যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে: হোয়াইট হাউস

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৮:৪৫:০৭
যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে: হোয়াইট হাউস

সত্য নিউজ: গাজায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে এক মার্কিন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল সরকারকে সতর্ক করেছে যে, গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে ওয়াশিংটন আর তেল আবিবকে সমর্থন করবে না। এক গোপন সূত্রের উদ্ধৃতিতে বলা হয়েছে, “যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক।”

সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা না করায় এই চাপ আরও বাড়ছে। সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলোচনায় তিনি বলেছেন, “গাজায় অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।”

অন্যদিকে, ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা গাজায় ইসরায়েলের ‘নৃশংস কর্মকাণ্ড’ নিন্দা জানিয়ে, সামরিক অভিযান অব্যাহত থাকলে যৌথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


তারেক রহমানকে মোদির ফোন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৭:৫৪:৩১
তারেক রহমানকে মোদির ফোন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জনের পর তারেক রহমান-কে সরাসরি ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেন মোদি। তিনি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

মোদি তাঁর বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি ভারত সমর্থন জানায়। তিনি আরও বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখবে।

এর আগে একই দিনে সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও অভিনন্দন বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

-রফিক


বিএনপির জয়ে চীনের শুভেচ্ছা, একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১২:৪০:০৮
বিএনপির জয়ে চীনের শুভেচ্ছা, একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ঢাকা। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শুভেচ্ছা জানিয়েছে বেইজিং। শুক্রবার বেলা ১১টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। তারা নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা ব্যক্ত করেছে।

চীনের এ বার্তার আগে একই দিনে শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা। তাদের পোস্টে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয় এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর বিজয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহযোগিতা অব্যাহত রাখবে। দ্বিপাক্ষিক বহুমুখী সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-ও পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করার আশা প্রকাশ করেন।

-রফিক


আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির জয় শিরোনাম

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১২:১২:১১
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির জয় শিরোনাম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জোটটি ২১৩টি আসনে জয়লাভ করেছে, যা জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতার সমতুল্য। এর ফলে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ কার্যত সুগম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দশকের অন্যতম বড় নির্বাচনী সাফল্য এটি।

বাংলাদেশের এই নির্বাচনী ফল আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার থেকেই লাইভ আপডেট প্রকাশ করছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির তথ্যমতে বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় নিশ্চিত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭০টি আসন এবং অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে ২৮৭টির ফল ঘোষিত হয়েছে বলেও জানানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের লাইভ প্রতিবেদনে জানায়, ৩০০ সদস্যের সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও মিত্ররা পেয়েছে ৬৮টি আসন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় সাফল্য। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবারের ফল সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

একইভাবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা’ শিরোনামে লাইভ আপডেট প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জেন-জি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো এবং তাতে বিএনপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফল ঘোষণার পর দলটি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় প্রার্থনা করা হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলেছে, স্থানীয় টেলিভিশনগুলোর ফলাফলে বিএনপির বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত মিলেছে এবং এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি উল্লেখ করেছে, রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন।

যমুনা টিভির তথ্যমতে, বিএনপি ২১২ আসনে জয় নিশ্চিত করেছে এবং দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অধিকাংশ আসনে জয় পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দলটি আনন্দ মিছিল না করে সংযম প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে একটি ইতিবাচক বার্তা।

-রাফসান


তারেক রহমানকে অভিনন্দন মোদি-শাহবাজের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১১:১১:৪৩
তারেক রহমানকে অভিনন্দন মোদি-শাহবাজের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথক বার্তায় শুভেচ্ছা জানান। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপির বিজয়কে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা রয়েছে। দক্ষিণ এশিয়া ও বৃহত্তর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

প্রায় একই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি-ও অভিনন্দন বার্তা পাঠিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের পক্ষ থেকে ধারাবাহিক এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকালে এক্সে দেওয়া বার্তায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের স্পষ্ট প্রতিফলন। মোদি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে। দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

-রাফসান


আন্তর্জাতিক মিডিয়ায় শীর্ষ সংবাদ বাংলাদেশ: গণতন্ত্রে ফেরার পরীক্ষা দেখছে বিশ্ব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৭:৪১:১৪
আন্তর্জাতিক মিডিয়ায় শীর্ষ সংবাদ বাংলাদেশ: গণতন্ত্রে ফেরার পরীক্ষা দেখছে বিশ্ব
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনকাল শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) এক নতুন বাংলাদেশের রায় দিচ্ছে নাগরিকরা। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের প্রতিটি মুহূর্তের ওপর বিশ্ব গণমাধ্যমের যে তীক্ষ্ণ নজর রয়েছে, তা আন্তর্জাতিক পোর্টালগুলোর ‘লাইভ আপডেট’ দেখলেই স্পষ্ট হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজকের এই ভোটকে ‘গণতন্ত্রের নতুন পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে, ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এটিই প্রথমবার যেখানে ভোটাররা কোনো বিশেষ মহলের চাপ ছাড়াই কেন্দ্রে আসছেন। বিবিসি বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে অপপ্রচার এবং গণভোটের জটিলতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তির কথা উল্লেখ করলেও জেন-জি প্রজন্মের ভোটারদের বিশাল অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে উঠে এসেছে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা। রয়টার্স জানিয়েছে, দীর্ঘ বঞ্চনার পর ভোট দিতে আসা মানুষের প্রধান প্রত্যাশা হলো—রাজনৈতিক স্থিতিশীলতা এবং ঝিমিয়ে পড়া তৈরি পোশাক খাতসহ সামগ্রিক অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার।

অন্যদিকে, দ্য গার্ডিয়ান তাদের বিশ্লেষণে বিএনপি নেতা তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে। গার্ডিয়ানের মতে, দুর্নীতিমুক্ত প্রশাসন ও পরিচ্ছন্ন রাজনীতির যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন, তা তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে এক বড় প্রভাব তৈরি করেছে। তবে একই সাথে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থবিরতা কাটানোর পাহাড়সমান চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিতে ভোলেনি।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এবং মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস তরুণদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে। ডয়েচে ভেলে উল্লেখ করেছে যে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের লড়াইটি হয়েছে মূলত জাতীয়তাবাদী ও ইসলামপন্থি শক্তির মধ্যে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড়।

নিউ ইয়র্ক টাইমস মনে করে, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং ‘জুলাই সনদ’-এর মতো সংস্কার প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর এক বিশাল পরীক্ষা। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভি বিক্ষিপ্ত সহিংসতার খবরের পাশাপাশি দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। কাতারের আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন সতর্ক করেছে যে, নির্বাচনকে ঘিরে পরিকল্পিত গুজব ও অপপ্রচার ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।


হাসিনা-খালেদা ছাড়াই প্রথম ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নতুন দিনের বার্তা 

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ০৯:১৬:৩১
হাসিনা-খালেদা ছাড়াই প্রথম ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নতুন দিনের বার্তা 

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রশ্নে একটি জাতীয় গণভোট। দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল এই দেশটির এই রাজনৈতিক পরিবর্তন এবং ভোটাধিকার পুনরুদ্ধারের প্রক্রিয়াটি বিশ্বজুড়ে ব্যাপক কৌতুহল ও গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা আজকের এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার এক ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে অভিহিত করেছে। তাদের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার আজ নির্ধারণ করবেন যে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। আল জাজিরা আরও উল্লেখ করেছে যে, এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের মধ্যে, যেখানে অভ্যুত্থানের মূল কারিগর তরুণ প্রজন্মের প্রতিনিধি ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) এক শক্তিশালী স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। দুর্নীতি দমন, আকাশচুম্বী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক সংস্কারই এবারের নির্বাচনে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য বিষয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের সরাসরি সম্প্রচারে জানিয়েছে যে, গত কয়েক দশকের মধ্যে এটিই প্রথম নির্বাচন যেখানে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব—শেখ হাসিনা এবং খালেদা জিয়া—সরাসরি নির্বাচনী ময়দানে নেই। বিবিসি’র বিশ্লেষণে উঠে এসেছে যে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের প্রধান ইসলামপন্থি দলগুলো প্রথমবারের মতো একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে সাধারণ নির্বাচনে বড় পরিসরে অংশগ্রহণ করছে। কেবল সংসদ সদস্য নির্বাচনই নয়, বরং ‘জুলাই সনদ’ বা ‘ন্যাশনাল চার্টার ২০২৫’ নামে একটি বিশাল সংস্কার প্যাকেজের ভাগ্য নির্ধারণেও আজ নাগরিকরা গণভোটের মাধ্যমে রায় দিচ্ছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারই প্রথম অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে, যাকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চাকরি, সুশাসন এবং বাকস্বাধীনতাই তরুণ ভোটারদের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। রয়টার্স আরও উল্লেখ করেছে যে, বাংলাদেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী ফলাফলের বিকল্প নেই।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দীর্ঘ ১৫ বছরের একনায়কতন্ত্রের অবসানের পর এটিই প্রথমবার যেখানে তরুণ ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাচ্ছেন, ফলে এবার রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি আশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং জার্মানিভিত্তিক ডয়চে ভেলে নির্বাচনে ইসলামপন্থিদের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেছে। ডয়চে ভেলে লিখেছে, ১৯৭১ সালের স্বাধীনতার পর এবারই প্রথম ইসলামপন্থি দলগুলো এত শক্তিশালী সাংগঠনিক ও নির্বাচনী অবস্থান দেখাতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে জানিয়েছে, অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হওয়ায় সেখানে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাকিস্তানের দ্য ডন পত্রিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিওর অপব্যবহার সম্পর্কে সতর্ক করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অপপ্রচার দোদুল্যমান ভোটারদের বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাইয়ের গুরুত্ব এখন সবচেয়ে বেশি।


রাজনৈতিক তর্কের করুণ পরিণতি: ট্রাম্পকে নিয়ে বিবাদে বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:২৯:০২
রাজনৈতিক তর্কের করুণ পরিণতি: ট্রাম্পকে নিয়ে বিবাদে বাবার হাতে মেয়ে খুন
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক মর্মান্তিক পারিবারিক বিবাদের জেরে প্রাণ হারিয়েছেন ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক ঘিরে বাবার সাথে রাজনৈতিক তর্কে জড়ানোই যেন কাল হলো ২৩ বছর বয়সী এই তরুণীর জন্য। গত ১০ জানুয়ারি বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান লুসি, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চেশায়ার করোনার কোর্টে লুসির মৃত্যুর তদন্ত শুনানিতে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ট্রাম্পকে নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির তীব্র বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে লুসি তাঁর বাবাকে যৌন নির্যাতনের শিকার নারীদের অধিকার নিয়ে প্রশ্ন করলে ক্রিস হ্যারিসন অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করেন। এতে লুসি ভীষণ কষ্ট পেয়ে নিজের ঘরে চলে যান। দুপুরের দিকে বিমানবন্দর যাওয়ার ঠিক আধা ঘণ্টা আগে বাবা ক্রিস হ্যারিসন লুসিকে জোর করে শোবার ঘরে নিয়ে যান এবং এর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গুলির শব্দ শোনা যায়।

অভিযুক্ত ক্রিস হ্যারিসন আদালতের কাছে দাবি করেছেন, এটি একটি দুর্ঘটনা ছিল। তিনি লুসিকে তাঁর কাছে থাকা বন্দুকটি দেখাতে চেয়েছিলেন এবং অসাবধানতাবশত গুলিটি বেরিয়ে যায়। তবে তদন্তে জানা গেছে, ঘটনার সময় ক্রিস হ্যারিসন মদ্যপ অবস্থায় ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি ঘটনার ঠিক আগে দোকান থেকে মদ কিনেছিলেন এবং পুলিশও তাঁর শরীরে মদের গন্ধ পাওয়ার কথা জানিয়েছে। যদিও স্থানীয় জুরি ক্রিসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনে অস্বীকৃতি জানিয়েছে, তবে লুসির মা ও তাঁর নিকটজনরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছেন।


রক্তাক্ত কানাডা: টাম্বলার রিজ শহরের স্কুলে ভয়াবহ গুলি বর্ষণ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১১ ১১:০৮:৫৭
রক্তাক্ত কানাডা: টাম্বলার রিজ শহরের স্কুলে ভয়াবহ গুলি বর্ষণ
ছবি : সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরা ও সিবিসি নিউজসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বর্বরোচিত হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, হামলা চালানোর পর তিনি নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছেন। এই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্কুলের ভেতর ৬ জনের মরদেহ পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ছাড়া এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন একটি বাড়ি থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন আঘাতের জন্য পরীক্ষা করা হচ্ছে। হামলার পরপরই স্কুল থেকে ছাত্র-শিক্ষক সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ বর্তমানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এলাকায় জারি করা জরুরি অবস্থা বা শেল্টার-ইন-প্লেস আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ নিশ্চিত করেছে যে বর্তমানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।


এপস্টেইন মারা যাননি, তিনি বেঁচে আছেন: সাবেক প্রেমিকার চাঞ্চল্যকর দাবি!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:৪৩:৫৪
এপস্টেইন মারা যাননি, তিনি বেঁচে আছেন: সাবেক প্রেমিকার চাঞ্চল্যকর দাবি!
ছবি : সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন মারা যাননি বরং তিনি এখনো জীবিত আছেন—এমনই এক চাঞ্চল্যকর দাবি করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর সাবেক প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস গত শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয় যে এলবিসি রেডিওর উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া এই বিস্ফোরক দাবি করেন। ভিক্টোরিয়া তাঁর বিশ্বাস ব্যক্ত করে বলেন যে এপস্টেইন এখনো জীবিত এবং সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি দাবি করেন যে এপস্টেইনকে একটি বিশেষ ‘ট্রিপ ভ্যান’-এ করে কারাগার থেকে অত্যন্ত গোপনে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছিল। সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন যে তিনি কখনোই বিশ্বাস করেননি এপস্টেইন মারা গেছেন বা তিনি আত্মহত্যা করেছেন; বরং তাঁর জোরালো ধারণা এপস্টেইন বর্তমানে ইসরায়েলে আত্মগোপন করে আছেন।

উল্লেখ্য যে ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে জেফরি এপস্টেইনকে তাঁর কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর ধরন এবং সেই সময় কারাগারের নিরাপত্তা ব্যবস্থার রহস্যজনক ত্রুটি নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছে। বিশেষ করে বিভিন্ন ফরেনসিক প্রতিবেদনে তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়ার তথ্য উঠে আসায় তাঁর আত্মহত্যার বিষয়টি অনেকের কাছেই সন্দেহজনক ছিল।

এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তৎপরতার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত দাপ্তরিকভাবে কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে জেফরি এপস্টেইন ইস্যুটি এখন আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে কারণ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত কয়েক মাসে এপস্টেইন-সংক্রান্ত যৌন পাচার তদন্তের বিপুল পরিমাণ গোপন নথি জনসমক্ষে প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সেলিব্রিটিদের নাম ও চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসায় সারা বিশ্বে নতুন করে আলোচনার ঝড় বইছে। লেডি ভিক্টোরিয়ার এই নতুন দাবি সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।

পাঠকের মতামত:

এবার সোনার দামে রেকর্ড উত্থান

এবার সোনার দামে রেকর্ড উত্থান

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দর। মার্কিন শ্রমবাজারের শক্তিশালী অবস্থানের কারণে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে এমন... বিস্তারিত