দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৪ ১২:১৭:৩০
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) ১০টি পৃথক অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) যাদবপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এছাড়া মহেশপুরের সামন্তা বিওপি এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন মানুষকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করা হয়।

তবে বিজিবি টহলদল ও স্থানীয় জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুনরায় ভ্যানে তুলে সরিয়ে নিতে বাধ্য হয়। অন্যদিকে, খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে পুশইনের উদ্দেশ্যে অবস্থান নেওয়া একদল নারী-পুরুষকে বিজিবির কড়া তৎপরতায় বিএসএফ সরিয়ে নেয়। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতেও বিএসএফের একই ধরনের অপচেষ্টা বিজিবির আগাম প্রস্তুতি ও নজরদারির কারণে ব্যর্থ হয়।

গোয়েন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সীমান্তের বিপরীতে বিএসএফের দুটি ক্যাম্পের নিকটবর্তী হোল্ডিং সেন্টারে ভারতের ‘এসআইআর’ (SIR) তালিকা থেকে বাদ পড়া ৪ মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। বিজিবি সেখানে কঠোর অবস্থান নিয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার চন্দনপার্কে ভারতীয় পুলিশের হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে পুশইনের লক্ষ্যে বিএসএফের কাছে হস্তান্তরের তথ্য মেলায় কড়া নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের বলিশী গীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫-২০ জন ব্যক্তিকে পুশইনের উদ্দেশ্যে জড়ো করার তথ্য পাওয়ায় ওই অরক্ষিত কাঁটাতারবিহীন এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) রওশনপুর সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন করা ১ ব্যক্তিকে এবং সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উৎমাছড়া সীমান্তে সন্দেহভাজন ২ ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিলেট সীমান্তে আটককৃতদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভারতে পুশব্যাক করা হয় এবং পঞ্চগড়ের ভুক্তভোগীকেও ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

এছাড়া ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) হরিপুর সীমান্তের বিপরীতে বিএসএফ ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রাখলেও এই বিষয়ে বিজিবির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সমঝোতা পরিপন্থি যেকোনো অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোরভাবে প্রতিহত করা হবে।

/আশিক


জেনে নিন আজ বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৪ ১১:০৩:০৮
জেনে নিন আজ বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

কেনাকাটাসহ দৈনন্দিন জীবনের নানা জরুরি প্রয়োজনে রাজধানীর বাসিন্দাদের প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। কিন্তু অনেক সময় সঠিক পূর্বপ্রস্তুতি বা তথ্য না নিয়ে বাসা থেকে বের হওয়ার কারণে সাধারণ মানুষকে চরম বিপত্তি ও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। কোনো গুরুত্বপূর্ণ বা জরুরি কেনাকাটার উদ্দেশ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় সেখানকার বাজার বা বিপণিবিতান বন্ধ, তবে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াত খরচও বৃথা যায়।

এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দিনটি পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে বাইরে বের হওয়ার আগেই জেনে নেওয়া প্রয়োজন আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বাণিজ্যিক মার্কেটগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে।

আজ সপ্তাহের এই নির্দিষ্ট দিনে ঢাকার যেসব এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, কারিগরি বা টেকনিক্যাল এলাকা, কল্যাণপুর এবং আসাদগেট। এছাড়া ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একটি অংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ ও শান্তিবাগ এলাকাতেও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ফকিরাপুল, পল্টন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা এবং রমনা শিশুপার্ক সংলগ্ন এলাকার দোকানপাটেও সাপ্তাহিক ছুটি থাকবে।

এলাকাভিত্তিক এই ছুটির তালিকায় রাজধানীর বেশ কিছু বড় ও জনপ্রিয় শপিংমল এবং মার্কেটও অন্তর্ভুক্ত রয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর বন্ধ থাকবে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, চিলড্রেনস প্লেস বা আড়ং, কৃষি মার্কেট, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট এবং মিরপুর স্টেডিয়াম মার্কেট।

এর পাশাপাশি মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট এবং জোনাকি সুপার মার্কেটেও কোনো বেচাকেনা হবে না। দক্ষিণ ঢাকার বড় বিপণিবিতানগুলোর মধ্যে গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেট এবং সাকুরা মার্কেটও আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। তাই এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে তা পরিহার করাই শ্রেয়।

/আশিক


জুড়ীতে ভয়াবহ বজ্রপাত: ১৩টি গরু ও ১টি মহিষের ঘটনাস্থলেই মৃত্যু

মোঃ  সামছুল ইসলাম
মোঃ সামছুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১৯:২৭:৪১
জুড়ীতে ভয়াবহ বজ্রপাত: ১৩টি গরু ও ১টি মহিষের ঘটনাস্থলেই মৃত্যু
ছবি : মোঃ সামছুল ইসলাম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১ ঘটিকায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় বজ্রাঘাতে চা শ্রমিকদের ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। খেটে খাওয়া এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।এদিকে ঘটনাটি জানার পর স্থানীয়রা মৌলভীবাজার-১(জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দীন মিঠু কে অবহিত করেন। খবর পেয়ে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন। পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।


জমি বিরোধের জেরে সাতক্ষীরার ঝায়ামারীতে গৃহবধূকে পথরোধ করে বর্বর হামলা

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১৮:৪৭:২০
জমি বিরোধের জেরে সাতক্ষীরার ঝায়ামারীতে গৃহবধূকে পথরোধ করে বর্বর হামলা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঝায়ামারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝায়ামারী গ্রামের মৃত আমের আলী শিকারীর ছেলে মোঃ মুজিবর শিকারী (৫৫) এবং কালাম সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৩৭)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আনিছুর রহমান (৪৮)।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আনিছুর রহমানের স্ত্রী মোছাঃ ফাহিমা বেগম (৪১) শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাদের বাড়ির পূর্ব পাশের মাটির ভেড়িবাঁধের ওপর পৌঁছালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে অভিযুক্তরা বাঁশের লাঠি, কিল, ঘুষি, লাথি ও অন্যান্য উপায়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মুজিবর শিকারী গৃহবধূর দুই চোখে উপর্যুপরি ঘুষি মারলে তার চোখে রক্ত জমাট বেঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়া জাহাঙ্গীর সরদার তার পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয়েছে। একই সময় গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এদিকে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”সংবাদদাতার মন্তব্য: অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


দেবিদ্বারে এমপি হাসনাত আবদুল্লাহর উদ্যোগে বিএনপি নেতার পদপ্রাপ্তি নিয়ে তীব্র ক্ষোভ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১৮:২৯:২৩
দেবিদ্বারে এমপি হাসনাত আবদুল্লাহর উদ্যোগে বিএনপি নেতার পদপ্রাপ্তি নিয়ে তীব্র ক্ষোভ
ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে ভল্লপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুমকে মনোনয়ন দেওয়ার খবর নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, "অ্যাডভোকেট কাইয়ুম সভাপতি পদে মনোনয়ন এবং তিনি সাবেক এমপি হাসনা আব্দুল্লাহর সাথে বিভিন্ন কাজে সম্পৃক্ত। একজন বিএনপির দায়িত্বশীল নেতার পক্ষে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির সাথে এ ধরনের সম্পৃক্ততা দলীয় শৃঙ্খলার সাথে সাংঘর্ষিক কিনা—তা নিয়ে ত্যাগী কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।"

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ত্যাগী কর্মী বলেন, "আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেছি। দলের দুঃসময়ে মাঠে ছিলাম। এখন দলের পরিচয় ব্যবহার করে কেউ যদি ভিন্ন রাজনৈতিক শক্তির সাথে সখ্যতা গড়ে তোলে, তাহলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন কোথায়? আমরা দলের হাইকমান্ডের কাছে এর সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা দাবি করছি।"

বিএনপি নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছেন, ভল্লপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে ত্যাগী কর্মীদের কাছে জবাবদিহি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে অ্যাডভোকেট কাইয়ুম ও সাবেক এমপি হাসনা আব্দুল্লাহর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

দেবিদ্বার উপজেলা বিএনপি


সাতক্ষীরার বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১৭:২৮:০১
সাতক্ষীরার বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্ত লাগোয়া কালিন্দী নদী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে আহত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই এলাকার মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মারফত জানা গেছে, আহত ওই দুই ব্যক্তি প্রায় এক বছর আগে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে তারা কলকাতার হাওড়া অঞ্চল হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে গমন করেন এবং সেখানে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা চালান।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বসন্তপুর সীমান্তের নিকটবর্তী বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এতে দুই বাংলাদেশিই সরাসরি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দারা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে তারা অবৈধ উপায়ে ভারতে গিয়েছিলেন এবং একই কায়দায় ফেরার পথে বিএসএফের গুলির মুখে পড়েন। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সাতক্ষীরার বিস্তীর্ণ সীমান্ত পাহারায় ৩৩ ও ১৭ বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি নিয়োজিত রয়েছে। আহত এই দুই ব্যক্তি ঠিক কোন নির্দিষ্ট পয়েন্ট দিয়ে আসার সময় গুলিবিদ্ধ হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা হচ্ছে।

/আশিক


দেখে নিন ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১০:১১:৩৫
দেখে নিন ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ছবি : সংগৃহীত

আজ বুধবার (৩ জুন)। প্রতিদিনের মতো আজও জাতীয় জীবনের অর্থনৈতিক, প্রশাসনিক, আইনি ও বাণিজ্যিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে বিদ্যুতের নতুন দাম ঘোষণার দিকে। এক নজরে দেখে নিন আজকের দিনের প্রধান প্রধান সরকারি ও বেসরকারি কর্মসূচিগুলো

সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে ‘প্রগতি স্কিম’-এ তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ ও কর্মতৎপরতা ত্বরান্বিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেকের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ প্রতিনিধি এবং দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত থাকবেন।

দুপুর আড়াইটায় টিকাটুলীর এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফবিসিসিআই আইআরসি) ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিপার্টমেন্ট অব পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) এবং এফবিসিসিআই আইআরসির মধ্যে এই চুক্তি সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করবেন এফবিসিসিআই আইআরসির চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।

আজকের সবচেয়ে আলোচিত বিষয় হতে যাচ্ছে বিদ্যুতের মূল্য সমন্বয়। বিকেল ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনের শুনানি কক্ষে এক জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেখানে বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন মূল্যহার পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে পিডিবি, পিজিসিবি, আরইবি, ডেসকো ও ডিপিডিসিসহ বিভিন্ন বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল।

বিকেল ৩টা ৪৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। দেশের বড় বড় সরকারি কেনাকাটা ও উন্নয়ন প্রকল্পের বাজেট অনুমোদনের লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে।

সন্ধ্যা ৭টায় বনানীর হোটেল সারিনায় ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজন করেছে ‘প্রি-বাজেট রাউন্ডটেবিল ২০২৬’। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, টেকসই বিনিয়োগের পরিবেশ এবং বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা ও অগ্রাধিকার নিয়ে দেশের শীর্ষ উদ্যোক্তা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা এই মুক্ত আলোচনায় অংশ নেবেন।

/আশিক


বুধবার ঢাকার কোন শপিংমল বন্ধ? দেখুন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ০৯:৩৮:৩৯
বুধবার ঢাকার কোন শপিংমল বন্ধ? দেখুন তালিকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা, ব্যবসায়িক কাজ কিংবা প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য বিভিন্ন মার্কেট ও শপিংমলে যান। তবে সাপ্তাহিক ছুটির কারণে অনেক গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাণিজ্যিক কেন্দ্র নির্দিষ্ট দিনে বন্ধ থাকে। ফলে আগে থেকে তথ্য না জেনে বের হলে অনেককেই অপ্রত্যাশিত ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার (৩ জুন) রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট, শপিংমল এবং বাণিজ্যিক কেন্দ্র বন্ধ রয়েছে। তাই কেনাকাটা, অফিসিয়াল কাজ কিংবা বিনোদনের উদ্দেশ্যে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ শপিং ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকায় অনেক ক্রেতা ও দর্শনার্থী বিকল্প গন্তব্য খুঁজতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শুধু মার্কেট নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা এবং বিমানবন্দর সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকা।

এ ছাড়া উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত বাণিজ্যিক এলাকার অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানও আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে।

রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে বর্তমানে শপিংমল ও মার্কেটগুলোর সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ঈদ, উৎসব কিংবা ছুটির মৌসুমে মার্কেট বন্ধ থাকলে ক্রেতাদের পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

-রফিক


বুড়িচংয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন: ব্যবসায়ীদের ৮টি কক্ষ পুড়ে ছাই

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ২১:৫১:৩৩
বুড়িচংয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন: ব্যবসায়ীদের ৮টি কক্ষ পুড়ে ছাই
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে একটি টিনশেড বসতঘরের আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা কবির হোসেন লিটনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই টিনশেড ঘরটির আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে।বাড়ির মালিক ও বিএনপি নেতা কবির হোসেন লিটন জানান, পুড়ে যাওয়া কক্ষগুলোতে নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকতেন। অগ্নিকান্ডে তাদের ব্যবহৃত মালামালও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভাড়াটিয়াদের পাশাপাশি তারও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের টিম লিডার হানজালা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকান্ডের প্রকৃত কারণ তদন্তে কাজ চলছে।


বায়োটেক গবেষণায় আন্তর্জাতিক সাফল্য, জাপানের সম্মাননা পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ২০:৩৯:১২
বায়োটেক গবেষণায় আন্তর্জাতিক সাফল্য, জাপানের সম্মাননা পেলেন ড. জান্নাতুল ফেরদৌস
ড. জান্নাতুল ফেরদৌস

প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। বায়োটেকনোলজি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন ড. জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বায়োটেকনোলজি বিষয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল ন্যানোপ্রযুক্তির মাধ্যমে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন গবেষক হিসেবে এ অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে এ সম্মাননা অর্জন দেশের তরুণ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।”

তিনি আরও জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এসবিজের ৭৮তম বার্ষিক সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে) জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও জীবনবিজ্ঞানের তাত্ত্বিক এবং ব্যবহারিক গবেষণার উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। ড. জান্নাতুল ফেরদৌসের এ অর্জন যেমন তার ব্যক্তিগত গৌরব, তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন। তার এ সাফল্য দেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পাঠকের মতামত: