আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৭ ১০:২৭:২০
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সড়ক অবকাঠামো উন্নয়নের কাজকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরের একটি বড় অংশে আজ সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনামগঞ্জ-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার অংশ হিসেবে আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত এলাকায় বিদ্যুৎ লাইনের অবকাঠামোগত পরিবর্তন করা হবে। বিশেষ করে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা অপরিহার্য হয়ে পড়েছে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এই সময়ে মল্লিকপুর, দিরাই এবং ষোলঘর ফিডারের আওতাধীন বিস্তীর্ণ এলাকার গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

বিদ্যুৎবিহীন থাকবে এমন এলাকার মধ্যে রয়েছে মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই সড়ক এলাকা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন এলাকা, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ আশপাশের আরও বেশ কিছু অঞ্চল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা পুরোপুরি উন্নয়নমূলক কাজের স্বার্থে করা হচ্ছে, যাতে ভবিষ্যতে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো আরও টেকসই ও উন্নত করা যায়।

নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ গণমাধ্যমকে বলেন, সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি জনগণের জন্য সুফল বয়ে আনবে। তিনি এই সময়ে সবার সহযোগিতা কামনা করেন।

-রাফসান


নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ২০:৩০:০৪
নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা ক‌রেন।

১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) ১১ ঘটিকার সময় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম এবং লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিল উপস্থিত ছি‌লেন।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

এছাড়াও, তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ সৌজন্য উপহার গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


টিকটকের মোহে নতুন জীবনের খোঁজে ঘর ছেড়েছিল চার স্কুলছাত্রী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ২০:১৪:৪৩
টিকটকের মোহে নতুন জীবনের খোঁজে ঘর ছেড়েছিল চার স্কুলছাত্রী
ছবি : সংগৃহীত

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের অপপ্রভাবে বিভ্রান্ত হয়ে পড়াশোনা ছেড়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্য নিয়ে তারা বাসা থেকে পালিয়েছিল বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে কুমিল্লা জেলা পুলিশ।

উদ্ধার হওয়া এই চার শিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিকেলে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবহিত করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা শাখা ও কোতোয়ালি থানা পুলিশ দ্রুত যৌথ অনুসন্ধানে নামে। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে এবং দেশের সব থানায় ছবিসহ বার্তা প্রেরণ করে। এর ধারাবাহিকতায় ১৩ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা পুলিশের সক্রিয় সহায়তায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ওই চার ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণালংকার এবং কান্দিরপাড় বাহার মার্কেটে বিক্রি করে দেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিক্ষার্থীরা জানায়, তাদের পড়াশোনার প্রতি অনীহা ছিল এবং তারা নিয়মিত মোবাইল ফোনে সামাজিক মাধ্যম বিশেষ করে টিকটকে ভিডিও আপলোড করত। টিকটক ও বিভিন্ন মাধ্যমে পরিচিত আবু হুজাইফা, মারজান, হৃদয়, জিসান, সুজন, মিনহাজ, মোফাজ্জল ও শোয়েব নামের কয়েকজন তরুণের সঙ্গে তাদের ভার্চুয়াল সখ্য গড়ে উঠেছিল। তবে ওই তরুণদের প্রকৃত পরিচয় বা সুনির্দিষ্ট ঠিকানা সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণাই ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমের মোহ এবং চরম বিভ্রান্তির বশবর্তী হয়ে তারা নিজেরা উপার্জন করে স্বাধীনভাবে জীবনযাপনের পরিকল্পনা করে এবং পরিচিত ছেলেদের সঙ্গে নতুন জীবন শুরুর উদ্দ্যেশে বাড়ি ছাড়ে। বাসা থেকে বের হওয়ার সময় তারা সঙ্গে করে কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। প্রথমে তারা কুমিল্লার কান্দিরপাড় বাহার মার্কেটে মাইশার একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে ঢাকায় পাড়ি জমায়। কিন্তু ঢাকায় তাদের সেই পরিকল্পনা সফল না হওয়ায় সেদিনই তারা এক শিক্ষার্থীর দাদার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায়।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, মূলত পারিবারিক সচেতনতার অভাবেই এ ধরনের অপ্রীতিকর ঘটনা বারবার ঘটছে। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সর্বদা সর্বোচ্চ সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

/আশিক


সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ২০:০২:১০
সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
ছবি : সংগৃহীত

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের এই মার্কেটে আগুন লাগার সূত্রপাত হয়। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ছয়টার দিকে ওই মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে বা ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি।

/আশিক


আগামীকাল আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৪ ১৯:৫১:৩৩
আগামীকাল আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনস্থ ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান এবং পারকোল এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে স্থগিত থাকবে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। তবে কাজের পরিস্থিতি ও সার্বিক অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারিত এই সময়ের ব্যাপ্তি কিছুটা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

/আশিক


আবহাওয়ার নতুন বার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১৩ ১৮:৫৩:২৩
আবহাওয়ার নতুন বার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
ছবি : সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য তুলে ধরে জানানো হয়েছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার পরিমাণ ১৯ দশমিক ৩ মিলিমিটার।

/আশিক


সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রশাসনের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১১ ১৯:৫২:০১
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রশাসনের
ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কিছু কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে সাজেকভ্যালি পর্যটন কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা আসার পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।

এদিকে বর্তমানে যারা সাজেক পর্যটন এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে উক্ত এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

/আশিক


রাজশাহীর পুঠিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ১০ ১৮:৩৬:৩৫
রাজশাহীর পুঠিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে
এআই নিয়ে তৈরি করা প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামী আশরাফুল ইসলামের (৩৫) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় বাসচালক ও হেলপার আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে, যেখানে তার প্রথম স্ত্রী বসবাস করেন। তবে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের জন্য তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় আলাদা একটি বাসা ভাড়া নিয়েছিলেন। প্রায়ই প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করা নিয়ে দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে রেখা খাতুন ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। আশরাফুলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত রেখা খাতুনকে আটক করে পুলিশে খবর দেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর পাশে প্রথম স্ত্রী অবস্থান করছেন। অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশি হেফাজতে আটক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/আশিক


চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৮ ২১:১৫:২৮
চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ
ছবি : শিমুল হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নে আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার-সংলগ্ন চান্নি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চম্পাফুল ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা সভাপতি ও চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম. ডি. আলমগীর কবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ দলের সহসভাপতি জালাল হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সহকারী অধ্যাপক গোলাম ফারুক ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই একটি দেশের ভবিষ্যৎ। দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সামাজিক কল্যাণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে চম্পাফুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নারীদের মাঝে ৪০০টি আমের চারা বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি এম. ডি. আলমগীর কবির নিজ হাতে এসব চারা বিতরণ করেন।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৮ ২০:৪৪:৩৪
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী
ছবি : মোঃ মাসুদ রানা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবী।ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে গঠিত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি তথ্য অনুযায়ী, তিনি ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৬ সালের ১৯ মার্চ পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রবীণ ও খ্যাতিমান আইনজীবী ছিলেন। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। রাজনৈতিক ও আইনজীবী জীবনে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিভিন্ন সময়ে তিনি কুমিল্লা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।শোক প্রকাশ

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং ব্যারিস্টার রিজভীউল হাসান মুন্সী।এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁরা বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যু বিএনপির রাজনীতি, আইন অঙ্গন এবং দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনের অবদান দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।

ট্যাগ: সারাদেশ

পাঠকের মতামত: