যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৯ ১৭:১৭:২৬
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানের বাসভবনেই অবস্থান করছেন এবং সেখানেই থাকতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সপরিবারে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস শুরু করেন। উল্লেখ্য, এই বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সিদ্ধান্তে খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

গত বছর বাড়িটির মালিকানাসংক্রান্ত সকল আইনি দলিল বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করার কাজ সম্পন্ন করলেও, প্রধানমন্ত্রী আপাতত তার নিজস্ব বাসভবন থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

/আশিক


অমাবস্যা পেরিয়ে প্রতিপদ শুরু: আজ চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে যা জানালো জ্যোতির্বিজ্ঞান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৯ ০৯:২২:১৭
অমাবস্যা পেরিয়ে প্রতিপদ শুরু: আজ চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে যা জানালো জ্যোতির্বিজ্ঞান
ছবি : সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞান ও ভৌগোলিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে এবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। গাণিতিক হিসাব অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

অমাবস্যা শেষে আজ সকাল ৭টা ২৭ মিনিটে প্রতিপদ শুরু হলেও সূর্যের প্রখর আলোর কারণে খালি চোখে নতুন চাঁদ দেখা অসম্ভব। সাধারণত সূর্যাস্তের পর নির্দিষ্ট উচ্চতা ও কৌণিক দূরত্ব বজায় থাকলেই কেবল চাঁদ দৃশ্যমান হয়, যা আজ ঘটা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভৌগোলিক বিশ্লেষক অধ্যাপক ড. মো. আব্দুর কাদের এবং জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০ মার্চ (শুক্রবার) থেকে চাঁদের দ্বিতীয় দিন শুরু হবে এবং ওইদিন সন্ধ্যায় দেশের আকাশ মেঘমুক্ত থাকলে স্পষ্ট চাঁদ দেখা যাবে। এর ফলে ৩০ রোজা পূর্ণ করে আগামী ২১ মার্চ শনিবার দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবে বাংলাদেশের একদিন আগে চাঁদ দেখার রীতি থাকলেও সেখানে এবার রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপিত হবে।

তুরস্ক ও সিঙ্গাপুরের মতো দেশগুলোও ইতিমধ্যে ২০ বা ২১ মার্চের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। যদিও আধুনিক প্রযুক্তিতে চাঁদের অবস্থান নির্ভুলভাবে গণনা করা সম্ভব, তবে শরীয়তে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর গুরুত্ব দেওয়ায় বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পরেই ঈদ উদযাপিত হয়ে থাকে।

/আশিক


রোদ না কি বৃষ্টি? ঈদের কেনাকাটা ও ভ্রমণের আগে জেনে নিন আবহাওয়ার খবর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৯ ০৯:১৭:২৩
রোদ না কি বৃষ্টি? ঈদের কেনাকাটা ও ভ্রমণের আগে জেনে নিন আবহাওয়ার খবর
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

ঈদের আনন্দ আয়োজনের মধ্যেই আগামী কয়েক দিন দেশের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে রোদ ও গরমের আভাস থাকলেও অন্যদিকে হঠাৎ মেঘ জমে দমকা হাওয়া, বজ্রপাত এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টিপাতে ঈদের আনন্দে বড় কোনো স্থায়ী বাধার সৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২১ মার্চ বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে এবং দেশের আট বিভাগেরই অনেক এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর ২২ মার্চ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এই পুরো সময়জুড়েই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

/আশিক


বায়তুল মোকাররমে ৫টি ও জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময়সূচি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১৯:২৬:১৫
বায়তুল মোকাররমে ৫টি ও জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময়সূচি
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীসহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই মহিমান্বিত দিনটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি ও ইমামদের তালিকা প্রকাশ করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তবে বিরূপ আবহাওয়া বা অন্য কোনো কারণে খতিব উপস্থিত হতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

অন্যদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান এবং পরবর্তী জামাতগুলোতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীসহ অভিজ্ঞ আলেমগণ দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রতিটি জামাতের জন্য আলাদা ইমাম ও মুয়াজ্জিন নির্ধারণ করা হয়েছে এবং যেকোনো জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/আশিক


ঢাকাসহ ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১৯:২০:০৫
ঢাকাসহ ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
ছবি : সংগৃহীত

বসন্তের প্রথম মাস ফাল্গুনেই দেশের প্রকৃতিতে বৈরী আবহাওয়ার তীব্র আভাস মিলছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন ঢাকাসহ সারা দেশে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টির বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেটসহ দেশের আট বিভাগেই কমবেশি দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা অনেক বেশি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, লঘুচাপের কারণে বায়ুমণ্ডলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

১৯ ও ২০ মার্চ বৃষ্টির এই তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা ২১ মার্চ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ২১ মার্চ দেশের বৃহত্তর অংশে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও বড় আকারের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও ২২ মার্চ থেকে পুনরায় তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।

এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হতে পারে, তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকাসহ সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


ছুটির দিনেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী; গুলশানের বাসভবন থেকেই সামলাচ্ছেন দপ্তর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১৬:৩৫:২৮
ছুটির দিনেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী; গুলশানের বাসভবন থেকেই সামলাচ্ছেন দপ্তর
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের সরকারি ছুটির আমেজ চললেও বিন্দুমাত্র বিরতি না নিয়ে দাপ্তরিক কাজে পুরোদমে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবন থেকেই তিনি বর্তমানে জরুরি সব সরকারি নথিপত্র পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে অগ্রাধিকার তালিকায় থাকা 'খাল খনন কর্মসূচি'র বাস্তবায়ন কতটুকু হলো এবং এর অগ্রগতি কোন পর্যায়ে আছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে মেয়র ও প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান।

উল্লেখ্য যে, এর আগে গত মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ সম্পাদন করেন। ওইদিন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ফার্মার্স কার্ড' বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করেন। ছুটির দিনেও প্রধানমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন কর্মতৎপরতা প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/আশিক


ভিসা থেকে ক্রিকেট: ভারত-বাংলাদেশ সম্পর্কের মোড় ঘোরাবে যে ৫টি সূচক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১৩:০২:০৪
ভিসা থেকে ক্রিকেট: ভারত-বাংলাদেশ সম্পর্কের মোড় ঘোরাবে যে ৫টি সূচক
ছবি : সংগৃহীত

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার প্রেক্ষিতে প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া দীর্ঘ ১৮ মাসের শীতলতা কাটিয়ে দুই দেশ এখন নতুন এক কূটনৈতিক যাত্রার দ্বারপ্রান্তে। বিবিসিতে প্রকাশিত এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনটির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো:

ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন মোড়

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দিল্লি ও ঢাকার মধ্যে যে 'এনগেজমেন্ট' কার্যত স্থগিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরঙ্কুশ বিজয়ের পর তাতে পরিবর্তনের হাওয়া লেগেছে। ১৩ ফেব্রুয়ারি ফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা এবং টেলিফোন আলাপ দুই দেশের সম্পর্ক সহজ করার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আগামী দিনগুলোতে এই সম্পর্কের গভীরতা ও গতিপ্রকৃতি পরিমাপের জন্য পাঁচটি প্রধান সূচক বা ইন্ডিকেটর আলোচনা করা হলো

ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়া

ভারতের পর্যটন খাতের একটি বড় অংশ নির্ভরশীল বাংলাদেশি নাগরিকদের ওপর। ২০২৪ সালের আগস্ট থেকে বন্ধ থাকা স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়া হবে সম্পর্কের উন্নতির প্রথম বড় লক্ষণ। ভারতীয় কূটনীতিকদের সাম্প্রতিক আশ্বাস অনুযায়ী যদি দ্রুত 'ট্যুরিস্ট ভিসা' চালু হয়, তবে বোঝা যাবে দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর

কূটনীতিতে নতুন সরকারপ্রধানের প্রথম বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারেক রহমান যদি প্রথম গন্তব্য হিসেবে দিল্লি বেছে নেন, তবে তা বিএনপির পুরনো ‘ভারত-বিরোধিতা’র তকমা মোচনের একটি বড় চেষ্টা হিসেবে গণ্য হবে। আবার তিনি যদি নরেন্দ্র মোদিকে ঢাকায় আমন্ত্রণ জানান, তবে সেটিও হবে এক বিশেষ কূটনৈতিক বার্তা।

ক্রিকেটীয় সম্পর্কের পুনর্জাগরণ

২০২৫ সালে রাজনৈতিক কারণে বাতিল হওয়া ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরটি আগামী জুনে হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া তিক্ততা কাটিয়ে বিসিসিআই যদি প্রতিশ্রুতি রক্ষা করে ভারত দলকে বাংলাদেশে পাঠায়, তবে তা দুই দেশের সম্পর্কের গ্রাফ ইতিবাচক দিকে যাওয়ার প্রমাণ দেবে।

কানেক্টিভিটি ও যোগাযোগ প্রকল্পের গতি

মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চাকা ২০২৪ সালের জুলাই থেকে থমকে আছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য 'গেমচেঞ্জার' হিসেবে পরিচিত আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের বাকি কাজ শেষ হওয়া এবং যাত্রীবাহী ট্রেন-বাস চলাচল শুরু হওয়া হবে দুই দেশের 'পিপল টু পিপল কনট্যাক্ট' বা জনযোগাযোগ বৃদ্ধির প্রধান মাধ্যম।

ফারাক্কা পানি চুক্তির নবায়ন

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। হাতে সময় মাত্র কয়েক মাস। পদ্মার পানি ভাগাভাগির এই জটিল ইস্যুটি নিয়ে রাজনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হওয়া অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়া দুই সরকারের পারস্পরিক আস্থার একটি বড় পরীক্ষা হবে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা—এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে তারেক রহমান ও নরেন্দ্র মোদি সরকার কীভাবে এগোয়, তা-ই এখন দেখার বিষয়। বরফ গলতে শুরু করলেও সম্পর্কের এই যাত্রা কতটা মসৃণ হবে, তা নির্ভর করবে উপরের এই পাঁচটি সূচকের অগ্রগতির ওপর।

/আশিক


ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১২:৩০:১৫
ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা
ছবি : সংগৃহীত

ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে বাংলাদেশিদের সড়কপথে ইরান সীমান্ত পার করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর আজারবাইজানের রাজধানী বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের সরাসরি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এই পুরো উদ্ধার প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এ ছাড়া প্রত্যাবাসন কাজে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন উর্ধ্বতন কর্মকর্তা গত মঙ্গলবার রাতেই বাকুর উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। বাকুর ট্রানজিট পয়েন্টে প্রয়োজনীয় নথিপত্র এবং ফ্লাইটের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

/আশিক


নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৮ ১২:১৪:৪৬
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ
ছবি : সংগৃহীত

নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত মঙ্গলবার (১৭ মার্চ) নিউইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্য এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার উন্মুক্ত হতে হবে, যাতে তারা নির্ভয়ে ও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা লাভ করতে পারে। তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানগুলোতে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান বিশ্বজুড়ে বিশেষভাবে লক্ষণীয়।

ড. রহমান আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন বর্তমানে নতুন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের ওপর প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করছে।

উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ২০২৬ সালের ৯-১৯ মার্চ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল লক্ষ্য হলো সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

/আশিক


মধ্যস্বত্বভোগীদের দিন শেষ! সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে সরকারি সুবিধা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৭ ১৬:৩১:১১
মধ্যস্বত্বভোগীদের দিন শেষ! সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে সরকারি সুবিধা
ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষিকে আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকের ভাগ্য বদলে ‘কৃষক কার্ড’ উদ্যোগকে বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি স্পষ্ট করে বলেন, “কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” কৃষকদের দোরগোড়ায় সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতেই এই স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, কৃষক কার্ড চালুর প্রধান লক্ষ্য হলো প্রকৃত কৃষকদের ক্ষমতায়ন। এর মাধ্যমে সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে একটি নির্ভুল ও ডিজিটাল ডেটাবেজ তৈরি করে কৃষকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দিতে হবে যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

সভায় জানানো হয়, ডিজিটাল এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই কৃষি ঋণ, সেচ সুবিধা, ফসল বিমা এবং সরকারি ভর্তুকি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এখন থেকে আরও সহজ ও স্বচ্ছ হবে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে, সারা দেশে তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ। পাইলট প্রকল্প হিসেবে দ্রুতই কয়েকটি জেলায় কার্ড বিতরণ শুরু হবে এবং আগামী কৃষি মৌসুমের আগেই দেশব্যাপী এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: