প্রতিহিংসার ঊর্ধ্বে এক বিশাল হৃদয়: খালেদা জিয়ার মানবিক দর্শনের আড়ালে যা ছিল

বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বেগম খালেদা জিয়া কেবল একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, বরং তিনি একটি আন্দোলন ও জাতীয়তাবাদের জীবন্ত প্রতীক। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই মহীয়সী নারীর শৈশব কেটেছে উত্তরবঙ্গের শান্ত জনপদ দিনাজপুরে। তাঁর বাবা ইসকান্দার মজুমদার ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার ছিলেন অত্যন্ত উদার ও আধুনিকমনা নারী। পারিবারিক পরিমণ্ডল থেকেই খালেদা জিয়া পেয়েছিলেন সততা, আদর্শবাদ এবং এক দৃঢ়চেতা মানসিকতা। বিদ্যালয়ের দিনগুলোতে তিনি যেমন মেধাবী ছিলেন, তেমনি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর পারদর্শিতা ছিল প্রশংসনীয়। শিক্ষকদের প্রতি তাঁর শ্রদ্ধা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর মমত্ববোধ ছোটবেলা থেকেই সকলের নজর কেড়েছিল।
১৯৬০ সালে তৎকালীন তরুণ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর খালেদা জিয়ার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে তাঁর সাহসিকতা ইতিহাসের এক অমূল্য ও রোমাঞ্চকর অধ্যায়। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের সময় পাকিস্তানি সেনাদের হাত থেকে অস্ত্র রক্ষা করতে তিনি যে তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা নিয়েছিলেন, তা আজও কিংবদন্তি হয়ে আছে। মেজরের অনুপস্থিতিতে তাঁর সেই অমোঘ নির্দেশ—“মেজর জিয়ার হুকুম ছাড়া একটা সুঁইও বাইরে যাবে না”—পুরো রেজিমেন্টকে কেবল ধ্বংসের হাত থেকে রক্ষাই করেনি, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথকে আরও সুগম ও শক্তিশালী করেছিল। সেই মুহূর্তের সিদ্ধান্তটি না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধের গতিপথ ভিন্ন হতে পারত।
১৯৮১ সালে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর যখন বিএনপি এক মহাসংকটের মুখোমুখি, তখন অন্দরমহলের সাধারণ গৃহবধূ থেকে রাজপথের সেনাপতি হিসেবে আবির্ভূত হন খালেদা জিয়া। তাঁর এই রাজনৈতিক রূপান্তর ছিল পুরো বিশ্বের জন্য এক বিস্ময়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন ‘আপোষহীন নেত্রী’। দীর্ঘ ৯ বছরের রাজপথের লড়াইয়ে তিনি প্রমাণ করেছিলেন যে বন্দুকের নলের চেয়ে জনগণের ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। ১৯৯১ সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি রক্ষণশীল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল মাইলফলক হিসেবে গণ্য হয়। প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের নির্ভরতার এক ‘বাতিঘর’।
ব্যক্তিগত জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত রুচিবান ও মিতব্যয়ী। রাষ্ট্র পরিচালনার সময়ও তিনি অপচয় এবং বড় বড় প্রদর্শনমূলক প্রকল্প পছন্দ করতেন না, যা তিনি মূলত শিখেছিলেন তাঁর মায়ের কাছ থেকে। তাঁর রাজনৈতিক দর্শন ছিল প্রতিহিংসার ঊর্ধ্বে। তিনি বিশ্বাস করতেন, প্রতিহিংসা দিয়ে দেশ গড়া সম্ভব নয়। এমনকি গত দেড় দশকে তাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া চরম নির্যাতন, কারাবরণ এবং বাড়ি থেকে উচ্ছেদের মতো ঘটনাও তাঁকে তাঁর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। দুই সন্তানের নির্বাসন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুও তাঁকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাবে রাজি করাতে পারেনি। আজ তাঁর এই মহাপ্রয়াণে বাংলাদেশ কেবল একজন রাজনীতিবিদকে হারায়নি, বরং হারিয়েছে দেশের আত্মমর্যাদার এক অকৃত্রিম অভিভাবককে। তাঁর এই শূন্যতা দীর্ঘ সময় ধরে এ দেশের রাজনৈতিক অঙ্গনে অনুভূত হবে।
আমাদের মানবাধিকার না থাকলে পথ আমাদেরই দেখতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত না থেকে যদি সরকার উল্টো শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করে, তবে নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী শক্তি অত্যন্ত নৃশংস উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, তারা যদি প্রথম টার্গেট হন, তবে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও পরবর্তী সময়ে রেহাই পাবেন না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বের ঠিক আগে ফ্লোর নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে স্পিকার প্রশ্নোত্তর পর্ব শেষ করে নাহিদ ইসলামকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রসঙ্গ তুললে স্পিকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশ্নোত্তর পর্ব শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। এ সময় স্পিকার বলেন, ‘আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? অপেক্ষা করতে অসুবিধা কি? আর স্বরাষ্ট্রমন্ত্রীও তো নাই যে তিনি জবাব দেবেন।’
জবাবে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বা মন্ত্রীর কোনো জবাব তারা চান না এবং শুধু নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। তিনি আরও বলেন, কথা বলতে না দিলে তারা সংসদ বর্জন করে চলে যাবেন।
পরে ফ্লোর পেয়ে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে নাহিদ ইসলাম বলেন, গত বুধবার রাতে তার বাড়িতে আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। অথচ ঘটনার পরদিন দুপুর পর্যন্ত ফরেনসিক টিম ঘটনাস্থলে না গেলেও স্থানীয় থানার ওসি মন্তব্য করেছেন যে সেখানে কোনো পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি। এসপির সঙ্গে কথা বলেও একই ধরনের দায়িত্বহীন বক্তব্য পাওয়ার কথা জানান তিনি।
গতকালের এই অগ্নিকাণ্ড ছাড়াও দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার মূল লক্ষ্য কী তা স্পষ্ট। হামলার ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাবিতে ককটেল বিস্ফোরণকে যদি অবনতির মধ্যে না ফেলা হয়, তবে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে কী বলা হবে—আজ সেই প্রশ্ন করতেই তিনি সংসদে দাঁড়িয়েছেন।
/আশিক
আমলাদের নয়, দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার
দেশের রাজনীতি বর্তমানে সর্বগ্রাসী রূপ নিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, দেশের রাজনীতি ঠিক হলে রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। তবে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিবিদদের একটি বড় অংশ জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা আদায়ে বেশি ব্যস্ত থাকেন এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের সব সময় আন্তরিকতা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যের শুরুতেই দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেন স্পিকার এবং এর বিরুদ্ধে সংসদীয় ককাসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) বিরুদ্ধে ৪০০ কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগের কথা উল্লেখ করেন। তবে বক্তব্যে কেবল ‘প্রধানমন্ত্রী’র পিএস বলায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এসেছে—এমন বিভ্রান্তি তৈরি হতে পারে ভেবে পাশ থেকে একজন তাকে ‘আগের প্রধানমন্ত্রী’ বলে মনে করিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে স্পিকার রসিকতা করে নিজের চাকরি হারানোর শঙ্কা প্রকাশ করে বলেন, ‘যা-ই হোক আগের (প্রধানমন্ত্রী)। আমার চাকরিটা গেছিল এখনই।
যাই হোক, আমি মিন করেছি ৪৫০ কোটি টাকা তো তারেক রহমানের ইয়ের (পিএস) নাই।’ তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথার রাজনীতির কারিগরের পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে, তখন কারা দুর্নীতি করে তা সহজেই বোঝা যায়। দুর্নীতির বিরুদ্ধে ককাসের প্রথম কমিটি গঠনের পরামর্শ দিয়ে স্পিকার বলেন, দুর্নীতি করলে সবার আগে স্পিকারের নাম বলবেন, তারপর চিফের কথা বলবেন।
অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের শুরুর স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ জানান, রাজনীতি করার কোনো পরিকল্পনাই তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ডেকে বলেছিলেন যে তার বাবা পাকিস্তান আমলে সংসদ সদস্য ছিলেন এবং তিনি যেন নতুন দলে যোগ দিয়ে নির্বাচন করেন। জবাবে সামরিক বাহিনীতে জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয়ভাজন থাকা সত্ত্বেও তিনি রাজনীতি না করার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে তার পরে ডাকা আরও দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী হলেও তিনি ভাগ্যের লিখনে শেষ পর্যন্ত রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। রাজনীতির মাঠকে অত্যন্ত জটিল উল্লেখ করে তিনি বলেন, যারা সরাসরি রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশের চলার গতিপ্রকৃতি বোঝা কঠিন।
দেশের পিছিয়ে থাকার এবং অসংখ্য মানুষের সুবিধাবঞ্চিত থাকার পেছনে রাজনীতিবিদদেরই এককভাবে দায়ী করেন স্পিকার। তার মতে, আমলাদের দোষ দেওয়া হলেও তারা মূলত রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। একসময় প্রশাসনিক কর্মকর্তারা বেশি ক্ষমতাশালী থাকলেও আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে। বর্তমানে শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতিই নন, বরং গ্রামাঞ্চলের ছোটখাটো রাজনৈতিক কর্মীরাও অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছেন, যারা চাইলেই মানুষের বড় উপকার বা ক্ষতি করতে পারেন। নির্বাচিত হওয়ার পর বা দলীয় পদ পেলে রাজনীতিবিদদের মধ্যে নিজেদের সুবিধা নেওয়ার যে প্রবণতা কাজ করে, তাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের শক্তি নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ ও আত্মদানের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দুই বছর আগেও দেশ রাহুমুক্ত হওয়া নিয়ে তিনি পুরোপুরি হতাশ ছিলেন, কিন্তু ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সাধারণ মানুষের অন্তর্নিহিত শক্তি বা ‘পিপলস পাওয়ার’ দেখে তিনি বিস্মিত হয়েছেন।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো কৃতিত্ব নিলেও সাধারণ মানুষ রাজপথে না নামলে তৎকালীন প্রতাপশালী রাজনৈতিক দলের নেত্রী ও নেতাদের এভাবে পালিয়ে যেতে বাধ্য করা বা মাফিয়াদের বিদায় করা সম্ভব হতো না। জাতি জেগে উঠেছে বলেই সমাজের বিদ্যমান সব অসংগতি একসময় দূর হয়ে যাবে এবং জনগণের এই শক্তিই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন স্পিকার।
/আশিক
সংসদে মিথ্যাচারের অভিযোগ তুলে জামায়াত আমিরকে চ্যালেঞ্জ রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদে দেওয়া একটি বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত বুধবার (১১ নভেম্বর) রাত ৭টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই চ্যালেঞ্জ জানান।
স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই?’ তিনি আরও লেখেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন নাই বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগিরই পাবেন।’
মূলত এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খাঁন। তবে গতকাল বুধবার জাতীয় সংসদের বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন। সংসদে তিনি বলেন, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার বা বৈঠক করার কোনো ইতিহাস তাদের দলের নেই। তারা একটি রাজনৈতিক দল হিসেবে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গেই বসতে পারেন, বরং যারা তাদের নামে কথা বলছেন তারাই বিভিন্ন দেশি-বিদেশি এজেন্সির সঙ্গে বৈঠক করছেন। সংসদ অধিবেশনে এই বক্তব্যের পরই রাশেদ খাঁন ফেসবুকে ওই স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন।
/আশিক
আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিরোধীদলীয় নেতার ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধীদলীয় নেতার আগের কিছু বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এই ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে রাজনৈতিক জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে দলটিকে ক্ষমা করে দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। এছাড়া একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তিনি ফ্যাসিজম শব্দ পছন্দ না করে তাদের রাজনৈতিক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তহীনভাবে এবং কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আওয়ামী লীগকে এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া দেশের মানুষ মেনে নেয়নি এবং সরকারও এটিকে যৌক্তিক মনে করে না।
দেশে বর্তমান সময়ে চলমান অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেই সম্পৃক্ত। এ সময় তিনি ২০০৪ সালের ৪ জুন শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। সেদিনের হরতালে বিআরটিসির একটি বাসে গানপাউডার নিক্ষেপের ফলে জীবন্ত দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন সময়ে এ বিষয়ে শেখ সেলিমের দেওয়া জবানবন্দির ভিডিও এখনো ইউটিউবে সংরক্ষিত রয়েছে।
সাম্প্রতিক অস্থিতিশীলতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর পেছনে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়। এছাড়া সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী নিয়মিত অডিও-ভিডিও কলে উসকানি দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া ও চরম শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফ্যাসিস্ট শক্তির এই পলায়নকে নাৎসি বাহিনীর জার্মানি ছাড়ার সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিটলারের অনুসারীরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি এবং রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তিও বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না।
/আশিক
এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক
সংসদ সদস্যদের পরিবার ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার তীব্র সমালোচনা করে এই নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার জোরালো দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে, দেশজুড়ে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে এবং অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসবের মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন অনিয়ম ঘটেছে যা পরবর্তীতে ৩০টিতেও রূপ নিয়েছে। এ সময় তিনি আরও বলেন, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে তৎকালীন বিএনপি নেতারা অসাংবিধানিক বলে অভিহিত করেছিলেন। অথচ বর্তমানে একই ধরনের নিয়মবহির্ভূত ব্যবস্থা চালু করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ পাওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন যে, এমপিদের পরিবারের সদস্যদের পাওয়া এই ডিলারশিপগুলো পুনর্বিবেচনা করা হবে কি না। পাশাপাশি আওয়ামী লীগ আমলের ব্যবসায়ীদের নতুন নিয়োগে সুযোগ দেওয়ার জন্য মন্ত্রণালয় কোনো বিশেষ নিয়ম তৈরি করেছে কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি পরিবারকেন্দ্রিক ব্যবসার এই সংস্কৃতি কবে বন্ধ হবে, সে প্রশ্নও সরাসরি মন্ত্রীর কাছে রাখেন।
হাসনাত আব্দুল্লাহর এসব অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নিয়োগকে মহোৎসব বলা হলে তিনি শব্দটিকে ইতিবাচক অর্থেই দেখতে চান, যেখানে মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ নেবে। তবে নেতিবাচক অর্থ ধরলে বিষয়টি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ডিলার নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে কৃষিমন্ত্রী ব্যাখ্যা দেন যে, ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রণালয় থেকে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও জানান, আবেদন প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ার পর তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে গঠিত আরেকটি কমিটি—যেখানে জেলা কৃষি কর্মকর্তা ও ডিসিসহ ৬-৭ জন সদস্য ছিলেন—প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা তিন ব্যক্তির নাম সুপারিশ করে। জেলা পর্যায়ের এই কমিটির সবার স্বাক্ষরযুক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে আসার পর মন্ত্রণালয় থেকে প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় কেবল কমিটির পাঠানো সুপারিশ বাস্তবায়ন করেছে বলে স্পষ্ট করেন কৃষিমন্ত্রী।
/আশিক
মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ফরিদপুরে বাসে আগুন ধরিয়ে দিয়ে ভেতরের ঘুমন্ত নিরীহ ও নিরপরাধ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমান সরকারের দুর্বল অবস্থানের কারণে সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সত্ত্বেও সরকার অত্যন্ত নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির জঙ্গি কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। এছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ উদাসীনতা প্রদর্শন করেছে এবং জুলাইয়ের চিহ্নিত খুনি ও আওয়ামী সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশের ভেতর নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে এ দেশের মানুষ কখনো পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সব সন্ত্রাসী ও অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
/আশিক
পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কড়া আইনানুগ বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার দাবি করেন? কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এসব সুযোগ পেতে পারেন না।
সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী জানান, শেখ হাসিনার শাসনামলে ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ থাকলেও আজ শত শত মানুষের রক্তের ওপর দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাচ্ছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে তিনি সব মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের সুনিশ্চিত বিচারের দাবি জানান। এ সময় তিনি তারেক রহমানের ওপর চালানো বিগত সরকারের অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, তিনি নিয়মতান্ত্রিকভাবেই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, যার সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার কোনো তুলনাই চলে না।
আসন্ন নির্বাচন ও বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জনগণ আর কোনো ‘আমি-ডামি’ বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাস করে না এবং সবার অংশগ্রহণে গঠিত বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবে। পাশাপাশি বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক সুযোগ পেলে এই তরুণরাই একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
/আশিক
রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অধিবেশন চলাকালে তিনি রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ বিতরণ এবং কর্মসংস্থানের বেহাল চিত্র তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন রাখেন।
সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব এবং প্রথম প্রান্তিকে আদায়ের হার লক্ষ্যমাত্রার চেয়েও কম। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি ১১ শতাংশে পৌঁছাতে পারে এবং জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণের হার সর্বনিম্ন ৩ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে এবং কর্মসংস্থান বৃদ্ধির হার ৩৫ শতাংশ কমেছে বলে তিনি উল্লেখ করেন।
এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে তিনি ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পে সংঘটিত ব্যাপক দুর্নীতি, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মামলার বর্তমান বিচারিক পরিস্থিতি এবং সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যকে উদ্দেশ করে জানান যে, এতগুলো বিষয় নিয়ে বিস্তারিত প্রশ্ন করায় তিনি যেন একটি নির্দিষ্ট নোটিশ প্রদান করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, প্রশ্নগুলো যেহেতু একাধিক মন্ত্রণালয় সম্পর্কিত, তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা নোটিশ প্রদান করলে সংসদ সদস্য আরও বিস্তারিত এবং সুনির্দিষ্ট উত্তর লাভ করতে পারবেন।
/আশিক
জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি জামায়াত সংসদ সদস্যের
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিল বন্ধ করার অভিযোগ তুলে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি ওয়াজ মাহফিলে দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে মুফতি আমির হামজা অভিযোগ করেন যে, ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে গত ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে, সারাদেশের মতো তারও যেমন সবখানে যাওয়ার অধিকার রয়েছে, তেমনই ওই প্রতিমন্ত্রীকেও কুষ্টিয়ায় ঢুকতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়া হবে।
তবে আমির হামজার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মাহফিল আয়োজক কমিটি। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা স্পষ্ট জানান যে, অনিবার্য কিছু কারণবশত গত ১ নভেম্বর আয়োজক কমিটির নিজেদের সিদ্ধান্তেই মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরদিন অর্থাৎ ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি আমির হামজার ব্যক্তিগত সচিবকে (পিএস) অবহিত করা হয়েছিল। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।
এছাড়া আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো বিশেষ মহলের ইন্ধনে বর্তমান সরকারকে অকারণে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানও নিশ্চিত করেছেন যে, ওই মাহফিল বন্ধের পেছনে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা সম্পৃক্ততা ছিল না, বরং আয়োজক কমিটি নিজেরাই স্বেচ্ছায় তা স্থগিত করেছিল।
/আশিক
পাঠকের মতামত:
- রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা দাবি বাংলাদেশের
- ঢাকার মাঠে ইউরোপীয় ফুটবলের সুবাস ছড়ালেন তরুণ ফারহান
- খামেনি নিহতের পর শুরু হওয়া সংঘাত নিরসনে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে
- আমাদের মানবাধিকার না থাকলে পথ আমাদেরই দেখতে হবে: নাহিদ ইসলাম
- আমলাদের নয়, দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদরাই দায়ী: স্পিকার
- আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের দ্বিপক্ষীয় কূটনীতির নতুন অধ্যায়
- অবশেষে জাতীয় গ্রিডের সুফল পেল মেহেরপুরবাসী
- অধিনায়ক হামজার অভিষেকেই বাংলাদেশের দাপট
- সংসদে মিথ্যাচারের অভিযোগ তুলে জামায়াত আমিরকে চ্যালেঞ্জ রাশেদ খাঁনের
- পাহাড়ে চাঁদাবাজি ও অস্ত্র চোরাচালান রোধে কঠোর অবস্থান সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোড আর অনুরাগের সীমান্তে দাঁড়িয়ে দুই পরাশক্তির এআই যুদ্ধ
- মুক্তির এক সপ্তাহ না পেরোতেই বিশ্বজুড়ে কত আয় করল ‘রামায়ণ’ পার্ট ১?
- আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজুর রহমান
- ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের ইঙ্গিত
- আওয়ামী লীগকে ক্ষমা করা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- সুস্থ ও সবল থাকতে শরীরে কী পরিমাণ প্রোটিনের প্রয়োজন?
- এমপিদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে সংসদে তুমুল বিতর্ক
- ইসরায়েলে আরব সমর্থন নিয়ে সরকার গঠিত হলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন
- বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- শ্রীলঙ্কা ম্যাচের একাদশে তিন পরিবর্তন আনলেন কোচ
- রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
- তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক
- বাংলাদেশের আকাশে দেখা যায়নি পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ
- সরকারকে অস্বস্তিতে ফেলতে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা
- দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
- দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
- মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা: নাহিদ
- ইনস্টাগ্রামে কিশোরদের নিরাপত্তা বাড়াতে মেটার নতুন এআই প্রযুক্তি
- ইরান যুদ্ধের অবসানের আশায় বিশ্ববাজারে কমল তেলের দর
- শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি
- চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক বিভাজন
- বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মুখে স্বর্ণের বাজার
- ইসলামী ছাত্রশিবিরের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জামায়াত
- পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই: রিজভী
- পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল
- সামরিক শক্তি বা নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামবে না: সাফ বার্তা ইরানের
- আত্মকথার পাতা থেকে: প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনের অজানা গল্প
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা
- রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- নিজের অর্থ খরচ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ নিয়ে নতুন অধ্যাদেশ জারি
- কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক
- শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের নতুন উদ্যোগ
- আবহাওয়া অধিদপ্তর জানাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
- ঘরে বসেই যেভাবে সম্পন্ন করবেন ই-পাসপোর্টের অনলাইন আবেদন
- ইরানে যৌথ হামলার আশঙ্কায় তুরস্কের কঠোর সতর্কবার্তা
- চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী
- মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরতে পারেন লিওনেল মেসি
- ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় পাল্টাপাল্টি হামলা শুরু
- রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা
- বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা বাংলাদেশের
- জামায়াতের ক্ষমতার লোভে ভেঙে গেছে ইসলামি দলগুলোর ঐক্য: চরমোনাই পীর
- ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের করে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
- ট্রাম্পের ক্ষমতায় গণতন্ত্রের লাগাম: ডেমোক্র্যাটদের জয়ে কি ঘুরে দাঁড়াচ্ছে আমেরিকা?
- রেকর্ড গড়ে বিশ্ব ও দেশীয় বাজারে বড় দরবৃদ্ধি
- শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র হওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশের
- ঘরে বসেই যেভাবে সম্পন্ন করবেন ই-পাসপোর্টের অনলাইন আবেদন
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে গেলে যেসব স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়
- কোন কোন দিনে থাকছে ২০২৭ সালের সাধারণ ও নির্বাহী ছুটি
- নারীঘটিত অডিও ফাঁসের দাবি নিয়ে মুখ খুললেন মুফতি আমির হামজা
- টেস্টে ইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের নতুন রেকর্ড
- হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে একাধিক তেল ট্যাংকারে আগুন: আইআরজিসি
- ‘মার্কিন আধিপত্যের পতন আসন্ন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না’: খামেনির কঠোর বার্তা








