সরকারি চাকরি ও ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করে সারজিস-ফারুকের তীব্র বাকযুদ্ধ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ১৭:৩১:৪১
সরকারি চাকরি ও ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করে সারজিস-ফারুকের তীব্র বাকযুদ্ধ

সরকারি একটি পদে নিয়োগ পাওয়ার পর দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে ফারুক হাসানের নিয়োগ পাওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সারজিস আলম। আর এর তীব্র জবাব দিতে গিয়ে মধ্যরাতে ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দেন ফারুক হাসান। ওই পোস্টে তিনি সারজিসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাকে রাজনীতি থেকে সরে এসে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

সারজিস আলমের ফেসবুক পোস্টের সরাসরি জবাবে ফারুক হাসান লেখেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি নিজের বক্তব্যে ব্যাখ্যা করে বলেন, কোনো প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালকরা সরকারের নির্দিষ্ট গ্রেডভুক্ত কোনো আমলা নন। এই সাধারণ বিষয়টি বোঝার বা জানার জন্য কোনো পিএইচডি করার প্রয়োজন পড়ে না, সামান্য সাধারণ জ্ঞান থাকাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী এবং একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থেকে সারজিসের মধ্যে এই সাধারণ জ্ঞানটুকু না থাকাটা অত্যন্ত বিস্ময়কর।

এখানেই থেমে থাকেননি ফারুক হাসান। নিজের স্ট্যাটাসে তিনি সারজিসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়েও বড় ধরনের প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বিগত সময়ে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়া সম্পূর্ণ অবৈধ উপায়ে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল। সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত সারজিস আলমও ঠিক একই পথ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সারজিসের ভর্তির সময়কার যাবতীয় দাপ্তরিক কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতা পুনরায় যাচাই-বাছাই করা।

কঠোর ও আক্রমণাত্মক ভাষায় নিজের সমালোচনা শেষ করে সারজিস আলমের উদ্দেশ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত পরামর্শ দেন গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা। তিনি সারজিসকে তাৎক্ষণিকভাবে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে নিজের পড়াশোনায় পুরোপুরি মন দেওয়ার পরামর্শ প্রদান করেন। তার মতে, এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ দিলে তা ভবিষ্যতে সারজিসের নিজের জন্যই বেশি কাজে আসবে। মূলত ফারুক হাসানের এই নতুন নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ও বিতণ্ডা এখন রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

/আশিক


এমপি নুসরাতের বাড়িতে আগুন লাগার পেছনে শর্টসার্কিটের সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১২ ২০:১১:১১
এমপি নুসরাতের বাড়িতে আগুন লাগার পেছনে শর্টসার্কিটের সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকায় এর বৈদ্যুতিক ওয়্যারিং ছিল অত্যন্ত পুরোনো। তাই প্রাথমিক তদন্তের তথ্যে এটি বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার ব্রিগেড, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

সংসদে ঘটনার বিবরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটি একটি টিনশেড আধাপাকা ঘর, যার প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে তাঁর বাবা-মা বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় ওই টিনশেড ঘরটিতে কোনো মানুষ ছিলেন না, তবে ভেতরে দুটি ছাগল এবং কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলটি সীমান্তের কাছাকাছি হওয়ায় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির পাশাপাশি বিজিবির একটি দলও সরেজমিনে পরিদর্শন করেছে। এ ছাড়া বৃহস্পতিবার সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকে (এসপি) ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং সেখান থেকে ছবি, ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, ঘটনাস্থলে পেট্রোলবোমা বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি, বাড়ির দেয়ালে বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এমন তথ্য দেননি। ফলে সেখানে পেট্রোলবোমা ব্যবহৃত হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরোনো বৈদ্যুতিক সংযোগের দুর্বলতা ও ঘটনাস্থলের ছবির ভিত্তিতে এটি শর্টসার্কিট হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষেই চূড়ান্ত বক্তব্য দেওয়া সম্ভব হবে। এর পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ড প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এটিকে পেট্রোলবোমা হামলা বলে অভিযোগ তোলেন।

/আশিক


পরবর্তী হামলার লক্ষ্যবস্তু কারা হতে পারেন, সংসদে সতর্কবার্তা দিলেন নাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১২ ১৯:১৫:৩৭
পরবর্তী হামলার লক্ষ্যবস্তু কারা হতে পারেন, সংসদে সতর্কবার্তা দিলেন নাহিদ
ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর প্রাক্কালে তিনি এই বক্তব্য রাখেন এবং সরকারের নিরাপত্তা প্রদানের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

সংসদে বক্তব্য রাখার সময় নাহিদ ইসলাম সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার আদৌ কোনো ধরনের নিরাপত্তা দেবে কি না এবং দিতে না পারলে তা যেন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন যে, তাদের মানবাধিকার উপেক্ষা করে সরকার যদি বিরোধীদের বা শত্রুদের মানবাধিকার নিয়ে বেশি চিন্তিত থাকে, তবে তাদের নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে।

আক্রমণের লক্ষ্যবস্তু সম্পর্কে সতর্কবার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক জানান, তারা যদি প্রথম লক্ষ্যবস্তু হন, তবে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে বিএনপিও বাদ যাবে না। তাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির নৃশংসতায় সরকারের নীতিনির্ধারকদের পরিবারও আক্রান্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে সুস্পষ্ট জবাব আশা করেন তিনি।

ঘটনার বিবরণ তুলে ধরে নাহিদ ইসলাম জানান, এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে বুধবার রাতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমার কোনো আলামত না পাওয়ার কথা বললেও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। এমতাবস্থায় ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সারা দেশে চলমান নাশকতা ও নৈরাজ্যের চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম আরও বলেন, গত পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশজুড়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম জানতে চান, খোদ সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও বিষয়টিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে কি না।

/আশিক


আমাদের মানবাধিকার না থাকলে পথ আমাদেরই দেখতে হবে: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১২ ১৭:৫৮:৫২
আমাদের মানবাধিকার না থাকলে পথ আমাদেরই দেখতে হবে: নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত না থেকে যদি সরকার উল্টো শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করে, তবে নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী শক্তি অত্যন্ত নৃশংস উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, তারা যদি প্রথম টার্গেট হন, তবে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও পরবর্তী সময়ে রেহাই পাবেন না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বের ঠিক আগে ফ্লোর নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে স্পিকার প্রশ্নোত্তর পর্ব শেষ করে নাহিদ ইসলামকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রসঙ্গ তুললে স্পিকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশ্নোত্তর পর্ব শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। এ সময় স্পিকার বলেন, ‘আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? অপেক্ষা করতে অসুবিধা কি? আর স্বরাষ্ট্রমন্ত্রীও তো নাই যে তিনি জবাব দেবেন।’

জবাবে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বা মন্ত্রীর কোনো জবাব তারা চান না এবং শুধু নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। তিনি আরও বলেন, কথা বলতে না দিলে তারা সংসদ বর্জন করে চলে যাবেন।

পরে ফ্লোর পেয়ে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে নাহিদ ইসলাম বলেন, গত বুধবার রাতে তার বাড়িতে আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। অথচ ঘটনার পরদিন দুপুর পর্যন্ত ফরেনসিক টিম ঘটনাস্থলে না গেলেও স্থানীয় থানার ওসি মন্তব্য করেছেন যে সেখানে কোনো পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি। এসপির সঙ্গে কথা বলেও একই ধরনের দায়িত্বহীন বক্তব্য পাওয়ার কথা জানান তিনি।

গতকালের এই অগ্নিকাণ্ড ছাড়াও দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার মূল লক্ষ্য কী তা স্পষ্ট। হামলার ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাবিতে ককটেল বিস্ফোরণকে যদি অবনতির মধ্যে না ফেলা হয়, তবে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে কী বলা হবে—আজ সেই প্রশ্ন করতেই তিনি সংসদে দাঁড়িয়েছেন।

/আশিক


আমলাদের নয়, দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১২ ১৭:৪৯:৫৬
আমলাদের নয়, দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার
ছবি : সংগৃহীত

দেশের রাজনীতি বর্তমানে সর্বগ্রাসী রূপ নিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, দেশের রাজনীতি ঠিক হলে রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। তবে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিবিদদের একটি বড় অংশ জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা আদায়ে বেশি ব্যস্ত থাকেন এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের সব সময় আন্তরিকতা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যের শুরুতেই দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেন স্পিকার এবং এর বিরুদ্ধে সংসদীয় ককাসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) বিরুদ্ধে ৪০০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগের কথা উল্লেখ করেন। তবে বক্তব্যে কেবল ‘প্রধানমন্ত্রী’র পিএস বলায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এসেছে—এমন বিভ্রান্তি তৈরি হতে পারে ভেবে পাশ থেকে একজন তাকে ‘আগের প্রধানমন্ত্রী’ বলে মনে করিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে স্পিকার রসিকতা করে নিজের চাকরি হারানোর শঙ্কা প্রকাশ করে বলেন, ‘যা-ই হোক আগের (প্রধানমন্ত্রী)। আমার চাকরিটা গেছিল এখনই।

যাই হোক, আমি মিন করেছি ৪৫০ কোটি টাকা তো তারেক রহমানের ইয়ের (পিএস) নাই।’ তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথার রাজনীতির কারিগরের পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে, তখন কারা দুর্নীতি করে তা সহজেই বোঝা যায়। দুর্নীতির বিরুদ্ধে ককাসের প্রথম কমিটি গঠনের পরামর্শ দিয়ে স্পিকার বলেন, দুর্নীতি করলে সবার আগে স্পিকারের নাম বলবেন, তারপর চিফের কথা বলবেন।

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের শুরুর স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ জানান, রাজনীতি করার কোনো পরিকল্পনাই তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ডেকে বলেছিলেন যে তার বাবা পাকিস্তান আমলে সংসদ সদস্য ছিলেন এবং তিনি যেন নতুন দলে যোগ দিয়ে নির্বাচন করেন। জবাবে সামরিক বাহিনীতে জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয়ভাজন থাকা সত্ত্বেও তিনি রাজনীতি না করার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে তার পরে ডাকা আরও দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী হলেও তিনি ভাগ্যের লিখনে শেষ পর্যন্ত রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। রাজনীতির মাঠকে অত্যন্ত জটিল উল্লেখ করে তিনি বলেন, যারা সরাসরি রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশের চলার গতিপ্রকৃতি বোঝা কঠিন।

দেশের পিছিয়ে থাকার এবং অসংখ্য মানুষের সুবিধাবঞ্চিত থাকার পেছনে রাজনীতিবিদদেরই এককভাবে দায়ী করেন স্পিকার। তার মতে, আমলাদের দোষ দেওয়া হলেও তারা মূলত রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। একসময় প্রশাসনিক কর্মকর্তারা বেশি ক্ষমতাশালী থাকলেও আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে। বর্তমানে শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতিই নন, বরং গ্রামাঞ্চলের ছোটখাটো রাজনৈতিক কর্মীরাও অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছেন, যারা চাইলেই মানুষের বড় উপকার বা ক্ষতি করতে পারেন। নির্বাচিত হওয়ার পর বা দলীয় পদ পেলে রাজনীতিবিদদের মধ্যে নিজেদের সুবিধা নেওয়ার যে প্রবণতা কাজ করে, তাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের শক্তি নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ ও আত্মদানের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দুই বছর আগেও দেশ রাহুমুক্ত হওয়া নিয়ে তিনি পুরোপুরি হতাশ ছিলেন, কিন্তু ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সাধারণ মানুষের অন্তর্নিহিত শক্তি বা ‘পিপলস পাওয়ার’ দেখে তিনি বিস্মিত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো কৃতিত্ব নিলেও সাধারণ মানুষ রাজপথে না নামলে তৎকালীন প্রতাপশালী রাজনৈতিক দলের নেত্রী ও নেতাদের এভাবে পালিয়ে যেতে বাধ্য করা বা মাফিয়াদের বিদায় করা সম্ভব হতো না। জাতি জেগে উঠেছে বলেই সমাজের বিদ্যমান সব অসংগতি একসময় দূর হয়ে যাবে এবং জনগণের এই শক্তিই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন স্পিকার।

/আশিক


সংসদে মিথ্যাচারের অভিযোগ তুলে জামায়াত আমিরকে চ্যালেঞ্জ রাশেদ খাঁনের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ২০:৩৫:৩৪
সংসদে মিথ্যাচারের অভিযোগ তুলে জামায়াত আমিরকে চ্যালেঞ্জ রাশেদ খাঁনের
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদে দেওয়া একটি বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত বুধবার (১১ নভেম্বর) রাত ৭টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই চ্যালেঞ্জ জানান।

স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই?’ তিনি আরও লেখেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন নাই বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগিরই পাবেন।’

মূলত এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খাঁন। তবে গতকাল বুধবার জাতীয় সংসদের বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন। সংসদে তিনি বলেন, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার বা বৈঠক করার কোনো ইতিহাস তাদের দলের নেই। তারা একটি রাজনৈতিক দল হিসেবে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গেই বসতে পারেন, বরং যারা তাদের নামে কথা বলছেন তারাই বিভিন্ন দেশি-বিদেশি এজেন্সির সঙ্গে বৈঠক করছেন। সংসদ অধিবেশনে এই বক্তব্যের পরই রাশেদ খাঁন ফেসবুকে ওই স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন।

/আশিক


আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ১৯:২২:২১
আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি : সংগৃহীত

কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিরোধীদলীয় নেতার ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধীদলীয় নেতার আগের কিছু বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এই ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে রাজনৈতিক জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে দলটিকে ক্ষমা করে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। এছাড়া একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তিনি ফ্যাসিজম শব্দ পছন্দ না করে তাদের রাজনৈতিক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তহীনভাবে এবং কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আওয়ামী লীগকে এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া দেশের মানুষ মেনে নেয়নি এবং সরকারও এটিকে যৌক্তিক মনে করে না।

দেশে বর্তমান সময়ে চলমান অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেই সম্পৃক্ত। এ সময় তিনি ২০০৪ সালের ৪ জুন শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। সেদিনের হরতালে বিআরটিসির একটি বাসে গানপাউডার নিক্ষেপের ফলে জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন সময়ে এ বিষয়ে শেখ সেলিমের দেওয়া জবানবন্দির ভিডিও এখনো ইউটিউবে সংরক্ষিত রয়েছে।

সাম্প্রতিক অস্থিতিশীলতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর পেছনে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়। এছাড়া সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী নিয়মিত অডিও-ভিডিও কলে উসকানি দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া ও চরম শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিস্ট শক্তির এই পলায়নকে নাৎসি বাহিনীর জার্মানি ছাড়ার সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিটলারের অনুসারীরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি এবং রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তিও বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না।

/আশিক


এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ১৮:৪৮:০৮
এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক
ছবি : সংগৃহীত

সংসদ সদস্যদের পরিবার ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার তীব্র সমালোচনা করে এই নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার জোরালো দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে, দেশজুড়ে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে এবং অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসবের মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন অনিয়ম ঘটেছে যা পরবর্তীতে ৩০টিতেও রূপ নিয়েছে। এ সময় তিনি আরও বলেন, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে তৎকালীন বিএনপি নেতারা অসাংবিধানিক বলে অভিহিত করেছিলেন। অথচ বর্তমানে একই ধরনের নিয়মবহির্ভূত ব্যবস্থা চালু করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ পাওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন যে, এমপিদের পরিবারের সদস্যদের পাওয়া এই ডিলারশিপগুলো পুনর্বিবেচনা করা হবে কি না। পাশাপাশি আওয়ামী লীগ আমলের ব্যবসায়ীদের নতুন নিয়োগে সুযোগ দেওয়ার জন্য মন্ত্রণালয় কোনো বিশেষ নিয়ম তৈরি করেছে কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি পরিবারকেন্দ্রিক ব্যবসার এই সংস্কৃতি কবে বন্ধ হবে, সে প্রশ্নও সরাসরি মন্ত্রীর কাছে রাখেন।

হাসনাত আব্দুল্লাহর এসব অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগকে মহোৎসব বলা হলে তিনি শব্দটিকে ইতিবাচক অর্থেই দেখতে চান, যেখানে মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ নেবে। তবে নেতিবাচক অর্থ ধরলে বিষয়টি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে কৃষিমন্ত্রী ব্যাখ্যা দেন যে, ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রণালয় থেকে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

মন্ত্রী আরও জানান, আবেদন প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ার পর তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে গঠিত আরেকটি কমিটি—যেখানে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ৬-৭ জন সদস্য ছিলেন—প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা তিন ব্যক্তির নাম সুপারিশ করে। জেলা পর্যায়ের এই কমিটির সবার স্বাক্ষরযুক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে আসার পর মন্ত্রণালয় থেকে প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় কেবল কমিটির পাঠানো সুপারিশ বাস্তবায়ন করেছে বলে স্পষ্ট করেন কৃষিমন্ত্রী।

/আশিক


মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১০ ১৯:৩৪:৪২
মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ফরিদপুরে বাসে আগুন ধরিয়ে দিয়ে ভেতরের ঘুমন্ত নিরীহ ও নিরপরাধ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমান সরকারের দুর্বল অবস্থানের কারণে সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সত্ত্বেও সরকার অত্যন্ত নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির জঙ্গি কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। এছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ উদাসীনতা প্রদর্শন করেছে এবং জুলাইয়ের চিহ্নিত খুনি ও আওয়ামী সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশের ভেতর নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে এ দেশের মানুষ কখনো পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সব সন্ত্রাসী ও অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

/আশিক


পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১০ ১৮:০০:৫৯
পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী
ছবি : সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কড়া আইনানুগ বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার দাবি করেন? কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এসব সুযোগ পেতে পারেন না।

সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী জানান, শেখ হাসিনার শাসনামলে ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ থাকলেও আজ শত শত মানুষের রক্তের ওপর দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাচ্ছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে তিনি সব মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের সুনিশ্চিত বিচারের দাবি জানান। এ সময় তিনি তারেক রহমানের ওপর চালানো বিগত সরকারের অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, তিনি নিয়মতান্ত্রিকভাবেই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, যার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার কোনো তুলনাই চলে না।

আসন্ন নির্বাচন ও বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জনগণ আর কোনো ‘আমি-ডামি’ বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাস করে না এবং সবার অংশগ্রহণে গঠিত বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবে। পাশাপাশি বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক সুযোগ পেলে এই তরুণরাই একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/আশিক

পাঠকের মতামত: