শেখ হাসিনা ইস্যুতে ফের অনিশ্চয়তায় ঢাকা-দিল্লি সম্পর্ক, কঠোর অবস্থানে বাংলাদেশ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৫ ১৯:৫৪:৪৪
শেখ হাসিনা ইস্যুতে ফের অনিশ্চয়তায় ঢাকা-দিল্লি সম্পর্ক, কঠোর অবস্থানে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের দাবিতে শুরু থেকেই অনড় রয়েছে ঢাকা, যা এখনো বিদ্যমান। তবে দিল্লি এটিকে ‘আইনি প্রক্রিয়ার’ অংশ বললেও এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ নেয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন, সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠক এবং বিমানযোগে দেশে ফেরার আহ্বানের মতো ঘটনাগুলো ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে। ফলে বিএনপি সরকারের শুরুর দিকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের যে পরিবেশ তৈরি হয়েছিল, তা পুনরায় বড় ধরনের অনিশ্চয়তা ও ‘পয়েন্ট অব নো রিটার্নের’ দিকে ধাবিত হচ্ছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ঢাকা স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে এবং নোট ভারবাল ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে দিয়েছে। তিনি মনে করেন, ভারতের বর্তমান অবস্থান ও বাংলাদেশের প্রত্যাশার মধ্যে অমিল থাকায় বিষয়টি দ্রুত সমাধানের বদলে দুই পক্ষের কাছেই একটি রাজনৈতিক ইস্যু হিসেবে থেকে যেতে পারে। অন্যদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিনের মতে, ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে হবে। তবে এই টানাপোড়েনের পেছনে সার্বভৌমত্ব, আঞ্চলিক ভূরাজনীতি ও দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যের মতো বিষয়ও জড়িত বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, দক্ষিণ এশিয়াবিষয়ক ভারতীয় গবেষক ড. শ্রীরাধা দত্ত ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরে বলেন, ভারত শেখ হাসিনাকে একজন মিত্র হিসেবে বিবেচনা করে এবং আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক না কেন, দিল্লি তাকে কখনোই হস্তান্তর করবে না। এর মধ্যেই গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তা নাকচ করে দেন। পাশাপাশি, গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারে আওয়ামী লীগের চার শীর্ষ নেতার দুই ঘণ্টার বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দিল্লির ইন্ধন ও নীলনকশার অভিযোগ তুলেছেন।

সর্বশেষ মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার জন্য দিল্লি থেকে ঢাকায় বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হবে না, বরং তার হস্তান্তর নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি স্পষ্ট করেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় বাংলাদেশ এবং যেহেতু তিনি নিজেই ফিরতে চাইছেন, তাই তাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

/আশিক


গোপালগঞ্জে ভয়াবহ অচলাবস্থা ও জননিরাপত্তা সংকট তৈরি হয়েছে: রাশেদ খাঁন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৫ ১৮:৪৬:৪২
গোপালগঞ্জে ভয়াবহ অচলাবস্থা ও জননিরাপত্তা সংকট তৈরি হয়েছে: রাশেদ খাঁন
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা ও জননিরাপত্তা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জেলার সার্বিক স্থবিরতা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাহীনতা এবং পুলিশি কার্যক্রমের অনুপস্থিতির চিত্র তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক করতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ফলে গোপালগঞ্জে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন।

জেলার জরুরি সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে এবং এসব প্রতিষ্ঠানকেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন নিয়মিত চালু রাখাও কঠিন হয়ে পড়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ‘৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ’ নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশেদ খাঁন লেখেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এখন গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এ ছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না এবং পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ নানা অপরাধ ও অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জের এই অচলাবস্থা কাটিয়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে এসে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে পোস্টে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আশিক


মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৫ ১৮:৩৬:০৫
মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জসহ সারা দেশে অগ্নিকাণ্ড ঘটিয়ে যানবাহনে আগুন দিয়েছে এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তিনি বলেন, যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেভাবেই এনসিপি এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবে; তার মতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট ছিল এবং এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

এর আগে বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের কবর জিয়ারতের পর আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছেন এবং কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা, পুনর্বাসন এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনারের ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারি ভাতা বন্ধ হয়ে যায়, তাই একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর যেভাবে তার ওয়ারিশগণ সরকারি ভাতা পান, তেমনিভাবে জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের ভাতা প্রদান অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে তিনি মারা গেলে পরিবারের অন্য কারও নামে আর ভাতার ব্যবস্থা থাকে না, তাই প্রয়োজনে আইন সংশোধন করে পরিবারের জন্য ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রয়াত বিপ্লব হোসেনের স্ত্রীর হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

পরিদর্শন ও কর্মসূচিতে এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান রানা, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুর রহিম এবং ছাত্রশক্তির থানা আহ্বায়ক রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩৫টি মসজিদের জন্য সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য আখতার হোসেন।

/আশিক


এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড় ও হুমকির চিরকুটসহ বাক্স উদ্ধার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৪ ২০:৪২:১৮
এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড় ও হুমকির চিরকুটসহ বাক্স উদ্ধার
চিরকুট ও বাক্স। ছবি: কালবেলা

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি নেতা আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ির পাশে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে তার পরিবারের লোকজন বাক্সটি দেখতে পান।

আবু বাকেরের অভিযোগ, তাকে হত্যার হুমকি দেওয়ার উদ্দেশ্যে এসব রেখে যাওয়া হয়েছে। তার ভাষ্য, বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেননি তিনি।

আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব বলেন, সকালে বাড়ির পাশে বাক্সটি দেখতে পাই, পরে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায় এবং বিষয়টি বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ও ভিডিওসহ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বাক্সের ভেতরে থাকা চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আবু বাকের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বরুড়া উপজেলা এনসিপি এবং দলটি ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেননি।

/আশিক


সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলকে ধ্বংসের দিকে নিচ্ছেন শেখ হাসিনা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৪ ১৯:৪৩:৪৪
সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলকে ধ্বংসের দিকে নিচ্ছেন শেখ হাসিনা
ছবি : সংগৃহীত

নিজের ও পরিবারের স্বার্থই শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনে বাংলাদেশ তো দূরের কথা, আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হয়, তার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং এর পেছনে তার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন এবং দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিল, তাদের জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলা কষ্টকর করে তুলছেন।

ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, এর বহিঃপ্রকাশ দেখা গেছে তার অনুগতদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আওয়ামী লীগের ক্রোধান্ধ নেত্রী ও তার অনুসারীরা এটা বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাদের ভাবনায় নেই বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন, তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন। পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে এটি উপলব্ধি করবেন এবং কবে বুঝবেন যে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

/আশিক


অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ২০:৪৩:৪৩
অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি : সংগৃহীত

অনেকেই তারেক রহমান গর্তে পড়েছেন এবং তাকে পড়তে দেওয়ার কথা বলেছেন—এমন মন্তব্যের উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দুটি বিষয় অবশ্যই রক্ষা করতে হবে; যার একটি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অন্যটি সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানো। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এনসিপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা জানান, আলোচনায় যাওয়ার অর্থ এই নয় যে তার সব অপরাধের হিসাব তারা ভুলে যাবেন। গত আট মাসে বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন বা হামলার শিকার হয়েছেন, তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে আলোচনা চলবে, তবে যে ভিত্তিতে তারা আলোচনায় এগিয়েছেন, সেই ভিত্তিগুলো বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আকাশকুসুম কল্পনা করে কোনো লাভ নেই এবং রক্তের তরুণেরা এখনো বাংলাদেশের রাজপথে জীবিত আছেন। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করার পাশাপাশি গণহত্যার বিচার করার আহ্বান জানান তিনি।

এ সময় ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদির রক্ত এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং যত দিন তারা বেঁচে থাকবেন, তত দিন এই সংগ্রাম চলবে।

বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, তাদের ভাইদের হত্যার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে নয়-ছয় দেখা যাচ্ছে এবং হত্যাকারীদের টাকা খেয়ে সমাজে ছেড়ে দিয়ে পুনর্বাসন করা হয়েছে। কোনো সংলাপের কারণে ভাইদের রক্তের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে যেতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই চট্টগ্রাম থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই চট্টগ্রামে দাঁড়িয়েই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছেন। বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কোতোয়ালি মোড় ঘুরে লালদীঘির মোড় হয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

/আশিক


দলে ফেরা নিয়ে আলোচনার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ১৯:৩৫:৪৬
দলে ফেরা নিয়ে আলোচনার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানো নিয়ে আলোচনা চলার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি এ কথা জানান।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন তিনি দলে ফিরবেন কি না। তাদের প্রতি বিনীতভাবে তিনি জানান যে বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন তিনি করেননি।

পোস্টে তিনি আরও বলেন, তার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরবেন, এমন মনে করার কোনো কারণ আছে বলেও তিনি মনে করেন না এবং আল্লাহ তাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য তার শুকরিয়ার শেষ নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর আলোচনা শুরু হলে রুমিন ফারহানার নামও আলোচনায় আসে, যার পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০ থেকে ৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করে দলটি এবং তাদের মধ্যে সাতজন জয়ী হন, যাদের একজন রুমিন ফারহানা। বহিষ্কার হওয়ার আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি, যাদের অধিকাংশই পরে দলে ফেরার আবেদন করেন।

/আশিক


বিকাশে টাকা পাঠিয়ে দেশে অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে: রিজভীর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ১৮:৪৯:৩৪
বিকাশে টাকা পাঠিয়ে দেশে অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে: রিজভীর
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, এই মাটি বীর ও শহীদদের, তাই এখানে পলাতক ও ষড়যন্ত্রকারীদের কোনো জায়গা নেই এবং যারা আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদেরও এ দেশে ঠাঁই হবে না।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগীদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব বাচ্চু হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মঞ্জুর মোর্শেদসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও সেখানে বসে চুপ করে নেই। মানুষ বাঁচুক বা মরুক, যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার নীতি তিনি এখনো অনুসরণ করছেন। রিজভীর দাবি অনুযায়ী, দেশের টাকা, ব্যাংক, মেট্রোরেল ও পদ্মা সেতুর অর্থ পাচার করে শেখ হাসিনা তার আত্মীয়স্বজনকে দুবাই, কানাডা ও ম্যানিলায় প্রতিষ্ঠিত করেছেন এবং এখন দেশে লুকিয়ে থাকা অনুসারীদের কাছে বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে আবারও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, গার্মেন্টস, যানবাহন, পুলিশ বক্স, গ্রামীণ ব্যাংকের শাখা এবং মন্ত্রী-নেতাদের বাড়িতে আগুন ও বোমাবাজি করে দেশকে আবারও গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এরই অংশ হিসেবে নড়াইলে জাসাস ও কৃষক দলের নেতা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু আহমেদকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং লন্ডনে এনসিপি নেতা নাহিদের ওপর হামলার ঘটনাও এর অংশ বলে তিনি দাবি করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে এসেছে যে শেখ হাসিনা সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির ও জনিসহ অসংখ্য নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এবং ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ ও আবু সাঈদকে পাখির মতো গুলি করে হত্যার পর তা নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল। তার মতে, তারেক রহমান গণতন্ত্র ও মানবাধিকারের নীতিতে বিশ্বাসী হওয়ায় পলাতকদের এত তাণ্ডব ও অগ্নিসন্ত্রাসের পরও তিনি প্যারিস বা ভারতের গণতান্ত্রিক আন্দোলনের মতো ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং পুলিশকে দিয়ে গুলি না চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি সামাল দিচ্ছেন।

ভারতের প্রতি প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, দিল্লির কূটনীতিকরা দাবি করেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন না। তাহলে ভারতে পালিয়ে যাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের চার নেতা কীভাবে পেট্রাপোল সীমান্তে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন—সে প্রশ্ন তোলেন তিনি। রিজভীর মতে, সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন না এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ ঘটনায় হতবাক হয়েছেন। এর পেছনে কী ষড়যন্ত্র চলছে, তা বাংলাদেশের মানুষ জানতে চায় বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, এ দেশের গণতন্ত্রমনা মানুষ কখনোই হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের সমর্থন করবে না এবং প্রকৌশলীসহ দেশের মেধাবী ও সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটি শহীদদের বীর হিসেবে বরণ করে নেয় এবং এখানে রক্তপিপাসু ও পলাতকদের কোনো স্থান হবে না।

/আশিক


যশোরে একাধিক মামলার পর অবশেষে ঢাকায় ধরা পড়লেন এক সাবেক জনপ্রতিনিধি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২৩ ১৮:২৭:৪১
যশোরে একাধিক মামলার পর অবশেষে ঢাকায় ধরা পড়লেন এক সাবেক জনপ্রতিনিধি
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৩ বছর।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লালমাটিয়ার ওই বাসা থেকে আটক করার পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের সূত্র অনুযায়ী, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মো. আজিজুল ইসলাম। সেই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেছিলেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জেলা পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

/আশিক


দিল্লির ইশারায় বাংলাদেশে অপশক্তিকে আবার সক্রিয় করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২২ ১৯:৫৬:০৯
দিল্লির ইশারায় বাংলাদেশে অপশক্তিকে আবার সক্রিয় করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত

দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে এবং রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৭ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে টানা সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও থানায় আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে অতীতে অনেক রাজনৈতিক সহিংসতা দেখা গেলেও থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি; অথচ এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং মিছিল থেকে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে তাণ্ডব চালানো হচ্ছে—যা একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপটের প্রকাশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গোপালগঞ্জ যে বাংলাদেশের ভূখণ্ডের অংশ তা মানুষ এখন বিশ্বাস করতে পারছে না এবং সরকার গত ৮ থেকে ১০ দিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের জীবন, সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে তিনি নিন্দা জানান।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে বসে চা খাওয়া ও সংলাপের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাঁরা দুজন এক জায়গায় বসলেও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে তা কেউ প্রকাশ করেননি বা গণমাধ্যমেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। এই সংলাপ যেন দেশ ও জাতির কল্যাণে হয় সেই প্রত্যাশা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সংলাপের মাধ্যমে ফ্যাসিবাদ ও অপশক্তির তাণ্ডব বন্ধ করতে হবে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং সরকার ও বিরোধী দলের সংলাপে জুলাই সনদ ও গণভোটের রায়ের প্রতিফলন থাকতে হবে।

শ্রমিকদের মজুরির বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে বিভিন্ন এনজিও ও সংস্থার প্রস্তাবিত ১৪ বা ১৮ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়, তাই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাতে হবে। পাশাপাশি কিছু অসাধু ট্রেড ইউনিয়ন নেতা কারখানায় অস্থিরতা তৈরির ভয় দেখিয়ে মালিকদের কাছ থেকে চাঁদা ও সুবিধা নেওয়ায় প্রকৃত শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করে তিনি মন্তব্য করেন যে, শিল্প বাঁচাতে হলে শ্রমিকদেরও বাঁচাতে হবে।

অনুষ্ঠানে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের সংকট উত্তরণে সরকার, প্রশাসন, মালিক ও শ্রমিক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান; ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান শিল্প খাতে অস্থিরতা নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

/আশিক

পাঠকের মতামত: