ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২৯ ১৯:৫৯:৩১
ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক
ছবি : মোঃ মাসুদ রানা

বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ২৭ হাজার গ্রাহক।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ১ হাজার ২৫টিরও বেশি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে এবং ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা। টানা দুই দিনের কালবৈশাখীতে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী জানান, “রোববারের পর আমরা সব সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনরুদ্ধারে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন চান্দিনা উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা ও বরুড়া উপজেলা এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি জানান, ভবানীপুর ও এগারোগ্রামসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহজ হয়।

এদিকে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা মেরামত কার্যক্রমে বিলম্ব ঘটাতে পারে।

কর্তৃপক্ষ বলছে, কুমিল্লার চারটি পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগবে। পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণাধীন রয়েছে।

তবে আশার কথা, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দিন-রাত কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা।

ট্যাগ: কুমিল্লা

পরিচয় দেওয়ার পরও থানায় সম্মান পাইনি, গলা চেপে ধরা হয়েছিল: নাঈম হাসান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৩ ২১:৫৭:১২
পরিচয় দেওয়ার পরও থানায় সম্মান পাইনি, গলা চেপে ধরা হয়েছিল: নাঈম হাসান
ছবি: সমকাল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তদন্তের স্বার্থে ব্যাগ তল্লাশি করার পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু কোনো প্রকার যাচাই বা তল্লাশি ছাড়াই চলন্ত গাড়ি থেকে নামিয়ে আচমকা শারীরিক হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাতের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিয়ে তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর তিনি যখন পুনরায় গাড়িতে উঠছিলেন, তখন একজন পুলিশ সদস্য ভেতরে ঢুকে সরাসরি তাঁর গলা চেপে ধরেন।

অতর্কিত এই হামলায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ তাঁর সাথে থাকা ব্যাগ বা অন্য কিছু পরীক্ষা না করেই সরাসরি থানায় নিয়ে যায় এবং সেখানে নিজের খেলোয়াড়ী পরিচয় দেওয়ার পরও কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে কোনো প্রকার সম্মানজনক আচরণ পাননি।

চট্টগ্রামের খুলশি থানায় নিয়ে যাওয়ার পর ওসির নেতিবাচক আচরণ ও পরবর্তী নাটকীয় পরিবর্তনের কথা উল্লেখ করে এই অফস্পিনার জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পরও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান অত্যন্ত উগ্র মেজাজে তাঁকে চোখ নিচে নামিয়ে কথা বলার নির্দেশ দেন। তবে এর কিছুক্ষণ পরই ওসির মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনে কথা বলা শেষ করার পরপরই ওসির আচরণে আমূল পরিবর্তন আসে এবং তিনি অত্যন্ত নরম সুরে নাঈমকে বসার অনুরোধ জানান।

রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ মানুষের তাৎক্ষণিক সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাঈম হাসান। তিনি স্পষ্ট করে বলেন, ওই সময়ে যদি স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা এগিয়ে না আসতেন, তবে পুলিশের আচরণ ও সার্বিক পরিস্থিতি আরও বেশি ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ হতে পারত। প্রায় ১০০ থেকে ১২০ জন সাধারণ মানুষ তাঁর পক্ষে অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছিলেন এবং নাঈমের অনুরোধে তাঁরা গাড়ির পেছন পেছন থানা পর্যন্ত গিয়েছিলেন বলেই পুলিশ পরবর্তীকালে অন্য কোনো অনৈতিক পদক্ষেপ নেওয়ার সুযোগ পায়নি।

সরাসরি পুলিশি হেনস্তার শিকার হওয়ার পর থেকে তীব্র মানসিক ট্রমা ও বিপর্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান এই ক্রিকেটার। শুক্রবার রাতের ঘটনার পর থেকে তিনি এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারেননি এবং বারবার একই ঘটনার বিবরণ দিতে গিয়ে মানসিকভাবে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে নিজেকে সামলে নিতে তিনি কিছুটা সময় সম্পূর্ণ একা থাকতে চান বলেও গণমাধ্যমকে অনুরোধ করেন।

ভবিষ্যতে আর কোনো সাধারণ নাগরিক যেন এমন রাষ্ট্রীয় বা আইনি হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নাঈম। দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট দলের অন্যতম নিয়মিত মুখ এবং অফস্পিনার নাঈম হাসান এখন পর্যন্ত দেশের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ৪৮টি উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করে টেস্টের এক ইনিংসে চারবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব রয়েছে এই তরুণ ক্রিকেটারের।

/আশিক


আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৩ ২১:৪১:১৭
আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী প্রজন্মকে সুন্দর এবং বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া।শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীত প্রজন্ম ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হলো, যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া।মন্ত্রী বলেন, আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক আমাদের মূল ভাবনা। আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ বছর সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বদরুল হুদা জেনু।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদেরও সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস। শুভেচ্ছা বক্তব্য দেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান এবং অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ কুমিল্লার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননার মাধ্যমে সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।


নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা  

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১৩ ২১:৩৭:৩২
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা  
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এ মামলা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২০ মে জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এ ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবে বলে সম্মতি দেন।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (১১ জুন) জিসান বিয়ে না করার টালবাহানায় নিজেই আত্মগোপনে চলে যান। এ ঘটনায় তিনি তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান। এদিকে জিসানের উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সমকালকে বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে। তাকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জের ধরে সে নিজে আত্মগোপনে ছিল। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমনে মামলাটি করা হয়। ওই নারী তার বিরুদ্ধে ভ্রূণ নষ্টসহ বেশ কিছু অভিযোগ করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে তাকে রেলওয়ে জংশন থেকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।


শুক্রবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট, দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১২ ১০:৩৪:১৮
শুক্রবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট, দেখে নিন তালিকা
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন বিপণিবিতান, পাইকারি বাজার ও খুচরা বাণিজ্যকেন্দ্রে কেনাকাটার পরিকল্পনা করেন হাজারো মানুষ। পরিবার-পরিজন নিয়ে বাজার করা, প্রয়োজনীয় পণ্য সংগ্রহ কিংবা ঈদ-পরবর্তী কেনাকাটার উদ্দেশ্যে অনেকেই ঢাকার বিভিন্ন মার্কেটমুখী হন। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগে জেনে নেওয়া জরুরি, শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও মার্কেট বন্ধ থাকবে।

নগরীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কিছু ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্রে এদিন নিয়মিত সাপ্তাহিক ছুটি পালন করা হবে। ফলে ওইসব এলাকায় দোকানপাট, পাইকারি আড়ত এবং বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি ও মার্কেট কর্তৃপক্ষের নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শুক্রবার বন্ধ থাকবে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ ও পশ্চিমাংশ, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান।

বিশেষ করে পুরান ঢাকার পাইকারি ব্যবসাকেন্দ্রগুলোতে এদিন বাণিজ্যিক কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ থাকবে। কাপড়, বৈদ্যুতিক সরঞ্জাম, হার্ডওয়্যার, নির্মাণসামগ্রী এবং বিভিন্ন পাইকারি পণ্যের জন্য পরিচিত এলাকাগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশ দোকানের শাটার নামানো থাকবে।

এছাড়া রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেটও শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি বাজার, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট এবং দয়াগঞ্জ বাজার।

একই সঙ্গে ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার এবং রাজধানী সুপার মার্কেটেও নিয়মিত ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কাপড় ও পাইকারি পণ্যের অন্যতম কেন্দ্র ইসলামপুরের দোকানপাটও শুক্রবার বন্ধ থাকবে। পাশাপাশি ছোট কাঁটারা, বড় কাঁটারা, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটেও কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না।

ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন দিনে হওয়ায় ক্রেতাদের অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। বিশেষ করে পুরান ঢাকার পাইকারি মার্কেটগুলোতে শুক্রবার ছুটি থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরাও এদিন লেনদেন করতে পারেন না।

-রাফসান


নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগ: বটতলী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১১ ২০:৩৮:৫৩
নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগ: বটতলী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়েছে।

১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ১২ টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে বিএ-১০৭৭৯ ক্যাপ্টেন মোঃ শাহেদুর রহমান এবং বিএ-১২৩০২ লেঃ মুহীব মাসরুর চৌধুরী উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর পাশাপাশি শিক্ষা ও খেলাধুলা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

এছাড়াও, তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ সৌজন্য উপহার গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


ব্র্যাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ১ হাজার হাঁসের বাচ্চা বিতরণ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১১ ২০:৩৫:১০
ব্র্যাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ১ হাজার হাঁসের বাচ্চা বিতরণ
ছবি : শিমুল হোসেন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও জীবিকায়ন সহায়তার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ব্র্যাকের নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল-২ ডিভিশনের ইটনা অঞ্চলের চৌগাংগা এরিয়ার পাঁচটি শাখার আওতায় ৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রত্যেক সদস্যকে ২০টি করে মোট ১ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাংগা এরিয়ার এলাকা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক (বিএম), হিসাব ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

হাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা দ্রুত আয় বৃদ্ধির সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হবেন।বিতরণ কার্যক্রমের পাশাপাশি উপকারভোগীদের হাঁসের সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মকর্তারা জানান, নিয়মিত পরিচর্যা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন করলে অধিক উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারগুলোর আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে।

এলাকা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, “বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা পুনর্গঠনে ব্র্যাক সবসময় পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে পুনরায় উপার্জনের মূল ধারায় ফিরে আসতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

উপকারভোগীরা ব্র্যাকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করতে এ সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


দেবিদ্বার-চান্দিনা-মুরাদনগর: হামের হটস্পট, অথচ অন্ধকারে স্বাস্থ্য বিভাগ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১১ ২০:২৯:১৩
দেবিদ্বার-চান্দিনা-মুরাদনগর: হামের হটস্পট, অথচ অন্ধকারে স্বাস্থ্য বিভাগ
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা সবচেয়ে বেশি দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়া কুমিল্লার বাসিন্দা শিশুদের মধ্যে ২০ শতাংশের বেশি এসেছে দেবিদ্বার উপজেলা থেকে। মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুনের চলতি সপ্তাহ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে কুমিল্লার বাসিন্দা ১ হাজার ২০৯ জন শিশুর মধ্যে ২৬০ জন শিশু এসেছে দেবিদ্বার উপজেলা থেকে। এরপরেই হামে আক্রান্ত বেশি শিশু সংখা রয়েছে তার পার্শ্ববর্তী উপজেলা চান্দিনায় ১৫৪ জন এবং অপর পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর ১৪০ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের প্রধান প্রফেসর মিয়া মনজুর আহমেদ জানান, 'চান্দিনা দেবিদ্বার মুরাদনগর এই অঞ্চলটিকে যদি একটি 'হটস্পট' ধরা হয়, তাহলে এই স্পট থেকেই ৪৫ শতাংশের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছে। আমরা নিজস্ব পদ্ধতিতে কুমিল্লার কোন উপজেলা থেকে কতজন হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিতে এসেছে তা বের করেছি। এর মধ্যে দেখা গেছে মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনা এই পাশাপাশি এলাকাগুলোতে আমি আক্রান্ত শিশুসংখ্যা সবচেয়ে বেশি।'প্রফেসর মিয়া মনজুর আহমেদ আরো জানান,' এসব উপজেলা থেকে আসা হামে আক্রান্ত রোগীর বয়স ছয় মাস থেকে দুই বছর।

জেলা সিভিল সার্জন কার্যালয় চাইলেই এই অঞ্চলটির প্রতি আলাদা সচেতনতামূলক কার্যক্রম ঘোষণা করতে পারে। সেখানে টিকা নেয়ার হার কেমন কিংবা টিকা না নেয়ার প্রবণতা কেমন সেই বিষয়গুলো বের করে আলাদাভাবে পদক্ষেপ নিলে হামের সংক্রমণ কমিয়ে আনা যেতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব রত কর্মকর্তারাও এখানে চাইলে ওই এলাকার নাম সংক্রমণ কমিয়ে আনতে কাজ করতে পারেন।'

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হাম আইসোলেশন ইউনিটের তথ্য মতে, চলতি বছর সংক্রমণ শুরুর পর থেকে হাসপাতালটিতে মোট ১৪৫৮ জন হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ৬ জন। অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে ১৪ জনকে। ২৪৯ জন এসেছে জেলার বাইরে অন্যান্য জেলা থেকে।

কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি হামে আক্রান্ত শিশু এসেছে দেবিদ্বার উপজেলা থেকে ২৬০ জন, চান্দিনা উপজেলা থেকে ১৫৪ জন, মুরাদনগর উপজেলা থেকে ১৪০ জন, আদর্শ সদর ১০০ জন, সদর দক্ষিণ উপজেলা ৫৩ জন, বরুড়া উপজেলা ৭৫ জন, ব্রাহ্মণ পাড়া উপজেলা ৫২ জন, নাঙ্গলকোট উপজেলায় ৮৪ জন, চৌদ্দগ্রাম উপজেলা ৩৭ জন, লালমাই উপজেলা ২৯ জন, তিতাস উপজেলা দুইজন, হোমনা উপজেলার ১৯ জন, লাকসাম উপজেলা ৬৭ জন, বুড়িচং উপজেলার ৩৬ জন,দাউদকান্দি উপজেলার ১৫ জন, মনোহরগঞ্জ উপজেলার ৮৭ জন এবং মেঘনা উপজেলার একজনও নেই। জেলার বাইরে থেকে চিকিৎসা নিতে এসেছেন ২৫৯ জন।

এই মৌসুমে মোট চোদ্দোশো আটান্ন জন শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ জন। মোট ১৭৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৬৫৭ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এরমধ্যে নিশ্চিত হাম রোগী ১১৫ জন এবং সন্দেহজনক উপসর্গ সহ হাম আক্রান্তের সংখ্যা ২২০০ জন।

এদিকে দেবিদ্বার উপজেলায় হামে আক্রান্ত শিশু সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেও জানেন না জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা কত দেবিদ্বার উপজেলায়। দেবিদ্দার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহিবুস সালাম খান, আমার উপজেলা হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে আমি তাদের তথ্য জানি। বাকি তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ দিতে পারবে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, আমাদের উপজেলায় যারা চিকিৎসা নিতে আসে আমরা তাৎক্ষণিক সর্বোচ্চ চিকিৎসা দেই। তবে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা কত তা জানা নেই।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, আমরা চেষ্টা করছি তথ্য সংগ্রহের।কুমিল্লা স্বাস্থ্য বিভাগ আলাদাভাবে কোন এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি সে নিয়ে কোন তথ্য দিতে পারেনি। জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, 'কোন কোন এলাকায় প্রাদুর্ভাব বেশি তা বের করা না হলেও, সব জায়গায় হামের সংক্রমণ সমান।'

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, দেবিদ্বার, চান্দিনা ও মুরাদনগর এই তিন উপজেলাতে কেন হামের সংক্রমণ বেশি এই বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা সিভিল সার্জন এর কাছে জানতে চাওয়া হবে। সেখানে টিকা নেওয়ার হার কিংবা টিকা থেকে ঝরে পড়ার হার কেমন সে বিষয়গুলো আমরা জানতে চাইব।


আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জানুন কোথায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১১ ০৮:৩৪:০৩
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জানুন কোথায়
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের চলমান সড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজ পরিচালিত হবে, যার কারণে নির্দিষ্ট ফিডারের আওতাভুক্ত গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগের অধীনস্থ ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্ট এলাকায় অবকাঠামোগত উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের প্রয়োজন হয়েছে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এ সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎনির্ভর কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নগরীর যোগাযোগব্যবস্থা উন্নত করতে সিটি করপোরেশন যেসব অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করছে, সেগুলোর অংশ হিসেবেই এই বিদ্যুৎ খুঁটি স্থানান্তরের কাজ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ সম্পন্ন হলে দীর্ঘমেয়াদে নগরবাসী আরও উন্নত নাগরিক সুবিধা পাবেন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ণ ও অবকাঠামোগত সম্প্রসারণের কারণে দেশের বিভিন্ন শহরে বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ লাইনের স্থানান্তর এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ ও টেকসই নগর পরিকল্পনার জন্য এসব কাজ অপরিহার্য হলেও সাময়িকভাবে জনদুর্ভোগ তৈরি হতে পারে।

এদিকে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। তবে আবহাওয়া বা কারিগরি জটিলতা দেখা দিলে কাজের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ গ্রাহকদের প্রতি ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিদ্যুৎবিহীন সময় পার করার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

নগরীর যেসব এলাকায় কুয়ারপাড় পয়েন্ট ও ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের সংযোগ রয়েছে, সেসব এলাকার গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

-রাফসান


বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায় অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ১০ ২২:০১:১০
বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায় অনুষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ বিষয়ক একটি সফল আলোচনা সভা সোমবার, ৮ জুন ২০২৬ তারিখে এডিনবরার গ্রেফ্রিয়ার্স চার্টারিস সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, উদ্যোক্তা এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাজ্যে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মহামান্য ড. এম. নজরুল ইসলাম।

তাঁর মূল বক্তব্যে ড. নজরুল ইসলাম বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব নীতি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং উৎপাদন শিল্প, প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে উদীয়মান বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন এডিনবরা, স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এবং এডিনবরার বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

অতিথিদের স্বাগত জানিয়ে ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিনিয়োগ, বাণিজ্য, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে উভয় দেশের মধ্যে নতুন সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিনিয়োগ প্রক্রিয়া, ব্যবসায়িক নীতিমালা, রপ্তানি সম্ভাবনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পান।

অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই আলোচনা সভা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

পাঠকের মতামত: