর রাখা দরকার।

উল্লেখ্য, এই নিয়মটি মূলত সিম ও মোবাইল নম্বর যাচাইসংক্রান্ত হওয়ায় পুরোনো অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে—এমন কোনো তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এছাড়া নিয়মটি যেহেতু মূলত ভারতীয় মোবাইল নম্বর ব্যবহারকারীদের জন্য প্রস্তাবিত, তাই বাংলাদেশি ব্যবহারকারীদের ওপর এর সরাসরি বা তাৎক্ষণিক কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বললেই চলে।

/আশিক


অবৈধ মোবাইল ফোন নিয়ে বিটিআরসির বড় সিদ্ধান্ত

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২২ ২০:০১:১৮
অবৈধ মোবাইল ফোন নিয়ে বিটিআরসির বড় সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

অবৈধভাবে মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান এবং অনুমোদনহীন বিক্রির মাধ্যমে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে আগামী বছরের ১ জানুয়ারি থেকে দুই ধাপে বহুল আলোচিত জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হ্যান্ডসেট বন্ধের পাশাপাশি ক্লোন হ্যান্ডসেট শনাক্তকরণ ও মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) নানামুখী জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, অবৈধ ও চোরাই মোবাইল ফোনের ব্যাপ্তি বাড়ায় সরকার প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এনইআইআরের প্রথম ধাপে অপারেটরদের নেটওয়ার্কে বর্তমানে সচল থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। একই সঙ্গে অনুমোদিত আমদানিকারক ও দেশীয় উৎপাদকদের কাছে থাকা অবিক্রিত হ্যান্ডসেটের আইএমইআই নম্বর ডাটাবেজে যুক্ত করা হবে এবং অবৈধ ও চোরাচালানের মাধ্যমে আসা হ্যান্ডসেট শনাক্ত করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ফোনের মালিকানা যাচাই, ক্লোন ফোন ও অবৈধ হ্যান্ডসেট স্থায়ীভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন বা সংযোগ বাতিলের ব্যবস্থা কার্যকর করা হবে।

সম্প্রতি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি ও মোবাইল চুরি-সংক্রান্ত অপরাধ দমনে এনইআইআর চালুর তাগিদ দেওয়া হয়। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, অনিবন্ধিত ও ক্লোন হ্যান্ডসেট সংঘবদ্ধ অপরাধ এবং আর্থিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার কাজে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বিটিআরসি পৃথক এক রূপরেখায় ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে শুধু দ্বিতীয় প্রজন্মের (২জি) নেটওয়ার্কভিত্তিক হ্যান্ডসেটের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্তও অনুমোদন করেছে।

/আশিক


ভিডিও বানিয়ে আয়ের সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২২ ১৯:০২:৪১
ভিডিও বানিয়ে আয়ের সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স
ছবি : সংগৃহীত

ভিডিও নির্মাতাদের অর্থ উপার্জনের নতুন সুযোগ করে দিতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের একটি বিশেষ ইনসেনটিভ কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। এই ব্যবস্থার অধীনে নির্ধারিত ৩০ দিনের মধ্যে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার (বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা) আয় করতে পারবেন নির্মাতারা।

এক্সের অফিশিয়াল তথ্যানুযায়ী, মানসম্পন্ন ও অরিজিনাল ভিডিও প্রকাশে ব্যবহারকারীদের উৎসাহিত করতেই নতুন এই বোনাস স্কিমটি আনা হয়েছে। সাধারণত অন্যান্য প্ল্যাটফর্মে ভিউ, ওয়াচ-টাইম বা লাইকের ওপর ভিত্তি করে মনিটাইজেশন দেওয়া হলেও এক্সের এই কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট অংকের বোনাস নিশ্চিত করা হবে। অর্থাৎ ভিডিওর ভিউসংখ্যা যাই হোক না কেন, শর্ত মানলেই আয় হবে।

তবে এই সুবিধা এখনই সবার জন্য উন্মুক্ত করা হয়নি। প্রাথমিক পর্যায়ে কেবল এক্সের থেকে সরাসরি আমন্ত্রণ পাওয়া নির্বাচিত ক্রিয়েটররাই এতে অংশ নিতে পারবেন। অংশ নিতে আগ্রহী ক্রিয়েটরদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ ট্যাবে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ভিডিও প্রকাশের ক্ষেত্রে এক্স বেশ কিছু কঠোর নীতি নির্ধারণ করেছে। বোনাস পেতে হলে নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি শর্ট-ফর্ম বা ভার্টিক্যাল (লম্বালম্বি) ভিডিও পোস্ট করতে হবে, যার দৈর্ঘ্য হতে হবে ৩ মিনিটের কম। ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ নিজস্ব ও ওয়াটারমার্কবিহীন হতে হবে। রি-পোস্ট করা বা অন্য কারও কপিরাইটযুক্ত কনটেন্ট দিলে এই বোনাসের আওতায় আসবে না। প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা নির্দিষ্টসংখ্যক অনুসারী না থাকলেও আমন্ত্রণপ্রাপ্ত যেকোনো ক্রিয়েটর এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

সূত্র: নিউজ১৮


এআই চ্যাট গোপনে রাখতে মেটার পর এবার ওপেনএআইয়ের বড় পদক্ষেপ

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২২ ১৭:৪২:৩২
এআই চ্যাট গোপনে রাখতে মেটার পর এবার ওপেনএআইয়ের বড় পদক্ষেপ
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল কথোপকথন সুরক্ষিত রাখতে ‘লকড চ্যাটস’ নামের একটি নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে। গত বুধবার (২১ অক্টোবর) নতুন এই সুবিধার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট চ্যাট গোপন পিন বা বায়োমেট্রিক সুরক্ষার মাধ্যমে অন্যদের চোখ থেকে আড়ালে রাখতে পারবেন।

নতুন এই সুরক্ষাব্যবস্থার অধীনে কোনো চ্যাট লক করা হলে তা সাধারণ চ্যাট হিস্ট্রি, পিন করা তালিকা কিংবা সার্চের ফলাফলেও দেখা যাবে না; বরং এসব গোপনীয় বার্তা স্থান পাবে ‘প্রজেক্টস’ মেনুর অধীনে থাকা ‘লকড চ্যাটস’ বিভাগে। চ্যাটজিপিটি ওয়েব ও ডেস্কটপ সংস্করণে চার অঙ্কের পিন নম্বর দিয়ে লক করা চ্যাট খোলা যাবে এবং অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মতো বায়োমেট্রিক সুবিধাও মিলবে। গুরুত্বপূর্ণ দিক হলো, লক করা চ্যাটে দেওয়া নতুন কোনো তথ্য চ্যাটজিপিটির স্থায়ী স্মৃতি বা ‘মেমোরি’তে জমা হবে না। তবে নিরাপত্তা পিন ভুলে গিয়ে রিসেট করলে লক করা সব পুরনো চ্যাট স্থায়ীভাবে মুছে যাবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ওপেনএআই স্পষ্ট করেছে যে, ‘লকড চ্যাটস’ কোনো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিকল্প নয়। এটি একই ডিভাইস ব্যবহারকারী অন্য মানুষদের হাত থেকে সাময়িক গোপনীয়তা রক্ষার অতিরিক্ত একটি মাধ্যম মাত্র। চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো, বিজনেসসহ প্রায় সব প্ল্যানের ব্যবহারকারীদের জন্যই পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হচ্ছে। তবে অস্থায়ী বা সাময়িক চ্যাট, আর্কাইভড বার্তা, গ্রুপ চ্যাট এবং শেয়ার করা লিংকের সংলাপগুলো লক করার আওতাভুক্ত থাকবে না।

/আশিক


গেমিং দুনিয়ার সবচেয়ে বড় আসর বসতে চলেছে আগামী মাসেই

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৯ ১৮:২৮:২৭
গেমিং দুনিয়ার সবচেয়ে বড় আসর বসতে চলেছে আগামী মাসেই
ছবি : সংগৃহীত

ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ও মেগা বাজেটের গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের নতুন ট্রেলার ও ঘোষণায় এই মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। গেমটির উন্নয়ন ও উৎপাদন ব্যয় সব রেকর্ড ছাড়িয়ে ১ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, যা গেমিং শিল্পে এক নতুন মাইলফলক হতে চলেছে।

এর আগে মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করতে গেমটির মুক্তির তারিখ দুই দফা পেছানো হয়েছিল। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে গেমটি খেলার জন্য উন্মুক্ত করা হবে। তবে পিিসি (PC) সংস্করণের মুক্তির তারিখ বা নিনটেনডো সুইচ ২-এ আসার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রকস্টার। যুক্তরাষ্ট্রে গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণ ৭৯.৯৯ ডলারে এবং আলটিমেট সংস্করণ ৯৯.৯৯ ডলারে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ১২ নভেম্বর থেকে গেমটি ডিজিটালভাবে প্রি-লোড বা ডাউনলোড করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

জিটিএ ৬-এর মূল আকর্ষণ হিসেবে থাকছে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্র। সিরিজের ত্রিমাত্রিক গেমগুলোর ইতিহাসে এই প্রথম কোনো নারী চরিত্র—অর্থাৎ লুসিয়াকে সরাসরি নিয়ন্ত্রণ করে মিশন সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন গেমাররা। গেমটির কাল্পনিক পটভূমি হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ‘লিওনিডা’ অঙ্গরাজ্য এবং মিয়ামি শহরের আদলে তৈরি জনপ্রিয় ‘ভাইস সিটি’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’-এর আকাশচুম্বী সাফল্যের পর, এবারের কিস্তিটি গেমিং দুনিয়ায় ঠিক কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

/আশিক


অক্টোবরের বাকি দিনগুলোতে রাতের আকাশে ওরিওনিড উল্কাবৃষ্টি ও হান্টার্স মুনের মেলা

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৮ ২০:২৪:৩১
অক্টোবরের বাকি দিনগুলোতে রাতের আকাশে ওরিওনিড উল্কাবৃষ্টি ও হান্টার্স মুনের মেলা
ছবি : সংগৃহীত

কার্তিকের শুষ্ক আবহে চলতি অক্টোবরের বাকি দিনগুলোতে বাংলাদেশের রাতের আকাশে দৃশ্যমান হতে যাচ্ছে বেশ কিছু আকর্ষণীয় ও রোমাঞ্চকর মহাজাগতিক ঘটনা। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে হ্যালির ধূমকেতুর অবশিষ্টাংশ থেকে তৈরি ‘ওরিওনিড উল্কাবৃষ্টি’, বছরের অন্যতম সুন্দর ‘হান্টার্স মুন’ বা শিকারি পূর্ণিমা এবং চাঁদ ও বিখ্যাত প্লেইয়াডিস নক্ষত্রপুঞ্জের (সেভেন সিস্টার্স) ঘনিষ্ঠ সংযোগ। জ্যোতির্বিজ্ঞানবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ও স্কাইম্যাপের তথ্যানুযায়ী, আগামী ২১ থেকে ২৮ অক্টোবরের মধ্যে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এসব চমৎকার দৃশ্য উপভোগ করার দারুণ সুযোগ পাবেন দেশের আকাশপ্রেমীরা।

আসন্ন মহাজাগতিক ইভেন্টগুলোর মধ্যে আগামী ২১ ও ২২ অক্টোবরের মধ্যবর্তী রাতে চরমে পৌঁছাবে ওরিওনিড উল্কাবৃষ্টি। আদর্শ পরিবেশে এই সময়ে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ২০টি উল্কা খসে পড়তে দেখা যেতে পারে, তবে চাঁদের উজ্জ্বল আলোর কারণে ভোরের আগের সময়টিতে উল্কা দেখার সুবর্ণ সুযোগ মিলবে। এর ঠিক পরপরই আগামী ২৬ অক্টোবর পূর্ণতা পাবে ‘হান্টার্স মুন’, যা ২৫ থেকে ২৬ অক্টোবর রাতে আকাশে পূর্ণিমার চাঁদের রূপ নিয়ে উদ্ভাসিত হবে। এছাড়া ২৭ ও ২৮ অক্টোবরের মধ্যবর্তী রাতে পূর্ব আকাশে প্লেইয়াডিস নক্ষত্রপুঞ্জের খুব কাছে অবস্থান করবে চাঁদ। পাশাপাশি শনি গ্রহসহ হেমন্তকালীন ক্যাসিওপিয়া ও পেগাসাস নক্ষত্রমণ্ডল পর্যবেক্ষণের জন্য শহরের আলোকদূষণ থেকে দূরে খোলা স্থানে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিদরা।

/আশিক


মহাকাশে সবুজ ও গোলাপি রঙের ব্যতিক্রমী শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৭ ১৮:১৮:৩২
মহাকাশে সবুজ ও গোলাপি রঙের ব্যতিক্রমী শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
ছবি : সংগৃহীত

মহাকাশে শ্বেত বামন নক্ষত্র নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের চোখে সবুজ ও স্যামন মাছের মতো গোলাপি রঙের দুটি ব্যতিক্রমী নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মার্ক হল্যান্ডসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় শ্বেত বামন নক্ষত্রের বর্ণালী ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করা হয়েছে। মূলত সূর্যের মতো নক্ষত্রের জীবনচক্রের শেষ পর্যায়ে তৈরি হওয়া অত্যন্ত ঘন এই অবশিষ্টাংশগুলোর বাইরের স্তরে সংঘটিত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়াই তাদের আলোর বর্ণালীতে এই পরিবর্তন নিয়ে আসে।

সাধারণত নক্ষত্রের রং তার তাপমাত্রার ওপর নির্ভর করলেও শ্বেত বামন নক্ষত্রের বায়ুমণ্ডলে থাকা হিলিয়ামের সঙ্গে অন্যান্য উপাদানের মিথস্ক্রিয়া রঙের ভিন্নতা তৈরি করে। গবেষণার অংশ হিসেবে পৃথিবী থেকে প্রায় ৬৫ আলোকবর্ষের মধ্যে থাকা ১৫১টি শ্বেত বামন নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ব্যতিক্রমী সবুজ রঙের নক্ষত্রটিতে ক্যালসিয়াম, সোডিয়াম ও লিথিয়ামের উপস্থিতি পাওয়া গেছে, আর গোলাপি রঙের নক্ষত্রটির এই অদ্ভুত রঙের পেছনে কার্বন অণুর উচ্চ ঘনত্বের সংযোগ রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

নক্ষত্রগুলো পৃথিবী থেকে বহুদূরে অবস্থিত হওয়ায় খালি চোখে সরাসরি তাদের দেখা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা নক্ষত্রের আলোকে তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী বিশ্লেষণ করে বর্ণালী তৈরি করেন, যা থেকে নক্ষত্রের রাসায়নিক গঠন ও সম্ভাব্য রং নির্ধারণ করা হয়। বিজ্ঞানীদের মতে, নক্ষত্রের চারপাশে থাকা কোনো গ্রহাণু বা পাথুরে মহাজাগতিক বস্তু ভেঙে তার ধুলা ও ধ্বংসাবশেষ যখন নক্ষত্রের বাইরের স্তরে জমা হয়, তখন লোহা, ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের মতো উপাদানগুলোর রাসায়নিক বিশ্লেষণ করে বহু আগে ধ্বংস হয়ে যাওয়া গ্রহের অভ্যন্তর সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও নতুন জরিপের মাধ্যমে এমন আরও অনেক শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা।

/আশিক


ভিডিওর জন্য ঘরে বসেই এআই দিয়ে ভয়েসওভার তৈরির সহজ উপায়

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ১৯:১৪:৫৭
ভিডিওর জন্য ঘরে বসেই এআই দিয়ে ভয়েসওভার তৈরির সহজ উপায়
ছবি : সংগৃহীত

ভিডিওর ভয়েসওভার তৈরি, কনটেন্টে কণ্ঠ যোগ করা কিংবা লিখিত বক্তব্যকে অডিওতে রূপান্তর করার পুরো প্রক্রিয়াটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে অত্যন্ত সহজ হয়ে গেছে। নিজের গলায় রেকর্ড করার কোনো প্রয়োজন ছাড়াই টেক্সট থেকে নিখুঁত ও স্বাভাবিক শোনার মতো কণ্ঠস্বর তৈরি করা সম্ভব। এই কাজের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে ‘ইলেভেনল্যাবস’ (ElevenLabs) অন্যতম। কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে যেকোনো লিখিত অংশকে খুব সহজেই পছন্দের অডিওতে রূপান্তর করা যায়।

প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘ElevenLabs: AI Voice Generator’ অ্যাপটি ইনস্টল করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। অ্যাপ চালু করার পর মূল ইন্টারফেসে থাকা ‘Text to Speech’ ফিচারটি নির্বাচন করতে হবে, যার সাহায্যে লিখিত অংশ কণ্ঠে রূপান্তরিত হয়। এরপর সেটিংস বা গিয়ার আইকনে ক্লিক করে মডেল অপশন থেকে উপযুক্ত এআই মডেল বা সর্বশেষ সংস্করণ বেছে নিয়ে তা সংরক্ষণ করতে হবে।

পরবর্তী ধাপে ভয়েস নির্বাচনের অপশনে গিয়ে নির্দিষ্ট কণ্ঠ খুঁজে নিতে হয়। যেমন—সার্চ বারে ‘Bunty’ লিখে খোঁজার পর ‘Bunty Punchy’ পাওয়া গেলে সেটি সিলেক্ট করে কমান্ড নিশ্চিত করতে হয়। এরপর যে লেখাটিকে অডিওতে রূপান্তর করতে চান, তা নির্ধারিত টেক্সট বক্সে লিখে বা পেস্ট করে জেনারেট বাটনে ক্লিক করতে হবে। অল্প কিছুক্ষণ অপেক্ষার পর তৈরি হওয়া অডিওটি শুনে উচ্চারণ ও স্পষ্টতা যাচাই করে নেওয়া যায়। সব ঠিকঠাক থাকলে ডাউনলোড আইকনে ক্লিক করে প্রয়োজনীয় ফরম্যাটে ফাইলটি ডিভাইসে সংরক্ষণ করা সম্ভব, যা পরবর্তীতে যেকোনো ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে রিলস বা অন্যান্য কনটেন্টে ব্যবহার করা যায়।

তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। অ্যাপ বা ওয়েবসাইটের বিভিন্ন সংস্করণের কারণে অপশনের নাম এবং বিন্যাসে তারতম্য থাকতে পারে। এ ছাড়া ফ্রি এবং প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহারের সময়সীমা, ডাউনলোড সুবিধা এবং মডেলের উপলব্ধতা ভিন্ন হতে পারে। তাই কাজ শুরু করার আগে অ্যাকাউন্টের নির্দিষ্ট সুযোগ-সুবিধা ও উপলভ্য মডেলগুলো যাচাই করে নেওয়া উচিত।

/আশিক

পাঠকের মতামত: