বিশেষ প্রতিবেদন

আজকের ভূমিকম্প আমাদের কী শিক্ষা দিচ্ছে: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২১ ১২:০২:২১
আজকের ভূমিকম্প আমাদের কী শিক্ষা দিচ্ছে: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ

আজকের ভূমিকম্প বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিয়েছে যে ভূমিকম্প এদেশে কোনো অস্বাভাবিক ঘটনা নয় বরং একটি স্থায়ী বাস্তবতা। দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত কম্পনটি স্বল্প সময়ের হলেও এটি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে এবং অনেকে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে এসেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিশেষজ্ঞরা মনে করেন এই ভূমিকম্প ভবিষ্যতের আরও বড় সম্ভাব্য বিপদের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হওয়া উচিত।

বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এটি বহুদিনের বাস্তবতা

বাংলাদেশ এমন একটি স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর তিনটি বড় টেকটোনিক প্লেট পরস্পরের সংযোগস্থলে রয়েছে। ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রো প্লেটের সংঘর্ষপ্রবণ অবস্থান বাংলাদেশকে স্বাভাবিকভাবেই উচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে ইন্ডো বার্মা সাবডাকশন জোনে দীর্ঘদিন ধরে টেকটোনিক চাপ জমে আছে যা বড় মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। বিভিন্ন ভূতাত্ত্বিক গবেষণা বলছে এই অঞ্চলে শক্তি সঞ্চয়ের প্রকৃতি বিবেচনায় ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

ছোট বা মাঝারি মাত্রার কম্পন ঘন ঘন অনুভূত হওয়া এই অঞ্চলের সক্রিয়তার একটি স্বাভাবিক ইঙ্গিত। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ফল্ট লাইনগুলো সক্রিয় রয়েছে এবং সিসমিক গতিবিধির ধারাবাহিকতা বজায় আছে। তাই বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির দিক থেকে একটি দীর্ঘস্থায়ী ও বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি।

ঘনবসতি এবং দুর্বল অবকাঠামো আমাদের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে

বাংলাদেশের বড় শহরগুলো, বিশেষ করে ঢাকা, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগর কেন্দ্র। অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনহীন নির্মাণ এবং নরম পলিমাটির ওপর অসংখ্য ভবন নির্মাণ বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। উন্নত দেশের মতো এখানে ভবনগুলো ভূমিকম্প সহনশীলভাবে নির্মাণ করা হয়নি। ফলে একই মাত্রার ভূমিকম্প বিদেশে কম ক্ষতি করলেও বাংলাদেশে অধিক ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।

এর পাশাপাশি গ্যাসলাইন, পানি সরবরাহ, বিদ্যুৎ নেটওয়ার্ক, সেতু এবং উড়ালসড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোও বড় ভূমিকম্প প্রতিরোধে পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও পাইপলাইন বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, ভবন ধস বা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার মতো গৌণ বিপর্যয় ঘটতে পারে। ফলস্বরূপ মৃত্যুহার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বাড়তে পারে।

ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের শক্তি কমিয়ে দেয় এই ধারণা সম্পূর্ণ ভুল

বাংলাদেশে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ছোট ছোট ভূমিকম্প হলে নাকি ভূগর্ভের চাপ মুক্ত হয়ে যায় এবং বড় ভূমিকম্পের সম্ভাবনা কমে যায়। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পৃথিবীর বিভিন্ন এলাকার গবেষণা বলছে ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের সম্ভাবনা দূর করে না বরং সক্রিয় ফল্ট লাইনের চলমান ভূ-চাপের একটি সাধারণ ইঙ্গিত।

ইতিহাস বলছে যেসব অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তারও আগে অনেক জায়গায় ছোট কম্পন দেখা গিয়েছে। তাই ছোট ভূমিকম্পকে নিরাপত্তার লক্ষণ হিসেবে দেখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বরং এগুলো ভূগর্ভে সিসমিক শক্তির সক্রিয়তার একটি সতর্ক সংকেত যা মানুষকে আরও সচেতন ও প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।

নির্দিষ্ট সময় ধরে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়

প্রতি ভূমিকম্পের পরই গুজব ছড়িয়ে পড়ে যে অমুক সময়ে বা নির্দিষ্ট ৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প হবে। এসব দাবি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু পৃথিবীর কোন আধুনিক বৈজ্ঞানিক সংস্থা এখনো নির্দিষ্ট দিন, সময় বা ঘণ্টা ধরে ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম হয়নি। ভূমিকম্প একটি অত্যন্ত জটিল প্রাকৃতিক প্রক্রিয়া এবং এর সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা এখনো বিজ্ঞানের নাগালের বাইরে।

কেবল ঝুঁকিপূর্ণ অঞ্চল, সম্ভাব্য মাত্রা এবং সিসমিক সক্রিয়তার ধরণ নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করতে পারেন। নির্দিষ্ট সময় ধরে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী শুধুই গুজব এবং আতঙ্ক ছড়ানোর একটি পদ্ধতি। তাই ভূমিকম্প সংক্রান্ত তথ্য জানতে সর্বদা বৈজ্ঞানিক উৎসের ওপর নির্ভর করা এবং গুজবকে প্রত্যাখ্যান করা অত্যন্ত জরুরি।

আজকের ভূমিকম্প ছিল সতর্ক সংকেত

আজকের ভূমিকম্প বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণ করিয়ে দেওয়া যে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বাস্তব এবং যেকোনো সময় বিপর্যয় ঘটতে পারে। ভূ-অবস্থান, সক্রিয় ফল্ট লাইন, ঘনবসতি, দুর্বল ভবন এবং প্রস্তুতিহীনতা বাংলাদেশের বড় দুর্বলতা। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয় তবে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব যদি বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, নগর পরিকল্পনায় ভূমিকম্প ঝুঁকি অন্তর্ভুক্ত করা হয় এবং জনগণকে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক প্রস্তুতি শেখানো হয়।


প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি ও উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ২০:১৩:৪৫
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি ও উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা
ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘আকভান’ ক্রমেই উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি এখন পর্যন্ত সরাসরি বাংলাদেশ উপকূলের দিকে না এলেও এর প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টিপাত ও উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় মাঝারি থেকে ভারি বর্ষণ এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল, মার্কিন নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে তিনি উল্লেখ করেন, প্রবল ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ঝড়টির কেন্দ্রের চারপাশে সাগরে প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে বলেও তিনি জানান।

এই আবহাওয়াবিদের মতে, আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির এই পরিধি আরও বাড়বে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। পরের ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক


রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ২৩:৪৭:০৯
রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের মধ্যেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের তিনটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিভাগীয় পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছিল, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলের দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই বৃষ্টির প্রবণতা কমে আসার পর নভেম্বরের শেষ দিকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

/আশিক


বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ১৮:২৮:০৭
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
ছবি : সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর অত্যন্ত উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে ও সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

/আশিক


নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ও উত্তাল সমুদ্রের সর্বশেষ চিত্র

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৫ ২৩:৪৭:২৩
নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ও উত্তাল সমুদ্রের সর্বশেষ চিত্র
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এর প্রভাবে সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকা বেশ উত্তাল রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়েছে। রোববার দুপুর ১২টায় এটি ৯ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। সে সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্রতা বৃদ্ধি করতে পারে, যার ফলে আজ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার রয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি গভীর সাগরে পরিস্থিতি উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/আশিক


বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৪ ১৯:০০:০৭
বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ
ছবি : সংগৃহীত

আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, সাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ওড়িশা টিভির এক প্রতিবেদনে এই পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্যমতে, সিস্টেমটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তিশালী হবে এবং ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। লঘুচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।

সমুদ্রের ওপর অবস্থানকালে অনুকূল পরিবেশ পেয়ে এটি আরও শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে আইএমডি সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির গতিপথের একটি প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। আবহাওয়াবিদদের মতে, সাগরের এই সিস্টেমটি আরও ঘনীভূত ও বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর চূড়ান্ত গতিপথ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।

/আশিক


আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০২ ১৯:৫৬:৩৭
আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া একই রকম থাকলেও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে আবহাওয়ার মূল পরিবর্তন আসতে পারে বুধবার। ওই দিন আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষ দিন শুক্রবারও একই প্রবণতা বজায় থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

/আশিক


রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০২ ১৯:০০:৪৫
রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ছবি : সংগৃহীত

পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার রাত নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

সোমবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৪৪০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল ও বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

/আশিক


দেশের পাঁচ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ০১ ২৩:৩৮:২৭
দেশের পাঁচ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে রূপ নিয়েছে এবং এর প্রভাবে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং পরবর্তীতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রভাবে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী দিনগুলোতে (সোমবার থেকে বৃহস্পতিবার) দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

/আশিক


তাপপ্রবাহের পর ভ্যাপসা গরমের মধ্যেই এলো ঘূর্ণিঝড়ের আপডেট

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ২৮ ১৯:২১:৪১
তাপপ্রবাহের পর ভ্যাপসা গরমের মধ্যেই এলো ঘূর্ণিঝড়ের আপডেট
ছবি : সংগৃহীত

ভারতের উপকূলে আঘাত হানার পর প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর গতি কমে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আগের পূর্বাভাসের তুলনায় কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে অন্ধ্র প্রদেশের বাপাতলা ও বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে শুরু করে এবং নির্ধারিত সময়ের আগেই তা উপকূল অতিক্রম করা শুরু করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ঝড়ের অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এছাড়া পশ্চিমবঙ্গেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে এবং পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্রসৈকত উত্তাল হয়ে ওঠায় স্থানীয় প্রশাসন পর্যটক ও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও এই ঝড়ের আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, স্থলভাগে উঠে আসার পর ঘূর্ণিঝড়টির গতি অনেক কমে গেছে এবং এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে।

কমগতির এই ঝড়ের প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর আগে মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার ফলে ভ্যাপসা গরম অনুভূত হয়েছিল এবং রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বর্তমানে ঘূর্ণিঝড়ের গতি মন্থর হওয়ায় আগের ধারণার চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

/আশিক

পাঠকের মতামত: