ভারতীয় চাল কেনা হচ্ছে সিঙ্গাপুরের মাধ্যমে: বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন কৌশল

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৪ ১৫:২০:৫৬
ভারতীয় চাল কেনা হচ্ছে সিঙ্গাপুরের মাধ্যমে: বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন কৌশল
ছবিঃ সংগৃহীত

বাজার স্থিতিশীল রাখতে সরকার সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি জানান চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার কিছুটা বাড়ছে তাই কোনোক্রমে যেন চালের দাম না বাড়ে সেজন্য সরকার নন বাসমতি চাল আবার আমদানি করবে। কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করেন যে নন বাসমতি চালটা ভারত থেকে আসবে তবে সরবরাহকারী প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের। তিনি ব্যাখ্যা করেন যে তাঁরা নির্দিষ্ট কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেননি বরং চালের মান সময়মতো সরবরাহ আর দামটা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ডিসেম্বরের মধ্যে সরকার সংশোধিত বাজেট করে ফেলতে চায় বলেও তিনি উল্লেখ করেন। গণভোট ও ত্রয়োদশ নির্বাচন একই দিনে হওয়ায় বাড়তি খরচ প্রসঙ্গে উপদেষ্টা বলেন নির্বাচনের ও গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যয় বাড়বে কারণ সেখানে লোকবল ও সিকিউরিটি লাগবে। তিনি জানান বাজেট এখন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে তবে নির্বাচনের বাজেটটা সরকার এখনও উন্মুক্ত রেখেছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটের জন্য একটি সময়সীমা দেওয়া হলেও নির্বাচনের বাজেটের ক্ষেত্রে তা পুরোপুরি খোলা রাখা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে জানুযারিতে তাঁরা পরবর্তী সরকারের জন্য বাজেট প্রস্তুত করে রাখবেন এবং নির্বাচন নিয়ে অর্থের জোগান বা চিন্তার কোনো কারণ নেই।

গণভোট ও নির্বাচন একই দিনে করা চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এটি চ্যালেঞ্জ হলেও গ্রহণ করতে হবে। তিনি জানান সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন যে ভোট একদিনেই হবে। তিনি যুক্তি দেখান যে দুই দিন ভোট করা মানে রিটার্নিং অফিসার মোবিলাইজ করা থেকে শুরু করে ব্যাংক অফিসার ও স্কুল শিক্ষকদের ডিউটিতে আনা যা অনেক কঠিন কাজ। পৃথিবীর অনেক দেশেই গণভোট আর সাধারণ ভোট একই দিনে হয় উল্লেখ করে তিনি বলেন লজিস্টিক্যালি বা কারিগরি দিক থেকে একবারে করাটাই ভালো এবং এতে সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব। এছাড়া এদিন বৈঠকে সার ও পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক করার সিদ্ধান্তও নেওয়া হয়।


জ্বালানি খাতে বিইআরসির নতুন দর পুনর্নির্ধারণের ঘোষণা

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৭ ১৯:০৫:১৬
জ্বালানি খাতে বিইআরসির নতুন দর পুনর্নির্ধারণের ঘোষণা
ছবি : সংগৃহীত

এলপিজি ও অন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ১৯৬৫ পয়সা থেকে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটারপ্রতি দাম ১.০৭৭০ ডলার থেকে বৃদ্ধি করে ১.১৮৮২ ডলারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিইআরসির এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা ডলারের বিনিময় হার বিশ্লেষণ করে এই দর সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

জ্বালানি খাতে মূল্যের এই ঊর্ধ্বগতি মূলত কয়েকদিন আগে শুরু হওয়া ধারাবাহিক মূল্যবৃদ্ধির অংশ। এর আগে গত ৪ অক্টোবর বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৭৯৩ টাকা করা হয়েছিল, যা আগে ছিল ১,৫৪১ টাকা। পাশাপাশি অক্টোবরের জন্য কেজিপ্রতি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করে কমিশন, যা সেপ্টেম্বরের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা ৯৮ পয়সা বেশি। জ্বালানি খাতের এই সমন্বয়ের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। ফলে পুরো পরিবহন ও জ্বালানি খাতেই নতুন করে ব্যয়ের চাপ তৈরি হলো।

/আশিক


জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অগ্রগতি ও অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৭ ১৮:৪৮:১৭
জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অগ্রগতি ও অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। নতুন এই বেতন কাঠামোর সরকারি গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) প্রশাসনিক শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগ থেকে আগে প্রকাশিত গেজেটের কপিটি এবার বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। মূলত গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করেছিল, যার ধারাবাহিকতায় এখন মাঠপর্যায়ে ও প্রতিষ্ঠানগুলোতে এটি কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষর করা এই নির্দেশনাটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিশেষায়িত কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের অনুলিপি সংযুক্ত করে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে এই আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে নতুন স্কেল বাস্তবায়নের কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল।

/আশিক


ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার: দরপতনের মুখে স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৭ ১৮:২০:২৩
ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার: দরপতনের মুখে স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

মার্কিন ডলারের দরবৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামে পতন ঘটেছে। ফেডের নীতিনির্ধারকদের সুদের হার সংক্রান্ত অবস্থান জানার অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৩০.৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৪,১৫৭ ডলারে।

বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্বর্ণের বাজারে সাময়িক মন্দাভাব দেখা গেলেও সামগ্রিকভাবে দর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, ফেডের কার্যবিবরণী প্রকাশের পর তাদের মুদ্রানীতি ও সুদের হার পুনর্নির্ধারণের বিষয়টি পরিষ্কার হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার, মার্কিন ডলারের গতিপ্রকৃতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের দামের পরিবর্তনও ভবিষ্যতে স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে।

একই দিন আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। রুপার দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬০.৫৪ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.৩ শতাংশ কমে ১,৬৭৯.২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ কমে ১,১৫৪.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম রয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে।

/আশিক


দেশে মূল্যস্ফীতি ও মজুরি হারের নতুন তথ্য প্রকাশ করল বিবিএস

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৭ ১৮:১০:০১
দেশে মূল্যস্ফীতি ও মজুরি হারের নতুন তথ্য প্রকাশ করল বিবিএস
ছবি : সংগৃহীত

দেশের বাজারে সার্বিক মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা ঠিক তার আগের মাস আগস্টে ছিল ৮.২৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের ক্রমাগত দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরের সূচকে এই উর্ধ্বগতি দেখা গেছে। একই সময়ে নিত্যপণ্যের দর বাড়লেও সাধারণ মানুষের মজুরি বৃদ্ধির হার আগের চেয়ে কমেছে, যার ফলে মানুষের আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে সংগৃহীত ও বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) প্রকাশ করে বিবিএস।

পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা যায়, জাতীয় পর্যায়ে সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.২২ শতাংশ, যা আগস্টে ৭.০২ শতাংশে ছিল। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৯.৩২ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮.৯৮ শতাংশ। শহর ও গ্রামের পরিসংখ্যান বিবেচনায় দেখা যায়, গত সেপ্টেম্বরে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৮ শতাংশে, যা আগস্টে ছিল ৮.৩১ শতাংশ। একই সঙ্গে গ্রামীণ খাদ্যখাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.১৮ শতাংশ। যদিও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগস্টের ৯.৫৯ শতাংশ থেকে সামান্য কমে ৯.৫৭ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে শহরের ক্ষেত্রেও সার্বিক চিত্রটি প্রায় একই রকম ছিল। সেপ্টেম্বরে শহর এলাকায় গড় মূল্যস্ফীতি বেড়ে ৮.২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৮.২০ শতাংশ। শহর এলাকার খাদ্যখাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০৪ শতাংশের বিপরীতে সেপ্টেম্বরে বেড়ে ৭.২৫ শতাংশে উন্নীত হয়েছে। বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে, যেখানে শহর অঞ্চলের মূল্যস্ফীতি আগস্টের ৮.৯৭ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে ৮.৯৪ শতাংশ হয়েছে।

মূল্যস্ফীতির এই উর্ধ্বগতির মাঝে সাধারণ খেটে খাওয়া মানুষের মজুরি বৃদ্ধির হার কমায় আর্থিক চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ, যা ঠিক তার আগের মাস আগস্টে ছিল ৮.০৫ শতাংশ। বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.০৭ শতাংশে।

/আশিক


গ্রাহকদের জন্য জরুরি নোটিশ, সাময়িকভাবে মিলবে না একাধিক কার্ড সেবা

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৬ ২০:০৭:৫২
গ্রাহকদের জন্য জরুরি নোটিশ, সাময়িকভাবে মিলবে না একাধিক কার্ড সেবা
ছবি : সংগৃহীত

প্রযুক্তিগত আধুনিকায়ন, জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং 'কিউ-ক্যাশ' (Q-Cash) নেটওয়ার্কের বড় ধরনের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পর্যায়ের প্রায় ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস (POS), এনপিএসবি, ই-কমার্স ও কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের এই সিস্টেম আপগ্রেডেশনের ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের লেনদেনে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ব্যাংকিং খাত সূত্রে জানা গেছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের এই মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মূলত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন দফায় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেন ব্যবস্থা আংশিক বা পুরোপুরি বন্ধ থাকছে। সাময়িক সেবা বন্ধ থাকা ব্যাংকগুলোর তালিকায় রয়েছে অগ্রণী, জনতা, রূপালী, কৃষি ব্যাংক, বেসিক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকসহ প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে, এটি কোনো স্থায়ী বৈশ্বিক সংকট নয় এবং অবকাঠামোগত মাইগ্রেশন শেষ হওয়া মাত্রই নিজ নিজ ব্যাংকের সেবা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বার্ষিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো সেবা আধুনিকায়নে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিয়ে এ ধরনের সূচি নির্ধারণ করে। তবে কাকতালীয়ভাবে একই সময়ে একাধিক ব্যাংকের মাইগ্রেশন পেড়াতে বিষয়টি গ্রাহকদের নজরে এসেছে ও একযোগে ভোগান্তি তৈরি করেছে।

ব্যাংকগুলোকে এসএমএস ও নোটিশের মাধ্যমে গ্রাহকদের আগাম সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক এই বিভ্রাটের সময় জরুরি লেনদেনের সুবিধার্থে অল্টারনেটিভ চ্যানেল, এমএফএস (MFS) বা অন্যান্য ব্যাংকিং মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে; পাশাপাশি সেবা বন্ধের অজুহাতে পিন (PIN) বা ওটিপি (OTP) হাতিয়ে নেওয়া সাইবার প্রতারকদের বিষয়েও কঠোর সতর্ক বার্তা জারি করেছে কর্তৃপক্ষ।

/আশিক


সরকারি ঋণ বৃদ্ধি ও খেলাপি ঋণের প্রভাবে ব্যাংক খাতে বড় ঝুঁকি

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৬ ১৮:২০:১৫
সরকারি ঋণ বৃদ্ধি ও খেলাপি ঋণের প্রভাবে ব্যাংক খাতে বড় ঝুঁকি
ছবি : সংগৃহীত

বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি হ্রাস, ব্যাংক খাতের নানামুখী ভঙ্গুরতা এবং তীব্র জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। একই সময়ে স্থায়ী উচ্চ মূল্যস্ফীতি ও শ্রমবাজারে কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হওয়ার কারণে জাতীয় পর্যায়ে দারিদ্র্য ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এর অক্টোবর ২০২৬ সংস্করণে দেশের সার্বিক অর্থনীতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরে বৈশ্বিক এই উন্নয়ন সংস্থাটি। ‘মেক সাবসিডিজ অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ওয়ার্ক বেটার ফর দ্য পুওর’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ থেকে আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়ে ৩.৪ শতাংশে স্থির হয়েছে। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকেও উৎপাদন প্রবৃদ্ধি নেমে আসে মাত্র ২.২ শতাংশে, যা করোনা মহামারি-পরবর্তী সময়ে যেকোনো প্রান্তিকের সর্বনিম্ন রেকর্ড। মূলধনি ব্যয় হ্রাস, নতুন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা এবং বেসরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৫ শতাংশ কমে যাওয়ার কারণে এই অর্থনৈতিক সংকোচন দেখা দিয়েছে।

প্রতিবেদনে ব্যাংক খাতের নজিরবিহীন খেলাপি ঋণকে দেশের অর্থনীতির প্রধানতম ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে; যার মধ্যে ইসলামিক ব্যাংকগুলোতে তা ৫৮.৯ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ৪৩.২ শতাংশ স্পর্শ করেছে। একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার নেমেছে ঋণাত্মক ২.৬ শতাংশে। এছাড়া সরকার রেকর্ড পরিমাণ ব্যাংক ঋণ (৩০.৪ শতাংশ) নেওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৪.৫ শতাংশে নেমেছে, যা সরাসরি বেসরকারি বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে।

অর্থনৈতিক চাপ এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের ফলে টানা চতুর্থ বছরের মতো জাতীয় দারিদ্র্যের হার বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২২.৫ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে এক বছরেই নতুন করে প্রায় ২১ লাখ মানুষ আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে তলিয়ে গেছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে কারখানা বন্ধ বা কর্মঘণ্টা কমে যাওয়ায় শিল্প খাতের প্রবৃদ্ধি নেমেছে মাত্র ২ শতাংশে, যার প্রত্যক্ষ শিকার হয়ে শ্রমবাজার থেকে ছিটকে পড়েছেন বহু নারী ও প্রান্তিক কর্মী।

বিদ্যমান সংকট সত্ত্বেও ইতিবাচক ধারা বজায় রেখে গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৭.৩ শতাংশ বেড়ে রেকর্ড ৩৫.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিপরীতে নিট বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ১.৫ বিলিয়ন ডলারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশের নিচু ঘরেই থমকে থাকতে পারে এবং দারিদ্র্যের হার আরও বেড়ে ২২.৮ শতাংশে পৌঁছাতে পারে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি অবিলম্বে ব্যাংক খাতের সম্পদের মান পর্যালোচনা, জ্বালানি অবকাঠামো জোরদার এবং করনীতি ও প্রশাসন পৃথক করার মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছে।

/আশিক


সপ্তাহজুড়ে ধারাবাহিক ওঠানামার পর স্বর্ণের বাজার আবার ঊর্ধ্বমুখী

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৪ ১৯:৩৬:৩৪
সপ্তাহজুড়ে ধারাবাহিক ওঠানামার পর স্বর্ণের বাজার আবার ঊর্ধ্বমুখী
ছবি : সংগৃহীত

টানা তিন দফায় মূল্য হ্রাসের পর দেশের সার্বিক স্থানীয় বাজারে নতুন করে সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। গত বুধবার থেকে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি কার্যকর করা হয়। বর্ধিত এই মূল্যের ওপর ভ্যাট যুক্ত হয়ে বর্তমানে বাজারে উচ্চমানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

আজ রোববারও (৪ অক্টোবর) রাজধানীসহ সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে নতুন নির্ধারিত এই সর্বোচ্চ দর বজায় রয়েছে।

সংশোধিত মূল্য কাঠামো অনুযায়ী, ভ্যাটসহ সর্বাধুনিক ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় দাঁড়িয়েছে।

অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার ৩৯ি টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দর ১ হাজার ১০৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায়।

উল্লেখ্য যে, এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। তার দুদিন পর ২৮ সেপ্টেম্বর ফের দাম কমে ২ হাজার ১৫৮ টাকা। তবে পর পর তিন দফার সমন্বয়ে বাজারে ভালো মানের সোনা ভরিতে সর্বমোট ৬ হাজার ৬৫ টাকা কমে আসার পরই আবার এই নতুন মূল্য বৃদ্ধি ঘটল।

/আশিক


আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ঘোষণা করল বিইআরসি

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৪ ১৭:৫১:১৮
আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ঘোষণা করল বিইআরসি
ছবি : সংগৃহীত

দেশের ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সংশোধিত মূল্য কাঠামো অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে।

সদ্য ঘোষিত এই সমন্বয়ের আগে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নির্ধারিত সরকারি দর ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে সরকারি দর তা থাকলেও দেশের খুচরা বাজারে এতদিন এটি বিক্রি হচ্ছিল প্রায় দুই হাজার টাকার কাছাকাছি মূল্যে।

উল্লেখযোগ্য যে, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বিইআরসি ১২ কেজির সিলিন্ডারে ১৩ টাকা কমিয়ে এর দর ১ হাজার ৫৮৫ টাকায় পুনর্নির্ধারণ করেছিল। আর তার আগের মাসে ওই একই আয়তনের সিলিন্ডারের মূল্য নির্ধারিত ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

/আশিক


ফেডের সিদ্ধান্তের আগে ডলারের সূচকে পতন, স্বর্ণের বাজারে নতুন মোড়

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০২ ২১:৩০:৫৭
ফেডের সিদ্ধান্তের আগে ডলারের সূচকে পতন, স্বর্ণের বাজারে নতুন মোড়
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বর মাসে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টির চিত্র সামনে আসায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার পুনরায় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাবে শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির গতি মন্থর হওয়ার তথ্য প্রকাশের পরপরই মার্কিন ডলারের সূচক সূচকে পতন ঘটে, যা বৈশ্বিক পুঁজিবাজার ও স্বর্ণে বড় প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক সিএমই ফেডওয়াচ টুলের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, চলতি মাসে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন মাত্র ১৪ শতাংশে নেমে এসেছে, যা তথ্য প্রকাশের পূর্বে ছিল ২৮ শতাংশ এবং চলতি সপ্তাহের শুরুতে যা প্রায় ৭০ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল। বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার আশঙ্কা কমায় ডলারের মান দুর্বল হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পুনর্বহাল বা ঊর্ধ্বমুখী ধারা ফিরিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। যদিও গত ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর উচ্চ মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি সুদের হারের আশঙ্কায় বৈশ্বিক বাজারে স্বর্ণের দর সার্বিকভাবে প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমেছিল, তবে সপ্তাহের শেষ কার্যদিবসে স্বর্ণের পাশাপাশি রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য ধাতুর দামেও ব্যাপক উল্লম্ফন দেখা গেছে।

এদিকে বৈশ্বিক বাজারের প্রভাবে দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম উঁচুতে অবস্থান করছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা গুনতে হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত: