শুক্রবার ঢাকায় যেসব মার্কেট–জাদুঘর বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৮ ০৯:৩৪:৫৪
শুক্রবার ঢাকায় যেসব মার্কেট–জাদুঘর বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবার ছুটির দিনে অনেকেই পরিবার বা বন্ধুদের নিয়ে বাজার করতে বা ঘুরতে বের হন। তবে তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বা মার্কেট বন্ধ, তাহলে পুরো পরিকল্পনাই বিস্বাদ হয়ে যেতে পারে। নাগরিকদের এই ভোগান্তি এড়াতে শুক্রবার ঢাকায় কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে সে বিষয়ে আগাম তথ্য জানা জরুরি। ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা মার্কেট শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।

এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার এলাকার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট এবং দয়াগঞ্জ বাজার। এ ছাড়া ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নোয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও শুক্রবার বন্ধ থাকে। বিশেষ করে ইসলামপুর ও চকবাজারসহ পুরান ঢাকার পাইকারি এলাকা উদ্দেশ্য করে যাত্রা করলে আগে থেকেই এই তথ্য জানা থাকলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানো সম্ভব।

শুধু মার্কেট নয়, ঢাকার কয়েকটি দর্শনীয় স্থানও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে এবং অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে এবং জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারিত রয়েছে ৫ টাকা।

একইসঙ্গে শনিবার ও রবিবার সন্ধ্যায় টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগও থাকে। শিশু একাডেমির জাদুঘর শুক্রবার ও শনিবার বন্ধ থাকে এবং রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করলে কিংবা শিশুদের জন্য শিক্ষামূলক ভ্রমণের চিন্তা থাকলে দর্শনীয় স্থানগুলোর এই সময়সূচি আগে থেকেই মাথায় রাখা প্রয়োজন।

ঢাকায় শুক্রবার অনেক মার্কেট ও দর্শনীয় স্থাপনা বন্ধ থাকার কারণে বিকল্প এলাকায় বাড়তি ভিড় দেখা দিতে পারে। তাই যাত্রাপথ নির্ধারণের সময় প্রতিটি স্থানের খোলা ও বন্ধ থাকার দিন সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া উচিত। এটি শুধু সময় বাঁচায় না, পরিকল্পনাকেও সুশৃঙ্খল রাখে এবং যেকোনো ধরনের ভোগান্তি থেকে রক্ষা করে।

-রফিক


খুলনায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে: গোলাম পরওয়ার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৬ ১৮:৪৬:৫০
খুলনায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে: গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, গুলির ঘটনা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা বেড়ে যাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় মানুষের দিন কাটছে; সন্ত্রাসীরা এ অঞ্চলকে খুনের অভয়ারণ্যে পরিণত করেছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে পরিস্থিতির অবনতি ঘটেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় সাত স্থানে গুলির ঘটনা ঘটেছে এবং দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় অন্তত ১৩টি গুলির ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন, আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত মহানগরীতে ৩৯টি ও জেলায় ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে; কোনো কোনো হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না, আর দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন; কোথাও কোথাও শাসক দলের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।

প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াত সেক্রেটারি খুলনাসহ দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। তিনি সতর্ক করেন, সরকার কার্যকর পদক্ষেপ না নিলে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের দায় এড়াতে পারবে না।

/আশিক


বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৫ ২০:৩৯:৩৯
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা, এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতনামা যুবককে বিএনপির ওই কার্যালয়ে আগুন দিতে দেখা গেছে। এতে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস শুরু করেছে এবং মঙ্গলবার রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে তাদের সন্ত্রাসীরা আগুন দিয়েছে; তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কে বা কারা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

/আশিক


দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে ফিরছেন মুন্সী ও শাওন, প্রত্যাহার হচ্ছে বহিষ্কারাদেশ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৫ ১৭:২০:২৯
দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে ফিরছেন মুন্সী ও শাওন, প্রত্যাহার হচ্ছে বহিষ্কারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার দুই প্রভাবশালী নেতা—সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের হচ্ছে ছড়িয়ে পড়েছে। বহিষ্কারাদেশ উঠে গেলে দেবিদ্বার ও চান্দিনা উপজেলা বিএনপির রাজনীতিতে তাঁরা আবারও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে আলোচনা চলছে।

​কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সাবেক সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ সময় ধরে দেবিদ্বার তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বর্ষীয়ান নেতা।

​তবে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন তিনি। পদ-পদবি থেকে বিচ্ছিন্ন থাকলেও দেবিদ্বার উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের একটি বড় অংশ সব সময় তাঁর সঙ্গে থেকে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

​অন্যদিকে, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রভাবশালী নাম খোরশেদ আলমের পরিবার। ২০০৩ সাল থেকে চান্দিনা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও নেতৃত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পরিবারটি। ২০১৮ সালে বিএনপির সাবেক নেতা খোরশেদ আলমের মৃত্যুর পর তাঁরই পুত্র আতিকুল আলম শাওন উপজেলা বিএনপির সভাপতি পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেন।

​তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন আতিকুল আলম শাওন। সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন হলেও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের একটি বড় অংশ মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

​সম্প্রতি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হওয়ায় দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং এমপি আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের গুঞ্জনে দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, দলীয় রাজনীতিতে তাঁদের প্রত্যাবর্তন ঘটলে এবং নতুন সাংগঠনিক দায়িত্ব পেলে দেবিদ্বার ও চান্দিনায় বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।


১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ও বিমান চাওয়ার বিষয়টি ভিত্তিহীন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৪ ১৮:৩০:৩৬
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ও বিমান চাওয়ার বিষয়টি ভিত্তিহীন
ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং এ জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এ ধরনের প্রস্তাব মানা সম্ভব নয় এবং তা করেও কোনো লাভ নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে বিষয়টিকে কম গুরুত্ব দেওয়া দরকার, সেটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা বিভিন্ন মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি অপপ্রচার চালাচ্ছে।

দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়া রাষ্ট্রপ্রধানের আর ফিরে আসার নজির নেই এবং শেখ হাসিনাও দেশে ফিরবেন না বলে সবার বোঝা উচিত।

এ ছাড়া গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল বা স্পেশাল স্ট্র্যাটেজি রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সতর্ক করেন, সরকারের সহনশীলতাকে যেন দুর্বলতা হিসেবে মনে করা না হয়। ওই সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/আশিক


দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে গোপালগঞ্জ শহরে আতঙ্ক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ২৩:৪৫:০২
দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে গোপালগঞ্জ শহরে আতঙ্ক
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ এবং ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিল চলাকালে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন। এই ঘটনার জের ধরেই রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেল বিস্ফোরিত হয় এবং আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতের এই সংঘর্ষের ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

/আশিক


দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ২০:২২:৪৫
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এনজিও পপির অর্থায়নে এসব চারা টিম ওয়াহেদপুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।সোমবার (২৩ নভেম্বর) টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার আহমেদ মাসুদের বাংলু বাড়িতে এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেবিদ্বার শাখার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুজনের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম ও রাসেল আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

শুভেচ্ছা বক্তব্য দেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নুরুন্নাহার পাঠাগারের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদ। তিনি মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন।এ সময় বক্তব্য দেন পপির ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল কর্মসূচি ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক শেখ ফয়সাল, সুজন দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সরকার, পৌর শাখার সভাপতি আলহাজ্ব ডা. ফিরোজ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসিন, সদস্য মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম সরকার, ব্যবসায়ী হাজী শাহ আলম, শিক্ষক বাহাদুর হোসেন বিএসসি, চিকিৎসক হারুনুর রশিদ, আরমান সামি, খাইরুল আমিনসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, গাছ লাগানো পরিবেশ, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ বায়ু পরিষ্কার রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মাটির ক্ষয় রোধ করে।

তিনি আরও বলেন, গাছ পাখি ও বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং ঝড়, বন্যা কিংবা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সহায়তা করে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্বে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে এবং সবুজায়ন কর্মসূচি আরও গতিশীল হবে।


নানিয়ারচর সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ২০:১৫:৩২
নানিয়ারচর সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামে দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ২৩ নভেম্বর ২০২৬, সোমবার নানিয়ারচর জোন সদর এর আওতাধীন নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায়, উক্ত এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। এমন শোচনীয় অবস্থা পরিলক্ষিত হলে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, এর নির্দেশনায় নানিয়ারচর এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য একটি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা এবং আশেপাশের এলাকার সকল স্তরের এবং বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণের উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যেগ।

নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান কর্তৃক ৩৪ পুরুষ, ৭৪ জন মহিলা ও ১১ জন শিশুসহ সর্বমোট ১১৯ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরণের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। এ ধরণের নিয়মিত চিকিৎসা সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মত প্রদান করেন। উক্ত কর্মসূচি জোন কমান্ডার, নানিয়ারচর জোনের সার্বিক নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।


সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়ল বাড়তি নজরদারি, কী ঘটছে?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২২ ২৩:৩৪:৩০
সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়ল বাড়তি নজরদারি, কী ঘটছে?
ছবি: কালবেলা

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উদ্যোগে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়। সীমান্ত পেরিয়ে অবৈধ যাতায়াত, অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সামাল দিতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তপথে অনুপ্রবেশসহ নানা ধরনের অপরাধ ঠেকাতে বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাহিনীর তথ্য অনুযায়ী, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, সীমান্তের স্পর্শকাতর পয়েন্ট এবং কাছাকাছি এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ পারাপার বন্ধ করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির সদস্যরা কাজ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। ওই দলের সহযোগীরা যেন কোনোভাবেই অবৈধ পথে দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বিজিবির সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ যাতায়াত বন্ধ রাখা এবং জাতীয় স্বার্থে বিজিবির এই সতর্কতামূলক টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/আশিক


সোমবার সকাল থেকে যেসব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২২ ১৯:২০:৫৬
সোমবার সকাল থেকে যেসব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে টানা ২৪ ঘণ্টা দেশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানায়, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে; ফলে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া ও শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে, যা নিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/আশিক

পাঠকের মতামত:

২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারদর

২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারদর

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে এবং দর কমতে কমতে প্রতি ভরি স্বর্ণের আন্তর্জাতিক বাজারমূল্য নেমে এসেছে ১... বিস্তারিত